বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের শেয়ার নিয়ে লড়াই করছে ভারত-চীন
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৫ ফেব্রুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- ফের তিনদিনের কর্মসূচি বিএনপির-দৈনিক ইত্তেফাক
- ঢাকায় সমাবেশ করতে চায় বিএনপি-দৈনিক প্রথম আলো
- বিকশিত হচ্ছে না শ্রমবাজার-দৈনিক ইনকিলাব
- প্রশ্নফাঁস তদন্তে দুই কমিটি গঠন করলেন হাইকোর্ট-দৈনিক যুগান্তর
- বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের শেয়ার নিয়ে লড়াই করছে ভারত-চীন-দৈনিক মানবজমিন
- নড়াইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে গুলি করে ও কুপিয়ে হত্যা-দৈনিক নয়া দিগন্ত
- দৈনিক নয়া দিগন্তের অন্য একটি খবরের শিরোনাম-অর্ধ লক্ষাধিক আসামি, গ্রেফতার ৬০০০-
ভারতের শিরোনাম:
- গ্রামের মানুষ দিল্লিতে এনে প্রচারে মোদী-দৈনিক আনন্দবাজার
- কেন্দ্রকে ছাড়ব না, নীরব ইস্যুতে কেন্দ্রের ‘নীরবতায়’ তোপ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
- এখনই গ্রেপ্তার নয় ভারতীর স্বামীকে-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ফের তিনদিনের কর্মসূচি বিএনপির-দৈনিক ইত্তেফাক/প্রথম আলো
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে ফের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচির বাইরে দলটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করতে চায়। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বিএনপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশের অনুমতি চাওয়া হবে। কর্তৃপক্ষ অনুমতি দেবে বলে তিনি আশা করেন। সমাবেশের তারিখের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা মহানগর সহ-সারা দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান, ১৮ ফেব্রুয়ারি সারাদেশে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান এবং ২০ ফেব্রুয়ারি সারাদেশে ফের বিক্ষোভ সমাবেশ। এছাড়াও ২১ ফেব্রুয়ারি মহান মাতৃভাষা উপলক্ষে রাতে ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের শেয়ার নিয়ে লড়াই করছে ভারত-চীন-দৈনিক মানবজমিন
বাংলাদেশের শেয়ার বাজারের বড় একটি টেন্ডারে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারত ও চীন। দক্ষিণ এশিয়ার এ দুটি দেশ এ অঞ্চলে কৌশলগত প্রভাব খাটানো নিয়ে লড়াই করছে দীর্ঘদিন। খবর রটেছে বাংলাদেশের ওই শেয়ার ভারত যে দাম দিতে চেয়েছে তার চেয়ে অনেক বেশি দাম হাঁকিয়েছে চীন। চীনের প্রস্তাবটি অনুমোদন হয়েও গিয়েছিল বলে শোনা যায়। কিন্তু তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের আর্থিক নিয়ন্ত্রকরা। এতে রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে।
বলা হচ্ছে, ভারতের প্রতি পক্ষপাতিত্বের জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওদিকে স্থানীয় সংবাদ মাধ্যমে এক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এসেছে। বলা হয়েছে, ভারতের প্রতি পক্ষপাতিত্ব দেখানো হচ্ছে। চীন যে লোভনীয় প্রস্তাব দিয়েছে তার চেয়ে অনেক কম দাম হাঁকিয়েছে মুম্বইভিত্তিক স্টক এক্সচেঞ্জ। উল্লেখ্য, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নয়া দিল্লি তার সমর্থন দিয়েছিল বাংলাদেশকে। বিরোধীদের পক্ষ থেকে ওই নির্বাচন জালিয়াতির অভিযোগ থাকা সত্ত্বেও ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওদিকে বাংলাদেশে বড় অংকের বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। সাম্প্রতিক বছরগুলোতে বাঙলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে শত শত কোটি টাকার লোভনীয় বিনিয়োগের অনুমতি পেয়েছে ভারতীয় কোম্পানিগুলো। কিন্তু ভারত ক্রমাগত চাইছে চীনকে টেক্কা দিতে।
প্রশ্নফাঁস তদন্তে দুই কমিটি গঠন করলেন হাইকোর্ট-দৈনিক যুগান্তর
২০১৮ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত করতে বিচার বিভাগীয় এবং প্রশাসনিক দুটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার আদালত অধ্যাপক কায়কোবাদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রশাসনিক কমিটি এবং ঢাকা জেলা ও দায়রা জজের নেতৃত্বে পাঁচ জনের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দেন।
দণ্ডমাত্রই নির্বাচনে অযোগ্যতা-বিচারপতি খায়রুলের রায়টি আপিল বিভাগে যায়নি-দৈনিক মানবজমিন
১৯৯৩ সালে জেনারেল এরশাদ একাধিক মামলার আসামি হিসেবে কারাবন্দি এবং জনতা টাওয়ার দুর্নীতির মামলায় সাতবছরের দণ্ড মাথায় নিয়ে সাধারণ নির্বাচন করেছিলেন। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না, সেই প্রশ্নে বিভিন্ন মহলে কৌতূহল উপচে পড়ছে।
আইন বিশ্লেষকদের অনেকের মতে আইন ও বিচারমন্ত্রী আনিসুল হকের ব্যাখ্যা অনুযায়ী বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন। তবে খোদ আইনমন্ত্রী বলেছেন, এটা কোনো আইনি ধারা-উপধারার বিষয় নয়, এটা ‘সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের’ সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে তিনি এ বিষয়ে নির্দিষ্ট দু’টি রায়ের কথা বলার পরে গুঞ্জন শুরু হয়েছে যে, তিনি কোন কোন রায়ের দিকে ইঙ্গিত করেছেন। খোদ আইনমন্ত্রীর কথায়, সুপ্রিম কোর্টের এমন একটি রায় রয়েছে, যার আওতায় দণ্ডিত হলেও তিনি নির্বাচন করতে পারবেন।
নড়াইলে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যানকে গুলি করে ও কুপিয়ে হত্যা-দৈনিক নয়া দিগন্ত
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লতিফুর রহমান পলাশকে (৪৭) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে তাকে হত্যা করা হয়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে।
অর্ধ লক্ষাধিক আসামি, গ্রেফতার ৬০০০-দৈনিক নয়া দিগন্ত
নতুন নতুন মামলা, নতুন নতুন গ্রেফতার। বিপর্যস্ত হয়ে পড়েছেন ২০ দলীয় জোটের মাঠপর্যায়ের নেতাকর্মীরা। ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে ঘিরে সারা দেশে দুই শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় কমপক্ষে ৫০ হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত জোটের প্রায় ছয় হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র বলছে। নতুন যে মামলাগুলো হচ্ছে তার অধিকাংশেরই বাদি হচ্ছে পুলিশ।
বিকশিত হচ্ছে না শ্রমবাজার-দৈনিক ইনকিলাব
বর্হিবিশ্বে বিকশিত হচ্ছে না শ্রমবাজার। সউদী আরবে কর্মী গমনের সংখ্যা হ্রাস পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি । প্রবাসী মন্ত্রী সউদীতে কর্মী নিয়োগের চাহিদা হ্রাস পাওয়ার কারণ হিসেবে হজ ও ওমরাহ পালনে গিয়ে কেউ কেউ দেশে ফেরত না আসার ঘটনাকেও দায়ী করেছেন। জি টু জি প্লাস প্রক্রিয়ায় মালয়েশিয়ায়ও কর্মী নিয়োগের অ্যাপ্রুভাল আশানুরুপ হ্রাস পেয়েছে। মালয়েশিয়া গমনেচ্ছু হাজার হাজার কর্মী স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেও মালয়েশিয়ায় যেতে পারছে না। এদের অনেকেরই স্বাস্থ্য পরীক্ষার মেয়াদও দফায় দফায় শেষ হয়ে যাচ্ছে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে যুদ্ধবিধস্ত ইরাকও হতে পারে বাংলাদেশের জন্য বড় শ্রমবাজার । তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের কর্মীদের অপরাধ প্রবণতার কারণ দেখিয়ে দীর্ঘ পাঁচ বছর যাবত জনশক্তি রফতানি বন্ধ রয়েছে। গত ৫ ও ৬ ফেব্রুয়ারি আবুধাবিতে দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের বাজার আবার খুলে দিতে দেশটির প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
গ্রামের মানুষ দিল্লিতে এনে প্রচারে মোদী-দৈনিক আনন্দবাজার
‘অচ্ছে দিন’ নিয়ে প্রশ্ন তুললেই মোদী সরকারের মন্ত্রীরা এত দিন বলতেন, শহর থেকে বেরিয়ে একটু গ্রামে ঘুরে আসুন। বদলটা বুঝতে পারবেন।
নরেন্দ্র মোদী নিজেই কৌশল পালটাচ্ছেন এ বার। গ্রামকেই শহরে তুলে আনার নতুন কৌশল নিচ্ছেন তিনি! এ সপ্তাহে গ্রামের চাষিবৌরা দিল্লিতে আসছেন তো পরের সপ্তাহে চাষিরাই হাজির হচ্ছেন মোদীর সামনে। প্রধানমন্ত্রী নিজেই তাঁদের থেকে শুনতে চান এবং গোটা দেশকেও শোনাতে চান, সরকারি প্রকল্পে তাঁদের কতখানি সুবিধা হয়েছে? তাঁরা আরও কী কী চান সরকারের কাছে? উদ্দেশ্য এটাই বোঝানো যে এই সরকার গ্রামে চাষির ঘরেও সুরাহা পৌঁছে দিতে চায়। এক দিকে সরকারের প্রচার। অন্য দিকে ক্ষোভ সামাল দেওয়া। এক ঢিলে দুই পাখি মারতে চান মোদী।
এখনই গ্রেপ্তার নয় ভারতীর স্বামীকে-দৈনিক আজকাল
ঝাড়গ্রামের প্রাক্তন পুলিস সুপার ভারতী ঘোষের স্বামীকে এখনই গ্রেপ্তার করা যাবে না। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, আগামী ১৫ মার্চ পর্যন্ত ভারতী ঘোষের স্বামী এম ভি রাজুকে গ্রেপ্তার করতে পারবে না সিআইডি। তবে রাজুর আগাম জামিনের আবেদনও মঞ্জুর করেনি হাইকোর্ট। আদালতের আরও নির্দেশ, রাজুকে তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। তিনি সিআইডির নির্দেশ ছাড়া বাইরে কোথাও যেতে পারবেন না।
কেন্দ্রকে ছাড়ব না, নীরব ইস্যুতে কেন্দ্রের ‘নীরবতায়’ তোপ মমতার
সাড়ে ১১ হাজার কোটি টাকার প্রতারণা। সুযোগ বুঝে পগারপার। নীরব মোদির পলায়নে দেশ জুড়ে একটাই প্রশ্ন আরও এক বিজয় মালিয়া কীভাবে হাওয়া হয়ে গেল? দেশের ব্যাংকিং ক্ষেত্রে বৃহত্তম জালিয়াতি নিয়ে কেন্দ্র নীরব হওয়ায় ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হুংকার, তৃণমূল এর শেষ দেখে ছাড়বে। টুইটারে বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল গান্ধী। সুর চড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়ালও।
জঙ্গলমহল সফরে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বেলপাহাড়ির সভায় তাঁর সাফ কথা, পিএনবি কেলেঙ্কারির তদন্ত করতে হবে। তদন্ত না করা পর্যন্ত আমরা ছাড়ব না। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন এই কেলঙ্কারি কীভাবে হল? কে ১১,৫০০ কোটি টাকা ঋণ দিল? কে ঋণ নিয়ে গেল?
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫