ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১২:৫৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৪ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশ-ইফাদ ৯২ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর-দৈনিক ইত্তেফাক 
  • কী এমন করেছিল যে পিটিয়ে মেরেই ফেলল!-দৈনিক প্রথম আলো
  •  সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করলো বখাটেরা, আটক ৬-দৈনিক ইনকিলাব
  • গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা-পুলিশের বাধায় ৩ ঘণ্টা আগেই শেষ বিএনপির অনশন-দৈনিক যুগান্তর
  • যারা দুর্নীতি করবে তাদের বিচার হতেই হবে-প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
  • মানসিকভাবে দুর্বল করার জন্য নেত্রীকে দীর্ঘদিন জেলে রাখার ষড়যন্ত্র করা হচ্ছে : মওদুদ আহমদ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • হিরের জবাব জনতার হাতেই ছাড়ছেন মানিক-দৈনিক আনন্দবাজার
  • ১০ হাজার কোটির জালিয়াতির গেরোয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পতন শেয়ারের দামে-দৈনিক সংবাদ প্রতিদিন
  • টাকার অভাবে প্রদেশ চালাতে অপারগ অধীর-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা-পুলিশের বাধায় ৩ ঘণ্টা আগেই শেষ বিএনপির অনশন-দৈনিক যুগান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলা অনশন কর্মসূচি নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে শেষ হয়ে গেছে। দুপুর পৌনে ১টার দিকে অনশন ভাঙার ঘোষণা দেয়ার পর জাতীয় প্রেসক্লাব এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রেসক্লাব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ অবস্থান করছে। বুধবার সকাল ১০টায় শুরু হওয়া অনশন কর্মসূচি বিকাল ৫টা পর্যন্ত চলার কথা ছিল।

যারা দুর্নীতি করবে তাদের বিচার হতেই হবে-প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন/দৈনিক ইনকিলাব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি এটুকু বলতে চাই, দুর্নীতি যারা করবে, সন্ত্রাস যারা করবে, জঙ্গিবাদের সাথে যারা জড়িত, তাদের বিচার হতেই হবে। কারণ বাংলাদেশটাকে একটা শান্তিপূর্ণ পরিবেশে আমরা আনতে চাই। বাংলাদেশের উন্নয়ন আমরা চাই। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নত হোক সেটাই আমরা চাই। সেটা সম্ভব যখন দেশে দুর্নীতি, জঙ্গিবাদ, স্বজনপ্রীতি আমরা নিয়ন্ত্রণ করতে পারব। মঙ্গলবার ইতালির রোমে প্রবাসীদের আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রায়ের পরের রাজনীতি-বিএনপি ভাঙলে আওয়ামী লীগের কী লাভ?-দৈনিক প্রথম আলো

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড হওয়ার পর রাজনীতির দুই প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির নেতারা নতুন করে ভোটের হিসাব–নিকাশ করা শুরু করেছেন। আওয়ামী লীগ নেতারা মনে করেন, দুর্নীতির দায়ে বিএনপি নেত্রী দণ্ডিত হয়েছেন। দলের দ্বিতীয় প্রধান নেতা তারেক রহমানও একাধিক মামলায় দণ্ডিত। ফলে ভোটের রাজনীতিতে এর সুফল আওয়ামী লীগ পাবে। অন্যদিকে, বিএনপি নেতাদের দাবি, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে। এ কারণে খালেদা জিয়া জনগণের সহানুভূতি পাবেন। নির্বাচনেও তার প্রভাব পড়বে। একই সময়ে নদীতে যেমন জোয়ার ও ভাটা হয় না, তেমনি একই সঙ্গে দুই পক্ষের সুবিধা পাওয়ার সম্ভাবনাও নেই। এক দলের পাল্লা ভারী হলে আরেক দলের পাল্লায় টান পড়বে। এটাই নিয়ম। এরই মধ্যে বিএনপির ভাঙার আওয়াজও শোনা যাচ্ছে। আওয়ামী লীগ নেতা ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপি ভাঙা এখন সময়ের ব্যাপার মাত্র। তবে তিনি এও বলেছেন, আওয়ামী লীগ বিএনপি ভাঙবে না। বিএনপির দলের নেতা-কর্মীরাই তারেক রহমানের নেতৃত্বের প্রতি অনাস্থা দিয়ে দল থেকে বেরিয়ে আসবেন। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন তিনি চান না, বিএনপি ভাঙুক। 

বিএনপির ভাঙন বলতে কী বোঝায়? কয়েকজন নেতার চলে যাওয়া? এর আগেও বহুবার বিএনপি থেকে নেতারা দলে গেছেন। তাতে বিএনপির ক্ষতি হয়নি। গত নয় বছরে বিএনপির ওপর অনেক ঝড় বয়ে গেছে। কিন্তু কেন্দ্রীয় তো বটেই উপজেলা পর্যায়ের কোনো নেতাও বিএনপি থেকে আওয়ামী লীগে হিজরত করেননি। ভবিষ্যতে করবেন কি না সময়ই বলে দেবে। দ্বিতীয়ত, বিএনপি ভাঙলে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগের কী লাভ? বিএনপি–সমর্থকদের ভোট কি তারা পাবে?

 বাংলাদেশ-ইফাদ ৯২ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ৬টি জেলার দুস্থ মানুষের অবকাঠামো ও বাজার উন্নয়নে ৯২.০৩ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে।  মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ইফাদ সদর দফতরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ভারত সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল-দৈনিক মানবজমিন

২০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আগামী ১০ই মার্চ ভারত সফরে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৫ দিনের এই সফরে দেশের রাজনৈতিক অবস্থা, আগামী নির্বাচন ইস্যু এবং সর্বশেষ খালেদা জিয়ার কারাদণ্ডসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। সফরকালে বিজেপির সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যরা।

কী এমন করেছিল যে পিটিয়ে মেরেই ফেলল!-দৈনিক প্রথম আলো

সাতক্ষীরা শহরে দশম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রের এক সহপাঠী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের বকচরা বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। নিহত ছাত্রের নাম সাকিব হোসেন (১৬)। সে শহরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের একমাত্র সন্তান। নিহত সাকিবের সহপাঠী খান মাজেদুর রহমান ও রিজবি রেজওয়ানের তথ্যমতে, সাকিব ভদ্র ছেলে ছিল। সে কারও সঙ্গে কখনো বিরোধে জড়াত না। সাকিবের বাবা সাতক্ষীরার কলারোয়া উপজেলার সরশকাটি পুলিশ ক্যাম্পে কর্মরত কনস্টেবল নজরুল ইসলাম ছেলেকে হারিয়ে বিলাপ করছেন। তিনি বলেন, সাকিব তাঁর একমাত্র সন্তান। তাঁর ছেলের সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে কেউ কখনো কোনো অভিযোগ করেননি। তার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে তিনি কি একবার শাসন করারও সুযোগ পেতে পারেন না? তিনি এ বিচার কার কাছে চাইবেন—প্রশ্ন করেন তিনি।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

হিরের জবাব জনতার হাতেই ছাড়ছেন মানিক-দৈনিক আনন্দবাজার

সারা দেশ জেনে গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী ত্রিপুরায় ‘মানিক ফেলে হিরা’ নিতে বলেছেন। তিনি কী বলছেন? প্রশ্ন শুনে মুখে হাসি মেখে শান্ত গলায় তিনি বললেন, ‘‘নির্বাচন একটা রাজনৈতিক লড়াই। প্রধানমন্ত্রী ব্যক্তিগত স্তরে নেমে এসেছেন। প্রধানমন্ত্রী পদটার সম্মান আছে। ত্রিপুরার মানুষ শুনেছেন, জবাবটা না হয় ওঁরাই দেবেন!’

১০ হাজার কোটির জালিয়াতির গেরোয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পতন শেয়ারের দামে-দৈনিক সংবাদ প্রতিদিন

বড়সড় ব্যাংক জালিয়াতির ঘটনা ঘটল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি শাখায়। প্রায় ১০ হাজার কোটির জালিয়াতি নজরে এসেছে ব্যাংক কর্তাদের। কীভাবে জালিয়াতির ঘটনাটি ঘটেছে এখনও স্পষ্ট নয়। তবে এর জেরে বিপাকে পড়তে পারে দেশের ব্যাংকিং ব্যবস্থা। এমনটাই মনে করা হচ্ছে। জালিয়াতির ঘটনাটি ঘটেছে দেশের বাণিজ্য নগরী মুম্বইয়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যংকের একটি শাখায়। জালিয়াতির বিষয়টি নিয়ে ধন্দে রয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। কেন না এই জালিয়াতির ফলে প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থায় পৌঁছে যেতে পারে দেশের ব্যাংকগুলি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪