জিয়া পরিবারের দুষ্কর্মের মুখোশ উন্মোচন করা জরুরী: তথ্যমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে বিএনপি’-দৈনিক প্রথম আলো
- ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি-দৈনিক ইত্তেফাক
- জিয়া পরিবারের দুষ্কর্মের মুখোশ উন্মোচন করা জরুরী: তথ্যমন্ত্রী-দৈনিক মানবজমিন
- নিরাপদ সড়ক আন্দোলন-গুজব ছড়ানোর অভিযোগে নারী ব্যবসায়ী গ্রেফতার-দৈনিক নয়া দিগন্ত
- গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি দাবিতে অভিভাবকদের মানববন্ধন-দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- শতাব্দীর ভয়াবহ বন্যায় কেরলে মৃত অন্তত ১৬৭, যাচ্ছেন প্রধানমন্ত্রী-দৈনিক আনন্দবাজার
- মুছে গিয়েছে ভেদাভেদ, বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ব্যাংকে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি-দৈনিক ইত্তেফাক
আবারো সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে। যেকোনো ব্যাংকে যেকোনো সময় সাইবার হামলা হতে পারে। এমন আশঙ্কায় দেশের সব বাণিজ্যিক ব্যাংককে সতর্ক থাকতে নির্দেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় দেশের সব বাণিজ্যিক ব্যাংককে প্রযুক্তিগত নিরাপত্তা বাড়াতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে।
নিরাপদ সড়ক আন্দোলন-গুজব ছড়ানোর অভিযোগে নারী ব্যবসায়ী গ্রেফতার-দৈনিক নয়া দিগন্ত
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর এক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ফারিয়া মাহজাবিন (২৮) ধানমন্ডিতে একটি কফি শপ চালান। তার স্বামীর নাম মোহাম্মদ রিয়াসাত। ফারিয়া রাজধানীর নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন।
গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদভিত্তিক পোর্টাল ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সপ্তাহব্যাপী ধরে চলা এ আন্দোলনে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ইন্টারনেটে সামাজিক যোগযোগমাধ্যমে উসকানি ও গুজব ছড়ানোর ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় মোট ৫১টি মামলা হয়েছে; গ্রেফতার করা হয়েছে ৯৭ জনকে। ফারিয়া মাহজাবিনকে গ্রেফতারের পর সংখ্যাটি গিয়ে দাঁড়াল ৯৮ জনে।
এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইন, দণ্ডবিধি ও বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থী, প্রখ্যাত আলোকচিত্রী ড. শহিদুল আলম, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদও রয়েছেন। তাদের সবাই এখন কারাগারে আছেন।
এদিকে দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও পরিবারের সদস্যরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
জিয়া পরিবারের দুষ্কর্মের মুখোশ উন্মোচন করা জরুরী: তথ্যমন্ত্রী-দৈনিক মানবজমিন
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সমালোচনার জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জেনারেল জিয়া, খালেদা এবং তারেকের দুষ্কর্মের মুখোষ উন্মোচন করতে না পারলে বাংলাদেশ নিরাপদ হবে না ও রাজনৈতিক শান্তি আসবে না। বাংলাদেশকে রক্ষা করতে হলে ও দেশকে জঙ্গী সন্ত্রাস এবং সংঘাতমুক্ত করতে হলে জিয়া পরিবারের দুষ্কর্মের মুখোষ উন্মোচন করা সবারই কর্তৃব্য। এটা জরুরী হয়ে পড়েছে। আমি সেই কাজটিই করছি। আজ কুষ্টিয়া সার্কিট হাউজে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দৈনিক মানবজমিনের অন্য একটি খবরের শিরোনাম-নিরাপদ বাংলাদেশের জন্য আপনারা এগিয়ে আসুনঃ ফখরুল
বিস্তারিত খবরে লেখা হয়েছে, নিরাপদ বাংলাদেশের জন্য দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা নাকি ছাত্রদের আন্দোলনে উস্কানি দিচ্ছি। আমরা তো প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে আন্দোলনে সমর্থন করেছি। এখনো এই নিরাপদ সড়কের আন্দোলনকে সমর্থন করি। জনগণকে আবারও আহ্বান করব শুধু নিরাপদ সড়ক নয়, নিরাপদ বাংলাদেশের জন্য আপনারা এগিয়ে আসুন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
শতাব্দীর ভয়াবহ বন্যায় কেরলে মৃত অন্তত ১৬৭, যাচ্ছেন প্রধানমন্ত্রী-দৈনিক আনন্দবাজার/আজকাল
কেরলে বন্যার জেরে মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। এখনও অবধি মৃতের সংখ্যা সরকারিভাবে ১৬৭। ১ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত কেরলে গড়ে ৩০.৭ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। মধ্য কেরলের অধিকাংশ এলাকায় পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত। বন্যার কারণে দক্ষিণ রেলওয়ে, কোচির মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কোচি বিমানবন্দরও বন্ধ থাকবে ২৬ আগস্ট পর্যন্ত। কারণ রানওয়ে পুরোপুরি জলের তলায়। বিমান ওঠানামা করাই সম্ভব নয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা ত্রিস্তর পঞ্চায়েতে প্রশাসক বসাচ্ছে রাজ্য সরকার-সংবাদ প্রতিদিন
মেয়াদ উত্তীর্ণ হওয়া ত্রিস্তর পঞ্চায়েতে প্রশাসক বসাল রাজ্য সরকার৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া যে আসনগুলি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত, সমিতি ও জেলা পরিষদে বোর্ড গঠন না করে প্রশাসক নিয়োগ হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে এই খবর জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন