চিকিৎসার নামে সম্পূর্ণ মুনাফা-ভিত্তিক বাণিজ্য হচ্ছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৭ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- সশস্ত্র বাহিনী আজ অনেক বেশি উন্নত ও দক্ষ: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- সরকারের ত্রিমুখী তৎপরতা-দৈনিক প্রথম আলো
- চার বাস টার্মিনালে অবস্থানে থাকবেন ১৫,০০০ পরিবহন কর্মী-দৈনিক মানবজমিন
- বেগম জিয়ার সাজা হলে জেলকোড অনুযায়ী ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
- ‘চিকিৎসার নামে সম্পূর্ণ মুনাফা-ভিত্তিক বাণিজ্য হচ্ছে’-দৈনিক নয়া দিগন্ত
- সর্বত্রই আতঙ্ক-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- সংসদে রুদ্রমূর্তি মোদীর, নেহরু-গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ-দৈনিক আনন্দবাজার
- প্রত্যেক ভারতীয়ই জন্মসূত্রে হিন্দু, কাটিয়ারের মন্তব্যে প্রতিক্রিয়া সুব্রহ্মণ্যম স্বামীর-দৈনিক সংবাদ প্রতিদিন
- সংবাদ প্রতিদিনের অন্য একটি খবরের শিরোনাম- মুসলিমদের ভারতে থাকা উচিত নয়, আক্রমণাত্মক বিজেপি সাংসদ কাটিয়ার
- দুর্ঘটনায় আহত মোদির স্ত্রী -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট হলেন আবদুল হামিদ-এ খবরটি দৈনিক প্রথম আলোসহ প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে পরিবেশিত হয়েছে। ইত্তেফাকের খবর ‘
প্রধানম্ত্রী শেখ হাসিনা বলেছেন,আজকের সশস্ত্র বাহিনী অনেক বেশি উন্নত, দক্ষ ও চৌকশ। তাঁর সরকার এই সশস্ত্র বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যাপক অবকাঠামো উন্নয়ন করার কারণেই এমনটা সম্ভব হয়েছে।’ আজ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ'র ২০১৭-১৮ কোর্স-এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় আগামীকাল ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। এ সম্পর্কিত নানামুখী খবর আজকের প্রায় সব দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে এসেছে। দৈনিক প্রথম আলোর খবর- সরকারের ত্রিমুখী তৎপরতা। খবরে মূল ফোকাস করা হয়েছে- এভাবে-৮ ফেব্রুয়ারি ঘিরে সতর্কতা। পুলিশি অভিযান, তল্লাশি। ঢাকায় জমায়েতে পুলিশের নিষেধাজ্ঞা। জেলায় জেলায় প্রশাসনের কমিটি। পাহারায় রাজনৈতিক শক্তি।
এ সম্পর্কে দৈনিক যুগান্তর লিখেছে, বেগম জিয়ার সাজা হলে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেছেন, খালেদা জিয়ার রায় নিয়ে কিছুই করার নেই।
দৈনিক মানবজমিনের খবর- অতীতের মতো বিএনপি-জামায়াত আদালতের রায়ের পর এবারও জ্বালাও পোড়াওয়ের মতো নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কায় চার রাজধানীর চার বাস টার্মিনালে ১৫,০০০ পরিবহন কর্মী অবস্থানে থাকবে বলে জানিয়েছে এই পরিবহন নেতার। মানজমিনের অন্য একটি খবরে লেখা হয়েছে- কঠোর নিরাপত্তা জালে রাজধানী। আর দৈনিক নয়া দিগন্ত লিখেছে, পুলিশ দিয়ে পরিস্থিতি সামলাবে আ’লীগ।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে যেভাবে চলবে বিএনপি-দৈনিক যুগান্তরের একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন
এতে লেখা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় কাল। এ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হবে কিনা- তা নিয়ে দলে রয়েছে নানা আলোচনা, হিসাব-নিকাশ। রায়ে খালেদা জিয়ার সাজা হলে দল কিভাবে চলবে এ নিয়েও নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। দলটির নীতিনির্ধারকরাও বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছেন। গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের নেতৃত্ব দেবেন। কিন্তু তিনিও দেশে নেই। দলের একটি অংশ চাইছে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে নেতৃত্বে আনার। তবে হাইকমান্ড তা চাচ্ছেন না। ফলে জোবাইদার নেতৃত্বে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে আপৎকালে কাকে দেয়া হচ্ছে দল পরিচালনার ভার? জানতে চাইলে নীতিনির্ধারকরা বলেছেন, এককভাবে কারও ওপর সে দায়িত্ব দেয়া হচ্ছে না। ওই সময় গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনাও নেই। শুধু রুটিন কর্মকাণ্ড চালানো হবে। আর তা সমন্বয়ের দায়িত্ব দেয়া হবে জ্যেষ্ঠ কয়েক নেতার ওপর।
‘চিকিৎসার নামে সম্পূর্ণ মুনাফা-ভিত্তিক বাণিজ্য হচ্ছে’-দৈনিক নয়া দিগন্ত
বাংলাদেশে বেসরকারি খাতে চিকিৎসা সেবার মান ও ব্যবস্থাপনা নিয়ে গবেষণার পর দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে, বাংলাদেশে ষাট শতাংশের বেশি মানুষ বছরে বেসরকারি খাত থেকে স্বাস্থ্য সেবা নিয়ে থাকেন। কিন্তু সেখানেও বাণিজ্যিক মুনাফাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সংস্থাটি বলছে, সরকারি চিকিৎসা সেবার ক্ষেত্রে চাহিদা বেশি কিন্তু সরবরাহ নেই। তাই সুযোগ সঠিকভাবে না মেলায় অধিক খরচ করে বেসরকারি চিকিৎসা সেবার দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। কিন্তু সেখানেও বাণিজ্যিক মুনাফাই মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবিসি বাংলাকে বলেন," বেসরকারি খাতের চিকিৎসা সেবার মান নিয়ে ব্যাপক মানুষের হতাশা আছে বাস্তবসম্মত কারণে। হাসপাতাল-ক্লিনিকের নামে যেসব প্রতিষ্ঠান চলছে সেখানে বাস্তবে যারা প্রশিক্ষিত সেবা-দানকারী থাকার কথা তার বিপরীতে বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়ে সেবা দানকারীরা সুযোগ নিচ্ছে"।
পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁস করলেন খোদ শিক্ষক!-দৈনিক মানবজমিন
এসএসসি পরীক্ষা চলাকালীন হলে ডিউটিরত এক শিক্ষক প্রশ্ন ফাঁস করলেন। পরিদর্শকের কাছে হাতে নাতে ধরা পড়ে এখন তিনি পুলিশি হেফাজতে। সাড়িয়াকান্দি সরকারী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে সাড়ে ১১টার দিকে ওমর ফারুক নামের ওই শিক্ষক নিজের ফোনে ছবি তুলে কেন্দ্রের বাইরে পাঠাচ্ছিল। এদিকে, নয়া দিগন্তের খবর এসএসসির প্রশ্নফাঁসে মানিকগঞ্জে দুই শিক্ষক রিমান্ডে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
সংসদে রুদ্রমূর্তি মোদীর, নেহরু-গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ-দৈনিক আনন্দবাজার
উত্তাল হয়ে উঠল সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধন্যবাদ জ্ঞাপক ভাষণ শুরু হওয়ার আগে থেকেই লোকসভায় তুমুল হট্টগোল শুরু করল সম্মিলিত বিরোধী পক্ষ। প্রদানমন্ত্রীর ভাষণ শুরু হওয়ার পরেও চলতে থাকল হট্টগোল। তার মাঝেই ভাষণ শুরু করলেন মোদী।
নিজের ভাষণের শুরুতেই এ দিন রাষ্ট্রপতির ভাষণের প্রংশসা করেন প্রধানমন্ত্রী। বিরোধীদের তুমুল স্লোগানের জবাবে মোদী নিজেও সুর চড়ালেন। নেহরু-গাঁধী পরিবারকে তথা কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তিনি।
প্রত্যেক ভারতীয়ই জন্মসূত্রে হিন্দু, কাটিয়ারের মন্তব্যে প্রতিক্রিয়া সুব্রহ্মণ্যম স্বামীর-দৈনিক সংবাদ প্রতিদিন
বিজেপি সাংসদ বিনয় কাটিয়ারের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে দলেরই বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্য, ‘কোনও ভারতীয়ই অস্বীকার করতে পারেন না যে তিনি জন্মসূত্রে হিন্দু।’ যাঁরা নিজেদের হিন্দু গরিমাকে অস্বীকার করেন, তাঁদের পাকিস্তানে ফিরে যাওয়ারও পরামর্শ দেন এই হিন্দুত্ববাদী নেতা।
বিজেপি সাংসদ বিনয় কাটিয়ার বুধবার মন্তব্য করেন, ‘কোনও মুসলিমের এ দেশে বসবাস করা উচিত নয়, তাঁদের পাকিস্তান বা বাংলাদেশে ফিরে যাওয়া উচিত।’বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলের প্রতিষ্ঠাতা। কাটিয়ার সংসদে একটি বিল আনার পক্ষেও রায় দিয়েছেন। তাঁর প্রস্তাব, যাঁরা ‘বন্দে মাতরম’-এর প্রতি সম্মান দেখাবেন না, বা জাতীয় পতাকার অবমাননা করে পাক পতাকা উত্তোলন করবেন এ দেশে, তাঁদের কঠোর শাস্তি দেওয়া হোক।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭