বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আমরা বাধা দিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- কালো পতাকা প্রদর্শনে পুলিশের হামলা-দেশজুড়ে বিএনপির প্রতিবাদ কর্মসূচি সোমবার-দৈনিক যুগান্তর
- কর্মসূচির অনুমতি ছিল না বলে বাধা -ডিএমপি-দৈনিক মানবজমিন
- বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আমরা বাধা দিচ্ছি না’-দৈনিক ইত্তেফাক
- দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম- শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: তোফায়েল
- বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ করবে মিয়ানমার-দৈনিক কালের কণ্ঠ
- কিশোরদের ‘ঘুঁটি’ বানিয়ে মাদকের ‘গুটি’ ব্যবসা-দৈনিক প্রথম আলো
- অনিয়মে কারাদন্ড!-বিদ্যুৎ বিতরণে ১০০ বছর পর নতুন আইন পাস-দৈনিক ইনকিলাব
- ঘরের মধ্যে কথা বলতেও পুলিশের অনুমতি লাগবে?-প্রশ্ন মির্জা ফখরুলের-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- কেজরীকে এ বার জেরা করবে পুলিশ? তেমনই ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক আনন্দবাজার
- পিএনবি-র ছায়া এবার ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্সে, ফাঁস ৪০০ কোটির দুর্নীতি-দৈনিক সংবাদ প্রতিদিন
- নীরবকাণ্ডের পর আরও দুই ব্যাঙ্ক জালিয়াতি প্রকাশ্যে-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
রাজনীতির খবর দিয়ে শুরু করছি
দৈনিক যুগান্তর, প্রথম আলো, ইত্তেফাকসহ প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোর খবরে লেখা হয়েছে,
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশি হামলা, জলকামান ব্যবহার এবং ব্যাপক ধরপাকড় করা হয়েছে। আজকের পুলিশি হামলার প্রতিবাদে আাগামী সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, আজকের কালো পতাকা কর্মসূচি থেকে দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের হামলায় ২৩০ জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এ হামলার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানান রিজভী।
এদিকে, দৈনিক ইনকিলাবের অনলাইন সংস্করণের খবর-কোনো প্রকার উসকানি ছাড়াই পুলিশ বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়পল্টনে সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, ডিএমপি বলেছে, কর্মসূচির অনুমতি ছিল না বলেই ছত্রভঙ্গ করা হয়েছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন করেছেন, সব কর্মসূচির জন্য অনুমতি কেন।তিনি বলেন, ঘরের মধ্যে কথা বলতেও পুলিশের অনুমতি লাগবে? আর ইত্তেফাকের খবরে লেখা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে আমরা বাধা দিচ্ছি না। কিন্তু যদি কেউ কর্মসূচির নামে জনগণের মাত্রাতিরিক্ত দুর্ভোগ বাড়িয়ে দেয় তখনই আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী যে কাজটি করার দরকার সে কাজটি করে থাকে।
নির্বাচনে সকল দল অংশগ্রহণই আমাদের প্রত্যাশা : তোফায়েল-দৈনিক নয়া দিগন্ত
বিএনপি নেতা মওদুদ আহমেদের বক্তব্যের সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়া জেলে থাকলে যদি বিএনপি’র জনপ্রিয়তা বাড়ে তাহলে তাকে জেলে রেখেই নির্বাচনে আসুন। জেলে থাকলে যদি জনপ্রিয়তা বাড়ে আর আওয়ামী লীগের ভোট কমে, তাহলে তাকে জেলেই রেখে দিন। একজন শিক্ষিত লোকের এমন কথা মানায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক। সে নির্বাচনে সকলের অংশগ্রহণ করবে, যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। আরা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির জন্য নির্বাচনের দরজা সব সময় খোলা। এদিকে মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি-আ’লীগ নয়, জাতীয় পার্টির কাছে মানুষ নিরাপদ’এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি দাবি করেন আমি কখনও স্বৈরাচার ছিলাম না।
বিদ্যুৎ বিতরণে ১০০ বছর পর নতুন আইন পাস-দৈনিক ইনকিলাব
উন্নয়ন আর উৎপাদনে বিদ্যুৎ অপরিহার্য। বর্তমান সরকারের শাসনামলে রেন্টাল-কুইক রেন্টালসহ নানামুখী উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। কিন্তু চাহিদার তুলনায় সেটা এখনো অপ্রতুল। তাছাড়া বিদ্যুৎ সেক্টরে অনিয়ম, দুর্নীতি, ঘুষ ওপেন সিক্রেট। গ্রাহকদের হয়নারি, বিদ্যুৎ বিল দিতে বিলম্ব, মিটার দেখে বিল না দেয়াসহ নানা অনিয়ম বিদ্যুৎ সেক্টরে নিয়মে পরিণত হয়েছে। আর বিতরণ কোম্পানির অসাধু কর্মকর্তাদের সহায়তায় বিদ্যুৎ চুরি স্বাভাবিক ঘটনায় পরিণত হয়ে গেছে। এ অবস্থায় গত ২২ জানুয়ারি জাতীয় সংসদে বিদ্যুৎ সেক্টরে অনিয়ম ঠেকাতে জরিমানার সঙ্গে ‘কারাদÐের বিধান রেখে’ নতুন আইন পাস করা হয়েছে। এই আইন কার্যকর হলে গ্রাহক সুবিধার বদলে গ্রাহক হয়রানি ও বিতরণ কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা আরো বাড়বে; গ্রাহকদের লঘুপাপে গুরুদÐ দেয়া বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিদ্যুৎ আইনে শাস্তির ক্ষেত্রে জরিমানার সঙ্গে কারাদÐের বিধান সংযোজন করায় সাধারণ জনগণ ও গ্রাহকরা হয়রানির শিকার হতে পারেন বলে আশঙ্কা করছেন সাধারণ গ্রহণ ও ভুক্তভোগীরা।
বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ করবে মিয়ানমার-দৈনিক কালের কণ্ঠ
বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বেড়া নির্মাণ করতে এক কোটি ৫০ লাখ ডলার অর্থ অনুমোদন দিয়েছে মিয়ানমার সরকার। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট এ-সংক্রান্ত অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই বেড়া নির্মাণ করা হবে। এই সীমান্ত দিয়েই বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা।
বৃহস্পতিবার মিয়ানমারের উপস্বরাষ্ট্রমন্ত্রী জেনারেল অং সোয়ে পার্লামেন্টে বলেন, 'সীমান্তের ২৯৩ কিলোমিটারের মধ্যে ২০২ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া হয়েছে।'
কিশোরদের ‘ঘুঁটি’ বানিয়ে মাদকের ‘গুটি’ ব্যবসা-দৈনিক প্রথম আলো
ওয়াপদা বিহারি কলোনি এলাকায় ‘ছোটা-বাড়া’ মানে গাঁজার ছোট-বড় প্যাকেট। কাগজে মোড়ানো প্যাকেটে গাঁজা বিক্রি হয়। গাঁজার ছোট প্যাকেট ৫০ টাকা, বড় প্যাকেট ১০০ টাকায় বিক্রি হয়। এই এলাকায় ‘গুটি’ পাওয়া যায়। ‘গুটি’ মানে ইয়াবা। ২৫০ থেকে ৩০০ টাকায় একটি ‘গুটি’। জিজ্ঞেস করতেই সশব্দে হেসে নাম বলল কিশোর। এই ছেলেটির মতো ২০ থেকে ২৫ জন কিশোর এই ‘গুটি’ আর ‘ছোটা-বাড়া’ বিক্রি করে। এ ধরনের কাজে পরিবারের উৎসাহ-সমর্থন রয়েছে। জানা গেছে, একজন কিশোর গাঁজা-ইয়াবা বিক্রি করে প্রতিদিন কমপক্ষে দুই হাজার টাকা আয় করে থাকে। এসব কিশোরের প্রতি রয়েছে এলাকার ‘মুরব্বিদেরও আদর ও ভালোবাসা’। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াপদা কলোনির এক যুবক বলেন, ‘কিশোরদের ভালোবাসা তো থাকবোই। এই মুরব্বিরাই তো গাঁজা-ইয়াবার ব্যবসার মালিক।’ রাতে জমজমাট মাদকের আসর
সরেজমিন দেখা গেছে, রাত যত গভীর হয়, এই এলাকায় মাদক ব্যবসা তত জমজমাট হয়। রাতের ব্যবসার শেষ পর্যায়ে পুলিশ সদস্যরা আসেন এখানে। তবে ক্রেতাদের বেশির ভাগই হেঁটে গাঁজা-ইয়াবা কিনতে আসেন।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
নীরবকাণ্ডের পর আরও দুই ব্যাঙ্ক জালিয়াতি প্রকাশ্যে-দৈনিক আজকাল
পিএনবি–র পর অন্য ব্যাঙ্কের দুর্নীতিতেও এবার নজর সিবিআই–এর। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স বা ওবিসি দিল্লির করোলবাগ এলাকার গয়না রপ্তানিকারী দ্বারকাদাস শেঠের কোম্পানির বিরুদ্ধে ৩৮৯.৮৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ জানিয়েছে সিবিআই–কে। ওবিসি এই মর্মে অভিযোগ দায়ের করেছে, কয়েকজন ব্যাঙ্ককর্মী এবং কিছু ভুয়ো কোম্পানির পরোক্ষ সম্মতিতে ২০০৭–২০১২ সাল পর্যন্ত লেটার্স অফ ক্রেডিট বা এলওসি–র মাধ্যমে ওই বিপুল অঙ্কের টাকা ঋণ নিয়েছিল দ্বারকাদাস শেঠ ইন্টারন্যাশনাল এবং তার সহকারী সংস্থা দ্বারকাদাশ শেঠ এসইজেড ইন্ডিয়া ইনকর্পোরেশন।
কেজরীকে এ বার জেরা করবে পুলিশ? তেমনই ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক আনন্দবাজার
দিল্লির মুখ্যসচিব ‘নিগ্রহ’ কাণ্ডে এ বার জেরা করা হতে পারে অরবিন্দ কেজরীবালকে। তেমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির।
গত সোমবার রাতে সরকারি বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে নিজের বাড়িতে বৈঠক ডেকেছিলেন কেজরীবাল। সেখানে হাজির ছিলেন আপ বিধায়করা। বৈঠকে ডাকা হয়েছিল মুখ্যসচিব অংশু প্রকাশকেও। ওই বৈঠকেই মুখ্যসচিবকে মারার অভিযোগ ওঠে আপ বিধায়কদের বিরুদ্ধে। এমনও অভিযোগ উঠেছে যে, মুখ্যসচিবের উপর যখন আপ বিধায়করা চড়াও হয়েছিলেন, সব দেখেশুনেও চুপ ছিলেন কেজরীবাল এবং তাঁর সরকারের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া!
মন্ত্রী বলেন, “ঘটনার সময় যাঁরা হাজির ছিলেন, তিনি যে-ই হোন না কেন, পুলিশ সকলকেই জেরা করবে।” মন্ত্রী জানান, আইএএস অফিসারদের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করে এই ঘটনায় উদ্বেগ এবং তীব্র ক্ষোভ প্রকাশ করে গিয়েছেন।
টার্গেট সিআইডি: শুনুন এ বার কী বললেন ভারতী-দৈনিক আনন্দবাজার
ফের সিআইডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষ। শনিবার এক অডিওবার্তায় তিনি অভিযোগ তুলেছেন, সিআইডি এখন নিজের কাজ ছেড়ে প্রচারে নেমেছে। কেন এই অভিযোগ তিনি করছেন, তার ‘ব্যাখ্যা’ও ওই ভিডিও বার্তায় দিয়েছেন ভারতী।
দাসপুরের চন্দন মাজি নামে এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে সোনা কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলার তদন্তে নেমেছে সিআইডি। সেই মামলায় ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরের একাধিক পুলিশ অফিসারের নাম জড়িয়েছে। তদন্তে নেমে বেশ কয়েক জনকে গ্রেফতারও করেছে সিআইডি।
এমনকী, তদন্তকারীরা ওই জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের একাধিক বাড়ি এবং ব্যাঙ্কের লকারেও পৌঁছে যায়। আটক করা হয় বহু নথি এবং কয়েক কেজি সোনা-সহ মূল্যবান বহু সম্পত্তি। ভারতী সেই তল্লাশির সময়ের আগে থেকেই রাজ্যের বাইরে রয়েছেন। কোথায় রয়েছেন, তা-ও জানা যায়নি। তবে, এই ঘটনাক্রম নিয়ে তিনি বারে বারেই তাঁর মন্তব্য-সহ অডিওবার্তা পাঠিয়েছেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪