খালেদার শাস্তিতে তোলপাড় ঢাকা, উদ্বিগ্ন দিল্লি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- উচ্চ আদালতে দণ্ড চূড়ান্ত না হলে নির্বাচনে বাধা নেই খালেদার-দৈনিক ইত্তেফাক
- নির্বাচনের বছরে খালেদা জিয়ার জেল-দৈনিক প্রথম আলো
- খালেদার শাস্তিতে তোলপাড় ঢাকা, উদ্বিগ্ন দিল্লি -দৈনিক মানবজমিন
- খালেদা জিয়াকে দেখতে কারাগারে ভাই-বোনসহ ৪ জন-দৈনিক যুগান্তর
- আড়াই কোটি নিয়ে হুলস্থুল অথচ লক্ষ কোটি বাংলাদেশ ব্যাংক থেকে চলে গেল-মান্না-দৈনিক নয়া দিগন্ত
- খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সরকারের হাত নেই -স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- পাক ‘সুন্দরী’র ফাঁদে পড়ে তথ্য পাচার, গ্রেফতার বায়ুসেনা কর্তা-দৈনিক আনন্দবাজার
- অভিভাবক-পুলিশ খণ্ডযুদ্ধ, পড়ুয়ার যৌন নিগ্রহকে কেন্দ্র করে রণক্ষেত্র কারমেল চত্বর-দৈনিক সংবাদ প্রতিদিন-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হয়েছে গতকাল। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত এবং তাকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। খালেদা জিয়া সম্পর্কিত খবরটি গতকালের মতো আজও টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে। এ সম্পর্কিত ফলোআপ খবরে দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম এরকম যে নির্জন কারাগারে একমাত্র বন্দী।
আর অন্য একটি প্রতিবেদনে লেখা হয়েছে, নির্বাচনের বছরে খালেদা জিয়ার জেল। একটি মামলা, একজন ব্যক্তি এবং পাঁচ বছরের সাজা-এসব ছাপিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের ভাবনায় এসেছে জাতীয় রাজনীতি, দেশ ও গণতন্ত্রের ভবিষ্যৎ প্রসঙ্গ। এ রায় চলমান রাজনৈতিক দূরত্ব আরও বাড়াবে এবং সমঝোতার কোনো সুযোগ আর থাকছে না।দেশজুড়ে যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, রায়-পূর্ব ও রায়-পরবর্তী প্রতিক্রিয়ায় তার প্রতিফলন না ঘটার বিষয়টি ইতিবাচক বলে মন্তব্য করেন তাঁরা। তবে আগামী দিনগুলো নিয়ে শঙ্কার কথা আসছে ঘুরেফিরে।
দৈনিক ইত্তেফাকের শিরোনাম-উচ্চ আদালতে দণ্ড চূড়ান্ত না হলে নির্বাচনে বাধা নেই খালেদার। আবার কোনো কোনো দৈনিকের শিরোনাম এরকম যে-খালেদা জিয়া কী এবার নির্বাচন করতে পারবেন?
প্রতিক্রিয়া:
দৈনিক মানবজমিনের কয়েকটি খবরের শিরোনাম-টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট-ঢাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। খালেদার শাস্তিতে তোলপাড় ঢাকা, উদ্বিগ্ন দিল্লি। বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা অস্ট্রেলিয়ার সতর্কতা জারি। দৈনিক ইনকিলাবের খবরে লেখা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সরকারের হাত নেই।দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম- খালেদা জিয়ার মামলার রায় - আইনের নিরপেক্ষ প্রয়োগের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।
আর দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে- গতকাল রায়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিক্রিয়ায় বলেছিলেন-লজ্জা থাকলে আর কোনোদিন দুর্নীতি করবে না।
জেলে কেমন আছেন খাদেলা জিয়া:
নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে রিজভী বলেছেন জেলে খালেদা জিয়াকে সাধারণ কয়েদির মতো রাখা হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জেলকোড অনুযায়ী সুবিধা পাবেন খালেদা জিয়া।
এদিকে, খালেদা জিয়া জেলে যাওয়ার পর তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। এ খবরটি ইত্তেফাক, যুগান্তর, প্রথমআলোসহ সব দৈনিকে পরিবেশিত হয়েছে।
একইসাথে এ খবরের প্রতিক্রিয়া জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন দুর্নীতিবাজকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন করা হয়েছে। তিনি আরো বলেছেন, খালেদার রায়ের মাধ্যমে বিএনপির অভ্যন্তরীণ সঙ্কট ঘনীভূত হবে। আর দৈনিক যুগান্তরের খবর-খালেদা জিয়াকে দেখতে কারাগারে ভাই-বোনসহ ৪ জন।
বিএনপির বিক্ষোভ
অন্যদিকে আজ জুমা নামাজের পর বিএনপির বিক্ষোভ কর্মসূচি ছিল। এ সম্পর্কে জাতীয় দৈনিকগুলোর অনলাইন সংস্করণ ও নিউজ পোর্টালগুলোতে ভিন্ন ভিন্ন শিরোনামে খবর ছাপা হয়েছে।
ইত্তেফাক লিখেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা। দৈনিক মানবজমিনের খবর-রাজধানীতে বিএনপির বিক্ষোভের সময় কয়েকজন আটক করেছে পুলিশ। যুগান্তর লিখছে-রাজধানীতে বিএনপির বিক্ষোভ-খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি।
আড়াই কোটি নিয়ে হুলস্থুল অথচ লক্ষ কোটি বাংলাদেশ ব্যাংক থেকে চলে গেল-মান্না: নয়া দিগন্ত
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আড়াই কোটি টাকার দুর্নীতি কি হুলস্থুল ঘটিয়ে দিলো। অথচ লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে চলে গেল। কি হয়েছে? ‘একটা মামলা নিয়ে এমন ঘটনা আমার জীবনেও দেখিনি। আমার জীবন একেবারে ছোট নয়।
শ্রেণিকৃত ব্যাংক ঋণ ৮০ হাজার ৩০৭ কোটি টাকা-দৈনিক ইত্তেফাক
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গত বছর সেপ্টেম্বর ভিত্তিক ত্রৈমাসিকে সমগ্র ব্যাংকিং সেক্টরে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৮০ হাজার ৩০৭ কোটি টাকা এবং এর বিপরীতে আদায়ের পরিমাণ ছিল ৩ হাজার ১১০ কোটি টাকা বা শতকরা ৩ দশমিক ৮৭ ভাগ। গতকাল সংসদে মন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আদায় পরিস্থিতি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সরকার খেলাপি গ্রাহক চিহ্নিতকরণ এবং তাদেরকে আইনের আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, এছাড়া ইতোপূর্বে প্রণয়নকৃত দেউলিয়া আইন ১৯৯৭ এর আওতায় খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে মামলা করার মাধ্যমে খেলাপি ঋণ আদায় করা হচ্ছে
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
পাক ‘সুন্দরী’র ফাঁদে পড়ে তথ্য পাচার, গ্রেফতার বায়ুসেনা কর্তা-দৈনিক আনন্দবাজার/আজকাল
ফেসবুকে সুন্দরী মহিলার ছবি দিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর দুই এজেন্ট। বন্ধুত্ব পাতিয়েছিল ভারতীয় বায়ুসেনার এক কর্তার সঙ্গে। সেই ফাঁদে পড়ে তথ্য পাচারের দায়ে বৃহস্পতিবার গ্রেফতার হতে হল ওই বায়ুসেনা অফিসারকে। দিল্লি পুলিশের হাতে ধৃত অফিসারের নাম অরুণ মারওয়া।
ঘটনার সূত্রপাত মাস কয়েক আগে। ফেসবুকের দুই ফেক প্রোফাইল থেকে ভারতীয় বায়ুসেনা কর্তার সঙ্গে চ্যাটিং শুরু হয়। তার পর হোয়াট্সঅ্যাপেও আদানপ্রাদান চলতে থাকে নিয়মিত। ধীরে ধীরে ঘনিষ্ঠতাও বাড়তে থাকে।
বায়ুসেনা সূত্রের খবর, ওই সেনাকর্তাকে হোয়াট্সঅ্যাপে অশ্লীল ছবি পাঠাত ফেসবুকের ওই দুই ‘মহিলা বন্ধু’। আর সেই ফাঁদে পা দিয়েই দেশের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতেন তিনি! প্রাথমিক ভাবে তদন্তকারীরা মনে করছেন, মারওয়ার কাছ থেকে সাইবার ওয়ারফেয়ার, স্পেস এবং স্পেশাল অপারেশন সংক্রান্ত কিছু তথ্য হাতিয়ে নিয়েছে ওই আইএসআই এজেন্টরা।
রাতারাতি কোটিপতি এক গ্রামের মানুষ!-দৈনিক আনন্দবাজার
অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তের কাছে প্রত্যন্ত গ্রাম বোমজা। গতকাল বৃহস্পতিবার কোটিপতি বনে গেছে ওই গ্রামের সব মানুষ।
দিল্লির কাছে সোনপতের রাধাধনা গ্রাম আগে ‘কোটিপতিদের গ্রাম’ বলে পরিচিত ছিল। কিন্তু সেখানে ধনীদের পাশাপাশি আছে প্রায় ২০০ ভূমিহীন দলিত পরিবার। বোমজা গ্রামে কোনো বৈষম্য নেই। সেনাবাহিনীর বরাত দিয়ে ভারতের গণমাধ্যমের খবরে জানানো হয়, বোমজার শতভাগ পরিবারই এখন কোটিপতি। গতকাল বিকেলে মুখ্যমন্ত্রী তথা তাওয়াংয়ের ভূমিপুত্র পেমা খান্ডু নিজের কেন্দ্র মুক্তোয় বোমজা গ্রামের ৩১টি পরিবারের হাতে মোট ৪০ কোটি ৮০ লাখ ৩৮ হাজার ৪০০ রুপির চেক তুলে দেন। পরে গ্রামের ২৯টি পরিবারের মধ্যে সমান ১ কোটি ৯ লাখ ৩ হাজার ৮১৩ রুপির চেক প্রদান করা হয়। একটি পরিবার পেয়েছে ২ কোটি ৪৪ লাখ ৯৭ হাজার ৮৮৬ রুপি। সবচেয়ে বেশি জমির মালিক পেয়েছেন ৬ কোটি ৭৩ লাখ ২৯ হাজার ৯২৫ রুপি। মূলত পাহাড়ে চাষাবাদ করাই এদের পেশা।
অভিভাবক-পুলিশ খণ্ডযুদ্ধ, পড়ুয়ার যৌন নিগ্রহকে কেন্দ্র করে রণক্ষেত্র কারমেল চত্বর-দৈনিক সংবাদ প্রতিদিন
দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগে সকাল থেকেই উত্তপ্ত কারমেল প্রাইমারি স্কুল চত্বর৷ সময় গড়াতে তা রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয়৷ অভিভাবকদের সঙ্গে পুলিশদের খণ্ডযুদ্ধ বেধে দেয়৷ পুলিশকর্মীকে মারধরের অভিযোগে আটক করা হয় এক অভিভাবককে৷
স্কুলগেটের সামনে দাঁড়িয়ে সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা৷ দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর উপর দীর্ঘদিন ধরে যৌন নিগ্রহ চালিয়েছে এক শিক্ষক৷ অভিভাবকদের দাবি এমনটাই৷ শিক্ষকের ভয়ে কাঁটা হয়েছিল বাচ্চাটি৷ স্কুলেও আসতে চাইছিল না৷ অনেক জিজ্ঞাসাবাদের পরই অভিভাবকরা এ ব্যাপারে জানতে পারেন৷ তাঁদের থেকে শোনেন অন্যান্য অভিভাবকরাও৷ আজ সকাল থেকেই অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা৷ তাঁদের অভিযোগ, প্রিন্সিপাল অভিভাবকদের সঙ্গে সহযোগিতা করছেন না৷ বরং অভিযুক্তকেই আড়াল করতে চাইছেন৷ কেন নাচের শিক্ষক হিসেবে একজন পুরুষকে নিয়োগ করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি?#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯