‘ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন’
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ আগস্ট বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- নিরাপদ সড়ক শুধু মুখেই-দৈনিক প্রথম আলো
- জনতা ব্যাংকের নির্বাহী পদে লিখিত পরীক্ষা বাতিল-দৈনিক ইত্তেফাক
- ‘ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন’-দৈনিক মানবজমিন
- খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
- পথে পথে চাঁদাবাজির শিকার গরু ব্যবসায়ীরা-যুগান্তর
ভারতের শিরোনাম:
- বাজপেয়ীকে নিয়ে তথাগতের বিভ্রান্তিকর টুইট, সমালোচনা ঝড় সোশ্যাল মিডিয়ায়-দৈনিক আনন্দবাজার
- ৪ রাজ্যে বিধানসভার সঙ্গেই লোকসভা ভোট, ইঙ্গিত নির্বাচন কমিশনের-দৈনিক সংবাদ প্রতিদিন
- মোদির রাজ্য থেকে আমেরিকায় শিশুপাচার, মূল পান্ডা ধৃত-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
‘ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন’-দৈনিক মানবজমিন
নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট গ্রহণ হবে। এমনটা ধরেই কাজ করছে ইসি। আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন নির্বাচন কমিশন আসন্ন একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য ৮০ ভাগ কাজ শেষ করেছে। বাকিটা কমিশনের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই। সচিব বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে।
জনতা ব্যাংকের নির্বাহী পদে লিখিত পরীক্ষা বাতিল-দৈনিক ইত্তেফাক
গত বছরের ২১ এপ্রিল অনুষ্ঠিত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা বাতিল করেছেন হাইকোর্ট। প্রশ্ন ফাঁসের অভিযোগে এ পরীক্ষা বাতিল করা হয়। একই সঙ্গে নতুন করে একই পদে যত দ্রুত সম্ভব পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে ২০১৭ সালের ২২ মে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা বাতিলে রুল জারি করেন হাইকোর্ট।
পথে পথে চাঁদাবাজির শিকার গরু ব্যবসায়ীরা-দৈনিক যুগান্তর
রাজধানীর গরুর হাটগুলোতে গরু আনার পথে চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন গরু ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুর বালুরমাঠ হাটের ইজারাদার মাসুক রহমান যুগান্তরকে এ অভিযোগ করেন। তিনি জানান, নৌপথে গরু আনতে মুন্সীগঞ্জের মোক্তারপুরের কাছে কমলাঘাটে গরুবাহী ট্রলার থামিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে একদল দুর্বৃত্ত চাঁদা আদায় করছে বলে অভিযোগ করেন হাটে আসা গরু ব্যবসায়ীরা। এ ছাড়া কাটপট্টি এলাকাতেও এ চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে জানান তারা। এসব চাঁদবাজের পেছনে অদৃশ্য শক্তি রয়েছে বলেও মনে করছেন তারা। গরু ব্যবসায়ীরা বলেন, দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত, যার থেকে যত পারছে তা জোরপূর্বক হাতিয়ে নিচ্ছে এসব চাঁদাবাজ।
খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
বাংলাদেশ এখন জুলুমের গ্যাস চেম্বারে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকারের অন্যায় আর জুলুমের শিকার হয়ে বেগম খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। দেশনেত্রী বেগম জিয়াকে সকল অধিকার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এমনকি অসুস্থ দেশনেত্রীকে সুচিকিৎসা না দিয়ে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।
এছাড়া নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের পর সরকার প্রধান শিশু-কিশোরদের সাথে নিষ্ঠুর প্রতিশোধের খেলায় মেতে উঠেছেন বলে মন্তব্য করেন রিজভী। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।
খেলাপি ঋণের অর্ধেকই পাঁচ ব্যাংকের-দৈনিক নয়া দিগন্ত
ব্যাংকিং খাতের খেলাপি ঋণের অর্ধেকই ৫ ব্যাংকের দখলে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, মোট ৭৪ হাজার ৩০২ কোটি টাকা খেলাপি ঋণের মধ্যে প্রায় ৩৭ হাজার কোটি টাকাই রয়েছে এই ৫ ব্যাংকের, যা মোট খেলাপি ঋণের ৪৯ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ডিসেম্বরভিত্তিক তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে রাজনৈতিক বিবেচনায় অনেক ক্ষেত্রে ঋণ বিতরণ করা হয়। অতীতেও এ ধরনের অনেক ঋণ বিতরণ করা হয়েছিল। আবার এসব ঋণ পরিশোধ না করার প্রবণতাও বেশি। এর ফলে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে পুঞ্জীভূত খেলাপি ঋণ অনেক বেশি।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
মোদির রাজ্য থেকে আমেরিকায় শিশুপাচার, মূল পান্ডা ধৃত-দৈনিক আজকাল
আমেরিকার ধনী গ্রাহকদের কাছে শিশু বিক্রির মূল পান্ডাকে ধরল মুম্বই পুলিস। বুধবার রাতে রাজুভাই গামলেওয়ালা নামে ৫০ বছরের ওই শিশু পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিস। তার ধৃত সঙ্গীদের কাছ থেকে মেলা হোয়াটস্অ্যাপ নম্বরের সাহায্যে গুজরাট থেকে রাজুভাইকে ধরে পুলিস। তবে পাচার হওয়া শিশুদের এখনও কোনও খোঁজ নেই। তাদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিস।মুম্বই পুলিসের ৯ নম্বর জোনের ডিসিপি পরমজিত সিং দাহিয়া বললেন, ২০০৭ সাল থেকে আমেরিকায় শিশুপাচারের ব্যবসা শুরু করেছিল। ওই বছরই ভুয়ো পাসপোর্ট মামলায় ধরাও পড়েছিল রাজুভাই। কিন্তু পরে ছাড়া পেয়ে যায়। রাজুভাই এই ১১ বছরে কমপক্ষে ৩০০ জন শিশুকে আমেরিকায় বিক্রি করেছে।
৪ রাজ্যে বিধানসভার সঙ্গেই লোকসভা ভোট, ইঙ্গিত নির্বাচন কমিশনের-দৈনিক সংবাদ প্রতিদিন
একদেশ এক ভোটের দিকে আরও একধাপ কী এগোতে চলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার ওপি রাওয়াতের কথায় তেমনটাই ইঙ্গিত মিলল। তিনি জানিয়ে দিলেন, সরকার চাইলে ডিসেম্বরে চার রাজ্যের নির্বাচনের সঙ্গেই লোকসভা নির্বাচনের আয়োজন করতে কোনও সমস্যা নেই কমিশনের।
ক্ষমতায় আসার পর থেকেই লোকসভা এবং রাজ্যগুলির বিধানসভা ভোট একসঙ্গে করার প্রস্তাব দিয়ে আসছে বিজেপি। সরকারের যুক্তি এতে সময় এবং অর্থ দুইই সাশ্রয় হবে। সরকারের এই প্রস্তাবে সায় দিয়েছে বিরোধীদের একাংশও। তবে, কংগ্রেসসহ প্রধান বিরোধী দলগুলি এর বিরোধিতা করছে। তাদের দাবি, একই সঙ্গে কেন্দ্র এবং বেশিরভাগ রাজ্যে ক্ষমতায় থাকায় একসঙ্গে ভোট হলে সুবিধা পেয়ে যাবে বিজেপি।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন