খালেদা জিয়ার মামলার নথি হাইকোর্টে
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ মার্চ রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- খালেদা জিয়ার মামলার নথি হাইকোর্টে-দৈনিক যুগান্তর
- খালেদা জিয়ার মানুষ পোড়ানোর গণতন্ত্র জনগণ আর চায় না’-দৈনিক ইত্তেফাক
- বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চুক্তি করলো চীন-দৈনিক মানবজমিন
- বিএনপির জনসভার অনুমতি নিয়ে নতুন করে ভাবছে পুলিশ-দৈনিক প্রথম আলো
- বসানো হলো পদ্মা সেতুর তৃতীয় স্প্যান-দৈনিক নয়া দিগন্ত
- ঢাকায় এখনো সমাবেশের অনুমতি পায়নি বিএনপি-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- কৃষকদের লাল মিছিলে কপালে ভাঁজ বিজেপির-দৈনিক আনন্দবাজার
- বাবা খুন হবে, জানতাম আমরা’: রাহুল গান্ধী-দৈনিক আজকাল
- আগামী ৫ বছরে সীমান্তকে নিশ্ছিদ্র করে তুলবে বিএসএফ-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
খালেদা জিয়ার মামলার নথি হাইকোর্টে-দৈনিক যুগান্তর
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার নথি বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়েছে। ফলে এ মামলায় দণ্ডিত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশ প্রদানের বিষয়টি সুগম হল।
নথি না পৌঁছানোর কারণে রোববার সকালে বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ খালেদা জিয়ার জামিনের বিষয়ে সোমবার আদেশ দেয়ার কথা জানান। ঢাকার পঞ্চম বিশেষ আদালতের পেশকার মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর পর দুপুর সোয়া ১২টার দিকে টিনের বাক্সে তালাবন্দি করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার ৫৩৭৩ পৃষ্ঠার নথি পাঠানো হয়। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
এদিকে দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠন বিষয়ে শুনানির তারিখ আগামী ১৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি এখনো পায়নি বিএনপি। কাল খালেদা জিয়ার জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশের দিন ধার্য করায় জনসভার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে নতুন করে পুলিশ ভাবছে বলে জানা গেছে।
খালেদা জিয়ার মানুষ পোড়ানোর গণতন্ত্র জনগণ আর চায় না-ওবায়দুল কাদের
বাংলাদেশের জনগণ খালেদা জিয়ার মানুষ পোড়ানোর গণতন্ত্র আর চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মেঘনা-গোমতী সেতুর গার্ডার লাঞ্চিং এর উদ্বোধন করতে গিয়ে দাউদকান্দিতে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে খালেদা জিয়ার নির্দেশে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য চালিয়েছে এবং জনগণকে পুড়িয়ে মেরেছে- তা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। আগুনে পুড়িয়ে মানুষ মারার কারণে খালেদা জিয়া থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দুর্নীতির মামলায় জেলে যাবার পরেও জনগণ খালেদা জিয়ার জন্য রাস্তায় নামেননি এটাই তার চাক্ষুস প্রমাণ। বিএনপির পায়ের তলায় আজ মাটি নেই বিধায় তারা আবোল-তাবোল কথাবার্তা বলছেন।
বসানো হলো পদ্মা সেতুর তৃতীয় স্প্যান-দৈনিক নয়া দিগন্ত
পদ্মা সেতুর ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর তৃতীয় ¯প্যান (সুপার স্ট্রাকচার) ৭সি স্থাপন করা হয়েছে। এরই মধ্যদিয়ে ৪৫০ মিটার কাঠামো দৃশ্যমান হয়েছে। এতে স্বপ্নে পদ্মা সেতু আরেক ধাপ এগিয়ে গেল।
রোববার সকাল ৬টা থেকেই শুরু হয় ¯প্যান বসানোর আনুষাঙ্গিক কাজগুলো। সকাল ৯টার দিকে খুঁটির ওপর ¯প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রায় অর্ধ কিলোমিটারের সেতু। এদিকে স্প্যান স্থাপনের পাশাপাশি অন্যান্য কাজও দ্রত গতিতে এগিয়ে চলেছে। ইতোমধ্যে নদীতে ১২২ পাইল স্থাপন হয়ে গেছে আরও ১১টি পাইলের বটম সেকশন সম্পন্ন হয়েছে। মাওয়া প্রান্তের ভায়াডাক্টের ১৭২টি পাইলের মধ্যে ৮৯টি পাইল বসে গেছে। অন্যান্য কাজও দ্রুত এগিয়ে চলেছে।
বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চুক্তি করলো চীন-দৈনিক মানবজমিন
পাঁচ লাখের বেশি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে যখন মারাত্মক অচলাবস্থা চলছে, তখন মিয়ানমার চীন ও বাংলাদেশ একটি অভাবনীয় ত্রিদেশীয় চুক্তি সই করেছে। মিয়ানমারের রাজধানী নেপিডতে সই করা এই চুক্তির অন্যতম ঘোষিত লক্ষ্য হচ্ছে, তিন দেশের মধ্যে ‘দীর্ঘমেয়াদি বন্ধুত্ব গড়ে তোলা।’ চীনা বার্তা সংস্থা সিনহুয়ার শুক্রবারের রিপোর্টে বলা হয়েছে, তিন দেশ এক নতুন বিদ্যুৎ বাণিজ্যের যুগে প্রবেশ করেছে। নেপিড ডেটলাইনে ওই রিপোর্টে বলা হয়েছে, মিয়ানমার, চীন ও বাংলাদেশ শুক্রবার একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
কৃষকদের লাল মিছিলে কপালে ভাঁজ বিজেপির-দৈনিক আনন্দবাজার
৬ মার্চ নাসিক থেকে ২০ হাজার কৃষক মুম্বাই অভিমুখে যাত্রা শুরু করেছিল। রোববার সংখ্যাটা ৫০ হাজার ছাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। সোমবার মুম্বাইয়ে মহারাষ্ট্রের বিধানসভা ঘেরাওয়ে কৃষকদের এ পথযাত্রা। সকলের কাঁধেই হাজারে হাজারে কাস্তে-হাতুড়ি আঁকা লাল ঝাণ্ডা উড়ছে। ঋণ মকুব, ফসলের ন্যায্য দাম, লাঙল যার- জমি তার, আদিবাসীদের অরণ্যের জমির ওপরে অধিকারের মতো বেশ কয়েকটি দাবি নিয়ে আগামীকাল মহারাষ্ট্রের বিধানসভা ভবন ঘেরাও করবেন কৃষকরা। পশ্চিমবঙ্গ বা কেরল নয়। ত্রিপুরার দুর্গে ধস নামার পরে এ দেশে বামেরা কোণঠাসা। তখন বিজেপি শাসিত মহারাষ্ট্রেই সিপিএমের কৃষক সভা এ হেন আন্দোলন খাড়া করে ফেলেছে। টনক নড়েছে মহারাষ্ট্র সরকারের।
বাবা খুন হবে, জানতাম আমরা : রাহুল গান্ধী-দৈনিক আজকাল
১৯৯১ সালের ২১ মে। এই দিনটি ভারতবাসীর কাছে সর্বদাই স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই দিনেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল। আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে রাজীব গান্ধীকে উড়িয়ে দেয়া হয়। এই ঘটনায় সবচেয়ে বেশি মর্মাহত হয়েছিলেন রাজীব গান্ধীর স্ত্রী তথা কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী এবং তাঁদের সন্তান রাহুল–প্রিয়াঙ্কা। রাজীব গান্ধী হত্যার ২৭ বছর পর এই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি জানান, প্রিয়াঙ্কা এবং তিনি তাঁদের বাবার হত্যাকারীকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছেন।
আগামী ৫ বছরে সীমান্তকে নিশ্ছিদ্র করে তুলবে বিএসএফ-দৈনিক সংবাদ প্রতিদিন
আর খুব বেশি হলে ৩-৫ বছর। তার মধ্যেই ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলিতে একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা যাবে। এই বিষয়ে আশাবাদী বিএসএফের ডিজি কে কে শর্মা। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।
ডিজি জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকাতে ‘কমপ্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম’ বা CIBMS গড়ে তোলার কাজ চালাচ্ছে বিএসএফ। যে সব সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতারের বেড়া তোলা কঠিন, এই নয়া অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থায় সেই সব গলদ মিটিয়ে দেবে। #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১