ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৩:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদা জিয়ার রায় পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে-দৈনিক ইত্তেফাক 
  • ঢাকায় ভিক্ষুক সিন্ডিকেট সক্রিয় ২০-২৫ চক্র–দৈনিক মানবজমিন
  • দেশে গণতন্ত্রের কবর হয়েছে: ফখরুল-দৈনিক প্রথম আলো
  • আওয়ামী লীগের ইসতেহার- ঘরে ঘরে চাকরি-তা আজ কতদূর?-দৈনিক ইনকিলাব
  • আজও ভাষা সংগ্রামীদের তালিকা হয়নি-দৈনিক যুগান্তর
  • বাংলাকে জাতিসঙ্ঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার দাবি ওবায়দুল কাদেরের-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • প্রভিডেন্ট ফান্ডে সুদ কমবে?-দৈনিক আনন্দবাজার
  • শুধু নীরব মোদি নন, পিএনবি থেকে ঋণ নিয়েছিলেন দেশের এই প্রধানমন্ত্রীও-দৈনিক সংবাদ প্রতিদিন
  • শিক্ষিকা ও তাঁর কন্যাকে ধর্ষণের হুমকি সপ্তম শ্রেণীর ছাত্রের -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আজ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা জাতি গৌরবময় এ দিনটি শ্রদ্ধাভরে স্বরণ করেছে। সারাবিশ্বে পালিত হয়েছে এ দিনটি। দেশ বিদেশের শহীদ মিনার ফুলে ফুলে ভরে গেছে। একুশের প্রথম প্রহরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য, বিদেশি কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তারপর থেকে সর্বস্তরের মানুষ তাদের শ্রদ্ধা জানিয়েছেন শহীদ ভাষা সৈনিকদের প্রতি। আজকের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে এ সম্পর্কিত খবর পরিবেশিত হয়েছে।

 আজও ভাষা সংগ্রামীদের তালিকা হয়নি-দৈনিক যুগান্তর

আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বুকের রক্ত দিয়েছি। তার স্বীকৃতিও আমরা পেয়েছি। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে এখন পালিত হয়। কিন্তু পরিতাপের বিষয়, আজও আমাদের ভাষা সৈনিক বা ভাষা সংগ্রামীদের নামের কোনো তালিকা সরকারিভাবে প্রস্তুত হয়নি। আর দৈনিক ইত্তেফাকের একটি খবরের শিরোনাম- শহীদ মিনারে বাংলা অবমাননা, ইংরেজি লেখা সম্বলিত পুষ্পস্তবক অর্পণ।

দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম, দেশে গণতন্ত্রের কবর হয়েছে: ফখরুল

বিস্তারিত খবরে লেখা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও ধ্বংস করা হয়েছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এ কথা বলেন। শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব বলেন, ফখরুল ইসলাম বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে সংসদ পর্যন্ত দলীয়করণ করা হয়েছে। খালেদা জিয়া চিরকাল গণতন্ত্রের সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তাঁকে একটি মিথ্যা মামলায় কারাগারে দিন যাপন করতে হচ্ছে। তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখ, কষ্ট ও ভারাক্রান্ত হৃদয়ে দিনটি পালন করছি।’ গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। নির্বাচন প্রশ্নে জাতীয় ঐক্যেরও আহ্বান জানিয়েছেন।

খালেদা জিয়ার রায় পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে-দৈনিক ইত্তেফাক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফাইড কপি পর্যালোচনা শেষে কমিশন সিদ্ধান্ত নেবে। খালেদা জিয়াকে দেয়া পাঁচ বছরের কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে তার আইনজীবীদের হাইকোর্টে আপিল বাতিল চেয়ে দুদকের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নতুন পদ্ধতিতে কয়েক শ প্রশ্ন নিয়ে ‘প্রশ্নব্যাংক’-দৈনিক

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যর্থ হয়ে আগামী বছর নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই পদ্ধতিতে কয়েক শ প্রশ্ন নিয়ে একটি ‘প্রশ্নব্যাংক’ করা হবে। এরপর সেখান থেকে পরীক্ষার আগ মুহূর্তে প্রশ্নপত্র তৈরি করা হবে।একই সঙ্গে বহুনির্বাচনী প্রশ্নও (এমসিকিউ) তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, খুলনায় প্রশ্নপত্র ফাঁসের মামলায় ৮ জন রিমান্ডে।

ঢাকায় ভিক্ষুক সিন্ডিকেট সক্রিয় ২০-২৫ চক্র-দৈনিক মানবজমিন

বয়স ৫০ ছুঁই ছুঁই করছে নাটোরের হালিমা বিবির।। জন্ম থেকেই দুটি পা অচল দুটি । কাঠ আর বিয়ারিং দিয়ে তৈরি ট্রলি দিয়েই পথ চলেন। ১৫ বছর আগে স্বামী হারিয়ে ভিক্ষা করেই জীবন চলে। এই পেশায় থেকে ২ মেয়ে বিয়ে দিয়েছেন। হাইকোর্ট এলাকার ফুটপাথে থাকেন তিনি। হালিমা বিবি বলেন, সারাদিন ঘুরলে ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়। কারণ এখন প্রতিবন্ধী ভিক্ষুকের চেয়ে সুস্থ ভিক্ষুকই বেশি। সুস্থ ভিক্ষুকের পেছনে সিন্ডিকেট জড়িত। তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়। তাই সিন্ডিকেটের ভিক্ষুকের দাপটে আমরা ভিক্ষা করতে পারি না। 

রাজধানী ঢাকায় এখন ভিক্ষুক নিয়ে সিন্ডিকেট চলছে। মাসিক বা রোজ চুক্তিতে সিন্ডিকেটরা ভিক্ষুক সংগ্রহ করে। আর এই সিন্ডিকেট চক্রে ২০-২৫টি চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের সদস্যরা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কাজ করে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, এসব সিন্ডিকেট চক্রের অনেকেরই ঢাকার বিভিন্ন এলাকায় বাড়ি পর্যন্ত রয়েছে। এমনকি রাজধানীর বুকে দাপিয়ে বেড়িয়ে আরো নানান অপকর্মে জড়িয়ে পড়ছে। গোয়েন্দা সূত্র বলছে, অনেকেই দিনে ভিক্ষাবৃত্তি আর রাতে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

শুধু নীরব মোদি নন, পিএনবি থেকে ঋণ নিয়েছিলেন দেশের এই প্রধানমন্ত্রীও-দৈনিক সংবাদ প্রতিদিন

 পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে পলাতক ধনকুবের নীরব মোদি আর কখনও ওই ঋণ শোধ করবেন কি না ঠিক নেই! কিন্তু জানেন কি, এই দেশের এক প্রধানমন্ত্রীও পিএনবি থেকে ঋণ নিয়েছিলেন। টাকার অঙ্কটা যদিও মোদির ধারেকাছে নয়। তবে সেই সময় ওই ক’টা টাকারও যথেষ্টই মূল্য ছিল। কথা হচ্ছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে। যিনি, পিএনবি থেকে ৫০০০ টাকা ঋণ নিয়েছিলেন, গাড়ি কেনার জন্য। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম বুধবার এই তথ্য প্রকাশ্যে এনেছে।   ‌‌

শিক্ষিকা ও তাঁর কন্যাকে ধর্ষণের হুমকি সপ্তম শ্রেণীর ছাত্রের-দৈনিক আজকাল

সপ্তম শ্রেণীর ছাত্র স্কুল শিক্ষিকা ও তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দিয়েছে। তাও আবার সোশ্যাল সাইটে। অপর ঘটনাটি আরও চাঞ্চল্যকর। অষ্টম শ্রেণীর এক ছাত্র নিজের স্কুলেরই শিক্ষিকাকে ক্যান্ডেললাইট ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে। সঙ্গে যৌনতার প্রস্তাব। দুটি ঘটনাই গুরুগ্রামের এক নামজাদা বেসরকারী স্কুলের। 

গত সপ্তাহেই এই ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটির ক্ষেত্রে শিক্ষিকা স্কুলে যোগ দিলেও তাঁর মেয়ে আতঙ্কে স্কুলে আসতে পারছে না। কারণ ওই ছেলেটির সঙ্গে একই ক্লাসে পড়ে মেয়েটি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘যে অভিযোগ উঠেছে তা মারাত্মক। গোটা ঘটনার তদন্ত চলছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১