চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগের কিছু নেই’ প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ ফেব্রুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- দুর্নীতি সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ-দৈনিক ইত্তেফাক
- বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ণয়ের তিন ইস্যু–দৈনিক মানবজমিন
- মানবজমিনের অন্য একটি শিরোনাম-আসাম নিয়ে আশঙ্কায় বাংলাদেশ
- চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগের কিছু নেই’প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে -প্রধানমন্ত্রী-দৈনিক ইনকিলাব
- বয়সের বিবেচনায় খালেদা জিয়াকে জামিন দেয়া যায়: আদালত-দৈনিক যুগান্তর
- আওয়ামী লীগের তৃণমূলে সঙ্ঘাত-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- গরিব মরে, কেন ছাড় পায় ধনীরা, সুপ্রিম কোর্টে চড়া সওয়াল-দৈনিক আনন্দবাজার
- তাজমহল মোঘল সৌধই, হলফনামা দিয়ে জানাল ASI-দৈনিক সংবাদ প্রতিদিন
- মানুষের টাকা লুঠ করাই বিজেপির আচ্ছে দিন: মমতা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
আইন আদালতের খবর দিয়েই শুরু করছি
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, খালেদা জিয়ার আপিল গ্রহণ, জামিন শুনানি রোববার- এ সম্পর্কিত খবর আজকের দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর ও মানবজমিনসহ প্রায় সবগুলো জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ ও অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্বসহ প্রকাশিত হয়েছে। খবরটিতে বলা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিল আবেদন গ্রহণ করে জরিমানা স্থগিতের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত বেগম জিয়ার জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন । আজ বৃহস্পতিবার বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত দিয়েছেন। আবেদনের শুনানির সময় তারা বলেন,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বয়স্ক নারী বিবেচনায় জামিন দেয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন আদালত।
সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান- সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে’-দৈনিক যুগান্তর/মানবজমিন
খবরটিতে লেখা হয়েছে, দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ষষ্ঠ কোরের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, অভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ণয়ের তিন ইস্যু-দৈনিক মানবজমিন
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। তা সত্ত্বেও এ সম্পর্কে তিনটি প্রধান সমস্যা রয়ে গেছে। তা হলো তিস্তার পানিবন্টন ইস্যু, রোহিঙ্গা শরণার্থী ও আসামে নাগরিকত্ব নির্ধারণের শুমারি (এনআরসি)।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি মুলতবি হয়ে থাকা তিস্তার পানি বন্টন চুক্তি সমাধানে ভারতকে রাজি করানোর চেষ্টা করছেন। মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করছেন, যাতে নিরাপত্তা নিশ্চিত করে তারা রোহিঙ্গাদের ফেরত নেয়।
অন্যদিকে তিনি আশা করছেন, আসামে নাগরিকত্বের নিবন্ধন বিষয়ক যে কর্মসূচি (এনআরসি) শুরু হয়েছে তা যেন সীমান্তের এপাশে কোনো প্রতিক্রিয়া বা প্রভাব না ফেলে।
তিনি ঢাকায় তার বাসভবনে ভারতীয় একদল সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন। এ সময় শেখ হাসিনা নিশ্চয়তা দিয়েছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগের কিছু নেই। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা শুধু দেশের উন্নয়নের জন্য।।
মানবজমিনের অন্য একটি খবরে লেখা হয়েছে-আসাম নিয়ে আশঙ্কায় বাংলাদেশ
বিস্তারিত খবরে লেখা হয়েছে, আশঙ্কায় বাংলাদেশ। আসাম থেকে দলে দলে বাংলাভাষীদের বের করে দেয়া হতে পারে বলে এই আশঙ্কা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সিনিয়র কর্মকর্তারা আশঙ্কা করছেন, দলে দলে বাংলাভাষীদের আসাম থেকে বের করে দেয়া হলে তাতে রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বাংলাদেশের জন্য।
দুর্নীতি সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ-দৈনিক ইত্তেফাক
বাংলাদেশে ২০১৭ সালে দুর্নীতি তুলনামুলক কমেছে। বৈশ্বিক দুর্নীতি ধারণা সূচকে এবছর বাংলাদেশের অবস্থান ১৪৩ তম। বাংলাদেশ ১০০ এর মধ্যে এবছর স্কোর করেছে ২৮। ২০১৬ বাংলাদেশের অবস্থান ছিল ১৪৫ তম, স্কোর ছিল ২৬। আজ জার্মানির বার্লিন থেকে সারাবিশ্বে একযোগে প্রকাশিত টিআই-এর ২০১৮ সালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ গত বছরের তুলনায় দুর্নীতি সূচকে দুই ধাপ আগালেও এদেশের দুর্নীতি ব্যাপকতা এখনো উদ্বেগজনক।
তিনি আরো বলেন, গত বছরের তুলনায় বাংলাদেশ কিছুটা ভালো করলেও নানাদিক থেকে ঘাটতি রয়েছে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা যেই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।
এ সম্পর্কিত ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি করাটা অবশ্যই বড় ধরনের বার্তা। তবে একটি-দুটি ঘটনা দিয়ে বলতে পারি না যে, বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে ভালো কাজ করছে। এ ক্ষেত্রে ধারাবাহিকতা থাকতে হবে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
তাজমহল মোঘল সৌধই, হলফনামা দিয়ে জানাল ASI-দৈনিক সংবাদ প্রতিদিন
মোঘল সমাধি সৌধ না শিব মন্দির, এই বিতর্কে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির দাবি নাকচ করে দিল ভারতের পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ (এএসআই)। আদালতে হলফনামা দিয়ে জানিয়ে দিল মোঘল সম্রাট শাহজাহান স্ত্রী মুমতাজের মৃত্যুর পর স্মৃতিসৌধ হিসাবে তাজমহল নির্মাণ করেছিলেন। বেশ কিছুদিন ধরে কয়েকটি হিন্দুত্ববাদী গোষ্ঠী দাবি করে, সপ্তম আশ্চর্যের অন্যতম ‘তাজমহল’ আসলে শিবমন্দির। যার নাম ‘তেজো মহালয়’। শুধু দাবি করেই থেমে থাকেনি। সেই সঙ্গে আগ্রা আদালতে মামলাও রুজু করেন। এবং শিবমন্দিরের পক্ষে বেশ কিছু প্রমাণও দাখিল করে। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির বক্তব্যকে সমর্থন জানান বেশ কয়েকজন বিজেপি নেতা।
এই বিষয়ে আগ্রা আদালতে মামলা দায়ের করেন আইনজীবী রাজেশ কুলশ্রেষ্ঠ। এই বিতর্কের জন্ম হয় পিএন ওকের লেখা একটি গ্রন্থকে কেন্দ্র করে। বইটিতে তাজমহলকে শিব মন্দির হিসাবে দাবি করেছেন লেখক। বইটি প্রকাশের পর থেকেই রাজনৈতিক নেতা-মন্ত্রীদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ বেড়ে যায়। তাজমহলকে শিব মন্দির হিসাবে ঘোষণা করতে লখনউয়ের প্রায় ছ’জন আইনজীবী আগ্রা আদালতে মামলা দায়ের করেন। এমনকী প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনতে তাজমহলের বন্ধ অংশগুলি খুলে দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়। হিন্দুত্ববাদী সংগঠনগুলির এই জল্পনায় জল ঢেলে পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের পক্ষ থেকে জানানো হয়, তাজমহল মোঘল সৌধ। কোনওদিনই এটি শিব মন্দির ছিল না। এমনকী তেজো মহালয়ের পক্ষে যে তথ্যপ্রমাণগুলি আদালতে পেশ করা হয়েছে সেগুলিও মনগড়া বলে দাবি করেন এএসআইয়ের আইনজীবী আনজানি শর্মা।
গরিব মরে, কেন ছাড় পায় ধনীরা, সুপ্রিম কোর্টে চড়া সওয়াল-দৈনিক আনন্দবাজার
গাড়ি-বাড়ি কেনার ঋণ শোধ করতে না পারলে ব্যাঙ্ক সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে। তা হলে নীরব মোদী-বিজয় মাল্যরা ব্যাঙ্কের ঋণ শোধ না করলে সরকার ছেড়ে দেবে কেন!
ব্যাঙ্ক থেকে ঋণ পেতে আমজনতাকে বহু কাঠখড় পোড়াতে হয়। নীরবেরা এত সহজে ব্যাঙ্কের টাকা হাতিয়ে নেন কী ভাবে!
নীরব-কেলেঙ্কারি ঘিরে আমজনতার এই সব প্রশ্ন আজ সুপ্রিম কোর্টে তুললেন জনস্বার্থ মামলার আইনজীবী বিনীত ধান্দা। প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ তাঁকে ধমক দিয়ে, প্রচার-লোভী বলেও থামাতে পারেননি। ক্রমাগত গলা চড়িয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন বছর চল্লিশের বিনীত। অনেকেই বলেছেন, সুপ্রিম কোর্টের আইনজীবীরা সাধারণত বিচারপতিদের ভর্ৎসনা শুনে ক্ষমা চেয়ে নেন। আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা বিনীত অবশ্য দমে যাওয়ার পাত্রই ছিলেন না। বরং ২০-২৫ মিনিটের সওয়াল-জবাবে তাঁকে থামাতে গিয়ে জলের গ্লাসে চুমুক দিতে হয়েছে প্রধান বিচারপতিকেই।
নীরব কেলেঙ্কারিতে বিশেষ (এসআইটি) তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা করেছেন বিনীত। প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে তাঁর দাবি, সরকারের জবাবদিহি চেয়ে নোটিস জারি করা হোক। গরিব লোকেরা টাকা শোধ না করলে ব্যাঙ্ক তাড়া করে। কোটিপতিরা ধার শোধ না করে পার পান কী করে! প্রধান বিচারপতি তখন বলেন, ‘‘বড় বড় আবেগের কথা বলে লাভ নেই। আদালত আইনি যুক্তি ছাড়া কিছু শুনবে না।’’ কিন্তু বিনীতকে থামায় কার সাধ্য!
মানুষের টাকা লুঠ করাই বিজেপির আচ্ছে দিন: মমতা-দৈনিক আজকাল
রায়গঞ্জের হেমতাবাদের সরকারি সভা থেকে ফের বিজেপিকে আক্রমণ মমতার। বিজেপির আচ্ছে দিনকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, মানুষের টাকা লুঠ করাই মোদি সরকারের আচ্ছে দিন। জনগণের টাকা কেড়ে নেওয়া হচ্ছে। যাঁরা ব্যাঙ্কে টাকা রাখছেন তাঁরা জানেন না টাকা ফেরত পাবেন কিনা। এমনই পরিস্থিতি তৈরি করেছে সরকার। আধার কার্ড নিয়ে সরকারের কড়াকড়ির নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। আধার না থাকলে সরকারি পরিষেবা দেওয়া হবে না বলে প্রচার চালাচ্ছে বিজেপি। গণতন্ত্রে এমন হওয়া উচিত নয়। মোদি সরকার গণতন্ত্রের ভিত নষ্ট করে দিয়েছে।
পিএনবিকাণ্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। প্রকাশ্য সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন সরকারের মদতে ব্যাঙ্কের টাকা লুঠ করা হচ্ছে। আর সেই বোঝা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২