ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১৩:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • রাজশাহীতে আদালত থেকে হ্যান্ডকাপসহ আসামির পলায়ন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • ককটেল বিস্ফোরণ-হাতাহাতি, পণ্ড ছাত্রলীগের সম্মেলন-দৈনিক প্রথম আলো
  • দেশে এখন আর ভোট হয় না-এরশাদ-দৈনিক যুগান্তর
  • ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল-দৈনিক মানবজমিন
  • কাদেরকে হয়তো ‘রাজনীতি’ শেখাতে পারিনি: এমাজউদ্দিন-দৈনিক ইত্তেফাক
  • ইত্তেফাকের অন্য একটি খবরের শিরোনাম- ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
  • ৩৩ লাখ মামলা জটের পেছনে দায়ী সমন্বয়হীনতা -আইনমন্ত্রী-দৈনিক ইনকিলাব
  • 'দুর্নীতির করালগ্রাস থেকে আমাদের বের হতে হবে'-দৈনিক কালের কণ্ঠ
  • রাজশাহীতে আদালত থেকে হ্যান্ডকাপসহ আসামির পলায়ন-বাংলাদেশে প্রতিদিন
  • মুক্তিযোদ্ধা কোটা পুনর্মূল্যায়ন চান আকবর আলি খান-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ‘নয়া ভারতে’ই দূর হবে বেকারি, দাবি মোদীর-দৈনিক আনন্দবাজার
  • সম্ভবত খুন করা হয়েছে শ্রীদেবীকে, বিস্ফোরক দাবি সুব্রহ্মণ্যম স্বামীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ফের ধাক্কা বিজেপির, লুধিয়ানা পুরনির্বাচনে বিপুল জয় কংগ্রেসের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন মির্জা ফখরুল-দৈনিক মানবজমিন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ড.কামাল হোসেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে আইনি সহায়তার জন্য দেশের খ্যাতিমান আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকালে মতিঝিলের টয়োটা টাওয়ারে ড. কামাল হোসেনের চেম্বারে যান তিনি। সেখানে প্রায় ১ ঘন্টা অবস্থান করে বেলা সোয়া ১২টায় বের হয়ে আসেন মির্জা ফখরুল। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন। ওই সূত্র জানায়, খালেদা জিয়ার মামলায় লড়ার জন্য দেশের খ্যাতিমান কয়েকজন আইনজীবীকে অনুরোধ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই সেটা দেখভাল করছেন।

এদিকে কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার আইনজীবীরা যথাযথ আইনি প্রক্রিয়ায় না গিয়ে শুধুশুধু আদালতকে ‍দুষছেন। অথচ এই আইনজীবীদের ভুলের কারণেই তিনি আজ কারাগারে। খালেদা জিয়ার কারাগারে যাওয়া বা জামিন হওয়া না হওয়ার বিষয়ে সরকারের কোনো হাত নেই। আপিল বিভাগ তার নিজের নিয়মেই চলছে।

কাদেরকে হয়তো ‘রাজনীতি’ শেখাতে পারিনি: এমাজউদ্দিন-দৈনিক ইত্তেফাক

ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌সি  অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌সি, বিএনপিপন্থি বুদ্ধিজীবী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেছেন, আমার এককালীন ছাত্র আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের। তিনি বলেছেন- ঘরের মধ্যে থেকে রাজনীতি করেন অথবা অফিসে বসে রাজনীতি করেন। অফিসে বসে যে রাজনীতি হয় না, ঘরের মধ্যে থেকে যে রাজনীতি হয় না- এখন এই তরুণকে আমি কেমন করে শেখাব? শেখাতে পারিনি হয়ত, এ আমারই ব্যর্থতা। সে হয়তো জানে না রাজনীতি সব জায়গাতে হয় না

দেশে এখন আর ভোট হয় না-এরশাদ-দৈনিক যুগান্তর

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাদের সামনে সুদিন অপেক্ষা করছে। এ দেশের মানুষ দুই দলকে চায় না। সন্ত্রাস দুর্নীতি চায় না। তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে পরিবর্তন হতে হবে। কিন্তু সমস্যা হল দেশে তো এখন আর ভোট হয় না। তবে এখন মানুষ অনেক সচেতন, এবার কিছু হলেও ভোট হতে পারে। তাই জনগণের কাছে যেতে হবে।

পোষা গণমাধ্যম গণতন্ত্রকে দুর্বল করে দেয়-তথ্যমন্ত্রী-দৈনিক মানবজমিন/যুগান্তর

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পোষা গণমাধ্যম গণতন্ত্রের ভিতকে দুর্বল করে দেয়। গণতন্ত্রকে খোঁড়া করে দেয়। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, সরকার গণতন্ত্রের বিকাশের পক্ষে। তবে হলুদ সাংবাদিকতাকেও আমরা সমর্থন করি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পোষা গণমাধ্যম চায় না।

ককটেল বিস্ফোরণ-হাতাহাতি, পণ্ড ছাত্রলীগের সম্মেলন-দৈনিক প্রথম আলো

ছাত্রলীগের সম্মেলন পণ্ড

দলীয় অন্তঃকোন্দলের রেশ, ককটেল বিস্ফোরণ আর বিভিন্ন পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতিতে ভন্ডুল হয়ে গেছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সম্মেলন। দীর্ঘ নয় বছর পর আজ মঙ্গলবার নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বেলা ১১টার দিকে এ সম্মেলন শুরু হয়। কিন্তু সম্মেলনের শুরু দিকেই সংগঠনটির বিভিন্ন গ্রুপের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির মতো ঘটনা ঘটলে তা ভন্ডুল হয়ে যায়। পাশাপাশি সম্মেলনকক্ষের পেছনের দিকে একটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়।এ সম্মেলন প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

এদিকে দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম যে, ৩৭ লাখ টাকা ডাকাতিতে ছাত্রলীগের ৬ কর্মী

ডাকাতির ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে সাড়ে ৩৭ লাখ টাকা ডাকাতির সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুজন আসামি ডাকাতি করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি করে নেওয়া প্রায় তিন লাখ টাকা।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন আবুল হাসান মিঠু, দেওয়ান নাসির উদ্দিন ওরফে সোহাগ, তারিকুল ইসলাম ওরফে টগর, আওলাদ হোসেন, মাকসুদ ও রবিন। এঁরা সবাই সূত্রাপুর, লক্ষ্মীবাজার ও বংশাল এলাকার স্থানীয় বাসিন্দা। বংশাল থানা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, আবুল হাসান বংশাল থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

সীমান্তে ৬ মণ গাঁজা ফেলে পাচারকারীদের পলায়ন-দৈনিক যুগান্তর

সীমান্তে  ৬ মন গাঁজা আটক

বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে ভারত থেকে আনা ছয় মণ গাঁজা ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা। মঙ্গলবার দুপুরে সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ওই গাঁজাগুলো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। তবে পাচারকারীরা গাঁজা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বিপুল পরিমাণ গাঁজা ভারত থেকে পাচার হয়ে দেশে আসছে, এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ছয় মণ গাজা জব্দ করেন।

মুক্তিযোদ্ধা কোটা পুনর্মূল্যায়ন চান আকবর আলি খান-দৈনিক নয়া দিগন্ত

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি

বাংলাদেশের প্রথম শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্মূল্যায়ন করা উচিত বলে মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান। প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে সবচেয়ে বেশি রয়েছে মুক্তিযোদ্ধা কোটা, যেটি ত৩০ শতাংশ। ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের সন্তানদের সুবিধা দেবার জন্য প্রথমে এ কোটা চালু করা হয়েছিল। কিন্তু এখন মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য এ কোটা প্রযোজ্য হচ্ছে। বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক আছে। সরকারের সাবেক এই শীর্ষ কর্মকর্তা আকবর আলি খান বলেন, কোনো পুরস্কার হিসেবে কোটাব্যবস্থা চালু করা হয়নি। দেশের অনগ্রসর মানুষকে সুবিধা দেবার জন্যই কোটাব্যবস্থা চালু করা হয়েছিল।

রাজশাহীতে আদালত থেকে হ্যান্ডকাপসহ আসামির পলায়ন-বাংলাদেশে প্রতিদিন

হ্যান্ডকাপ পরা আসামি পলায়ন

রাজশাহীতে আদালত থেকে হ্যান্ডকাপসহ এক আসামি পালিয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ পলায়নের ঘটনা ঘটে। স্থানীয় মানুষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই আসামি হ্যান্ডকাপ ও দড়ি হাতে নিয়েই আদালত চত্তর থেকে পালিয়ে যায়। তাকে পালাতে দেখেন কোর্ট বাজারের লোকজন। পলাতক ওই আসামির পেছন পেছন কয়েজন পুলিশ সদস্যকেও দৌড়াতে দেখা যায়। যাদের গায়ে আরএমপির পোশাক ছিল।

এদিকে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, আরএমপি আইনের ৩২ ধারায় ওই আসামি আটক ছিল বলে তিনি শুনেছেন। তাকে সপ্তাহ খানেক আগে আটক হয়েছিল। আজ তাকে আদালতে হাজির করা হয়। এরপর সে পালিয়ে যায়।

দুর্নীতির করালগ্রাস থেকে আমাদের বের হতে হবে-দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতির করালগ্রাস থেকে আমাদের বের হতে হবে। নির্ভয়ে কাজ করবেন আপনারা, জনগণের কল্যাণে কাজ করবেন। কিন্তু আপনারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন তাহলে দেশের উন্নতি হবে না, নানা রকম সমস্যার সম্মুখীন হবে।

আজ দুদকের সম্মেলন কক্ষে সরকারি উন্নয়ন ও নির্মাণ কাজ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকৌশল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ খাতের দুর্নীতি প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, বিদ্যুৎখাতে হাজার হাজার কমপ্লেইন, বিদ্যুতের মিটার দেওয়া হয়নি। মিটার ছাড়া লাইন, খুঁটির সমস্যা আরো অনেক।

হতদরিদ্র ৮ শতাংশ পরিবার সারা বছর একবেলা ভাত খায়-দৈনিক যুগান্তর

ঝিনাইদহে ৭ শতাংশ দরিদ্র পরিবার সারা বছর দিনে একবেলা খায়

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে হতদরিদ্র ৮ শতাংশ পরিবার সারা বছর দিনে একবেলা খায়। আর ২০-২৫ শতাংশ পরিবার বছরে তিন মাস একবেলা খায়। জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা 'হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড' পরিচালিত ভিত্তি জরিপে এ তথ্য পাওয়া গেছে। সংগঠনটি নিয়ামতপুর ইউনিয়নের ১২ গ্রাম ও রায়গ্রাম ইউনিয়নের একটি গ্রামের হতদরিদ্র পরিবারের বিরাজমান দারিদ্র্যের প্রকৃতি সম্পর্কে এ জরিপ চালায়।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

সম্ভবত খুন করা হয়েছে শ্রীদেবীকে, বিস্ফোরক দাবি সুব্রমনিয়াম স্বামীর-দৈনিক সংবাদ প্রতিদিন

সুব্রামনিয়াম স্বামী-শ্রীদেবি

জল্পনা উসকে দিয়েছিলেন সপা নেতা তথা রাজ্যসভার সংসদ সদস্য অমর সিং। ময়নাতদন্তে শ্রীদেবীর রক্তে অ্যালকোহলের নমুনা পাওয়া মাত্র বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি। জানিয়েছিলেন, শ্রীদেবী মদ্পান করতেন না। করলেও ওয়াইন খেতেন। একই দাবি বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামীরও। তাঁর দাবি, যেভাবে মৃত্যু হয়েছে অভিনেত্রীর তা কিছুতেই মানা যাচ্ছে না। সম্ভবত খুনই করা হয়েছে শ্রীদেবীকে।

সংবাদসংস্থা এনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বামী জানিয়েছেন, মৃত্যু ঘিরে একাধিক ধোঁয়াশা রয়েছে।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, টানা ৬০ ঘণ্টার জটিলতা অবশেষে কাটল। তদন্তে সন্তুষ্ট হয়ে শ্রীদেবীর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল দুবাই প্রশাসন ও পুলিশ। চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যেই পরিবার দেহ ফিরে পাবে।

শ্রীদেবীর মৃত্যুরহস্যে গত তিন দিনে নানা মোড় নিয়েছে। ময়নাতদন্তে জানা গিয়েছিল, মদ্যপ অবস্থায় জলে ডুবে মৃত্যু হয়েছে অভিনেত্রীর। তবে পরে জানা গিয়েছিল অভিনেত্রীর মাথায় গভীর ক্ষতচিহ্নেরও সন্ধান মিলেছে। ফলে মৃত্যু না হত্যা, সে ধন্ধ ফের জেগে উঠেছিল। পাসপোর্ট আটক করা হয়েছিল অভিনেত্রীর স্বামী বনি কাপুরের।

ফের ধাক্কা বিজেপির, লুধিয়ানা পুরনির্বাচনে বিপুল জয় কংগ্রেসের-দৈনিক আজকাল

বিজেপি

লুধিয়ানা পুরনির্বাচনে বিপুল ভোটে জয়ী হল কংগ্রেস। ৯৫টি ওয়ার্ডের মধ্যে ৬২ ওয়ার্ডে জয় হয়েছে বিজেপির। মাত্র ২২টি আসন পেয়েছে বিজেপি ও শিরোমনি আকালি দলের জোট। আপ ও তার সহযোগী দল এলআইপি পেয়েছে মাত্র ৮টি আসন। ৮টি ওয়ার্ডে জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা। 

পাঞ্জাবের সবথেকে বড় পুরসভা লুধিয়ানা। সেকারণেই এই পুরবোর্ড দখলে রাখাই চ্যালেঞ্জ ছিল কংগ্রেসের। জলন্ধর, পাটিয়ালা, অমৃতসর পুর নির্বাচনের ২ মাসের মধ্যেই লুধিয়ানা পুরনির্বাচনে কংগ্রেসের এই বিপুল জয়ে সিঁদুরে মেঘ দেখছে বিজেপি।

‘নয়া ভারতে’ই দূর হবে বেকারত্ব, দাবি মোদীর-দৈনিক আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

লোকসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি কাজের। সরকারের সাড়ে তিন বছরের মাথায় দিলেন পকোড়া বেচে ২০০ টাকা রোজগারের মডেল। আর এই অস্বস্তির মধ্যেই সব হাতে রোজগারের সময়সীমাটিও দিব্যি পিছিয়ে দিলেন আরও ৪ বছর। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে জয়ের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝুলি থেকে বেরিয়েছিল একটি নতুন শব্দগুচ্ছ- ‘নতুন ভারত’। তবে সেই স্বপ্নের ‘নতুন ভারত’ তাঁর সরকারের চলতি মেয়াদে আসবে না। আসবে ২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে।

গত কয়েক মাস ধরেই মোদী প্রচার করেছেন, ২০২২ সালের মধ্যে কী কী করবেন তিনি। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে ফলাও করে প্রচার হয়েছে সেই আধ ডজন ‘সঙ্কল্প’। ২০২২ সালে তিনি ভারতকে মুক্ত করতে চান দারিদ্র, দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা, জাতিবাদ আর আবর্জনা থেকে। এ বারে নিজেই সেই তালিকায় জুড়লেন ‘বেকারত্ব’ও।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭