আগস্ট ১৪, ২০১৮ ১১:০৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৪ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে: কাদের-দৈনিক প্রথম আলো
  • ঈদের আগে খালেদা জিয়াসহ ২২ শিক্ষার্থীর মুক্তি দাবি বিএনপির-দৈনিক যুগান্তর
  • আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের আশঙ্কা-দৈনিক ইত্তেফাক
  • আওয়ামী লীগের আয় বেড়েছে ৪ গুণ-দৈনিক মানবজমিন
  • এক বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন কেন শুরু হলো না?-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • বিনিয়োগের গন্তব্য এখন বাংলা’, লগ্নিকারীদের আহ্বান মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন 
  • লাদাখে তাঁবু গেড়েছে চীন-দৈনিক আজকাল
  • স্বাধীন ভারতে সবচেয়ে বেশি নামল টাকার দাম-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. কোটা প্রায় তুলে দেয়ার পক্ষে কমিটি; মুক্তিযোদ্ধা কোটার ব্যাপারে আদালতের মতামত চাওয়া হবে- এমন একটি খবর দিয়েছে দৈনিক মানবজমিন। কোটা সংস্কারের বিষয়ে আসলে কী হতে যাচ্ছে?

২. প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে ইরান যাচ্ছেন ইমরান খান। ইরানকে এতটা গুরুত্ব দিচ্ছেন কেন ইমরান খান?

ঈদের আগে খালেদা জিয়াসহ ২২ শিক্ষার্থীর মুক্তি দাবি বিএনপির-দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

পবিত্র ঈদুল আজহার আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী কারাবন্দি ২২ শিক্ষার্থীর মুক্তির দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, কোরবানি ঈদের প্রাক্কালে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি মেলেনি। অন্যায় সাজায় তাকে বন্দি করে রাখা হয়েছে। আরেকটি একতরফা নির্বাচন আয়োজনের জন্য শেখ হাসিনার একমাত্র প্রতিপক্ষ হিসেবে খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষার্থীদের হাতকড়া ও দড়ি বেধে নেয়া হয় জেলে

‘আইনি প্রক্রিয়ার নামে আওয়ামী সরকারি প্রক্রিয়ায় খালেদা জিয়ার ওপর নামিয়ে আনা হয়েছে জুলুম ও অত্যাচার। অবৈধ সরকার নিজেদের নিরাপদ রাখতেই এ জুলুম ও অত্যাচার। তারা বহুদলীয় গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনকে বিপদ মনে করে।’ রিজভী বলেন, খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে একতরফা নির্বাচন হবে না

বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে: কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে দুঃস্বপ্ন দেখছে। বিএনপি তাদের দোসরদের নিয়ে দেশে-বিদেশে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি দলীয় নেতাকমীদের উদ্দেশ্যে বলেন, জনগণকে খুশি রাখবেন, জনগণের সঙ্গে ভালো ব্যবহার করবেন, যারা ভুল করেছেন তারা সংশোধন হয়ে যান। অন্যথায় অপকর্মে জড়িতদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখব না। আমি জানি কারা এখানে কি করছে, সবাই এক থাকুক এবং ঐক্যবদ্ধ থাকুন। ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আওয়ামী লীগের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই।

আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের আশঙ্কা-দৈনিক ইত্তেফাক

আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আশঙ্কা

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির আড়াই বছরের মাথায় আবারও রিজার্ভ চুরির আশঙ্কা করা হচ্ছে। ম্যালওয়্যার ভাইরাসের মাধ্যমে হ্যাক করে চুরির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এমন আশঙ্কা প্রকাশ করে চিঠি দিয়েছেন। তবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বলছে, এমন ঘটনা আর ঘটবে না।

 সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের জন্য চারটি দেশ বাংলাদেশের উপর নজর রাখছে। এসব দেশের হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ম্যানেজমেন্টের দূর্বল দিকগুলো খুজে বের করছে। এমন তথ্য জানিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় অর্থমন্ত্রণালয়কে সতর্ক থাকতে বলেছে।

আওয়ামী লীগের আয় বেড়েছে ৪ গুণ-দৈনিক মানবজমিন

বাংলাদেশ আওয়ামী লীগ

২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় বেড়েছে চার গুণেরও বেশি। একই অনুপাতে বেড়েছে দলটির ব্যয়ও। নির্বাচন কমিশনে (ইসি) ২০১৭ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে দলটির আয় দেখানো হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা। আর ব্যয় দেখানো হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা।  মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইসি ভবনে সচিব হেলালুদ্দীন আহমদের হাতে ২০১৭ সালের (জানুয়ারি-ডিসেম্বর) আয়-ব্যয়ের হিসাব তুলে দেন আওয়ামী লীগের প্রতিনিধিরা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন আয় ব্যয়ের এই হিসাব জমা দেন। উদ্বৃত্ত হিসেবে ৬ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ১১৭ টাকা দেখানো হয়েছে। দলের আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে- নেতাদের মাসিক চাঁদা, জেলাভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, এমপি ও সংরক্ষিত নারী আসনের এমপিদের চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি (উপনির্বাচন), দলের পত্রিকা, সাময়িকী ও বইপুস্তক বিক্রি, বিজ্ঞাপন (উত্তরণ), অনুদান, প্রাথমিক সদস্য ফরম বিক্রি, জেলা মঞ্জুরি ফি, পুরোনো কাগজ বিক্রি, ভবন নির্মাণের জন্য অনুদানসহ বিবিধ আয়।।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

স্বাধীন ভারতে সবচেয়ে বেশি নামল টাকার দাম-দৈনিক আনন্দবাজার

স্বাধীন ভারতে মার্কিন ডলারের সঙ্গে রুপির প্রতিযোগিতায় সর্বনিন্ম অবস্থানে

মার্কিন ডলারের সঙ্গে প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়ল টাকা। নিজের ‘মান’ খুইয়ে ভারতীয় মুদ্রা আরও বেশি শক্তিশালী করে তুলল মার্কিন ডলারকে। মঙ্গলবার সকালে এক মার্কিন ডলারের দাম দাঁড়াল ৭০ টাকা ৯ পয়সা। ভারত স্বাধীন হওয়ার পর গত ৭১ বছরে মার্কিন ডলারের সঙ্গে প্রতিযোগিতায় কখনও এতটা পিছিয়ে পড়েনি টাকা। বিশেষজ্ঞদের আশঙ্কা, মার্কিন ডলারের তুলনায় আরও পড়তে পারে টাকার দাম। এক মার্কিন ডলার আরও মূল্যবান হয়ে পৌঁছে যেতে পারে ৭২ টাকায়।

কেন গত দু’-তিন মাসে মার্কিন ডলারের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে পারছে না ভারতীয় মুদ্রা? কেন তা পিছিয়ে পড়ছে উত্তরোত্তর? কেন হু হু করে পড়ছে টাকার দাম?

বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, টাকার এই অধঃপতনের অন্যতম কারণ, এ দেশে বিদেশি লগ্নির পরিমাণে ঘাটতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানে যে তেমন সাড়া মেলেনি, প্রত্যাশামাফিক বিদেশি পুঁজি লগ্নির ঢল নামেনি ভারতে, মার্কিন ডলারের তুলনায় টাকার উত্তরোত্তর অধঃপতন তারই ইঙ্গিত দিচ্ছে। 

লাদাখে তাঁবু গেড়েছে চীন-দৈনিক আজকাল

লাদাখ

লাদাখে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী।‌ লাইন অফ অ্যাক্চুয়াল কন্ট্রোল বা এলএসি বরাবর লাদাখের পূর্বে ডেমচক সেক্টরে প্রায় ৪০০ মিটার ভিতরে গত মাসে মোট পাঁচটি তাঁবু গেড়েছিল চীন। তবে সোমবার ভারতীয় নিরাপত্তা বিভাগ সূত্রে খবর মিলেছে, সম্প্রতি দু’দেশের ব্রিগেডিয়ার পর্যায়ের আলোচনার পর চেরডং–নেরলং এলাকা থেকে তিনটি তাঁবু উঠিয়ে নিয়ে গিয়েছে চীন।

তবে দুটি এখনও রয়ে গিয়েছে লাদাখের ভিতরই। সেগুলি কবে সরাবে চীনা সেনা, বা ভারতীয় সেনার তরফেই এবিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নিয়ে সেনার তরফে এখনও কিছু জানানো হয়নি এবিষয়ে। সূত্রের খবর, জুলাইয়ের প্রথম সপ্তাহে রাখালের ছদ্মবেশে গবাদি পশু নিয়ে ভারতের মাটিতে ঢুকেছিল চীনা সেনা। সেসময় ভারতীয় সেনাবাহিনী তাদের বারবার সরে যেতে বললেও তারা কর্ণপাত করেনি। চীনা সেনার তরফে পাল্টা অভিযোগ করা হয়, নেরলং অঞ্চলে রাস্তা তৈরি করছে লাদাখ প্রশাসন।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪