আগস্ট ২৩, ২০১৮ ১২:৫২ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৩ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজও ঢাকা থেকে কোনো পত্রিকা প্রকাশিত হয়নি। তাই আমরা ঢাকার দৈনিকগুলোর অনলাইন সংস্করণ এবং কোলকাতা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকার বিশেষ বিশেষ খবর দিয়ে আজকের আসর সাজিয়েছি। প্রথমেই দৈনিকগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম:

বাংলাদেশের শিরোনাম:

  • সৌদিতে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু- দৈনিক যুগান্তর
  • সূ চির বক্তব্যে ‘হতাশ’ বাংলাদেশ- দৈনিক ইত্তেফাক
  • সরকারকে শূন্য মাঠে খেলতে দেবে না বিএনপি- দৈনিক প্রথম আলো
  • প্রিমিয়ার ব্যাংকে লুটকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ- দৈনিক মানবজমিন
  • নির্ধারিত স্থানে কোরবানিতে 'সাড়া পাননি' মেয়র- দৈনিক সমকাল
  • কথা না রাখা আওয়ামী লীগের চিরাচরিত স্বভাব : মির্জা ফখরুল- দৈনিক নয়াদিগন্ত
  • ফাঁকা রাজধানী: বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়- দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • তৃণমূল অফিসে বিস্ফোরণ, মৃত ১, আশঙ্কাজনক ২, কারণ কি মজুত বোমা? চাঞ্চল্য নারায়ণগড়ে- দৈনিক আনন্দবাজার
  • সংসদে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরা দলের অনেকেই পছন্দ করেননি:‌ রাহুল গান্ধী- দৈনিক আজকাল
  • লোকসভা ভোটে ১০০ আসন কমার আশঙ্কা করছে বিজেপি- দৈনিক বর্তমান

প্রিয় পাঠক/শ্রোতা‍! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:

সৌদিতে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু- দৈনিক যুগান্তর

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন।

সর্বশেষ বুধবার মক্কায় শামসুল ইসলাম নামে এক হাজি মারা গেছেন। তার বাড়ি কুমিল্লায়।  আর অন্যদের মধ্যে মক্কায় ৪৬ জন, মদিনায় ৬ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৮ জন ও আরাফাতে ৬ জন মারা যান।

এ বছর ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন বাংলাদেশি সৌদি আরবে হজ করতে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট থেকে। এবং শেষ ফ্লাইটটি দেশে ফিরবে আগামী ২৬ সেপ্টেম্বর।

সূ চির বক্তব্যে ‘হতাশ’ বাংলাদেশ- দৈনিক ইত্তেফাক

রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ইতিবাচক থাকলেও মিয়ানমার এ নিয়ে কোনো আগ্রহ দেখায়নি। বাংলাদেশের কর্মকর্তারা বলেছেন, নভেম্বরে সই হওয়া প্রত্যাবাসন চুক্তির ১০ মাস পরেও প্রধান কোনো শর্তই মিয়ানমার বাস্তবায়ন করেনি। দুটি অভ্যর্থনা ক্যাম্প এবং একটি ট্রানজিট ক্যাম্প তৈরি করা ছাড়া কিছুই করেনি মিয়ানমার।

এরই মধ্যে মিয়ানমারের নেত্রী অং সান সূ চি গত মঙ্গলবার সিঙ্গাপুরে এক বক্তৃতায় রোহিঙ্গা প্রত্যাবাসন আটকে থাকার জন্য বাংলাদেশকে দায়ী করেন। এ ব্যাপারে এখনো বাংলাদেশ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে বিবিসির সঙ্গে আলাপকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, সু চির এমন বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন তিনি। প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার নেত্রীর এমন বক্তব্যে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশের কর্মকর্তারা।

বাংলাদেশ সরকারের রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন বিষয়ক কমিশনার আবুল কালাম বিবিসিকে বলেছেন, মিয়ানমারের নেত্রীর বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। যেটা আসলে বাস্তব অবস্থা থেকে শত যোজন দূরে, এ ধরণের মন্তব্য সত্যিই খুব বিস্ময়কর, খুবই হতাশাজনক।

সরকারকে শূন্য মাঠে খেলতে দেবে না বিএনপি- দৈনিক প্রথম আলো

বিএনপি অভিযোগ করেছে, দশম জাতীয় সংসদের মতো সরকার এবারও একতরফা নির্বাচনের দিকেই যাচ্ছে। তবে দলটি এও বলছে, এবার তারা সরকারকে একতরফা নির্বাচন করতে দেবে না। শূন্য মাঠে আর খেলতে দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেন, সরকার ভোটারদের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে—এমনটা এখন আর কেউই ভাবেন না।

রিজভী অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিপর্যস্ত করতে অবৈধ সরকার যে দমননীতির উত্থান ঘটিয়েছে, তা নজিরবিহীন ও হিংসাশ্রয়ী। প্রধানমন্ত্রী যেন ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থ করতেই তাদের ওপর রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছ ব্যবহার করে যাচ্ছেন।

প্রিমিয়ার ব্যাংকে লুটকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ- দৈনিক মানবজমিন

বাড্ডা লিংক রোডে অবস্থিত প্রিমিয়ার ব্যাংকের শাখা থেকে ২৩ লাখ টাকা লুটের ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গত ২১শে আগস্ট রাজধানীর বাড্ডা লিংক রোড সংলগ্ন প্রিমিয়ার ব্যাংকের শাখা থেকে আগ্নেয়াস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ভোল্ট রুমে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে প্রায় ২৩ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল ব্যাংক লেনদেনের সময় এক ব্যক্তি ভেতরে ঢুকে ম্যানেজারকে পিস্তল ঠেকায়। এরপর ব্যাংকের সব স্টাফকে ভোটল্ট রুমে ঢুকিয়ে ক্যাশ কাউন্টার থেকে ২৩ লাখ নিয়ে যায়।

পুলিশ জানায়, ব্যাংকের ভেতরে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। তবে আশপাশের দোকানপাটের সিসিটিভি ফুটেজ থেকে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, ব্যাংক লুটের ঘটনায় এখনো কোনো আপডেট নেই। কাউকে শনাক্ত করা যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নির্ধারিত স্থানে কোরবানিতে 'সাড়া পাননি' মেয়র- দৈনিক সমকাল

পশু কোরবানির জন্য স্থান নির্ধারণ করে সিটি করপোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকলেও এক্ষেত্রে নগরবাসীর কাছ থেকে তেমন সাড়া না মেলায় হতাশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

বুধবার দুপুরে ধোলাইখাল সংলগ্ন কাউয়ারটেক পশুরহাটে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কাজ উদ্বোধনের সময় তিনি এ হতাশা প্রকাশ করেন।

মেয়র সাঈদ খোকন বলেন, 'আমরা প্রায় ৬০২টির মতো নির্ধারিত স্থান করে দিয়েছি। পর্যাপ্ত ব্যবস্থাপনাও ছিল। কিন্তু এ পর্যন্ত আমরা সেভাবে নগরবাসীর সাড়া পাইনি। এটা হতাশাব্যাঞ্জক। আমরা তারপরও সম্মানিত নাগরিকদের অনুরোধ জানাচ্ছি, আমাদের ব্যবস্থাপনা রয়েছে, আপনার নির্ধারিত স্থানে পশু জবাই দিন।'

কথা না রাখা আওয়ামী লীগের চিরাচরিত স্বভাব : মির্জা ফখরুল- দৈনিক নয়াদিগন্ত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, কথা দিয়ে কথা না রেখে জনগণের সাথে প্রতারণা করা আওয়ামী লীগের চিরাচরিত স্বভাব। নির্বানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি ফলন হতে হবে কিন্তু আওয়ামী লীগের নির্বাচন মানেই প্রহসনের নির্বাচন।

বৃস্পতিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন করার মতো পরিবেশ আওয়ামী লীগকেই তৈরি করতে হবে। এই সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তার প্রমাণ হলো সিটি নির্বাচনগুলোতে ভোটের কারচুপি মহাউৎসব। আলাপ আলোচনার মধ্যেই সব সমস্যার সমাধান হবে বলে বিএনপি মনে করে। জনগণ ভোট দিতে না পারলে সে ভোট আর ভোট নয়।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র, আমজাদ হোসেন সরকার, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি আকতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি শাহিন আখতার শাহিন প্রমুখ।

ফাঁকা রাজধানী: বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়- দৈনিক ইনকিলাব

ঈদের ছুটি, ব্যস্ততম রাজধানী এখন পুরাই ফাঁকা। তাই ফাঁকা রাজধানীতে  বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। তীব্র গরম আর রোদ উপেক্ষা করে পরিবারের ছোট-বড় সবাইকে নিয়ে এখন বিনোদনকেন্দ্রগুলোতে মেতে উঠেছেন ঈদ আনন্দে।

প্রিয় মানুষকে নিয়ে রাজধানীর হাতিরঝিল, শিশু পার্ক, চিড়িয়াখানা, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যান, আগারগাঁওয়ে বিমান বাহিনী জাদুঘর এবং বঙ্গবন্ধু নভোথিয়েটার দেখতে বেরিয়েছেন অনেকে। বুধবারের চেয়ে আজ বৃহস্পতিবার দর্শনার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

রাজধানীর শাহবাগের শিশু পার্কের প্রবেশপথসহ শিশুপার্ক এলাকায় শিশু ও তাদের অভিভাবকদের যেন ঢল নেমেছে। নভোযান, এসো গাড়ি চড়ি, রেলগাড়ি, চাকা পায়ে চলাসহ প্রতিটি রাইডে দীর্ঘ লাইন দেখা গেছে। রাজধানীর মিরপুরের চিড়িয়াখানায়ও ছিলো উপচে পড়া ভিড়।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

তৃণমূল অফিসে বিস্ফোরণ, মৃত ১, আশঙ্কাজনক ২, কারণ কি মজুত বোমা? চাঞ্চল্য নারায়ণগড়ে- দৈনিক আনন্দবাজার

তৃণমূল নেত্রী মমমা ব্যানার্জি

সকাল সকাল সবে ভিড় জমতে শুরু করেছে মকরামপুর বাজারে। তার মধ্যেই বড়সড় বিস্ফোরণ। মুহূর্তেই ভেঙে পড়ল তৃণমূল পার্টি অফিস। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ভেঙে গিয়েছে আশেপাশের কয়েকটি বাড়িও। সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড়ে মকরামপুর তৃণমূল পার্টি অফিসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় পার্টি অফিসের ভিতরে তৃণমূলের মকরামপুর অঞ্চল সভাপতি লক্ষ্মী শীট এবং এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সূর্যকান্ত অট্ট ছিলেন। পঞ্চায়েত বোর্ড গঠন সংক্রান্ত বিষয়ে তাঁরা পার্টি অফিসের একটি ঘরে বৈঠক করছিলেন। ওই ঘরের পাশে রান্নাঘর আছে। বৈঠক চলাকালীন সেই রান্নাঘরেই বিস্ফোরণ ঘটে।

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে প্রায় সঙ্গে সঙ্গেই রান্নাঘর-সহ পার্টি অফিসের অনেকটা অংশই ভেঙে যায়। পার্টি অফিসের ছাদ উড়ে গিয়েছে। এমনকি, আশেপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের আকস্মিকতা কাটার পরই স্থানীয়েরা উদ্ধার কাজে হাত লাগান। পার্টি অফিসের বাইরে দাঁড়িয়ে ছিলেন খড়্গপুরের বাসিন্দা সুদীপ্ত ঘোষ নামে তৃণমূলের এক কর্মী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের কলকাতায় পাঠানো হয়েছে। এ ছাড়াও জখম হয়েছেন আরও ৫ জন।

সংসদে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরা দলের অনেকেই পছন্দ করেননি:‌ রাহুল গান্ধী- দৈনিক আজকাল

এটা কি কারও কারও জন্য বার্তা দেওয়া নাকি নিছকই খেদ?‌ দেশ তথা আন্তর্জাতিক স্তরের রাজনীতির ময়দানে এখন এটাই কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ জার্মানির হামবার্গে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এদিন স্বীকার করেছেন, সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরার ঘটনা তাঁর দলের অনেকেই পছন্দ করেননি। তাহলে কি যাঁরা পছন্দ করেননি তাঁদের রাহুল গান্ধীর নতুন টিমে জায়গা হবে না?‌ নাকি তাঁদের আর একবার শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হল?‌ এই প্রশ্নও উঠছে কারণ দেশের এই ঘটনা বিদেশের মাটিতে নিয়ে যাওয়ার দরকার ছিল না বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

কংগ্রেস সূত্রে খবর, কংগ্রেস সভাপতির এই মন্তব্য এক ঢিলে দুই পাখি মারল। একদিকে নিজের খেদও জানানো হল। অন্যদিকে দলের অন্দরে যাঁরা সংসদের ঘটনা নিয়ে ঘোঁট পাকাচ্ছে তাঁদের বার্তাও দেওয়া হল। কিন্তু মুখে এই কথা রাহুল গান্ধী স্বীকার করেননি। তিনি বলেন, ‘‌ভারতে কর্মসংস্থান একটা বড় সমস্যা। কিন্তু প্রধানমন্ত্রী সেটা দেখতে অস্বীকার করেন। আপনাকে সমস্যাটা স্বীকার করতে হবে।’‌

লোকসভা ভোটে ১০০ আসন কমার আশঙ্কা করছে বিজেপি- দৈনিক বর্তমান

একের পর এক জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে বিজেপি আগামী লোকসভা ভোটে একক গরিষ্ঠতা পাচ্ছে না। কমবেশি ১০০ আসন কমে যেতে পারে বলে কেন্দ্রের শাসক দলের অন্দরেই আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপি নেতৃত্ব লোকসান ঠেকাতে একঝাঁক কৌশল গ্রহণ করছেন।

বহু আসনেই প্রার্থী বদলে দেওয়া হতে পারে। ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদি মন্ত্রিসভা এবং সংসদীয় দলের বৈঠকে বারংবার বলে এসেছেন পারফরম্যান্স ভালো করতে হবে। প্রতিটি বৈঠকেই প্রত্যেক এমপিকে নির্দেশ দিয়েছিলেন সংসদ অধিবেশন না থাকাকালীন অযথা দিল্লিতে বসে থাকলে চলবে না। নিজেদের সংসদীয় এলাকায় সময় ব্যয় করতে হবে। কিন্তু সব এমপির পারফরম্যান্স সন্তোষজনক নয়।

বহু এলাকায় দেখা গিয়েছে বিধানসভা উপনির্বাচনেই দল হেরে গিয়েছে। সম্প্রতি ইন্ডিয়া টুডে, সিএসডিএস, এবিপি নিউজের মতো বিভিন্ন সমীক্ষক সংস্থার সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে। কমবেশি প্রতিটি রিপোর্টেই দেখা গিয়েছে, বিজেপি ২০১৪ সালের একক পারমফরম্যান্সের থেকে অনেক কম পাবে। এইসব রিপোর্ট এবং দলের অভ্যন্তরীণ ফিডব্যাক থেকে ধরে নেওয়া হচ্ছে, ১০০ আসনও কমে যেতে পারে। চিন্তা বাড়াচ্ছে ছোট শহর এবং গ্রামীণ এলাকা।

তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন