জুলাই ৩০, ২০১৮ ১১:০৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩০ জুলাই সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • শেখ হাসিনা যত দিন ক্ষমতায়, নির্বাচন এমনই হবে: রিজভী-দৈনিক প্রথম আলো
  • নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি অভিযোগ করছে : হানিফ-দৈনিক যুগান্তর
  • অনিয়মের অভিযোগে-বরিশালে তিন প্রার্থীর ভোট বর্জন-ইত্তেফাক
  • শিক্ষার্থী নিহত: ২ বাসের চালক-হেলপার গ্রেফতার-দৈনিক ইত্তেফাক
  • মিরপুর ও বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ শাজাহান খানের পদত্যাগের দাবি -দৈনিক মানবজমিন
  • রাতেই নৌকার পক্ষে সিল মেরে বাক্স ভরে রাখা হয়েছে: আরিফুল হক চৌধুরী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • নাগরিকপঞ্জির নামে চলছে ‘বাঙালি খেদাও’, অসম ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন 
  • ‌অসমের চূড়ান্ত নাগরিক পঞ্জী প্রকাশ্যে, নাম নেই ৪০ লাখ বাসিন্দার-দৈনিক আজকাল
  • যমুনার জল বাড়ায় বন্ধ দিল্লি–হাওড়া লাইনের রেলসেতু, বাতিল ২৭টি যাত্রীবাহী ট্রেন-দৈনিক আজকাল
  • নাগরিকপঞ্জিতে নাম নেই ৪০ লাখের, অসম জুড়ে হাই অ্যালার্ট-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. দুই শিক্ষার্থীকে পিষে মারলো বেপরোয়া বাস। এ খবর দৈনিক মানবজমিনসহ প্রায় সব পত্রিকায় ছাপা হয়েছে। প্রশ্ন হচ্ছে- কেন এই অবস্থা?

২. ইরানের নীতিতে পরিবর্তন আনা আমাদের প্রধান উদ্দেশ্য- কথাটি বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। বক্তব্যটিকে আপনি কীভাবে দেখছেন?

তিন সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। নির্বাচন সম্পর্কিত নানামুখী খবর আজকের প্রায় সবগুলো জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে পরিবেশিত হয়েছে। এ সম্পর্কিত কিছু খবর তুলে ধরছি।

নির্বাচন উৎসবমুখর, বলছে আ.লীগ-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ

খবরটিতে লেখা হয়েছে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ভোটকেন্দ্র থেকে এজেন্ট বের করা নিয়ে মিথ্যাচার বিএনপির পুরোনো অভ্যাস। পরাজয়ের শঙ্কা থেকেই বিএনপি এমনটি করছে। আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সিলেট, বরিশাল, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। দু–একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর পরিস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম- রিজভী বলেছেন-শেখ হাসিনা যত দিন ক্ষমতায়, নির্বাচন এমনই হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিস্তারিত খবরে লেখা হয়েছে, তিন সিটি করপোরেশন নির্বাচনের ভোট শুরু হওয়ার পর হামলা, গ্রেপ্তার ও কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। রিজভী বলেন, ‘যা ঘটেছে, তিন সিটিতে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখছি না। সরকার প্রচণ্ডভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করছে।’রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচনী প্রচারের প্রথম থেকে সরকারের নীলনকশার নির্বাচন নিয়ে আমরা যে অভিযোগগুলো করেছিলাম, সেটিরই নগ্ন বহিঃপ্রকাশ তিন সিটিতে ফুটতে শুরু করেছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের জন্যই সরকার তিন সিটির ভোট নিয়ে অনাচারের লিপ্ত হতে পেরেছে।’ সিলেট সিটি নির্বাচন-১৫ কেন্দ্রে জাল ভোট, বিএনপির দাবি ৪১। এখবরটিও দৈনিক প্রথম আলোর।

দৈনিক ইত্তেফাকের খবর-অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোশন নির্বাচনে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী।

শিক্ষার্থী নিহত: ২ বাসের চালক-হেলপার গ্রেফতার-দৈনিক ইত্তেফাক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত ২ শিক্ষার্থী

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দুই বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার চারজনকে গ্রেফতারের খবর জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, রাতভর রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার কুর্মিটোলায় বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী।

নিহত শিক্ষার্থীদের জন্য সহপাঠীদের কান্না

এদিকে দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিমানবন্দর সড়ক অবরোধ কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মিরপুর ও বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ শাজাহান খানের পদত্যাগের দাবি-দৈনিক মানবজমিন রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে বিমানবন্দর সড়ক ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শহীদ রমিজ উদ্দিন কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সড়ক হত্যায় জড়িত পরিবহনের মালিক, শ্রমিকদের কঠোর শাস্তির পাশাপাশি দুই শিক্ষার্থীর নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করছেন তারা। আজ সোমবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তায় মানববন্ধন শুরু করে। এ সময় পুলিশি বাধার মুখে পড়ে তারা। এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই বাসচালক ও দুই সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তাছাড়া অনলাইন পোর্টালগুলোতে লেখা হয়েছে  বাসচাপায় নিহত ২ শিক্ষার্থীর ক্ষতিপূরণে  রিট দায়ের করা হয়েছে এবং আটক করা হয়েছে ৪ জনকে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

আসামে ভারতীয় নাগরিকদের চূড়ান্ত খসড়ায় ৪০ লাখ বাসিন্দাকে অবৈধ ঘোষণা-আজকাল/এনডিটিভি /সংবাদ প্রতিদিন

আসামে জাতীয় নিবন্ধন তালিকা থেকে ৪০ লাখ লোককে অবৈধ ঘোষণা 

আসামে ভারতীয় নাগরিকদের চূড়ান্ত খসড়া তালিকায় ৪০ লাখ লোককে অবৈধ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ১৯৫১ সালের পর এই প্রথমবার আসামে নাগরিকদের জাতীয় নিবন্ধন(এনআরসি) তালিকা পুনরায় করা হয়েছে। বাংলাদেশ থেকে আসামে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতেই এই তালিকা করা হয়েছে। খবর এনডিটিভি’র।

 কর্মকর্তাদের উদ্ধৃত করে খবরে বলা হয়, এটা কেবল একটি খসড়া। কাওকে এর জন্যে আসাম থেকে বের করে দেওয়া হবে না বা এর ওপর ভিত্তি করে শাস্তি দেওয়া হবে না।  কিন্তু সমালোচকরা তালিকাটি দেখছেন ভিন্ন দৃষ্টিতে। তাদের মতে এই তালিকার মাধ্যমে আসামের মুসলিম জনসংখ্যাকে টার্গেট করা হয়েছে। তাদেরকে বাংলাদেশ থেকে আগত অভিবাসী হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্যেই এই তালিকা করা হয়েছে। 

এদিকে, পুরো রাজ্যজুড়ে বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা।

নাগরিকপঞ্জির নামে চলছে ‘বাঙালি খেদাও’, অসম ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

রাতারাতি উদ্বাস্তু হয়ে গেলেন অসমের ৪০ লক্ষ মানুষ৷ সোমবার নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হতে না হতেই উত্তাল দেশের রাজনীতি৷ বিতর্কের আগুন জ্বেলে নবান্ন থেকে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার সাংবাদিক বৈঠক করে ধর্মের ভিত্তিতে নাগরিকপঞ্জির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী৷ কেন অসমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন? কেন ধর্মের ভিত্তিতে এই বিভাজন? আধার থাকা সত্ত্বেও কেন নাম বাদ? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-রোহিঙ্গাদের মতোই কী নিয়তি! কী পরিণতি হবে নাগরিকত্ব হারানো ৪০ লক্ষ ‘অসমবাসী’র?

আর দৈনিক আনন্দবাজারের শিরোনাম-নাগরিকপঞ্জিতে নাম নেই ৪০ লাখের, অসম জুড়ে হাই অ্যালার্ট।

চ্যালেঞ্জের ফল: ট্রাই প্রধানের আধার নিয়ে ছেলেখেলা করে চলেছেন হ্যাকাররা-দৈনিক আনন্দবাজার

আধার কার্ড

 

আধার চ্যালেঞ্জ নিয়ে হেরে ভূত হয়েছিলেন আগেই। এবার ট্রাই চেয়ারম্যানের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেগুলির  আইএফএসি কোড পর্যন্ত ফাঁস করে দিলেন হ্যাকাররা। প্রমাণস্বরূপ অ্যাকাউন্টে এক টাকা জমাও দিয়েছেন হ্যাকারদের একজন। যদিও আধার কর্তৃপক্ষ এখনও গোঁ ধরে বসে আছেন, আধার তথ্য সুরক্ষিত।

শনিবার ট্রাই চেয়ারম্যান আর এস শর্মা নিজের টুইটার হ্যান্ডলে আধার নম্বর দিয়ে চ্যালেঞ্জ ছুড়েছিলেন, ‘‘একটা প্রকৃত উদাহরণ দিয়ে দেখান, আধার নম্বরের মাধ্যমে কেউ আমার ক্ষতি করতে পারে।’’ ২৪ ঘণ্টাও পার হয়নি। তার মধ্যেই হ্যাকাররা ট্রাই চেয়ারম্যানের জন্ম তারিখ, বাড়ির ঠিকানা, প্যান ও ভোটার নম্বর, মোবাইল নম্বর ও সার্ভিস প্রোভাইডার, ফোনের মডেল-সহ অন্তত ১৪টি তথ্য অনলাইনে ফাঁস করে দেন।

ফের বুরারির ছায়া রাঁচিতে, আত্মহত্যা একই পরিবারের ৭ সদস্যের-দৈনিক সংবাদ প্রতিদিন

একই পরিবারের ৭ জনের আত্মহত্যা

দিল্লির বুরারির ছায়া আরও একবার পড়ল রাঁচিতে৷ ফের সেখানে একই পরিবারের সাত সদস্য একযোগে আত্মহত্যা করলেন৷ ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঠিক কী কারণে তাঁরা আত্মহত্যা করলেন তা স্পষ্ট নয়৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷কিছুদিন আগেই দিল্লির বুরারিতে একই পরিবারের ১১ জন সদস্য আত্মহত্যা করেছিলেন৷ কেন এমন কাণ্ড বাধিয়েছিল ওই পরিবার, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে৷ তবে তদন্তে অনুমান করা হয়েছে নেপথ্যে আছে কালাজাদুর প্রতি বিশ্বাস৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০