‘সাংবাদিকদের ওপর হামলাকরীদের খুঁজতে কাজ করছে সরকার
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- আন্দোলন হওয়ার মতো বস্তুগত পরিস্থিতি নেই: কাদের-দৈনিক প্রথম আলো
- শিক্ষার্থীদের কোমরে দড়ি দিয়ে রিমান্ডে নেয়া জাতির জন্য লজ্জার : রিজভী-দৈনিক যুগান্তর
- ‘সাংবাদিকদের ওপর হামলাকরীদের খুঁজতে কাজ করছে সরকার’-দৈনিক ইত্তেফাক
- শহিদুল আলম ‘ভর্তিযোগ্য’ নন, ফের ডিবিতে-দৈনিক মানবজমিন
- তিন দিনে ২০ হাজার মামলা জরিমানা কোটি টাকার ওপরে-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- এটিএম জালিয়াতি কাণ্ডে এবার মুম্বইয়ের চক্র, শহরে ধৃত ৩-দৈনিক সংবাদ প্রতিদিন
- করুণানিধির প্রয়াণ রাজনীতিতে অপূরণীয় ক্ষতি: মমতা ব্যানার্জি-দৈনিক আজকাল
- স্বামীকে সিআইডি গ্রেফতারের পর কী বললেন ভারতী ঘোষ-দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. পদত্যাগই সব সমস্যার সমাধান হতে পারে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহাজাহান খান। কীভাবে দেখছেন তার এ বক্তব্যকে?
২. যারা ইরানের সঙ্গে বাণিজ্য করবে তারা আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে পারবে না- একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আন্দোলন হওয়ার মতো বস্তুগত পরিস্থিতি নেই: কাদের-দৈনিক প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে এই মুহূর্তে আন্দোলন হওয়ার মতো বস্তুগত পরিস্থিতি নেই। এই মুহূর্তে নানা খেলা চলছে। নানা অশুভ খেলা চলছে।
আজ ঢাকার আজিমপুর এতিমখানায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি কোটা আন্দোলনে ভর করে এখন শিক্ষার্থীদের নিরাপদ সড়কের ওপর ভর করেছে। শিশুরা বাড়ি ফিরে গেছে। নিরাপদ সড়ক আন্দোলনে ভর করেও যখন সফলতা আসেনি, তখন বিদেশিদের দ্বারে দ্বারে ধরনা দিয়ে নালিশ করছে। তিনি বলেন, ‘এই পার্টি আবারও প্রমাণ করল, এটা বিএনপি-বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি নয়, এটা বাংলাদেশ নালিশ পার্টি।’
সেতুমন্ত্রী বলেন, যাদের নিজের আন্দোলন করার সক্ষমতা নেই, ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে দেশের কথা বলছে, এরা দেশপ্রেমী নয়।
‘সাংবাদিকদের ওপর হামলাকরীদের খুঁজতে কাজ করছে সরকার’-দৈনিক ইত্তেফাক
শিক্ষার্থীদের অান্দোলনে সাংবাদিকদের ওপর হামলাকরীদের খুঁজে বের করতে সরকার কাজ করছে জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘যারা শিক্ষার্থীদের এই আন্দোলনে উস্কানি দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে তাদেরকেও চিহ্নিত করা হবে। তাদেরকে খুব শিগগির আইনের আওতায় আনা হবে।’ এসময় তিনি সাংবাদিকদের দাবির সঙ্গেও একত্মতা পোষণ করেন। আজ জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মদিন’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদুল আলম ‘ভর্তিযোগ্য’ নন, ফের ডিবিতে-দৈনিক মানবজমিন
রিমান্ডে থাকা আলোকচিত্রী শহিদুল আলমের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যিালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা। তার স্বাস্থ্য পরীক্ষার পর আবারো গোয়েন্দা পুলিশ (ডিবি) এর কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার সকালে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে নেয়া হয় শহিদুল আলমকে। দৈনিকটির অন্য একটি খবর ড. শহিদুল আলমের সমর্থনে ভারতের রঘু রাই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।
শিক্ষার্থীদের কোমরে দড়ি দিয়ে রিমান্ডে নেয়া জাতির জন্য লজ্জার : রিজভী-দৈনিক যুগান্তর
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের কোমরে দড়ি দিয়ে রিমান্ডে নেয়া জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ২২ শিক্ষার্থীকে কোমরে দড়ি লাগিয়ে রিমান্ডে নেয়া হচ্ছে। এ যেন গোটা ছাত্রসমাজের কোমরে দড়ি বেঁধে টেনে নেয়া হচ্ছে। এটি জাতির জন্য শুধু লজ্জার নয়, এ দৃশ্য দেখে মানুষ ধিক্কার জানাচ্ছে।
‘সরকার কতটা নিষ্ঠুর-নির্মম হতে পারে যে কোমলমতি ছাত্রছাত্রীদের ন্যায্য আন্দোলনের দাবি দমন করতে তাদের গ্রেফতার করে পায়ে ডাণ্ডাবেড়ি ও কোমরে দড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে কতটা নির্মমতার পথ বেছে নিতে পারে, এটি তার একটি নিকৃষ্ট উদাহরণ।’
তিন দিনে ২০ হাজার মামলা জরিমানা কোটি টাকার ওপরে-দৈনিক নয়া দিগন্ত
শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে টানা নয় দিন রাজধানীতে যানবাহন চলাচলে অচলাবস্থার পর গতকাল পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে রাজধানী থেকে উধাও হয়ে গেছে গণপরিবহনের অনেক গাড়ি। ফিটনেসবিহীন বাসগুলো রাস্তায় নামান হয়নি। লক্কড়ঝক্কড় গাড়িগুলো পাঠানো হয়েছে গ্যারেজে। রঙ লাগিয়ে সেগুলোকে সাজানো হচ্ছে নতুন সাজে। ফলে গণপরিবহন সঙ্কটে নগরবাসীর ভোগান্তির অবসান হয়নি। শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী হত্যায় বন্ধ হয়ে যাওয়া জাবালে নূর পরিবহন নাম পরিবর্তন করে আবারো রাস্তায় নামার তোরজোড় চলছে। আল-মক্কা নাম ধারণ করে ওই গাড়িগুলো প্রস্তুত করা হচ্ছে রাস্তায় নামানোর জন্য। এ দিকে মহানগর পুলিশ সূত্র জানিয়েছে, গত তিন দিনে ২০ হাজারের ওপরে মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে এক কোটি টাকার ওপরে। গতকাল মঙ্গলবার মামলা হয়েছে ৩ হাজার ৯০৯টি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
স্বামীকে সিআইডি গ্রেফতারের পর কী বললেন ভারতী ঘোষ-দৈনিক আনন্দবাজার
তাঁর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, এবং সেই ষড়যন্ত্রেরই অংশ হিসাবে ধরা হয়েছে তাঁর স্বামীকে, এমনটাই অভিযোগ করলেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় মঙ্গলবার প্রাক্তন আইপিএস ভারতীর স্বামী এমএভি রাজুকে গ্রেফতার করে সিআইডি। সোনা কেনার নামে প্রতারণার অভিযোগে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন চন্দন মাজি নামে এক ব্যক্তি। সেই মামলার চার্জশিটে ভারতী ঘোষ, তাঁর স্বামী এমএভি রাজু এবং ভারতীর দেহরক্ষী সুজিত মণ্ডল-সহ ৯ জনের নাম ছিল।
রাজুকে গ্রেফতারের পর একটি অডিও বিবৃতি প্রকাশ করেন ভারতী। তাতে তিনি অভিযোগ করেন, “রাষ্ট্রশক্তি আমার পিছনে উঠেপড়ে লেগেছে আমার জীবন ধ্বংস করার জন্য।”
করুণানিধির প্রয়াণ রাজনীতিতে অপূরণীয় ক্ষতি: মমতা ব্যানার্জি-দৈনিক আজকাল
করুণানিধির প্রয়াণের পর শোকজ্ঞাপন করতে সকলের আগে চেন্নাই পৌঁছন মমতা ব্যানার্জি। মেরিনা বিচে প্রিয় নেতার শেষকৃত্য বিতর্কের মাঝেই তিনি হয়েই উঠলেন ভরসার জায়গা। তাঁকে ঘিরেই আর্তি কলাইগনারের শোকবিহ্বল জনতার আর্তি। দক্ষিণের রাজ্যে তিনিই যেন নয়া আম্মা। আর শেষকৃত্যের বিতর্কের মধ্যে তিনি বলেন, ‘করুণানিধি গোটা দেশের মধ্যে বর্ষীয়ান রাজনীতিবিদ। আমার সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্ক খুব ভাল ছিল। কিন্তু আমি অখুশি হয়েছিলাম যখন তাঁর শেষকৃত্য নিয়ে মামলা দায়ের হয়েছিল। এটা সঠিক কাজ নয়। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাজ হাইকোর্টকে মেরিনা বিচে শেষকৃত্য করার রায়দানের জন্য। স্ট্যালিনের সঙ্গেও আমার সম্পর্ক ভাল। তাই আমি তাঁদের পরিবারের পাশে আছি।’
তিনি বলেন, ‘এটা দেশের কাছে অপূরণীয় ক্ষতি। আমি তাঁকে সর্বোচ্চ শ্রদ্ধা জানাচ্ছি। কারণ তিনি দেশের সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদ। এখানে কোনও রাজনৈতিক কথা বলতে চাই না। কারণ এটা রাজনৈতিক কথা বলার উপযুক্ত জায়গা নয়। তাই আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।’
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮