মার্চ ২৩, ২০১৮ ১১:৫৯ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতা
    পত্রপত্রিকার পাতা

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ মার্চ শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • শনিবার মহাসমাবেশ রাজনীতিতে নতুন বার্তা দেবেন এরশাদ-দৈনিক যুগান্তর
  • নির্বাচনের বছরে ব্যয় বাড়াচ্ছে সরকার-দৈনিক প্রথম আলো
  • পাইলট আবিদের স্ত্রী আর নেই-দৈনিক নয়া দিগন্ত
  • 'সংবিধান অনুযায়ী তিন মাস নির্বাচনী সরকার দেশ চালাবে'-দৈনিক ইত্তেফাক
  • বিএনপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে- রিজভী-দৈনিক মানবজমিন
  • ২৫ মার্চ ১ মিনিট নীরবতা -স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • উত্তরপ্রদেশ-কর্নাটকে ক্রস ভোটিং, উত্তপ্ত রাজ্যসভা নির্বাচন-দৈনিক আনন্দবাজার
  • এবার সামনে এল ১৩৯৪ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির খবর-দৈনিক আজকাল
  • রাজ্যসভার পাঁচ আসনে ভোটগ্রহণ শুরু, জয় নিশ্চিত জেনেও সাবধানী তৃণমূল কংগ্রেস-সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

নির্বাচনের বছরে ব্যয় বাড়াচ্ছে সরকার-দৈনিক প্রথম আলো

মেয়াদের শেষ বছরে এসে ব্যয় বাড়াচ্ছে সরকার

মেয়াদের শেষ বছরে এসে ব্যয় বাড়াচ্ছে সরকার। নির্বাচনের বছরে মূলত উন্নয়ন কর্মকাণ্ডেই খরচ করা হচ্ছে বেশি। ভোটারদের কাছে জনপ্রিয় হতে সাংসদদের স্কুল, মাদ্রাসা, মসজিদ-মন্দির নির্মাণে টাকা দেওয়া হচ্ছে। আবার প্রশাসনকেও খুশি করতে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

এই বাড়তি খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে অর্থ মন্ত্রণালয়কে। টাকা জোগাড় করতে সরকারকে সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ নিতে হচ্ছে। এতে সঞ্চয়পত্রের সুদ পরিশোধে অর্থ ব্যয় হচ্ছে অনেক বেশি। সরকারি খরচের জোগানের প্রধান উৎস হচ্ছে রাজস্ব আদায়। চলতি অর্থবছরের সাত মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ঘাটতি প্রায় ১৫ হাজার কোটি টাকা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা মির্জ্জা এ বি আজিজুল ইসলামের মতে, সরকার নির্বাচনের বছরে খরচ বাড়াচ্ছে।

'সংবিধান অনুযায়ী তিন মাস নির্বাচনী সরকার দেশ চালাবে'-নাসিম-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। তিন মাস নির্বাচনী সরকার দেশ চালাবে। তারা নির্বাচন পরিচালনা করবে। তাদের সকল কর্মকাণ্ড হবে নির্বাচন কমিশনের দিক নির্দেশনায়। আর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশবাসীকে বেছে নিতে হবে দেশে '৭১ এর ঘাতকেরা থাকবে না মুক্তিযুদ্ধের চেতনা থাকবে।

বিএনপির আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে- রিজভী-দৈনিক মানবজমিন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। খালেদা জিয়াকে বন্দী করে সরকার যে এক ভয়ানক ফন্দী আঁটছে সেটা এখন দেশের মানুষের কাছে সুস্পষ্ট হয়ে উঠছে। এখন আমাদের প্রধান কর্মসূচি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি। আমরা সেটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আর দৈনিক যুগান্তরের খবরে রিজভীর বক্তব্য নিয়ে এভাবে শিরোনাম করা হয়েছে যে-

খালেদা জিয়ার জামিন বিলম্ব করতেই ওকালতনামা স্বাক্ষরে বাধা দিচ্ছে।শুক্রবার বেলা ১১টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন। তিনি বলেন, খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর আরও চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কারাকর্তৃপক্ষের অসহযোগিতার কারণে অনেকবার চেষ্টা করেও আইনজীবীরা ওকালতনামায় তার স্বাক্ষর নিতে পারেননি। তিনি বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মামলায় সরকার একের পর এক হস্তক্ষেপ করে খেলা খেলছে, তা দেখে গোটা জাতি ধিক্কার জানাচ্ছে।

শনিবার মহাসমাবেশ রাজনীতিতে নতুন বার্তা দেবেন এরশাদ-দৈনিক যুগান্তর

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ

নির্বাচনের বছরে নিজেদের শক্তি ও সামর্থ্যের বিষয়টি জানান দিতে শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে যাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের মহাসমাবেশে বৃহত্তম জমায়েতের মধ্য দিয়ে রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে চায় দলটি।জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এ মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। দেবেন রাজনীতিতে নতুন বার্তা।

সুপ্রিম কোর্ট বারে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়-দৈনিক ইত্তেফাক

 অ্যাড. জয়নুল আবেদীন এবং  ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করেছে ঐক্য প্যানেল। আর ১টি সহ-সম্পাদক পদসহ ৪টি পদে জয় পেয়েছেন সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি পদে অ্যাড. জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়ী হয়েছেন।

বিএনপি-আ.লীগের তফাৎ হবে ৭৫ শতাংশ-মওদুদ-দৈনিক প্রথম আলো

ব্যারিস্টার মওদুদ আহমদ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে দেশের জনমতের প্রতিফলন দেখছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ বলছেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনের মতো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু হলে বিএনপি জোট ও আওয়ামী লীগ জোটের আসন তফাৎ হবে ৭৫ শতাংশ।

আগস্টেই রোহিঙ্গাশূন্য হবে মিয়ানমার?-দৈনিক মানবজমিন

রোহিঙ্গা

আগামী আগস্টের মধ্যে মিয়ানমার রোহিঙ্গাশূন্য হবে কিনা, সেই প্রশ্ন দেখা দিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী আরাকানে নৃশংস অভিযান অব্যাহত রাখার মধ্যে গত নভেম্বরে প্রত্যাবাসন চুক্তি সইয়ের পরে নতুন করে  ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। বর্তমানে আরাকানে প্রায় ৭৯ হাজার রোহিঙ্গা অবশিষ্ট আছে। এর ভিত্তিতে বলা যায়, পাঁচ মাসে ৭০ হাজার এলে আগামী ৫ বা ৬ মাসে বাকি ৭৯ হাজার বাংলাদেশেই পালিয়ে আসতে পারে। বর্মী সামরিক বাহিনীর একটি নতুন রিপোর্ট নিশ্চিত করেছে যে, ২০১৬ সালে আরাকানে ৭৬৭০৩৮ জন রোহিঙ্গা ছিল। আর জাতিসংঘ বলেছে, ৬,৮৮,০০০ বাংলাদেশেই এসেছে।

বার ভারতের খবর তুলে ধরছি।

উত্তরপ্রদেশ-কর্নাটকে ক্রস ভোটিং, উত্তপ্ত রাজ্যসভা নির্বাচন-দৈনিক আনন্দবাজার

রাজ্যসভা নির্বাচন ঘিরে সরগরম উত্তরপ্রদেশ। বিজেপি প্রার্থীর পক্ষে ক্রস ভোটিং করলেন মায়াবতীর দল বসপার বিধায়ক অনিলকুমার সিংহ। এক কংগ্রেস বিধায়কও ক্রস ভোটিং করেছেন বলে বিজেপি-র দাবি। তবে সেই কংগ্রেস বিধায়ক নিজে সে কথা অস্বীকার করেছেন।

মোট ৫৯টি আসনের জন্য নির্বাচন ঘোষিত হয়েছিল। তার মধ্যে ৩৩টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষিত হয়েছেন ইতিমধ্যেই। ২৬টি আসনের জন্য আজ ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে উত্তরপ্রদেশে রয়েছে ১০টি আসন, পশ্চিমবঙ্গে ৫টি, কর্নাটকে ৪টি, তেলঙ্গানায় ৩টি, ঝাড়খণ্ডে ২টি, ছত্তীসগঢ়ে ১টি এবং কেরলে ১টি আসন রয়েছে। উত্তরপ্রদেশের লড়াইটাই সবচেয়ে জমজমাট হয়ে উঠেছে সকাল থেকে। উত্তরপ্রদেশ বিধানসভায় আসনসংখ্যার নিরিখে ১০টি রাজ্যসভা আসনের মধ্যে ৮টিতেই বিজেপি-র জয় নিশ্চিত।

রাজ্যসভার পাঁচ আসনে ভোটগ্রহণ শুরু, জয় নিশ্চিত জেনেও সাবধানী তৃণমূল কংগ্রেস

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

তৃণমূলের চার প্রার্থী এবং তৃণমূল সমর্থিত কংগ্রেস প্রার্থী–প্রত্যেকেরই জয় নিশ্চিত। তবু কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় রাজ্যের শাসক দল। একেবারে আর পাঁচটা নির্বাচনের মতো প্রস্তুতি। কোন প্রার্থীকে কীভাবে ভোট দিতে হবে তা বিধায়কদের টেলিফোন মারফত একাধিকবার বুঝিয়ে দিয়েছেন পরিষদীয়মন্ত্রী ও সরকারি মুখ্য সচেতক। আর আজ, শুক্রবার রাজ্যসভা নির্বাচন শুরুর আগে তৃণমূল কংগ্রেস বিধায়কদের পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেই ভোট দিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এবার সামনে এল ১৩৯৪ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতির খবর-দৈনিক আজকাল

এবার ১৩৯৪ কোটি টাকার ব্যাংক জালিয়াতি

একসঙ্গে ৮টি ব্যাঙ্কের সঙ্গে প্রতারণার অভিযোগে হায়দরাবাদের এক নির্মাণ সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতেই এই মামলা। জানা গেছে, ৮টি ব্যাঙ্ক থেকে মোট ১,৩৯৪ কোটি টাকা আত্মসাৎ করেছে টোটেম ইনফ্রাস্ট্রাকচার নামের ওই সংস্থা। ৮টি ব্যাঙ্কের অন্যতম ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩