খালেদা জিয়া সাধারণ বন্দী-আইজি প্রিজন, ডিভিশন দিতে আদালতের আদেশ
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- কারা বিধি অনুযায়ী খালেদা জিয়া সাধারণ বন্দী: আইজি প্রিজন
- খালেদাকে জেলকোড অনুযায়ী ডিভিশন দিতে আদালতের আদেশ: বাংলাদেশ প্রতিদিন
- খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করবে দুদক: ইত্তেফাক
- ‘মাছ-মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ইত্তেফাকের আরেকটি শিরোনাম
- এবার দুর্নীতিগ্রস্ত ফারমার্স ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে উদ্যোগ: নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- ‘দুর্নীতিমুক্ত'প্রার্থী খুঁজছে শাসক দল: আনন্দবাজার পত্রিকা
- গেরুয়া ঘেঁষা রাজনীতি ছাড়লে জোট সম্ভব, রজনীকে বার্তা কমলের: সংবাদ প্রতিদিন
- স্বাধীনতা পেতে ভারতই ভরসা প্যালেস্তাইনের: দৈনিক আজকাল
এবার বাংলাদেশের দৈনিকগুলোর কয়েকটি খবর বিস্তারিত
কারা বিধি অনুযায়ী খালেদা জিয়া সাধারণ বন্দী: আইজি প্রিজন।
প্রথম আলো এই শিরোনামে লিখেছে,কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দীন সংবাদ সম্মেলনে বলেছেন, ১৯৬৪ ও ২০০৬ সালের কারা বিধি অনুযায়ী বর্তমানে যারা সাংসদ,তাঁরাই ডিভিশন পান। সাবেক প্রেসিডেন্টও পান। তবে সাবেক প্রধানমন্ত্রী পান না। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারা অধিদপ্তরের মহাপরিদর্শক।
সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন,খালেদা জিয়া সাধারণ বন্দীর মতোই আছেন। তিনি শান্ত স্বভাবের। এ কারণে তাঁকে সঙ্গ দেওয়ার জন্য একজন নারী ডিপ্লোমা নার্স ও চারজন নারী কারারক্ষী আছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দেওয়ার পর খালেদা জিয়ার ঠাঁই হয়েছে পুরোনো কেন্দ্রীয় কারাগারে।
এদিকে বাংলাদেশ প্রতিদিনের একটি শিরোনাম এমন: খালেদাকে জেলকোড অনুযায়ী ডিভিশন দিতে আদালতের আদেশ।পত্রিকাটি লিখেছেদুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলকোড অনুযায়ী কারাগারে ডিভিশন দিতে আদেশ দিয়েছেন আদালত। রবিবার সকাল সোয়া ১১টার দিকে আদালত এ আদেশ দেন।
অপরদিকে ইত্তেফাক লিখেছে,খালেদা জিয়ার জামিনের বিরোধিতা করবে দুদক। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টে জামিন আবেদন করলে শুনানিতে তার বিরোধিতা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুদকের আইনজীবী খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আমরা খালেদা জিয়ার জামিন শুনানিতে কন্টেস্ট করবো।
‘মাছ-মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ'
এই সুখবরটি এসেছে ইত্তেফাকসহ আরও কয়েকটি পত্রিকায়।উৎপাদন বাড়ায় মাছ ও মাংসে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন,দেশে বর্তমানে দৈনিক মাথাপিছু মাংসের প্রাপ্যতা ১২১ দশমিক ৭৪ গ্রাম, যা চাহিদার তুলনায় বেশি। ফলে চাহিদা অনুযায়ী মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
আর প্রাণিসম্পদ অধিদফতর বলছে, ৭১ দশমিক ৩৫ লাখ টন মাংসের চাহিদার বিপরীতে গত বছর দেশে মাংস উৎপাদিত হয়েছে ৭১ দশমিক ৫০ লাখ টন।
পাশাপাশি ২০১৬-১৭ অর্থবছরে প্রাণিজ আমিষের অন্যান্য উৎস হিসেবে দুধ ও ডিম উৎপাদন হয়েছে যথাক্রমে ৯২ লাখ ৮৩ হাজার মেট্রিক টন এবং ১৪৯৩.৩১ কোটি।
বিকেলে জরুরি সভা ডেকেছে পরীক্ষা মূল্যায়ন কমিটি: মানব জমিন
প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে বিকেলে জরুরি সভা ডেকেছে পরীক্ষা মূল্যায়ন কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও কমিটির ১১ জন সদস্য উপস্থিত থকবেন বলে জানা গেছে। সভায় এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত যত তথ্য ও লিংক পাওয়া গেছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে আলমগীর হোসেন বলেন, এক সপ্তাহ আগে পরীক্ষা মূল্যায়ন কমিটি করা হয়েছিলো। কমিটি সংক্রান্ত কাগজ পেতে বিলম্ব হওয়ায় আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।
এবার দুর্নীতিগ্রস্ত ফারমার্স ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে উদ্যোগ:
নয়াদিগন্তের অর্থনীতি বিভাগের এই খবরে এসেছে,রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পর এবার দুর্নীতিগ্রস্ত বেসরকারি ব্যাংকের মূলধন ঘাটতি পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার। যে বেসরকারি ব্যাংকের মূলধন ঘাটতি পূরণ করা হবে সেই আলোচিত ব্যাংকের নাম হচ্ছে ‘ফারমার্স ব্যাংক লিমিটেড’। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের প্রতিষ্ঠিত এই ব্যাংকটি ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে বর্তমানে দেউলিয়া হতে বসেছে। তাই মরণাপন্ন ব্যাংকটিকে বাঁচানোর জন্য উঠেপড়ে লেগেছে সরকার।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
‘দুর্নীতিমুক্ত'প্রার্থী খুঁজছে শাসক দল: আনন্দবাজার পত্রিকা
দলের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে পঞ্চায়েত স্তরকে দুর্নীতি-মুক্ত করতে চাইছে তৃণমূল। সে জন্য দুর্নীতিতে নাম জড়িয়েছে, ত্রিস্তর পঞ্চায়েতের এমন নির্বাচিত প্রতিনিধিদের চিহ্নিত করে তাদের বাদ দেওয়ার পক্ষপাতী তৃণমূল নেতৃত্ব। দলের তরফে জেলা সভাপতিদের কাছে সেই সব দুর্নীতিগ্রস্তদের তালিকাও চাওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রের খবর। গত সপ্তাহে ডুমুরজলায় ছাত্র-যুব সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘লোভ সংবরণ করা রাজনীতির বড় হাতিয়ার। যারা লোভ সংবরণ করে দেখাতে পারে, নিজের জন্য দলকে বিক্রি করে না, আমি তাদের সবথেকে বেশি ভালবাসি।’তাঁর নির্দেশমাফিক পঞ্চায়েতের আসন ধরে ধরে দুর্নীতিপরায়ণদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরুও হয়েছে।
আবার পরিবারতন্ত্র যাতে দানা বাঁধতে না পারে,সে দিকে নজর রাখতে হবে বলে নির্দেশ দিয়েছেন নেত্রী।
গেরুয়া ঘেঁষা রাজনীতি ছাড়লে জোট সম্ভব, রজনীকে বার্তা কমলের: সংবাদ প্রতিদিন
দাক্ষিণাত্যের রাজনীতি এই মুহূর্তে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাজনীতির ময়দানে পা রাখছেন রুপোলি পর্দার দুই মহাতারকা। একজন রজনীকান্ত। যিনি নিজের দল ঘোষণা করে দিয়েছেন। অন্যজন কমল হাসান। তিনিও রাজনীতিতে শামিল হবেন। তবে কি দুই তারকা একজোট হবেন? এবার তা খানিকটা ভাঙলেন কমল। নামে কমল। কিন্তু পদ্ম শিবিরের প্রতি তাঁর কোনও অনুরাগ নেই। দক্ষিণের রাজনীতি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে, তাতে গোটা দেশের কাছে হেয় হতে হচ্ছে দাক্ষিণাত্যকে। জয়ললিতার প্রয়াণের পর রাজনীতিতে কর্তৃত্বই নষ্ট হয়ে গিয়েছে। ঘরের মধ্যেই শুরু হয়েছে তীব্র লড়াই।
স্বাধীনতা পেতে ভারতই ভরসা প্যালেস্তাইনের: দৈনিক আজকাল
ভারত মনে করে শান্তিপূর্ণভাবে প্যালেস্তাইন স্বাধীন দেশের মর্যাদা পাবে। শনিবার প্যালেস্তাইনের রামাল্লায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চারদিনের চতুর্দেশীয় সফরে শনিবার রামাল্লায় পৌঁছান মোদি। মোদিকে প্যালেস্তাইনের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড কলার পরিয়ে দেন আব্বাস। অভিভূত মোদি বলেন, এই কলার ভারত–প্যালেস্তাইনের বন্ধুত্বর প্রতীক। ভারতের পক্ষেও যা সম্মানের। প্যালেস্তাইনে স্থিরতা এবং শান্তি চায় ভারত। স্থায়ী সমাধান শুধু শান্তিপূর্ণ আলোচনাতেই সম্ভব। ভারত প্রতিজ্ঞাবদ্ধ প্যালেস্তিনীয়দের স্বার্থ রক্ষায়। ভারতের বিদেশ নীতিতে প্যালেস্তাইন বরাবরই শীর্ষ স্থানাধিকারীদের অন্যতম।
প্রেসিডেন্ট আব্বাস বলেন, ১৯৬৭–এর আইন অনুযায়ী, শান্তিপূর্ণ পথে প্যালেস্তাইনের লক্ষ্য পেতে আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকায় ভরসা রাখে প্যালেস্তাইন। কারণ ভারত সব সময় সত্য, ন্যায় এবং শান্তির পক্ষে।
তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আসর আজ এ পর্যন্তই। কথা হবে আবারও পরবর্তী আসরে।
পার্সটুডে/নাসির মাহমুদ/১১