আগস্ট ১৫, ২০১৮ ১১:২১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৫ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আজ জাতীয় শোকব দিবস-দৈনিক ইত্তেফাক
  • কোটা আন্দোলনের নেত্রী গ্রেপ্তার-দৈনিক প্রথম আলো
  • বিএনপি শর্ত ছাড়াই সংলাপে যেতে প্রস্তুত-দৈনিক যুগান্তর
  • বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে গণগ্রেপ্তার চলছে-দৈনিক মানবজমিন
  • রাজশহীতে বইয়ের দোকানে নিয়ন্ত্রণহীন বাস, নিহত ৩-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস, লালকেল্লায় ভাষণ প্রধানমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন 
  • স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে কী বললেন প্রধানমন্ত্রী?-দৈনিক আজকাল
  • সার্থক জনম-দেশপ্রেমে মুগ্ধ দেশ, সেই হায়দর এখন নিজেই দেশহীন-দৈনিক আনন্দবাজার 

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. গতকাল লন্ডনভিত্তিক ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্টে বলা হয়েছে বিশ্বে বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা হচ্ছে দ্বিতীয়। আসলে এই রিপোর্টের বাস্তবতা কী?

২. আগের মতো যুদ্ধ শুরু করার ক্ষমতা আমেরিকা ও ইসরাইলের নেই- একথা বলেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলনের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। আসলে কী তাই?

আজ জাতীয় শোকব দিবস

শেখ মুজিবুর রহমান

আজ জাতীয় শোক দিবস। বাঙালি ও বাংলাদেশের শোকের দিন আজ। শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস আজ। ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী। দৈনিক ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকে খবরটি প্রকাশিত হয়েছে।দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানিয়েছেন। দৈনিক প্রথম আলোর শিরোনাম-বঙ্গবন্ধুর পলাতক ছয় খুনি    দুজনকে ফেরাতে আইনি প্রক্রিয়া, চারজনের অবস্থান অজানা।

‘জনগণকে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করা হবে--কাদের দৈনিক প্রথম আলো/ইত্তেফাক

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করা হবে। তিনি আজ সকালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় শোক দিবসে আমাদের শপথ হবে, বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন অপশক্তি বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করব।’

তিনি বলেন, ‘আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাব। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয়গান গাই, ধ্বংস স্তূপের ওপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা উড়াই। আর এটাই হলো আওয়ামী লীগের ইতিহাস।

বিএনপি শর্ত ছাড়াই সংলাপে যেতে প্রস্তুত-দৈনিক যুগান্তর

বিএনপি

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংলাপের আহ্বান জানালে কোনো শর্ত ছাড়াই সাড়া দিতে প্রস্তুত বিএনপি। তবে এ আহ্বান কোনো সভা-সমাবেশে বক্তব্যের মাধ্যমে নয়, সেটি হতে হবে আনুষ্ঠানিকভাবে।

সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত মুলতবি সভায় সর্বসম্মতভাবে এমন মত পোষণ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এর আগে গত শনিবার ছয় ঘণ্টা বৈঠক শেষে সেটি মুলতবি করা হয়।

সূত্র জানায়, বৈঠকে কোনো কোনো নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির পক্ষ থেকে বহুবার সংলাপের আহ্বান জানালেও এ বিষয়ে ক্ষমতাসীন দল কোনো সাড়া দেয়নি। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আর আহ্বান না জানানোর জন্যও মত দেন তারা।

বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে গণগ্রেপ্তার চলছে-দৈনিক মানবজমিন

হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন ঘিরে গণগ্রেপ্তার চলছে বলে মন্তব্য করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সরকার ভিন্নমত দমন করতে মরিয়া হয়ে উঠেছে উল্লেখ করে সংস্থাটি নির্বিচারে গ্রেপ্তার বন্ধ, ভিন্নমত প্রকাশের দায়ে আটককৃতদের অবিলম্বে নি:শর্ত মুক্তি ও শিক্ষার্থীদের ওপর সহিংস হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে। বুধবার নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এসব কথা বলেছে হিউম্যান রাইটস ওয়াচ। বিবৃতিতে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশে সাংবাদিক ও শিক্ষার্থীদের মুখ বন্ধ করার জন্য একটি অস্পষ্ট আইনের ব্যবহার করা  হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট অনুসরণ করে ইতিমধ্যেই কর্তৃপক্ষ সরকারের সমালোচনা করার দায়ে কয়েক ডজন মানুষকে আটক করেছে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ সমর্থকরা রামদা, লাঠি-সোটা ও রডের পাইপ দিয়ে হামলা চালানোর ঘটনায় শেখ হাসিনা সরকার কোন সমালোচনা সহ্য করছে না।

এবার ইডেন কলেজ ছাত্রী লুমা গ্রেপ্তার-প্রথম আলো/প্রথম আলো

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুর নাহার লুমা  গ্রেফতার

কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফুর নাহার লুমাকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খিদ্রচাপড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাত সাড়ে চারটায় তাঁকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিট ও বেলকুচি থানার পুলিশ। লুৎফুর নাহার ইডেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক জানান, রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় কাউন্টার টেররিজমের সাইবার ক্রাইম ইউনিট ও বেলকুচি থানার যৌথ অভিযানে লুৎফুর নাহারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লুৎফুর নাহারের আত্মীয়দের সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জে তাঁর দাদার বাড়ি থেকে ভোর রাতে ঘুমন্ত অবস্থায় তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। 

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে কী বললেন প্রধানমন্ত্রী?-দৈনিক আজকাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

৭২ তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নোট বাতিল থেকে জিএসটি- তাঁর ভাষণে উঠে এল গত চার বছরে তাঁর সরকারের যাবতীয় প্রকল্পের কথা৷ পাশাপাশি তিনি দেশের যুব সমাজ থেকে শুরু করে করদাতা, মহিলা সমাজের ভূয়সী প্রশংসাও করেন৷ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযান প্রকল্পের৷ পাশাপাশি সেনাবাহিনীতে মহিলা আধিকারিকদের পুরুষদের সমান মর্যাদা পাওয়ার কথাও ঘোষণা করেন৷

সার্থক জনম-দেশপ্রেমে মুগ্ধ দেশ, সেই হায়দর এখন নিজেই দেশহীন-দৈনিক আনন্দবাজার

হায়দর আলী খান

১৫ অগস্ট, ২০১৭। দেশ জুড়ে ‘ভাইরাল’ একটি ছবি। অসমে দক্ষিণ শালমারার বানে ডোবা স্কুলে দেশের পতাকা উঠেছে। গলা-জলে দাঁড়িয়ে সেলাম ঠুকছে আদুড় গায়ে দুই খুদে ছাত্র। পাশে প্রধান শিক্ষক।

এ বছর গুয়াহাটির গাঁধী মণ্ডপে যখন ৩০৬ ফুট উচ্চতায় পতাকা উড়িয়ে চমক দেওয়া চলছে, বাক্সার গোরেশ্বরে যখন সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ তেরঙা বানিয়ে জাতীয় নজির গড়ার চেষ্টা চলছে, তখনই ৩৬৫ দিন আগে ভারতীয়ত্ব ও দেশপ্রেমের প্রতীক হয়ে ওঠা ওই দুই ছাত্রের এক জন, হায়দর আলি খান আপাতত ‘দেশহীন’। সৌজন্যে অসমের নাগরিক পঞ্জি তথা এনআরসির চূড়ান্ত খসড়া। বাবা প্রাণ দিয়েছেন জঙ্গি বুলেটে। মা জাইবন খাতুন, দাদা জাইদর আর বোন রিনার নাম আছে নাগরিক পঞ্জিতে। অজ্ঞাত কারণে বাদ পড়েছে হায়দর।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫