নিরাপদ সড়কের দাবিতে আজও সরব শিক্ষার্থী-অভিভাবক
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- নিরাপদ সড়কের দাবিতে আজও সরব শিক্ষার্থী-অভিভাবক-দৈনিক প্রথম আলো
- মগবাজারে বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত, বাসে আগুন-দৈনিক যুগান্তর
- মিমের বাসায় মির্জা ফখরুল-ইত্তেফাক
- রোববার পর্যন্ত সময় বেঁধে দিলেন ইলিয়াস কাঞ্চন-দৈনিক মানবজমিন
- সরকার ক্ষমতাকে যক্ষের ধন মনে করে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- বিরোধীরা ভুল তথ্য দিচ্ছে, তৃণমূলের স্বাধিকার ভঙ্গের নোটিসের জবাব রাজনাথের-দৈনিক সংবাদ প্রতিদিন
- যোগীর রাজ্যে আবার অনাচার, মহাত্মা গান্ধীর মূর্তিতেও লাগানো হল গেরুয়া রঙ-দৈনিক আজকাল
- দেশে সুপার ইমার্জেন্সি চলছে, এটাই বিজেপির শেষের শুরু, ফুঁসে উঠলেন মমতা-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে সরকার নতুন সড়ক পরিবহন আইন করতে যাচ্ছে, এরইমধ্যে খসড়া তৈরি হয়েছে। আপনি কী মনে করেন এই আইন সড়ক দুর্ঘটনা রোধে বড় রকমের ভূমিকা পালন করবে?
২. ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অসমে নাগরিকত্ব ইস্যুতে সৃষ্ট উত্তেজনা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ধ্বংস করে দেবে। আপনার পর্যবেক্ষণ কী?
নিরাপদ সড়কের দাবিতে আজও সরব শিক্ষার্থী-অভিভাবক-দৈনিক প্রথম আলো
বিশ্লেষণের বাইরে আজ রাজধানী ঢাকার সড়কে শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কিত কয়েকটি খবর তুলে ধরছি। প্রায়সবগুলো জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ ও অনলাইন পোর্টালগুলোতে এ সম্পর্কিত বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে।
নিরাপদ সড়কের দাবিতে আজও সরব শিক্ষার্থী-অভিভাবক-দৈনিক প্রথম আলো। দৈনিকটির আরো কয়েকটি শিরোনাম এরকম-সরকার কঠোর হতে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলায় বাস বন্ধ জনদুর্ভোগ।সড়ক দাপিয়ে বেড়াচ্ছে নয় লাখ ভুয়া চালক।ঢাকার সড়কে পরিবহন শ্রমিকেরা দূরপাল্লার বাস বন্ধ। সমাধান শাজাহান খান। শাহজাহান খান আর কত দিন।
আর দৈনিক যুগান্তরের খবর মগবাজারে বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত, বাসে আগুন।
রোববার পর্যন্ত সময় বেঁধে দিলেন ইলিয়াস কাঞ্চন-দৈনিক মানবজমিন
আগামী রোববার থেকে দাবি আদায়ের কাজ শুরু না হলে শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়কের দাবিতে তার প্রতিষ্ঠিত সংগঠনসহ একাধিক সংগঠন আয়োজিত মানববন্ধনে তিনি এ ঘোষণা দেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল, রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় নিহতদের ঘটনার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।
দেশের মানুষকে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সাময়িক অসুবিধা হলেও আপনারা অস্থির হবেন না। ভালো কিছু পাওয়ার জন্য অনেক সময় কিছু কষ্ট স্বীকার করতে হয়।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘রোববার থেকে দাবি মেনে নিয়ে সরকার কাজে হাত দিলে তোমরা অবশ্যই ঘরে ফিরে যাবে। বাবা-মায়ের কাছে ফিরে যাবে।’
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
যোগীর রাজ্যে আবার অনাচার, মহাত্মা গান্ধীর মূর্তিতেও লাগানো হল গেরুয়া রঙ-দৈনিক আজকাল
যোগী আদিত্যনাথের রাজ্যে অনাচার চলছেই। মুখ্যমন্ত্রীর কার্যালয়, সরকারি দপ্তর, আম্বেদকরের মূর্তি, থানা, শৌচালয়ের পর জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতেও এবার গেরুয়া রঙ লাগানো হল।
উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার বান্দা পুলিস স্টেশন এলাকার ঘনশ্যামপুরে এই দৃশ্য স্থানীয়দের চোখে পড়ে বৃহস্পতিবার সকালে।এক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সকালেই মূর্তির এই পরিবর্তনটা লক্ষ্য করি। যা খুবই বিরক্তিকর।পুলিসের প্রাথমিক অনুমান, গত বুধবার রাতেই কেউ বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দারা বিজেপি নেতাদের দিকেই আঙুল তুলেছেন।
দেশে সুপার ইমার্জেন্সি চলছে, এটাই বিজেপির শেষের শুরু, ফুঁসে উঠলেন মমতা-দৈনিক আনন্দবাজার
শিলচরে তৃণমূলের সাত জনপ্রতিনিধি এবং এক মন্ত্রীর সঙ্গে কী ঘটছে, দিল্লি থেকে কলকাতার বিমান ধরার আগেই তার কিছুটা জেনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদমে নেমে বাকিটুকুও জেনে যান। তার পরে সেখানে দাঁড়িয়েই বলেন, ‘‘দেশে সুপার ইমার্জেন্সি চলছে। আমার মনে হয়, এটাই বিজেপির শেষের শুরু।’’ তাঁর অভিযোগ, শিলচরে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের তৃণমূল মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের সঙ্গে যা করা হল, তা অসমের বিজেপি সরকারের রাজনৈতিক চক্রান্ত।
পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘সুপার ইমার্জেন্সি দেখতে হলে সকলে পশ্চিমবঙ্গে আসুন। এখানেই সেই পরিস্থিতি।
বিরোধীরা ভুল তথ্য দিচ্ছে, তৃণমূলের স্বাধিকার ভঙ্গের নোটিসের জবাব রাজনাথের-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রত্যাশিতভাবে এনআরসি ইস্যুতে শুক্রবারও উত্তপ্ত সংসদের দুই কক্ষই। অসমে তৃণমূল সাংসদ এবং বিধায়কদের হেনস্তার প্রতিবাদে এদিন সংসদের দুই কক্ষেই বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রসে। তৃণমূলের তরফে দুই কক্ষেই স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়। লোকসভায় মুলতুবি প্রস্তাব আনেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
রাজ্যসভায় আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এদিন আরও একবার দাবি করেন, ‘এনআরসির যে খসড়া প্রকাশিত হয়েছে তা চূড়ান্ত খসড়া নয়। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে প্রত্যেক ভারতীয় নাগরিক তালিকায় নাম ঢোকানোর জন্য আবেদন করতে পারবেন।’ স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নাগরিকপঞ্জির খসড়ায় কোনও অস্বসচ্ছ্বতা নেই, বিরোধিরা ভুল তথ্য পেশ করে ভীতির সঞ্চার করার চেষ্টা করছে।দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে-গলদের চূড়ান্ত, ২০০ চিহ্নিত বিদেশির নামও ঢুকল নাগরিকপঞ্জিতে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন