কোটা প্রায় উঠিয়ে দেওয়ার পক্ষে সরকারি কমিটি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- কোটা প্রায় উঠিয়ে দেওয়ার পক্ষে সরকারি কমিটি-দৈনিক প্রথম আলো
- মানহানির মামলায় খালেদার ৬ মাসের জামিন-দৈনিক ইত্তেফাক
- প্রধানমন্ত্রীর আহ্বান-গুজবে কান দেবেন না-দৈনিক মানবজমিন
- বড় শিল্প গ্রুপের হাতে বন্দী ব্যাংকিং খাত-দৈনিক নয়া দিগন্ত
- কওমি সনদের স্বীকৃতির আইন মন্ত্রিসভায় অনুমোদনদৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- গণহারে গণপিটুনির দায় বিরোধীদের উপর চাপালেন মোদী-দৈনিক আনন্দবাজার
- সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন সোমনাথ, টুইটারে শোকপ্রকাশ মোদি-মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
- অসম–কান্ডে ধিক্কার দিয়ে পথে তৃণমূল-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
কোটা প্রায় উঠিয়ে দেওয়ার পক্ষে সরকারি কমিটি-দৈনিক প্রথম আলো
সরকারি চাকরিতে কোটা সংস্কার, বাতিল ও পর্যালোচনায় গঠিত সরকারি কমিটির সুপারিশ হলো—কোটা প্রায় পুরোটাই উঠিয়ে দেওয়া। এর পাশাপাশি মেধাকে প্রাধান্য দেওয়ারও সুপারিশ এসেছে। তবে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ও ওই কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল আলম। তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের একটি রায় আছে যে মুক্তিযোদ্ধা কোটা প্রতিপালন করতে হবে। সংরক্ষণ করতে হবে। যদি পদ খালি থাকে, তবে তা খালি রাখতে হবে।’ মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘সরকার আদালতের কাছে মতামত চাইবে। যদি আদালত বাতিল করে দেন, তবে কোটা থাকবে না।
প্রধানমন্ত্রীর আহ্বান-গুজবে কান দেবেন না-দৈনিক মানবজমিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দয়া করে গুজবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেকে গুজব ছড়িয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি সুশিক্ষা ও আধুনিক শিক্ষার জন্য। অশ্লীল কথা বা গুজবের জন্য নয়। গতকাল তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিশুরা আমাদের চোখ খুলে দিয়েছে, বিবেককে জাগ্রত করেছে। তাই আমি আশা করবো জনগণ বিশেষ করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষানুযায়ী সকলেই তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করবেন।
২২ শিক্ষার্থীকে মুক্ত করার উদ্যোগ নেই-দৈনিক প্রথম আলো
নিরাপদ সড়ক আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২২ ছাত্রের মুক্তির ব্যাপারে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। গ্রেপ্তার হওয়া ছাত্রদের কেউই জামিন পাননি; বরং গতকাল রোববার আদালত চারজনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ছাত্রদের অভিভাবকেরা বলছেন, তাঁদের সন্তানেরা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। পুলিশ কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তাঁদের গ্রেপ্তার করেছে। আর পুলিশ বলছে, ছাত্ররা যে সহিংসতায় জড়িত ছিল তার প্রমাণ তাদের হাতে রয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ছাত্ররা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এমন কোনো তথ্য তারা পায়নি।
মানহানির মামলায় খালেদার ৬ মাসের জামিন-দৈনিক ইত্তেফাক
নড়াইলে মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুটি মামলায় জামিন পেলে বিএনপি চেয়ারপারসন কারামুক্তি পাবেন। গত ৫ আগস্ট নড়াইলের জেলা ও দায়রা জজ খালেদা জিয়ার জামিন আবেদন নাকচ করে দেয়।
বড় শিল্প গ্রুপের হাতে বন্দি ব্যাংকিং খাত-দৈনিক নয়া দিগন্ত
উদ্দেশ্য ছিল বিশেষ সুবিধা নিয়ে ঋণ পুনর্গঠনের মাধ্যমে শিল্প গ্রুপগুলো লোকসান কাঠিয়ে উঠবে। একই সাথে প্রতিষ্ঠানগুলো চালু রেখে আয়-উপার্জনের মাধ্যমে ঋণের অর্থ পরিশোধ করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ঋণ পুনর্গঠনের সুবিধা নেয়ার পর প্রতিষ্ঠানগুলো তা পরিশোধ করছে না। যে পরিমাণ ঋণ পুনর্গঠন করেছিল তার কিস্তি পরিশোধ না করায় সুদে-আসলে তা ক্রমন্বয়ে বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, উচ্চ আদালত থেকে খেলাপি ঋণের ওপর স্থাগিতাদেশ নিয়ে বড় বড় গ্রুপ অন্য ব্যাংক থেকে ঋণ সুবিধা নিচ্ছে। এতে ব্যাংকের পুঞ্জীভূত খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে লোকসানের পাল্লা।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
গণহারে গণপিটুনির দায় বিরোধীদের উপর চাপালেন মোদী-দৈনিক আনন্দবাজার
একের পর এক গণপিটুনিতে মৃত্যু। কখনও গো-রক্ষার নামে। কখনও দলিত হওয়ার ‘অপরাধে’। কখনও স্রেফ গুজবে ভর করে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া অবধি এমন ঘটনা বহু বার ঘটেছে। কিন্তু শত সমালোচনাতেও একটি মন্তব্যও করেননি মোদী।
অবশেষে তিনি মুখ খুললেন। গত চার বছরে একটিও সাংবাদিক সম্মেলন না করা মোদী একটি সংবাদসংস্থাকে ই-মেল মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে গণপিটুনি নিয়ে মুখ খুললেন। আর মুখ খুলে গণপিটুনি নিয়ে রাজনীতির অভিযোগ তুলে দুষলেন বিরোধীদের! গত তিন বছরে দাদরির মহম্মদ আখলাখ থেকে অলওয়ারে পেহলু খান— প্রায় সবক’টি ঘটনাতেই গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের দিকে আঙুল উঠলেও মোদীর দাবি, এ সব নিয়ে রাজনীতি করাটা বিরোধীদের বিকৃত মানসিকতা!
অসম–কান্ডে ধিক্কার দিয়ে পথে তৃণমূল-দৈনিক আজকাল
বিজেপি–র সভাপতি অমিত শাহর কলকাতা সফরের পরদিনই রোদ–বৃষ্টির মধ্যে কলকাতায় ধিক্কার দিবস পালন করল তৃণমূল। রোববার ধর্মতলায় বড় মিছিল হয়। তাছাড়া উত্তরে চিড়িয়ামোড়ের সামনে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা বিজেপি সভাপতি অমিত শাহর কুশপুত্তলিকা দাহ করে। কালো পতাকা, কালো ব্যাজ পরে কর্মীরা নরেন্দ্র মোদি ও শাহর বিরুদ্ধে স্লোগানও দেন। তৃণমূলের প্রথমসারির নেতারা নাগরিকপঞ্জি নিয়ে তারা প্রতিবাদ জারি রেখেছেন।
সংসদীয় গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন সোমনাথ, টুইটারে শোকপ্রকাশ মোদি-মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
জাতীয় রাজনীতিতে এক যুগের অবসান ঘটিয়ে বিদায় নিলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ ভট্টাচার্য৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটারে প্রাক্তন অধ্যক্ষকে শেষ শ্রদ্ধা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর৷ সোমনাথের বিদায়ে মর্মাহত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ টুইটে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন