আগস্ট ১১, ২০১৮ ১১:০৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১১ আগস্ট শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • হামলাকারী শনাক্তে তৎপরতা নেই -দৈনিক প্রথম আলো
  • ট্রাফিক আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা : ডিএমপি কমিশনার -দৈনিক যুগান্তর
  • বিএনপি নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয় : ওবায়দুল কাদের -দৈনিক ইত্তেফাক
  • ফেসবুক কেন, যা ক্ষতিকর হবে তাই বন্ধ করতে হবে –মোস্তফা জব্বার-দৈনিক মানবজমিন
  • আলোচনা হতে হবে সুনির্দিষ্ট বিষয়ে : রিজভী -দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • প্রয়োজন নেই কাগজের নথির, সরকারি কাজকর্ম এবার ডিজিটাল ডকুমেন্টেই -দৈনিক সংবাদ প্রতিদিন 
  • কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পদত্যাগের দাবি কংগ্রেসের -দৈনিক আজকাল
  • কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উপড়ে ফেলার ডাক অমিতের -দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. অনাস্থার মুখে সিইসি এখন কি করবেন?-এমন একটি প্রতিবেদেন ছেপেছে দৈনিক মানবজমিন। প্রতিবেদনটি সম্পর্কে আপনি কী বলবেন?

২. ইয়েমেনের স্কুল বাসে সৌদি হামলার তদন্ত চেয়েছে নিরাপত্তা পরিষদ। আপনার কী মনে হয় এই তদন্ত হবে?

হামলাকারী শনাক্তে তৎপরতা নেই-দৈনিক প্রথম আলো

নিরাপদ সড়কের আান্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর হামলা করেছিল লাঠিসোঁটা, রামদা হাতে হেলমেট পরিহিত লোকজন। আন্দোলনের তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিকেরা এখনো সুস্থ হননি। কিন্তু সুস্পষ্ট ছবি-ভিডিও থাকার পরও জানা যায়নি এই ‘হেলমেট বাহিনী’ আসলে কারা। এদের গ্রেপ্তারে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতাও নেই।

মার খেয়ে উল্টো গ্রেপ্তার হয়েছেন ২২ শিক্ষার্থী। থানা হেফাজতে তাঁদের সঙ্গে ভালো আচরণ করা হয়নি। রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার আদালত চত্বর থেকে কেঁদে-কেটে কারাগারে গেছেন তাঁরা; কারাবাসের কথা যাঁরা স্বপ্নেও কোনো দিন ভাবেননি।

মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে ঘটনা ঘটল, তারপর তাদের গ্রেপ্তার করা হলো, তাহলে যারা হামলা করল, তাদের কেন গ্রেপ্তার করা হবে না? আইনের চোখে যে সবাই সমান, সেটা যেন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়। তিনি বলেন, ‘এখানে রাষ্ট্র একচোখা আচরণ করছে। এক পক্ষকে গ্রেপ্তার করছে, আরেক পক্ষকে কিছু বলছে না। আর হেফাজতে নিয়ে যদি কাউকে নির্যাতন করা হয়, তাহলে ধরে নিতে হবে, রাষ্ট্রই সেই নির্যাতন করছে। আমাদের দাবি, আইনের প্রয়োগ যেন সততা ও স্বচ্ছতার সঙ্গে করা হয়।’

অশুভ চক্র বহাল, দোষ শুধুই চালকের?-প্রথম আলোর মন্তব্য কলাম

অশুভ চক্র বহাল, দোষ শুধুই চালকের

পরিবহন খাতের এই অরাজকতার চিত্র শুধু পশ্চিমবঙ্গের নয়, আমাদেরও। এখন আমরা যা হাড়ে হাড়ে টের পাচ্ছি। ইউনিয়নের দৌরাত্ম্য মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। এর চেয়েও বড় কথা, ইউনিয়নে শ্রমিকদের নেতৃত্ব নেই, আছে শাজাহান খান প্রকৃতির রাজনীতিকদের নেতৃত্ব; বিএনপি ক্ষমতায় থাকার সময় যা ছিল মির্জা আব্বাসদের হাতে। ইউনিয়নের দখলদারি নিয়ে মারামারি ও সহিংসতার ঘটনাও প্রায়ই ঘটে।

এই অশুভ চক্রের হাতে গোটা দেশের পরিবহন খাত জিম্মি, যার নির্মম শিকার হচ্ছেন সাধারণ মানুষ, যদিও মানুষের ক্ষোভের শিকার হচ্ছেন শুধু চালকেরা। চালকের অবহেলার কারণে সড়ক দুর্ঘটনা ঘটলে তার দায় অবশ্যই চালকের। কিন্তু আরেকটি ব্যাপারে আমরা খেয়াল করি না, তা হলো বাসের ফিটনেস না থাকার মূল দায় মালিকের। বাসের চাকা ফেটে গেছে, ব্রেক ঠিকঠাক কাজ করে না—এসব সমস্যা সমাধানের দায়িত্ব মালিকের। এসব কারণেও কখনো কখনো দুর্ঘটনা ঘটে। ফলে, তখন দুর্ঘটনার দায় এককভাবে চালকের কাঁধে চাপানো যায় না। অথচ পুরো চক্র মানুষের দৃষ্টির বাইরে থেকে যাচ্ছে।

বিএনপি নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয় : ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ আতঙ্কিত নয়। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো রাজনৈতিক সংকটের সৃষ্টি হলেও সরকার গৃহীত কোনো প্রকল্পের কাজ বন্ধ থাকবে না। 

শনিবার সকালে রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ পরিদর্শন করে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।  বলেও জানান ওবায়দুল কাদের। 

সেতুমন্ত্রী বলেন, ‘বাড়ি দখলে রাখতে চেয়েছে, সেই ভুয়া ব্যারিস্টারের কথায় বাংলাদেশের তরুণরা বিভ্রান্ত হবে না। ৯ বছরের ৯ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপি। আন্দোলন করতে পারেনি। কোটার ওপর ভর করে থাকতে পারেনি, ছাত্রছাত্রীদের ওপর ভর করে থাকতে পারেনি, নিরাপদ সড়কের ওপর ভর সেখানেও ব্যর্থ, অবশেষে বিদেশিদের কাছে নালিশ করা শুরু করেছে। আজকে ফখরুল সাহেব বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া হয়ে গেছেন।’ 

আলোচনা হতে হবে সুনির্দিষ্ট বিষয়ে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে স্বচ্ছ মন নিয়ে আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়ে বলেছেন, শূন্য টেবিলে তো আর আলোচনা হয়না। আলোচনার জন্য সুনির্দিষ্ট বিষয়বস্তু থাকতে হবে।

অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইতোমধ্যে বিরোধী দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেসব বিষয়ে আলোচনা হতে পারে। তারা যদি এটা না চায় তাহলে বুঝতে হবে তাদের মন স্বচ্ছ না। তাদের মন সাদা নয়, অফ-হেয়াইট(ঘোলাটে)।’

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

প্রয়োজন নেই কাগজের নথির, সরকারি কাজকর্ম এবার ডিজিটাল ডকুমেন্টেই-দৈনিক সংবাদ প্রতিদিন

ডিজিটাল লকার

আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আরও না জানি কতও রকমের নথি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। সমস্ত গুরুত্বপূর্ণ নথি বয়ে বেড়াতে হয় সঙ্গে। এতে যেমন এই কাগজের নথিগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেমনি সম্ভাবনা থাকে হারিয়ে ফেলারও। সরকারি দপ্তরেও এই নথিগুলির প্রত্যয়িত প্রতিলিপি জমা পড়ে তৈরি হয় কাগজের পাহাড়। এসব ঝক্কি থেকে মুক্তি দিতে এবার নয়া উদ্যোগ নিল কেন্দ্র সরকার। এখন থেকে সমস্ত নথি পাওয়া যাবে ডিজিটাল রুপে। মানে আপনার আধার কার্ড হবে ডিজিটাল, প্যান কার্ড বা ভোটার কার্ডও আপনি বানিয়ে নিতে পারেন ডিজিটাল ফরম্যাটে। আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে তৈরি হবে ডিজি-লকার। যার পাসওয়ার্ড থাকবে শুধুমাত্র আপনার কাছে। এই ডিজি-লকারে জমা থাকা ডকুমেন্ট আপনি ব্যবহার করতে পারবেন যে কোনও সরকারি কাজে। কাগজের নথি আপনাকে জমা দিতে হবে না।

কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উপড়ে ফেলার ডাক অমিতের-দৈনিক আনন্দবাজার

বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে উগ্রপন্থীরা ঢুকছে, এবং এদের আটকাতেই এনআরসি-র মতো পদক্ষেপ জরুরি— কলকাতায় মেয়ো রোডের সভায় এ ভাবেই নাগরিক পঞ্জি নিয়ে মুখ খুললেন অমিত শাহ।

যুবব জনতা মোর্চার সভায় অমিত শাহের বক্তৃতার নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে এ রাজ্য থেকে মমতা সরকারকে উপড়ে ফেলার চ্যালেঞ্জ ঘোষণা করলেন অমিত। একই সঙ্গে নাগরিক পঞ্জি নিয়েও মমতার বিদ্রোহকে চ্যালেঞ্জ ছুড়ে অমিত বললেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান শরণার্থীদের এ দেশে নাগরিক করতে বিল আনবে কেন্দ্র, সেই বিল আইনে পরিণত করা আটকাবার ক্ষমতা থাকলে মমতা আটকান। এ দিকে এ দিন আবার গোটা রাজ্যে কালা দিবস পালন করছে তৃণমূল।

কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পদত্যাগের দাবি কংগ্রেসের-দৈনিক আজকাল

আবারও এক বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। আসাম পুলিসের পক্ষ থেকে জানা গিয়েছে, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এক মহিলার অভিযোগের ভিত্তিতে এই অভিযোগ বলে জানা গিয়েছে। 

গত ২ আগস্ট আসামের একটি থানায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন নির্যাতনের মামলা দায়ের হয়। মামলা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৩৭৬ এবং ৫০৬ ধারায়।

যদিও রাজেন গোহেন সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, রাজনৈতিকভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করার চক্রান্ত চলছে। পুরোটাই রাজনৈতিক চক্রান্ত।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১