বিএনপিকে কাদের- নির্বাচনের প্রস্তুতি নিন
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পায়নি বিএনপি-দৈনিক ইত্তেফাক
- বিএনপিকে কাদের- নির্বাচনের প্রস্তুতি নিন-দৈনিক মানবজমিন
- পলাশবাড়ী যেন আজ মৃত্যুপুরী-দৈনিক প্রথম আলো
- গরমের শুরুতেই সবজির মূল্যবৃদ্ধি-দৈনিক নয়া দিগন্ত
- তদবির করতে ভারত যাচ্ছে আওয়ামী লীগ: রিজভী-দৈনিক যুগান্তর
- মশা নিধনে ব্যর্থ-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- হিরে গড়তে মানিক চাইলেন মোদীই-দৈনিক আনন্দবাজার
- রানীগঞ্জে মাইকেল মধুসূদনের মূর্তিতে কালি লাগানো হল-দৈনিক আজকাল
- বিধানসভায় এলেন মনু সিংভি, মমতার সাক্ষাৎ চান কং-প্রার্থী-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
মর্মান্তিক কয়েকটি সড়ক দুর্ঘটনার খবর দিয়ে শুরু করছি
যুগান্তর, ইত্তেফাকসহ প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণের খবরে লেখা হয়েছে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৩ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ১১জন নিহত হয়েছেন। তবে কোনো কোনো দৈনিক লিখেছে মৃতের সংখ্যা১২ জন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা শহরের দক্ষিণে সরকার ফিলিং স্টেশনের সামনে একটি এবং দুপুর ১২টায় উপজেলার জুনদহ এলাকায় আরও একটি সড়ক দুর্ঘটনা ঘটে। প্রথম আলো খবরটির শিরোনাম করেছে এভাবে-পলাশবাড়ী যেন আজ মৃত্যুপুরী। এদিকে স্কুলে যাওযার পথে যশোরের নাভারন-সাতক্ষিরা সড়কের বাগআঁচড়া বাজারে ট্রাক চাপায় দুই মামাতো-ফুফাতো বোন নিহত হয়েছে। এভাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু মিছিল।
রাজনীতির খবরে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে এভাবে, তদবির করতে ভারত যাচ্ছে আওয়ামী লীগ: রিজভী
খবরটিতে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বলেছেন, তদবির করতে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ভারত সফরে গেছে। আওয়ামী লীগের ক্ষমতার উৎসই হচ্ছে বিদেশ।
এদিকে দ্য ইকোনোমিক টাইমসের রিপোর্ট ছাপা হয়েছে দৈনিক মানবজমিনের। শিরোনামটি এরকম-নির্বাচনের আগে ঢাকা সফরে আসছেন নরেন্দ্র মোদি।নির্বাচনের আগে, অচিরেই ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ ও ভুটান সফরে আসার পরিকল্পনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দুটি দেশই এ বছর জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ সময়ে ঢাকা ও থিম্পুর প্রতি ভারত সরকারের সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে আগামী কয়েক মাসের মধ্যে আসছেন মোদি।
আর মানবজমিনের খবর-বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল। বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন,সরকারের পতন অত্যাসন্ন।
সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পায়নি বিএনপি-দৈনিক ইত্তেফাক
রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে উন্মুক্ত ময়দানে জনসভা করার অনুমতি না পেয়ে হতাশ হচ্ছে বিএনপি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা এবং ঢাকার বাইরে বড় ধরনের শো-ডাউন করতে চাচ্ছে বিএনপি। তবে অনুমতির অভাবে পারছে না। ঢাকায় জনসভা করতে না পেরে বিভাগীয় সদরগুলোতে শো-ডাউন করার কর্মসূচি গ্রহণ করে দলটি। কিন্তু এখন পর্যন্ত কোথাও অনুমতি মেলেনি।খুলনার জনসভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পছন্দ করছে না। তারা অশান্তি চায়। তারা আমাদের উস্কানি দিচ্ছে। আমাদের সমাবেশ করতে দিচ্ছে না। জনসভা করার জন্য অনুমতি পত্র ফেলে রাখছে। কিন্তু শত উস্কানিতেও আমরা আওয়ামী লীগের ফাঁদে পা দিবো না।
কারাগারে বসেই হাজতির জমজমাট ইয়াবা ব্যবসা!-দৈনিক যুগান্তর
নাম মো. সাগর। চিহ্নিত মাদক ব্যবসায়ী। ফেব্রুয়ারির শুরুর দিকে ইয়াবাসহ গ্রেফতার হন কদমতলি থানা পুলিশের হাতে। পুলিশ তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। ঠাঁই হয় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে। তবে সেখানে বেশিদিন থাকতে হয়নি প্রভাবশালী এ মাদক ব্যবসায়ীকে। সংশ্লিষ্ট মহলকে ম্যানেজ করে চিকিৎসার দোহাই দিয়ে প্রথমে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল। হাসপাতালে থাকাবস্থায় তিনি নিয়মিত ব্যবহার করছেন মোবাইল ফোন। সঙ্গে রেখেছেন স্ত্রীকেও। আর মুঠোফোনে চুটিয়ে চালিয়েছেন ইয়াবাসহ মাদকের নানা ব্যবসা। রাজধানীজুড়ে সক্রিয় রাখেন পুরো নেটওয়ার্ক। এ সময় পরিচয় গোপন রেখে যুগান্তর প্রতিবেদকও তার সঙ্গে মুঠোফোনে ৪ লাখ টাকায় ৩ হাজার পিস ইয়াবা কেনার চুক্তি করতে সক্ষম হন।
মশা নিধনে ব্যর্থ-দৈনিক ইনকিলাব
নগরবাসীর মনে চিকুনগুনিয়া ও ডেঙ্গু আতঙ্ক, শিশু ও শিক্ষার্থীদের অবস্থা নাজুক// মশার যন্ত্রণায় অস্থির নগরবাসী। অভিজাত এলাকা মিন্টু রোডের মন্ত্রিপাড়া, সচিবালয়, বেইলি রোড, ধানমন্ডি, উত্তরা, গুলশান, বনানীসহ রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা মশার জ্বালায় অতিষ্ঠ। ঋতু পরিবর্তনের এই সময় দিনের বেলায় গরম সেই সাথে মশার উৎপাত। দিনের বেলায়ও এখন মশারি টাঙিয়ে অথবা কয়েল জ্বালিয়ে রাখতে হয়। আর রাতের বেলায় মশার যন্ত্রণা সে তো অসহ্য। বলতে গেলে মশার যন্ত্রণায় নগরবাসীর ত্রাহি অবস্থা। মশা নিয়ন্ত্রণে উত্তর দক্ষিণ দুই সিটি করপোরেশনই ব্যর্থ। সিটি কর্পোরেশনের দায়িত্বশীল অনেক ব্যর্থতা ঢাকতে রাজউকের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। মশার উপদ্রবের সাথে নগরবাসীকে এখন মশাবাহিত বিভিন্ন রোগের আতঙ্ক তাড়া করছে। বিশেষ করে চিকন গুনিয়া, ডেঙ্গু এসব রোগের আতঙ্ক নগরবাসীর মনে। তবে বিশেষজ্ঞরা নগরবাসীকে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
হিরে গড়তে মানিক চাইলেন মোদীই-দৈনিক আনন্দবাজার
এগিয়ে গিয়ে মঞ্চের মাঝখান থেকে প্রায় হাত ধরে পিছনে নিয়ে গেলেন তাঁকে। ‘‘বিপ্লব, ই ধার আও’’— বলে ডেকে নিলেন নবীন মুখ্যমন্ত্রীকেও। তার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাত ধরেই প্রধানমন্ত্রী বললেন, ত্রিপুরায় সম্পূর্ণ আনকোরা কিছু তরুণ সরকার চালানোর দায়িত্ব পেয়েছেন। সরকার চালাতে প্রাক্তনের সহযোগিতা দরকার হবে। বিপ্লব দেবও সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে মানিক সরকারকে ফের প্রণাম করে আশীর্বাদ নিলেন। মঞ্চ থেকে নেমে যাওয়ার আগে মানিককে প্রধানমন্ত্রী এ-ও বললেন, দিল্লি আসুন, কথা হবে। কিন্তু ত্রিপুরায় ‘ইতিহাস’ গড়ার দিনে দেখা গেল অন্য এক নরেন্দ্র মোদীকে! ভোটের আগে ডাক দিয়েছিলেন, মানিক ফেলে ‘হিরা’ নেওয়ার। কিন্তু এ বার বিরোধীদের প্রতি বিদ্রুপ, শ্লেষ কোথাও নেই! বরং, বিরোধী বামেদের অকুণ্ঠ সহযোগিতা চাইছেন!
বিধানসভায় এলেন মনু সিংভি, মমতার সাক্ষাৎ চান কং-প্রার্থী-দৈনিক সংবাদ প্রতিদিন
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই শনিবার সকালে শহরে এলেন রাজ্যসভার পঞ্চম আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী হেভিওয়েট কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। তাঁকে সমর্থন জানানোর জন্য তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিংভি। এরপরই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের ও দলের তরফ থেকে কৃতজ্ঞতা জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পঞ্চম আসনে প্রার্থী হওয়া এআইসিসির মুখপাত্র অভিষেক। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে মমতা যে লড়াই শুরু করেছেন তাকেও কুর্নিশ করেছেন তিনি।
রানীগঞ্জে মাইকেল মধুসূদনের মূর্তিতে কালি লাগানো হল- দৈনিক আজকাল
মূর্তি ভাঙার রাজনীতি অব্যাহত। লেনিন, বি আর আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখার্জির পর মাইকেল মধুসূদন দত্ত। বাংলার বিখ্যাত কবির আবক্ষ মূর্তিতে এবার কালি লাগানো হল। রানীগঞ্জে রামবাগান এলাকায় মাইকেল মধুসূদন দত্তের মূর্তিতে শুক্রবার রাতে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে কালি লাগিয়ে যায়। সকালে স্থানীয়রা এই ঘটনা দেখতে পাওয়ার পরই পুলিসে খবর দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মূর্তি পরিষ্কার করার কাজ শুরু করে দিয়েছে আসানসোল পৌরনিগম। বাংলায় প্রথম অমিত্রাক্ষর ছন্দ এনেছিলেন মাইকেল মধুসূদন। এবার তাঁর মূর্তিতেও লাগানো হল কালি! #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০