আগস্ট ০৫, ২০১৮ ১৪:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫ আগস্ট রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • যাচাই না করে বিশ্বাস করবেন না: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো
  • ধৈর্যের বাঁধ ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • মার্কিন দূতাবাসের বিবৃতি, ঢাকায় সশস্ত্র লোক রাষ্ট্রদূতের গাড়িতে হামলা চালিয়েছে-দৈনিক মানবজমিন
  • বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে কাঁদানে গ্যাস, যুবকদের লাঠিপেটা-দৈনিক প্রথম আলো
  • শিক্ষার্থীদের আন্দোলনে আগেই সমর্থন জানিয়েছিলাম : ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
  • মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ওপর হামলার নিন্দা ফখরুলের-দৈনিক যুগান্তর
  • শাহবাগে কয়েক হাজার শিক্ষার্থীর বিক্ষোভ-দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • ঋণখেলাপি ধনকুবেরদের ফেরার হওয়া আটকাতে বিলে সম্মতি রাষ্ট্রপতির-দৈনিক আনন্দবাজার
  • ভোটব্যাংকের জন্য উসকানিমূলক মন্তব্য করছেন মমতা, অভিযোগ অসমের মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন 
  • জম্মু–কাশ্মীরে দু’দিনের বন্‌ধ ডাকল বিচ্ছিন্নতাবাদীরা-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আজও প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে ২৯ জুলাই বাসের চাকায় পিষ্ট হয়ে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর শিক্ষার্থীদের সড়কে অবস্থান নেয়াসহ সর্বশেষ পরিস্থিতি সম্পর্কিত খবর তুলে ধরছি

যাচাই না করে বিশ্বাস করবেন না: প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

খবরটিতে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুজব ও অপপ্রচারে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘একদল লোক অপপ্রচার চালিয়ে দেশের পরিস্থিতিকে জটিল করে তোলার চেষ্টা করছে। দয়া করে আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না। কোনো মিথ্যা প্রচারে বিভ্রান্ত হবেন না।’আজ প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ জেলার ৩০০টি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার সংযোগ উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম- সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, " তাদের বল প্রয়োগ না করে  কি চুমু খাবে'।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

এদিকে ঢাকায় স্কুল কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন-ধৈর্যের বাঁধ ভাঙলে ব্যবস্থা নেয়া হবে। এটি ইত্তেফাকের খবর।

প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে কাঁদানে গ্যাস, যুবকদের লাঠিপেটা। 

বিস্তারিত খবরে লেখা হয়েছে, হাজার হাজার শিক্ষার্থীর ওপর পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটায় উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর জিগাতলা এলাকা। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দেয়। মিছিলে স্কুলের ইউনিফর্ম পরা কিছু শিক্ষার্থীকেও দেখা গেছে। তবে তাদের চেয়ে বিশ্ববিদালয়ের শিক্ষার্থীদের সংখ্যাই ছিল বেশি। এর মধ্যে বেশির ভাগই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। অন্য দেশের তুলনায় কতটা নিরাপদ ঢাকার সড়ক? এ শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় বাস চাপা পড়ে দুজন শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে পথে নেমেছেন। তাদের অবরোধ-আন্দোলনকে ঘিরে সরকারও বেশ বিব্রতকর অবস্থায়।

এদিকে দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, শাহবাগে কয়েক হাজার শিক্ষার্থীর বিক্ষোভ করেছে। রামপুরায় শিক্ষার্থীদের ধাওয়ায় আওয়ামী লীগের মিছিল পণ্ড হয়েছে বলে খবর দিয়েছে দৈনিক যুগান্তর। মিরপুরে শিক্ষার্থীদের মিছিল, সরকারদলীয়দের অবস্থান-এ খবরটিও যুগান্তরের। দৈনিকটির অন্য একটি খবর-এবার সড়কে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিক-আ’লীগকর্মীরা। সরকার সংকটে বিকল্প খুঁজছে- এ শিরোনামটি প্রথম আলোর। দৈনিকটিতে আলী রিয়াজের একটি নিবন্ধের শিরোনাম এরকম-নিরাপদ সড়ক-আন্দোলন দমনে শক্তির প্রয়োগ হবে বড় ভুল। অন্যদিকে গণপরিবহন শূন্য রাজধানীর খবর দিয়েছে ইত্তেফাক। দৈনিকটির অন্য একটি খবর-আমির খসরুর সঙ্গে ফোনালাপ: সেই যুবক আটক। তবে ফোনালাপের কথা অস্বীকার করেছে বিএনপি নেতা আমির খসরু- বিডিনিউজ অনলাইনের খবর। এভাবেই প্রায় সব দৈনিকের পাতা জুড়ে রয়েছে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন ও এ বিষয়ে আর যা ঘটছে সে খবর।

মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের ওপর হামলার নিন্দা ফখরুলের-দৈনিক ইত্তেফাক

মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট (ফাইল ফটো)

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেছেন, শনিবার রাতে মার্কিন রাষ্ট্রদূত সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে গিয়েছিলেন। তিনি বের হলে তার ওপর হামলা চালানো হয়। মার্কিন রাষ্ট্রদূতের ওপর এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর হামলার শামিল। এই হামলায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন করেছে। আমরা এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।রবিবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

ভোটব্যাংকের জন্য উসকানিমূলক মন্তব্য করছেন মমতা, অভিযোগ অসমের মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও অসমের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সোনওয়াল

এনআরসি নিয়ে প্রথমবার মুখ খুলেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুণ্ডপাত করলেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। সোনওয়ালের অভিযোগ, ভোট ব্যাংকের জন্য আগুন জ্বালানোর চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। মমতা যা বলছেন তা তাঁর মতো বর্ষীয়ান রাজনীতিবিদদের মানায় না। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য উসকানিমূলক এবং বিভাজনমূলক। এসব তিনি করছেন শুধুমাত্র নিজের রাজ্যের ভোটব্যাংক ঠিক রাখার জন্য। অসমের মুখ্যমন্ত্রীর অভিযোগ, এনআরসির নামে মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে। বাইরে ভুল তথ্য দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অনড় মনোভাবের জন্যই সংসদের মূল্যবান সময় নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন সর্বানন্দ সোনওয়াল।

ঋণখেলাপি ধনকুবেরদের ফেরার হওয়া আটকাতে বিলে সম্মতি রাষ্ট্রপতির-দৈনিক আনন্দবাজার

নীরব মোদি ও বিজয় মাল্য

কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশ ছেড়ে পালানো নীরব মোদী, বিজয় মাল্যদের মতো ধনকুবের ঋণখেলাপিদের আটকাতে ফিউজিটিভ ইকনমিক অফেন্ডারস বিলে সম্মতি দিয়ে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বিজয় মাল্য থেকে নীরব মোদী, ভারতে জালিয়াতির ঘটনায় অভিযুক্তরা বারবারই গা ঢাকা দিচ্ছেন বিদেশে। কোটি কোটি টাকা নয়ছয়ের পরেও আদালতের সমন অগ্রাহ্য করে ধরাছোঁয়ার বাইরে থাকছেন। অথচ তাঁদের ঋণ দিয়ে ভুগছে দেশের ব্যাঙ্কগুলি। এই পরিস্থিতি আটকানোর যুক্তি দেখিয়েই গত ১৯  জুলাই লোকসভায় একটি নতুন বিল পেশ করে সরকার। যার নাম ফিউজিটিভ ইকনমিক অফেন্ডারস বিল, ২০১৮।

প্রস্তাবিত সেই বিলে বলা হয়েছিল, ১০০ কোটি টাকার বেশি আর্থিক অপরাধ বা প্রতারণার মামলায় অভিযুক্তরা বিদেশে পালালে তাঁদের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।যাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, যিনি বিদেশে পালিয়েছেন এবং সমন পাঠানো সত্ত্বেও দেশে ফিরছেন না, এমন লোকেদেরই ফেরার তকমা দেওয়া হবে। 

জম্মু–কাশ্মীরে দু’দিনের বন্‌ধ ডাকল বিচ্ছিন্নতাবাদীরা-দৈনিক আজকাল

জম্মু–কাশ্মীরে দু’দিন বনধের ডাক দিল বিচ্ছিন্নতাবাদীরা৷ রোববার এবং সোমবার এই দু’দিন উপত্যকায় ডাকা হয়েছে বন্‌ধ৷ তার জেরে বন্ধ থাকছে দোকানপাট, অফিস কাছারি সহ–স্কুল কলেজ৷ রোববার ছুটির দিন হওয়ায় বন্‌ধের তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি৷ কিন্তু সোমবার কাশ্মীর পুরোপুরি অচল হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে৷ ফলে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। বন্‌ধের প্রভাব যাতে অমরনাথ যাত্রীদের ওপর এসে না পড়ে তার জন্য রবিবার থেকে সাময়িক বন্ধ রাখা হয়েছে এই তীর্থ যাত্রা৷ সুতরাং একদিকে বন্‌ধ নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই ভূস্বর্গে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫