আগস্ট ০২, ২০১৮ ১১:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ আগস্ট বৃহস্পতিবারে কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • অচল ঢাকা, শিক্ষার্থীদের দখলে রাজপথ -দৈনিক মানবজমিন
  • ছাত্র বিক্ষোভে দুশ্চিন্তা, সামলানোর চেষ্টা -দৈনিক প্রথম আলো
  • রাজধানীতে গণপরিবহন নেই, দুর্ভোগে যাত্রীরা -দৈনিক নয়া দিগন্ত
  • আতঙ্কে গাড়ি নামাচ্ছেন না মালিকরা : ওবায়দুল কাদের -দৈনিক যুগান্তর
  • সরকারের পদত্যাগ দাবি করলেন ফখরুল-দৈনিক যুগান্তর
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২ শিক্ষার্থীর পরিবার, ৪০ লাখ টাকা অনুদান -দৈনিক ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • মুসলিমে ‘না’, অন্যদের স্বাগত সঙ্ঘ ও বিজেপির -দৈনিক আনন্দবাজার
  • অসমে বাধার মুখে তৃণমূল, শিলচর বিমানবন্দরে আটকানো হল প্রতিনিধিদের-সংবাদ প্রতিদিন 
  • এটিএম প্রতারণা কাণ্ডে চিহ্নিত প্রতারক, সিসি ক্যামেরায় ধরা পড়ল সাইবার প্রতারক-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

শুরুতে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কিত খবর তুলে ধরছি

রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ৫ম দিনের মতো রাজধানীর সড়কে শিক্ষার্থীরা। তারা   ৯ দফা দাবিতে বৃষ্টি মাথায় নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এমন খবর দিয়েছে বিভিন্ন মিডিয়া। এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর শিরোনাম-সড়কে শিক্ষার্থীরা। তারা লাইসেন্স যাচাই করছে। এ বিষয়ে দৈনিক অন্য একটি মতামতধর্মী নিবন্ধের শিরোনাম এরকম যে, মানুষ মারা যাওয়া কী হাসির বিষয়। প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, টানা চার দিনের ছাত্রবিক্ষোভে বড় রকমের চাপের মুখে পড়েছে সরকার। প্রতিদিন নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আন্দোলনে যুক্ত হওয়ায় সরকারের দুশ্চিন্তা বাড়ছে। রাজধানী ঢাকা প্রায় অচল করে দেওয়া নেতৃত্বহীন এই আন্দোলন দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় সরকার আজ বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। আন্দোলন ছড়িয়ে পড়ায় সরকার চাপের মুখে। সরকারের ধারণা, আন্দোলনের সঙ্গে স্বার্থান্বেষী মহল ঢুকেছে। প্রথম আলো আর একটি মন্তব্য প্রতিবেদনের শিরোনাম-সড়কের আসল ঘাতক মাফিয়াতন্ত্র ও দুর্নীতি। এদিকে ছাত্র আন্দোলন দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২ শিক্ষার্থীর পরিবার, ৪০ লাখ টাকা অনুদান-দৈনিক ইত্তেফাক

রাজধানীর বাসের চাপায় নিহত দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে ডেকে নিয়ে তাদের হাতে সমমূল্যের সঞ্চয়পত্র দেন প্রধানমন্ত্রী। এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে করে দুই পরিবারের সদস্যদের নিয়ে আসা হয়। দৈনিকটির অন্য একটি খবর-পুলিশ সদস্যদের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। আর সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমাধান সড়ক পরিবহন আইনেই আছে।

সরকারের পদত্যাগ দাবি করলেন ফখরুল-দৈনিক যুগান্তর

সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে দেশে একের পর এক অঘটন ঘটে চললেও অনির্বাচিত ও অবৈধ সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই নৌমন্ত্রী শাজাহান খানের (নৌমন্ত্রী) পদত্যাগ নয়, সরকারের পদত্যাগ দাবি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানাই। তাদের এ আন্দোলন যৌক্তিক। জনগণকে এই সরকারের পতনে আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি। আমরা অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরাও বলতে পারি- শেখ হাসিনা দেশে আসার ১৭ দিন পর জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। জিয়াউর রহমান কোনো হত্যার সঙ্গে জড়িত নয়।

৬২ কোম্পানির ভ্যাট ফাঁকি ১৫ হাজার কোটি টাকা-দৈনিক ইত্তেফাক

বহুজাতিক কোম্পানিগুলোর সঙ্গে সঙ্গে দেশীয় কোম্পানিগুলোর রাজস্ব ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়ছে। সম্প্রতি অনুসন্ধানে কয়েকটি কোম্পানির মূল্য সংযোজন কর বা ভ্যাট ফাঁকি উদঘাটিত হয়েছে। তাতে দেখা গেছে মোবাইল কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি শিল্পখাত, ব্যাংক—বীমা, সিমেন্ট প্রভৃতি খাত রয়েছে। এসব খাতের ৬২ কোম্পানির উদঘাটিত ভ্যাট ফাঁকির পরিমাণ ১৫ হাজার ২শ’কোটি টাকা। এরমধ্যে সাড়ে ৮ হাজার কোটি টাকা এখনো অনাদায়ী। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, ফাঁকি উদঘাটনে নিরীক্ষা কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কয়লা কেলেঙ্কারি তদন্তে নেমেছে কমিটি-দৈনিক মানবজমিন

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা কেলেঙ্কারি তদন্তে এসেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক খলিলুর রহমানসহ চার সদস্যের উচ্চপদস্থ প্রতিনিধি দল। অপরদিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিককেরা কয়লা লুটপাটের প্রতিবাদের কয়লা খনির বাজারের মূল রাস্তায় বেলা ১২টায় লাল ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এছাড়াও তারা চাকুরি স্থায়ীকরনের দাবিও উপস্থাপন করেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

মুসলিমে ‘না’, অন্যদের স্বাগত সঙ্ঘ ও বিজেপির -দৈনিক আনন্দবাজার

বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের ক্ষেত্রে সাম্প্রদায়িক বিভাজন রেখা টেনে দিল বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ। উভয়েই বুধবার জানিয়ে দিল, বাংলাদেশ থেকে আসা মুসলিমদের কোনও ভাবে এ দেশে থাকতে দেওয়া হবে না। তবে হিন্দু, বৌদ্ধ-সহ অন্যরা এলে তাঁদের নাগরিকত্ব দিতে হবে। বিজেপি দেশের শাসক দল এবং বিশ্ব হিন্দু পরিষদ হল সঙ্ঘ পরিবারের শাখা। রাজনৈতিক বিশ্লেষকদের ব্যাখ্যা, উদ্বাস্তু নিয়ে সঙ্ঘ পরিবারের একটি পুরনো তত্ত্ব আছে। অমুসলিমদের ক্ষেত্রে ‘শরণার্থী’ এবং মুসলিমদের ক্ষেত্রে ‘অনুপ্রবেশকারী’ শব্দ দু’টি ব্যবহার করে তারা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চায়। এ দিনের বক্তব্যের পরেও তাই বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধীরা বিষয়টিকে গেরুয়া শিবিরের ‘নির্বাচনী চক্রান্ত’ ও ‘চেনা কৌশল’ বলে ব্যাখ্যা করেছে। সমালোচনা করেন বিশিষ্ট জনেরাও।

অসমে বাধার মুখে তৃণমূল, শিলচর বিমানবন্দরে আটকানো হল প্রতিনিধিদের-দৈনিক সংবাদ প্রতিদিন

অসমে ঢুকতে গিয়েই বাধার মুখে পড়ল তৃণমূলের আট সদস্যের প্রতিনিধি দল। শিলচর বিমানবন্দরের মধ্যেই আটকে দেওয়া হল তাঁদের। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এনআরসি-র চূড়ান্ত খসড়া প্রকাশ হওয়ার পরই তার বিরোধিতা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে গিয়েও এ নিয়ে ঝড় তুলেছেন তিনি। তাঁর সাফ কথা, অসমে লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হলে তার প্রভাব পড়বে বাংলাতেও। তাই তাঁর উদ্বেগের কারণ আছে। তিনি জানিয়েছিলেন, তৃণমূলের প্রতিনিধি দল অসমে যাবে, পরিস্থিতি খতিয়ে দেখবে। গৃহহারা মানুষরা যাতে হেনস্তার শিকার না হন, তা নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কথামতো বৃহস্পতিবার ফিরহাদ হাকিম, কাকলি ঘোষ দস্তিদার-সহ আট সদস্যের প্রতিনিধি দল অসমের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তাঁদের। জানানো হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয়, সে কারণেই এই সিদ্ধান্ত।

এটিএম প্রতারণা কাণ্ডে চিহ্নিত প্রতারক, সিসি ক্যামেরায় ধরা পড়ল সাইবার প্রতারক-দৈনিক আজকাল

ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডে চিহ্নিত করা হল প্রতারককে।  কলকাতায় কানাড়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের দুটি এটিএম থেকে টাকা লুঠ করার ঘটনায় গোয়েন্দা দপ্তর এটিএমের সিসি ক্যামের ফুটেজ খতিয়ে দেখে সাইবার প্রতারককে চিহ্নিত করতে পেরেছে। ইতিমধ্যেই এটিএমের টাকা লুঠের তদন্তে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (‌সিট)‌ গড়ছে কলকাতা পুলিস। এই ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে। এদিকে দৈনিক আনন্দবাজারের খবরে লেখা হয়েছে, মাত্র সাত দিন। তার মধ্যেই ৭৬ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে প্রায় ২০ লক্ষ টাকা। কোলকাতা পুলিশ এটিএম জালিয়াতির শিকার হওয়া গ্রাহকদের আশ্বস্ত করে বলেছে-১০ দিনের মধ্যে টাকা ফেরত পাবেন তারা।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২