ফেব্রুয়ারি ১৭, ২০১৮ ১৩:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে বিএনপি-দৈনিক ইত্তেফাক 
  • খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিলেও বিএনপি নেবে’কাদের –দৈনিক মানবজমিন
  • সংসদ নির্বাচন-এরশাদ-মায়া পারলে খালেদা কেন নয়?-দৈনিক প্রথম আলো
  • প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা-দৈনিক ইনকিলাব
  • ধারাবাহিক প্রশ্নফাঁসের তালিকায় এবার বাংলাদেশ ও বিশ্বপরিচয়-দৈনিক যুগান্তর
  • পেঁয়াজ এখনো কেন আলোচনায়-দৈনিক নয়া দিগন্ত
  • ধূমপান না করলেও প্রতিদিন ২০ সিগারেট গ্রহণের সমান!-দৈনিক কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • নীরব-প্রতারণা চলতি বছরেই, বলল সিবিআই, অস্বস্তিতে বিজেপি -দৈনিক আনন্দবাজার
  • জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি, ‘বিষ’ চানাচুর বন্ধে নির্দেশ হাই কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‌পিএনবি কেলেঙ্কারিতে গ্রেফতার ৩-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

শুরুতেই বাংলাদেশের রাজনীতির কয়েকটি খবর ছোটো করে তুলি ধরছি।

জনগণের উত্তাল প্রতিবাদে বিদায় নেবে সরকার-ফখরুল-দৈনিক ইত্তেফাক/ প্রথম আলো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণস্বাক্ষর করছেন

কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করে বিএনপি। অনুষ্ঠানের উদ্বোধন করার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের উত্তাল, সোচ্চার প্রতিবাদের মুখে এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। দলের নেতা-কর্মীদের ধৈর্য ধরে সব পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিলেও বিএনপি নেবে’কাদের –দৈনিক মানবজমিন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনের আগে সংলাপের কোনো প্রয়োজন হবে না। আমরা জানি, বিএনপি নির্বাচনে আসবেই। কারণ, বিএনপি নেতারাই তো বলছেন, খালেদা জিয়া কারাগারে যাওয়ায় বিএনপি আরও শক্তিশালী হবে।’তাহলে কিসের আলোচনা! কাদের বলেন, ‘আমরা আশা করি, সেই শক্তিশালী বিএনপিকে নিয়ে একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে।’ বিএনপি নির্বাচনে আসবেই, আলোচনার প্রয়োজন নেই। মন্ত্রী এসময় বলেন, খালেদা জিয়া কারাগারে থাকলেও বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে। খালেদা জেলে যাওয়ার পর সারাদেশে জোরাল কর্মসূচি পালনে বিএনপির সক্ষমতা নেই। শান্তিপূর্ন আন্দোলন করতেও বিএনপি জানে না।

প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, নাশকতার পরিকল্পনার’ অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন অঞ্চল থেকে পলাশসহ ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ পরিস্থিতিতে ঘনিষ্ঠ নজর রাখছে জাতিসংঘ-দৈনিক মানবজমিন

জাতিসংঘ বাংলাদেশের পরিসিথতির দিকে নজর রাখছে

খালেদা জিয়াকে গ্রেপ্তার, শাস্তি ও বাংলাদেশে পরবর্তী ঘটনাপ্রবাহের দিকে ঘনিষ্ঠ নজর রাখছে জাতিসংঘ। একই সঙ্গে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে তারা। এমন একটি নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব দিয়েছে জাতিসংঘ।

ধারাবাহিক প্রশ্নফাঁসের তালিকায় এবার বাংলাদেশ ও বিশ্বপরিচয়-দৈনিক যুগান্তর

আজও প্রশ্নপত্র ফাঁস

চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের রেকর্ড অব্যাহত রয়েছে। টানা ১০ বিষয়ে ফাঁসের ধারাবাহিকতায় আজ ফাঁস হয়েছে বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্নপত্র।

শনিবার পরীক্ষার শুরু হওয়ার এক ঘণ্টা আগে ইন্টারনেটে বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রশ্নপত্র ফাঁস হয়। পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে। এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আমরা নতুন নতুন পথ খোঁজার চেষ্টায় আছি। মন্ত্রণালয় কাজ করছে।

ধূমপান না করলেও প্রতিদিন ২০ সিগারেট গ্রহণের সমান!-দৈনিক কালের কণ্ঠ

ক্লিনার স্প্রে বিপজ্জনক

পরিষ্কার করার জন্য বাজারে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়। এর মধ্যে রয়েছে স্প্রে, যা চেয়ার-টেবিল কিংবা কম্পিউটারের মতো পণ্যে স্প্রে করে তারপর পরিষ্কার করা হয়। এসব পণ্যের ক্ষতিকর দিকের বিষয়ে সম্প্রতি গবেষকরা বলছেন, এসব পণ্যের শারীরিক ক্ষতির বিষয়টি অত্যন্ত স্পষ্ট। নিয়মিত এসব স্প্রে ব্যবহার করে পরিষ্কারের কাজটি করা হলে তাতে ফুসফুস ও দেহের অন্যান্য অংশের প্রচণ্ড ক্ষতি হয়। যারা এ পরিষ্কারের কাজটি করেন, তাদের এতে প্রতিদিন প্রায় ২০টি সিগারেট পানের মতো ক্ষতি হয়ে থাকে। শুধু যারা পরিষ্কার করে তাদেরই নয়, এর ক্ষতিকর প্রভাব পড়ে অন্য যারা সেখানে থাকে তাদের ওপরেও। গবেষকরা এ কাজে ছয় হাজার ব্যক্তির ওপর ২০ বছর ধরে পর্যবেক্ষণ চালিয়েছেন। তাহলে কিভাবে এ পরিষ্কারের কাজ করা হবে? এ বিষয়ে সমাধানও গবেষকরা দিয়ে দিয়েছেন। তারা বলছেন, এসব রাসায়নিক পণ্যের বদলে পরিষ্কার পানি ব্যবহার করলেই চলবে। এতে পরিশ্রম একটু বেশি হলেও শরীর থাকবে বিষমুক্ত।

অর্থনীতির খবর- পেঁয়াজ এখনো কেন আলোচনায়-দৈনিক নয়া দিগন্ত

পেঁয়াজের বাজার এখনও চড়া

গত পাঁচ মাস ধরেই আলোচনায় রয়েছে পেঁয়াজ। ৩০ টাকা থেকে বাড়তে বাড়তে ১৬০ টাকায় উঠেছে। আবার নামতে নামতে ৫০ থেকে ৫৫-তে ঠেকেছে। কিন্তু পেঁয়াজ নিয়ে মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা এখনো কাটেনি। তাদের বক্তব্য, অন্যান্য বছর ফেব্রুয়ারির মাঝামাঝিতে এসে ভরা মওসুমে এক কেজি পেঁয়াজ বিক্রি হয় ১৫ থেকে ২০ টাকা। এবার এখনো ৫০। মওসুম শেষে কী পরিণতি দাঁড়াবে এবার?

দেউলিয়া ঝুঁকি ও সম্পূর্ণ বাংলাদেশীয় ‘বেইল আউট’ সমাচার-প্রথম আলো

ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ থেকে জানা যাচ্ছে, বাংলাদেশ সরকার ২০১০-১১ থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে প্রায় ১৫ হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে। চলতি সপ্তাহের খবর, কয়েকটি রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যাংক সম্প্রতি সরকারের কাছে আবারও মূলধনসংকট মোকাবিলায় ২০ হাজার ৩৯৮ কোটি টাকার সহায়তা চেয়েছে। ব্যাংকগুলো এখন বরাদ্দকৃত ঋণ উদ্ধার করতে না পেরে টিকে থাকার জন্য বেইল আউট চাইছে। বেইল আউট হচ্ছে দেনার দায়ে বা মূলধনসংকটে পড়ে দেউলিয়া হওয়ার পথে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানকে রাষ্ট্র বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের তরফে আর্থিক সহায়তা করা।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

নীরব-প্রতারণা চলতি বছরেই, বলল সিবিআই, অস্বস্তিতে বিজেপি-দৈনিক আনন্দবাজার

নীরব মোদি

নীরব মোদীর প্রতারণার মামলায় আরও চাপে পড়ে গেল বিজেপি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কেলেঙ্কারির ঘটনা সামনে আসার পর থেকেই, বিজেপি এর দায় ঠেলে দেওয়ায় চেষ্টা করে যাচ্ছে কংগ্রেস তথা ইউপিএ আমলের দিকে। কিন্তু সিবিআই-এর দায়ের করা এফআইআর একেবারেই উল্টো কথা বলছে। সিবিআই তার এফআইআর-এ বলেছে— গোটা ঘটনাটাই ঘটেছে চলতি আর্থিক বছরের মধ্যে, অর্থাত্ ২০১৭-১৮ সালে।

পিএনবি

দু’দিন আগেই পিএনবি কেলেঙ্কারি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি দাবি করেন— প্রতারণার ঘটনাটি শুরু হয় ২০১১ সালে, অর্থাত্ মনমোহন সিংহের জমানায়। পাশাপাশি তাঁর আরও দাবি ছিল, বিজেপি ক্ষমতায় আসার পর আর কোনও প্রতারণার ঘটনা ঘটেনি। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর সেই দাবিকে কার্য উড়িয়ে দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দায়ের করা এফআইআর-ই।

অ্যাম্বুল্যান্স দেয়নি হাসপাতাল, যোগীর রাজ্যে ভাগ্নের মৃতদেহ কাঁধে বইলেন মামা-দৈনিক সংবাদ প্রতিদিন

ভাগ্নের লাশ কাঁধে নিয়ে মামা

ফের দানা মাঝির ছায়া উত্তরপ্রদেশে। অমানবিকতার চরম নিদর্শন দেখল ‘পরিবর্তিত’ যোগীর রাজ্য। ‘শোষণ নয় শাসন’ বুলি আওড়ালেও সামগ্রিক পরিস্থিতি আদৌ বদলায়নি। এবার হাসপাতাল কর্তৃপক্ষ শববাহী গাড়ি বা অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা না করায় ভাগ্নের মৃতদেহ কাঁধে বয়ে নিয়ে যেতে বাধ্য হলেন মামা। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে উঠছে নিন্দার ঝড়।

এদিকে দৈনিক আজকাল লিখেছে, পিএনবি আর্থিক কেলেঙ্কারিতে তিনজনকে গ্রেপ্তার করল সিবিআই। শনিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত মুম্বইয়ের পৃথক এলাকা থেকে তিনদনকে গ্রেপ্তার করে সিবিআই।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭