সড়ক পরিবহন আইনের খসড়া অনুমোদন, সর্বোচ্চ ৫ বছরের দণ্ড
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- বিএনপির ফখরুল, খসরু ও রিজভীর বিরুদ্ধে মামলা-দৈনিক প্রথম আলো
- সহিংসতার আহ্বান জানানোর অভিযোগে আটক ৩-দৈনিক প্রথম আলো
- সড়ক পরিবহন আইনের খসড়া অনুমোদন, সর্বোচ্চ ৫ বছরের দণ্ড-দৈনিক যুগান্তর
- কুমিল্লার এক মামলায় খালেদা জিয়ার জামিন-ইত্তেফাক
- বিএনপি অশুভ শক্তির তত্পরতা শুরু করেছে: হানিফ-দৈনিক ইত্তেফাক
- বসুন্ধরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া-দৈনিক মানবজমিন
- রেকর্ড গড়ে সিরিজ জয় বাংলাদেশের-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- দাম্পত্য কলহের জের, তিন শিশুপুত্রকে নদীতে ছুঁড়ে ফেলে খুন বাবার-দৈনিক সংবাদ প্রতিদিন
- দাড়ি কেন, গলা কেটে দিলেও আমরা মুসলিম থাকব, দাবি আসাউদ্দিন ওয়াইসির-দৈনিক আজকাল
- সুকমার জঙ্গলে ধুন্ধুমার, নিরাপত্তাবাহিনীর গুলিতে হত ১৪ মাওবাদী, ছত্তীসগঢ়ে সতর্কতা-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. সর্বোচ্চ ৫ বছরের সাজা রেখে বাংলাদেশে সড়ক পরিবহন আইন অনুমোদন করা হয়েছে। কীভাবে দেখছেন বিষয়টিকে?
২. ইরানের জাতীয় সংসদে প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে তলব করেছে। কেন এই তলব? সংসদ কী রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীকে তলব করতে পারে?
সড়ক পরিবহন আইনের খসড়া অনুমোদন, সর্বোচ্চ ৫ বছরের দণ্ড-দৈনিক যুগান্তর
সর্বোচ্চ সাজা পাঁচ বছর ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে সড়ক পরিবহন আইন ২০১৮-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। নতুন আইন অনুযায়ী বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায় মামলা দায়ের হবে। এই ধারায় সাজা সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা। বর্তমান আইন অনুযায়ী সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান আছে।
তবে গাড়ি চালানোর কারণে কারো নিহত হওয়ার ঘটনা তদন্তে হত্যা বলে প্রমাণিত হলে ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ হবে। নতুন আইনে বলা হয়েছে, গাড়ি চালানোর অপেশাদার লাইসেন্স পেতে হলে অষ্টম শ্রেণি পাস ও ১৮ বছর হতে হবে। আর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ২১ বছর হতে হবে।
লাইসেন্সে চালকের জন্য ১২ পয়েন্ট থাকবে। অপরাধ করলে চালকের পয়েন্ট কাটা যাবে। এভাবে ১২ পয়েন্ট শেষ হয়ে গেলে তার লাইসেন্স বাতিল হবে। কোনো অপরাধী ড্রাইভিং লাইসেন্স পাবেন না। আগে যেসব অপরাধী লাইসেন্স পেয়েছেন তা বাতিল করা হবে।
বিএনপির ফখরুল, খসরু ও রিজভীর বিরুদ্ধে মামলা-দৈনিক প্রথম আলো
রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেছেন এবি সিদ্দিকী। ঢাকার মহানগর হাকিম এ এইচ এম তোয়াহা এই অভিযোগ তদন্ত করে তেজগাঁও থানার ওসিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। মামলায় তিনি দাবি করছেন, ৪ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। সেদিন তিনি কুমিল্লায় থাকা নওমী নামের এক কর্মীর সঙ্গে কথা বলেছেন। তিনি ওই কর্মীকে বলেছেন, ঢাকা এসে লোকজন নিয়ে নেমে পড়তে।
মামলায় এবি সিদ্দিকী দাবি করছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবীর রিজভীর হুকুমে নিরাপদ সড়ক চাই আন্দোলনে নিরীহ ছাত্র-ছাত্রীদের মধ্যে ছাত্রদলের কর্মীরা ঢুকে পড়েছে। ঢাকার জিগাতলায় ছাত্রদলের কর্মীরা আওয়ামী লীগের অফিসে হামলা করেছে। মিরপুরে মারপিট করেছে ছাত্রদল কর্মীরা। ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবহনে আগুন দিয়েছে। ছাত্রী ধর্ষণ ও ছাত্র-ছাত্রী নিহতের গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদলের কর্মীদের ঢুকিয়ে দিয়ে এই তিন আসামি সরকারবিরোধী ষড়যন্ত্র করেছেন।
দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-সহিংসতার আহ্বান জানানোর অভিযোগে আটক ৩। তাছাড়া ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আর মানবজমিন লিখেছে, বসুন্ধরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
জাতীয় ঐক্য ছাড়া ‘ভয়ঙ্কর’ অবস্থা থেকে মুক্তি পাওয়া কঠিন : ফখরুল-দৈনিক যুগান্তর
জাতীয় ঐক্য ছাড়া চলমান ‘ভয়ঙ্কর’ অবস্থা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, জাতীয় ঐক্য ছাড়া এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। কোমলমতি শিক্ষার্থীরা আমাদের চোখ খুলে দিয়েছে। তাদের আন্দোলন আমাদের সবাইকে নাড়া দিয়েছে। ছেলেরা আমাদের এক জায়গায় আনার সুযোগ করে দিয়েছে। ‘এখন দায়িত্বটা সব রাজনৈতিক দলের। আমরা সেই ডাকে সাড়া দিয়ে জাতীয় প্রয়োজনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সেই দায়িত্ব পালন করব।’ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জামিন সংক্রান্ত বিষয়ে পরামর্শ নিতে আজ দুপুরে হাইকোর্টে যান মির্জা ফখরুল।
বিএনপি অশুভ শক্তির তত্পরতা শুরু করেছে: হানিফ-দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে সমর্থনের নামে বিএনপি অশুভ শক্তির তত্পরতা শুরু করেছে। এ কারণে রাজধানীতে গত দুইদিন বেশকিছু সহিংসতা লক্ষ্য করা গেছে।’
তিনি বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর অডিও ক্লিপ সংলাপে এটা পরিস্কার যে নিরাপদ সড়কের আন্দোলন আর কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নেই। এই আন্দোলন এখন ভিন্নখাতে প্রবাহিত করার নীল নকশায় পরিণত হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
দাড়ি কেন, গলা কেটে দিলেও আমরা মুসলিম থাকব, দাবি আসাউদ্দিন ওয়াইসির-দৈনিক আজকাল
হরিয়ানাতে এক মুসলিমকে জোর করে তাঁর দাড়ি কাটতে বাধ্য করায় ক্ষোভ উগড়ে দিলেন সারা ভারত মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাউদ্দিন ওয়াইসি। তিনি জানান, তাঁদের গলা কেটে দিলেও তাঁরা মুসলিমই থাকবেন।
ওয়াইসি বলেন, ‘এক মুসলিম ব্যক্তিকে তাঁর দাড়ি কেটে ফেলতে বাধ্য করা হয়েছে। যারা এই কাজটি করেছে, আমি তাদের এবং তাদের বাবার উদ্দেশ্যে বলি যে আমাদের গলা কেটে ফেললেও, আমরা মুসলিমই থাকব। আমরা তোমাকে ইসলামে রূপান্তরিত করে তোমাকে দাড়ি রাখতে বাধ্য করব।’ বৃহস্পতিবার কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা গুরুগ্রামের ২৯ নম্বর সেক্টরের এক মুসলিম যুবকের দাড়ি জোর করে কেটে দেয়।
সুকমার জঙ্গলে ধুন্ধুমার, নিরাপত্তাবাহিনীর গুলিতে হত ১৪ মাওবাদী, ছত্তীসগঢ়ে সতর্কতা-দৈনিক আনন্দবাজার
বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। ছত্তীসগঢ়ের সুকমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল ১৪ মাওবাদী। রাজ্য পুলিশের স্পেশাল ডিজি (অ্যান্টি নকশাল অপারেশনস) ডি এম অবস্থি জানান, সুকমার মিকা টং জঙ্গলে সোমবার সকালে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, সিআরপিএফ এবং স্পেশাল টাস্ক ফোর্সের জওয়ানরা। গোল্লাপাল্লি এবং কোঁটার মাঝে পৌঁছতেই প্রায় দুশোরও বেশি মাওবাদী ঘিরে ধরে যৌথবাহিনীর জওয়ানদের। শুরু হয় তুমুল গুলির লড়াই। জওয়ানদের লক্ষ্য করে মুহুর্মূহু গুলি ছুটে আসছিল জঙ্গলের ভিতর থেকে। তত্পরতার সঙ্গে পাল্টা জবাব দেয় জওয়ানরাও।
অবস্থিত আরও জানান, ১৪ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ১৬টি আগ্নেয়াস্ত্রও। গত জুলাইয়ে বিজাপুর জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ মাওবাদীর নিহত হয়েছিল।
দাম্পত্য কলহের জের, তিন শিশুপুত্রকে নদীতে ছুঁড়ে ফেলে খুন বাবার-দৈনিক সংবাদ প্রতিদিন
স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের। রাগের বশে তিন শিশুপুত্রকে নদীতে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। তিনজনেরই মৃত্যু হয়েছে। প্রতিবেশীরাই গ্রাম লাগোয়া নদীতে শিশুদের দেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ এসে শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে সন্তানদের ছুঁড়ে ফেলেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত বাবা ভেঙ্কটেশ। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায়।
পুলিশ জানিয়েছে, মৃত শিশুরা হল পুণিত(৬), সঞ্জয়(৩) এবং ছ’মাসের রাহুল। গোটা ঘটনায় হতবাক মৃত শিশুদের মা অমরাবতী। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকেই নানা আজুহাতে ঝামেলা করত ভেঙ্কটেশ। মদ্যপ হয়ে বাড়ি ফিরেই মারধর শুরু হয়ে যেত।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬