একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩১ জুলাই মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- এটা কোন নির্বাচনই হয়নি: ফখরুল-দৈনিক মানবজমিন
- সৌদিসহ বিদেশে যৌন হয়রানির শিকার কর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট-দৈনিক প্রথম আলো
- নিজেদেরকে কর্তৃপক্ষ ভাববেন না : ছাত্রলীগকে ঢাবি প্রক্টর-দৈনিক নয়া দিগন্ত
- নয় দফা দাবিতে বিক্ষোভ-শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠি চার্জ, বাসে আগুন-দৈনিক মানবজমিন
- প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে যাও : ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
- জয়ের নামে গাজীপুর ও বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন-দৈনিক ইত্তেফাক
ভারতের শিরোনাম:
- রেশন কার্ডে পদবি ভুলে জুটছে না খাবার, অনাহারে দিন কাটছে বৃদ্ধার-সংবাদ প্রতিদিন
- রাজীবের চুক্তির জন্যই অসমে এই সঙ্কট, অমিতের মন্তব্যে তুলকালাম রাজ্যসভায়-দৈনিক আনন্দবাজার
- নাম না থাকা ৪০ লাখ বাসিন্দা বিতাড়িত হবেন না, জানিয়ে দিল শীর্ষ আদালত-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
শুরুতে তিন সিটি নির্বাচন পরবর্তী ফলোআপ খবর:
দৈনিক প্রথম আলোসহ প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করনের খবর এরকম- বরিশাল এবং রাজশাহী সিটি নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছে। আর সিলেটে বিএনপির প্রার্থী বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে।
তবে প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, সদ্য সমাপ্ত বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। ওই দুই সিটি করপোরেশনের নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন চেয়েছে দলটি। সিলেটসহ তিন সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের প্রতিবাদে বিএনপি আগামী বৃহস্পতিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
আর কাদের বললেন-বিজয়ের কারণ উন্নয়ন ও একতা। এ শিরোনামে দৈনিক প্রথম আলো লিখেছে, তিনি বলেছেন, উন্নয়ন ও দলের দলীয় একতার জন্যই এ বিজয় এসেছে।
বাসের চাকায় পিষ্ট হয়ে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং বর্তমান পরিস্থিতি:
দৈনিক প্রথম আলো, নয়া দিগন্ত, যুগান্তরসহ প্রায় সব দৈনিকের খবের লেখা হয়েছে, রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা তৃতীয় দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
তবে যুগান্তরে লেখা হয়েছে, রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, জড়িত দোষীদের বিচার হবে, শাস্তিও হবে। কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে আমি অনুরোধ করব- প্লিজ তোমরা শান্ত হও, ক্লাসে যাও।
দৈনিক ইত্তেফাকের খবর-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
এদিকে দৈনিক যুগান্তর লিখেছে, বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে নৌমন্ত্রীর বক্তব্যে বাণিজ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।
জয়ের নামে গাজীপুর ও বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন-দৈনিক ইত্তেফাক
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে ‘সজীব ওয়াজেদ জয় গাজীপুর ও বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের’ (স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে গাজীপুর ও রাঙামাটির বেতবুনিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূ-উপগ্রহ কেন্দ্র দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এছাড়া একইদিন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ উদযাপন করা হয়।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বঙ্গবন্ধুর নাম এখন মহাকাশে চলে গেছে, আর কেউ চাইলেও তা মুছতে পারবে না।
সৌদিসহ বিদেশে যৌন হয়রানির শিকার কর্মীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট-দৈনিক প্রথম আলো
সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কতজন কর্মী গেছেন, কতজন স্বেচ্ছায় বা সরকারের মাধ্যমে ফিরে এসেছেন, কতজন শারীরিক-যৌন হয়রানির শিকার হয়েছেন, এর তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক মাসের মধ্যে প্রবাসীকল্যাণ সচিব, পররাষ্ট্রসচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের চেয়ারম্যান, বায়রার সভাপতি-সেক্রেটারিকে এই প্রতিবেদন দাখিল করতে হবে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ফরিদ আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
সৌদি আরবসহ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যাওয়া কর্মীদের নিরাপত্তা, মানসিক-যৌন হয়রানি, প্রত্যাবাসন-পুনর্বাসনে নিষ্ক্রিয়তা নিয়ে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান চলতি মাসের মাঝামাঝি রিটটি করেন।
পুলিশ কর্মকর্তার বাসা থেকে ইয়াবা উদ্ধার
চট্টগ্রামের বাকলিয়া থানার উপপরিদর্শক ( এসআই) খন্দকার সাইফুদ্দিনের বাসা থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। গতকাল সোমবার রাত ১২টার দিকে নগরের বাকলিয়া থানার পশ্চিম বাকলিয়া এলাকার একটি বাসা থেকে এসব মাদক উদ্ধার করে র্যাব। মিল্লাদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাসায় ওই এসআইয়ের পোশাকসহ ব্যবহারের বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে। তাঁকে ধরার চেষ্টা চলছে। চলতি মাসের শুরুতে নগরের বহদ্দারহাট থেকে ইয়াবাসহ বরখাস্ত হওয়া এক এএসআইকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। এর আগে ২০১৬ সালে ইয়াবাসহ গ্রেপ্তারের কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক ব্যবসায়ী ও এদের পৃষ্ঠপোষকদের যে তালিকা করে, সেখানে চট্টগ্রামের বিভিন্ন থানার ওসিসহ পুলিশ কর্মকর্তাদের নাম রয়েছে। কিন্তু এখনো কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরষের মধ্যে ভূত থেকে যাওয়ায় মাদকবিরোধী অভিযান কতটুকু সফল হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
নাম না থাকা ৪০ লাখ বাসিন্দা বিতাড়িত হবেন না, জানিয়ে দিল শীর্ষ আদালত-দৈনিক আজকাল
অসমে যে ৪০ লাখ বাসিন্দার নাম জাতীয় নাগরিক পঞ্জীর খসড়া তালিকায় নেই তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। দেশ থেকে তাঁদের তাড়িয়ে দেওয়া হবে না। জানিয়ে দিল শীর্ষ আদালত। প্রসঙ্গত উল্লেখ্য শীর্ষ আদালতের পর্যবেক্ষণেই এনআরসি তালিকা তৈরি করেছে। সেকারণেই শাসক দল বিজেপি এর দায় গায়ে মাখতে নারাজ। এনআরসি যদিও কেন্দ্রীয় সরকারের তৈরি করা। সরকার বাংলাদেশি মুসলিম শরণার্থীদের টার্গেট করেই এই তালিকা তৈরি করেছে বলে অভিযোগ করে বিজেপি।এই নিয়ে সরগরম দেশের রাজনৈতিক মহল।
সাত অগস্ট তালিকাটি সর্বধারণের জন্য প্রকাশ করা হবে বলে এনআরসির তরফে জানানো হয়েছে।
আর আনন্দবজারের খবরে লেখা হয়েছে-রাজীবের চুক্তির জন্যই অসমে এই সঙ্কট, বলে মন্তব্য করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তার ওই মন্তব্যে তুলকালাম কাণ্ড বেধে যায় রাজ্যসভায়।
রেশন কার্ডে পদবি ভুলে জুটছে না খাবার, অনাহারে দিন কাটছে বৃদ্ধার-সংবাদ প্রতিদিন
শুধুমাত্র পদবির ভুল। তাতেই বন্ধ রেশন হতদরিদ্র দুলু মুর্মূ পরিবারের। বন্ধ সমস্ত সরকারি প্রাপ্য। তাদের বাড়ি বলতে দুটি বাঁশের উপর ত্রিপল। ত্রিপলের আচ্ছাদনের তলায় রাত কাটে বর্ষায়। পেটে খিদে নিয়েই দিন চলছে তাঁর। এমনই হতদরিদ্র এক পরিবারের ছবি ফের ধরা পড়ল বীরভূমে। এবার মল্লারপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাঁকাগড়িয়া পাড়ায়। দীর্ঘদিন না খেতে পাওয়ায় ক্ষয়াটে রোগ ধরেছে শরীরে। যদিও জেলাশাসক মৌমিতা গোদারার দাবি, ওই মহিলা গত দু’সপ্তাহ আগে পর্যন্ত নিয়মিত রেশন তুলেছেন। দুলুর দাবি, রেশন সামগ্রী আনতে গেলে ডিলার পরিষ্কার জানিয়ে দিয়েছেন রেশন কার্ডের নামের ভুল থাকায় রেশন দেওয়া যাবে না। ফলে প্রায় এক বছর ধরে রেশন বন্ধ। গ্রামের লোক মাঝেমধ্যে খেতে দিলে তাই খেয়ে পেট ভরায়।
৬৪ সাংসদের বিরুদ্ধে রয়েছে অপহরণের অভিযোগ, তালিকা শীর্ষে বিজেপি-দৈনিক আজকাল
ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে অনেকদিন ধরেই নানা অভিযোগ ওঠে। অনেকের বিরুদ্ধেই আদালতে ঝুলছে মামলা, রয়েছে নানা অভিযোগ। সেই বিষয় নিয়েই একটি তথ্য বিশ্লেষণ করেছিল অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস। সেখানে দেখা গিয়েছে, দেশের মোট ৬৪ জন সাংসদের বিরুদ্ধে রয়েছে অপরহণের মামলা। যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ভারতীয় জনতা পার্টির সদস্য। তাঁদের দলের মোট ১৬ জন এই তালিকায় স্থান পেয়েছেন। অন্যদিকে, কংগ্রেসের সংখ্যাটা অনেকটাই কম, তালিকায় জায়গা পেয়েছেন তাঁদের ছ’জন সদস্য। একই সংখ্যা নিয়ে তালিকায় সম অবস্থানে রয়েছে আরএলডি।
এই পরিসংখ্যান ঘাটতে গিয়েই দেখা গিয়েছে, ভারতে অভিযুক্ত সংসদ সদস্য ও বিধায়ক মিলিয়ে সংখ্যাটা প্রায় ১০২৪ জন। রাজ্যের বিচারে অপরহণের অভিযোগে অভিযুক্ত বিধায়ক সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে উত্তরপ্রদেশে, মোট ন’জন। ছত্তিশগড়েও সংখ্যাটি একই। এরপরেই রয়েছে মহারাষ্ট্র, যেখান থেকে মোট ৬ জন বিধায়কের বিরুদ্ধে অপহরণের মামলা রয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন