আগস্ট ০১, ২০১৮ ১১:৩৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ছাত্রবিক্ষোভে অচল ঢাকা-দৈনিক মানবজমিন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ সামলাতে পুলিশকে ডিএমপি কমিশনারের নির্দেশনা-দৈনিক প্রথম আলো
  • তিন সিটি নির্বাচনে নানা সমীকরণ-দৈনিক নয়া দিগন্ত
  • এবার যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের গাড়িচাপা, ছাত্রলীগ-যুবলীগের হামলা-দৈনিক যুগান্তর
  • দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-নৌমন্ত্রীর পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
  • তিন জেলায় বন্দুকযুদ্ধে নিহত ৩-দৈনিক ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • এনআরসি ইস্যুতে সাধারণ জ্ঞান বাড়ান, মমতাকে তোপ অমিত শাহের -সংবাদ প্রতিদিন 
  • অসমের নাগরিকপঞ্জি ইস্যুতে বুধবার প্রতিবাদে সামিল মতুয়া মহাসংঘ। -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

শুরুতে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কিত খবর

শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা ৪র্থ দিনের মতো রাজধানীতে শিক্ষার্থী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বলে খবর দিয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাছাড়া জাবালে নূর পরিবহনের ওই ২ বাসের রুট পারমিট বাতিল করেছে বিআরটিএ। প্রথম আলোর খবর- রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে রাজপথে নেমে আসা শিক্ষার্থীদের ওপর পুলিশকে কোনো ধরনের শক্তি প্রয়োগ না করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ঢাকায় বাস কম, শিক্ষার্থীরাই গাড়ির লাইসেন্স পরীক্ষা করছে। দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে- শিক্ষার্থীরা ঘাতক চালকের বিচার ও নৌমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।

এবার যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের গাড়িচাপা, ছাত্রলীগ-যুবলীগের হামলা-দৈনিক যুগান্তর

বাসের চাকায় পিষ্ট ২ শিক্ষার্থী

বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের ওপর বাস উঠিয়ে দেয়ার ঘটনায় চার দিন ধরে চলা বিক্ষোভের মধ্যেই এবার যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের ওপর পিকআপ উঠিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন আহত হন। এক শিক্ষার্থী রাস্তায় পড়ে গেলে তার ওপর দিয়েই পিকআপ চালিয়ে দেয়া হয়। ফয়সাল নামের আহত ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। দৈনিক যুগন্তরের একটি খবরে বলা হয়েছে, ২ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হাইকোর্ট ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছে।

তিন সিটি নির্বাচনে নানা সমীকরণ-দৈনিক নয়া দিগন্ত

তিন সিটি নির্বাচন

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গত সোমবার। এই নির্বাচন ও নির্বাচনের ফলাফল নিয়ে দেশের রাজনৈতিক মহলে চলছে নানা বিশ্লেষণ। দেখা দিয়েছে নানা প্রশ্ন। পর্যবেক্ষক মহলের কেউ কেউ বলছেন, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হয়েছে। ভোটে জনগণের রায়ের প্রতিফলন ঘটেছে। আবার কেউ কেউ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, তিন সিটিতেই ভোট কারচুপি হয়েছে, যা গণমাধ্যমে স্পষ্টভাবে উঠে এসেছে। এতে প্রমাণ হয়েছে, বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে আগামীতে কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এ প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার নয়া দিগন্তকে বলেন, এই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। কোনো মানেরই হয় নি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

গো-রক্ষার নামে হিংসা শতকরা ৪১৫০ ভাগ বেড়েছে মোদী জমানায়! এ শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার লিখেছে, গোরক্ষার নামে হামলা ও হত্যার ঘটনা গুণে শেষ করা কঠিন হয়ে দাঁড়ায়। রাজস্থান থেকে বাংলা, হরিয়ানা থেকে কর্নাটক— সর্বত্র একই ছবি। সংখ্যালঘুর ওপরে, বিশেষত মুসলিমদের ওপর হামলা চলছে নিত্যদিন। ২০১৪ থেকে ২০১৮ তে গো রক্ষার নামে হত্যার সংখ্যা এক লাফে বেড়ে হয়েছে ৮৫। অর্থাত্ মোদী জমানায় ৪,১৫০ শতাংশ বেড়েছে  সহিংসতার ঘটনা। গত দেড় বছরে শুধু ছেলেধরা গুজবে ৬৯টি হামলা হয়েছে। তাতে মৃত্যু হয়েছে ৩৩ জনের। পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে আঁচ করাই যায়।

এনআরসি ইস্যুতে সাধারণ জ্ঞান বাড়ান, মমতাকে তোপ অমিত শাহের -সংবাদ প্রতিদিন

বিজিপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ

জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে এবার বিরোধীদের পালটা তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে এক আসনে বসিয়ে সমালোচনার সুরে জানালেন, দেশের ভোট ব্যাংকের রাজনীতি করা হচ্ছে৷ দেশের নিরাপত্তাকে জলাঞ্জলী দিতে চাইছেন বিরোধীরা৷ পাশাপাশি, এনআরসি ইস্যুতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ জ্ঞান নিয়েও কটাক্ষ করেন তিনি৷ এদিকে দৈনিক আজকালে এ সম্পর্কিত খবরে লেখা হয়েছে, অসমের নাগরিকপঞ্জি ইস্যুতে বুধবার প্রতিবাদ জানিয়েছে সামিল মতুয়া মহাসংঘ। বেশ কিছু জায়গায় ট্রেন অবরোধ করা হয়েছে। আটকে পড়ে একাধিক ট্রেন। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এ সম্পর্কে অন্য একটি খবরে লেখা হয়েছে, বাঙালিদের বিশ্বাসে ছুরি মেরেছেন মোদি, বিস্ফোরক মন্তব্য করলেন ছাত্র ফেডারেশনের নেতা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১