১৪ দিনে ‘গায়েবি’ মামলা ৩ হাজার, গ্রেফতার ৩৫০০: রিজভী
প্রিয় পাঠক/শ্রোতা! ১৪ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই দেখে নেব ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম:
বাংলাদেশের শিরোনাম:
- ১৪ দিনে ‘গায়েবি’ মামলা ৩ হাজার, গ্রেফতার ৩৫০০: রিজভী- দৈনিক যুগান্তর
- কারও চাপে নতি স্বীকার করব না: কাদের- দৈনিক প্রথম আলো
- ‘মুক্তিযোদ্ধারা বছরে ৫টি উৎসব ভাতা পাবেন’- দৈনিক ইত্তেফাক
- ৫৩ দিন পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু- দৈনিক সমকাল
- প্রবৃদ্ধির সুফল সমানভাবে সকলের কাছে পৌঁছায় না- দৈনিক মানবজমিন
- সরকারকে সংলাপে বাধ্য করা হবে : মওদুদ- দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- তবে কি মোদীর নির্দেশেই দেশ ছাড়েন মাল্য? প্রশ্ন রাহুলের- দৈনিক আনন্দবাজার
- যোগীর রাজ্যে খেতে না পেয়ে মৃত্যু মা ও দুই শিশুর, চাঞ্চল্য- দৈনিক আজকাল
- দিল্লিতে পেট্রল ছুঁল লিটারপিছু ৮১ টাকা, ৭৩ টাকা ছাড়াল ডিজেলও- দৈনিক বর্তমান
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:
১৪ দিনে ‘গায়েবি’ মামলা ৩ হাজার, গ্রেফতার ৩৫০০: রিজভী- দৈনিক যুগান্তর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কারণ ছাড়াই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ঢাকাসহ সারা দেশে গায়েবি মামলা করা হয়েছে তিন হাজারের অধিক। তিনি বলেন, এসব মামলায় আসামি করা হয়েছে নামে-বেনামে প্রায় তিন লাখ নেতাকর্মীকে। গ্রেফতার করা হয়েছে ৩৫০০-এর অধিক নেতাকর্মীকে। গত ২৪ ঘণ্টায় আরও ৯০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রিজভী বলেন, পোলিও টিকা খাওয়ানোর একটি স্লোগান আমরা অনেক দিন ধরে শুনে আসছি- ‘বাদ যাবে না একটি শিশু’। এখন সরকার এই স্লোগানটি ভিন্ন অর্থে প্রয়োগ করছে বিএনপি নেতাকর্মীদের ওপর।
অর্থাৎ ‘মামলা-হামলায় বাদ যাবে না একটিও বিএনপি নেতাকর্মী’। দেশে এখন মানুষ নিজের ছায়াকেও ভয় পাচ্ছে। মনে হয় দেশের প্রতিটি মানুষকে কেউ না কেউ অনুসরণ করছে, গতিবিধি লক্ষ্য করা হচ্ছে।’ তিনি বলেন, এমনিতে গুম, খুন ও ক্রসফায়ারের ক্রমাগত বিস্তৃতি ঘটছে, তার ওপর রাজধানীসহ দেশের আনাচে-কানাচে এমন কোনো বিএনপিসহ বিরোধী দলের মানুষ বা সমর্থক নেই, যাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়নি। পাশাপাশি বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সমর্থকদের ছাঁকনি দিয়ে ধরা হচ্ছে।
কারও চাপে নতি স্বীকার করব না: কাদের- দৈনিক প্রথম আলো

যুক্তরাষ্ট্রে ‘তদবির’ করতে বিএনপির ‘লবিস্ট’ নিয়োগের বিষয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির লবিস্ট নিয়োগের জন্য এত টাকা কোথা থেকে এসেছে? তিনি বলেছেন, ‘কারও চাপের কাছে নতি স্বীকার করব না।’
আজ শুক্রবার ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের ১০ বছর পূর্তি অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশের সামগ্রিক বিষয় অবহিত করতে বিএনপি ওয়াশিংটনে একটি ‘লবিস্ট ফার্ম’ ভাড়া করেছে বলে গতকাল বৃহস্পতিবার খবর প্রকাশ করেছে রাজনীতিবিষয়ক ম্যাগাজিন ‘পলিটিকো’।
এ বিষয়ে অনুষ্ঠানে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সব আন্দোলনে ব্যর্থ হয়ে এখন অভিযোগ করতে জাতিসংঘে গেছেন বিএনপির কয়েকজন নেতা। এতে আমাদের কোনো আপত্তি নেই।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি লবিস্ট নিয়োগ করে যুক্তরাষ্ট্র সরকারের কাছে লবিং করবে আমাদের চাপ দেওয়ার জন্য, বাংলাদেশ সরকারকে চাপ দেওয়ার জন্য। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের গণভিত এবং আমাদের শেকড় দুর্বল নয়। আমাদের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। আমাদের চাপ দিতে পারে বাংলাদেশের জনগণ এবং আমরা অন্য কারও চাপের কাছে নতি স্বীকার করব না।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কি পাকিস্তান? বাংলাদেশ কি আফগানিস্তান? বাংলাদেশ কি সুদান বা দক্ষিণ সুদান, বাংলাদেশ কি সোমালিয়া, বাংলাদেশ কি যুদ্ধবিধ্বস্ত ইরাক বা ইরান? বাংলাদেশের সমস্যা আমরা এখানেই সমাধান করব।’
সরকারকে সংলাপে বাধ্য করা হবে: মওদুদ- দৈনিক নয়াদিগন্ত

সরকারকে সংলাপে বাধ্য করা হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জাতিসঙ্ঘের মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্কে বিএনপি মহাসচিব যাওয়ায় সরকার আতঙ্কিত, ঈর্ষান্বিত ও বিব্রত।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত গণগ্রেফতার ও বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপ বন্ধ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় পার্টি (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন প্রমুখ বক্তব্য দেন।
নালিশ করতে বিএনপি মহাসচিব যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মওদুদ বলেন, আমাদের মহাসচিব নালিশ করতে সেখানে যাননি। তিনি বাংলাদেশের প্রকৃত অবস্থা তুলে ধরতে সেখানে গেছেন। বাংলাদেশে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে- কোনো কারণ ছাড়াই বিরোধী দলের নেতাকর্মীদের হামলা, মামলা ও গুম, করা হচ্ছে সত্যিকার বর্তমান অবস্থাই তিনি সেখানে তুলে ধরেছেন। আর এটাতেই ক্ষমতাসীন সরকার আতঙ্কিত, ঈর্ষান্বিত ও বিব্রত। আমাদের মহাসচিব ইচ্ছে করে সেখানে যাননি, তাকে জাতিসঙ্ঘের মহাসচিব আমন্ত্রণ জানিয়েছেন।
৫৩ দিন পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু- দৈনিক সমকাল

দীর্ঘ ৫৩ দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে গেছে দেশের একমাত্র কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা সরবারাহ পাওয়ায় শুক্রবার রাত ২ টা ২৭ মিনিটে উৎপাদন শুরু করতে পেরেছে বিদ্যুৎকেন্দ্রটি।
তবে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে নবনির্মিত ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি চালু করা সম্ভব হয়েছে। ফলে ওই ইউনিট থেকে ১৫৭ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হচ্ছে। ইউনিটটি চালু হওয়ার পর পরই উত্তরাঞ্চলে লোড সেডিং ও লোভোল্টেজ কিছুটা কমেছে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম সরকার জানান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটের স্টিম বৃহস্পতিবার বিকেল ৫ টায় চালু করা হয়। শুক্রবার রাত ২ টা ২৭ মিনিটে চালু হওয়া ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ওই সময়ে ১৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করা হয়। পরবর্তীতে ধীরে ধীরে এই উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
আব্দুল হাকিম সরকার বলেন, চালু হওয়া ইউনিটটি চালাতে প্রতিদিন প্রায় আড়াই হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে। আপাতত বড়পুকুরিয়া কয়লা খনি থেকে ৮হাজার মেট্রিক টন কয়লা পাওয়া গেছে। ওই কয়লা দিয়েই উৎপাদন শুরু করা হয়েছে। কয়লার মজুদ বাড়লে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটিও চালু করা হবে।
প্রবৃদ্ধির সুফল সমানভাবে সকলের কাছে পৌঁছায় না- দৈনিক মানবজমিন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, সাধারণভাবে প্রবৃদ্ধি বাড়লে দারিদ্র্য হ্রাস পায়। তবে অর্থনীতির কাঠামোগত সীমাবদ্ধতার কারণে প্রবৃদ্ধির সুফল সমানভাবে সকলের কাছে পৌঁছায় না। দারিদ্র্য ও অসমতা হ্রাসের ক্ষেত্রে আমরা করকাঠামো সংস্কার, অভ্যন্তরীণ ও বৈদেশিক কর্মসংস্থান, ক্ষুদ্রঋণ ও দক্ষতামূলক প্রশিক্ষণ, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে আয় হস্তান্তর ইত্যাদি কৌশল প্রয়োগ করে আসছি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে হতদরিদ্র/অতিদরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী ও সমাজের সর্বাধিক ঝুঁকিগ্রস্ত অংশের দিকে লক্ষ্য রেখে প্রতি বছর সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোর আওতা ও পরিধি সম্প্রসারণ করা হচ্ছে। তিনি জানান, দারিদ্র্য নিরসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা খাতে চলতি অর্থবছরে বরাদ্দ ৬৪ হাজার ১৭৭ কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা জিডিপির ২ দশমিক ৫৩ শতাংশ এবং মোট বাজেটের ১৩ দশমিক ৮১ শতাংশ।
মুক্তিযোদ্ধারা বছরে ৫টি উৎসব ভাতা পাবেন’- দৈনিক ইত্তেফাক

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা এখন বছরে ৫টি উৎসব ভাতা পাবেন। দুটি ঈদ বোনাসের পাশাপাশি বাংলা নববর্ষ, মহান বিজয় দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের একটি করে উৎসব বোনাস দেয়া হবে।
শুক্রবার বেলা ১১টার দিকে নকলা পৌর শহরে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, প্রত্যেক অস্বচ্ছল মুক্তিযোদ্ধার জন্যে ১৫ থেকে ১৮ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের সকল চিকিৎসার ব্যয়ভাড় ইতিমধ্যেই সরকার গ্রহণ করেছে। পাকিস্তান আমলে এদেশে ২১ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। বর্তমানে এ থেকে উতড়িয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নিত করেছে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
তবে কি মোদীর নির্দেশেই দেশ ছাড়েন মাল্য? প্রশ্ন রাহুলের- দৈনিক আনন্দবাজার

বিজয় মাল্য বুধবারই লন্ডনে দাবি করেছিলেন, দেশ ছাড়ার আগে তিনি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তা নিয়ে অরুণ জেটলি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলতে আজ নিজেই মাঠে নেমে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। প্রত্যক্ষদর্শী হিসেবে হাজির করলেন কংগ্রেস নেতা পি এল পুনিয়াকে— যাঁর দাবি, সংসদের সেন্ট্রাল হলে অরুণ জেটলি ও বিজয় মাল্যর আলোচনা তিনি নিজের চোখে দেখেছেন।
কংগ্রেসের সদর দফতরে সাক্ষীকে পাশে নিয়ে, সাংবাদিক সম্মেলন করে রাহুলের প্রশ্ন, ‘‘অর্থমন্ত্রী আর্থিক অপরাধী বিজয় মাল্যর সঙ্গে কথা বলেন। অপরাধী অর্থমন্ত্রীকে বলেন, তিনি লন্ডনে চলে যাচ্ছেন। কিন্তু সিবিআই, ইডি বা পুলিশকে অর্থমন্ত্রী তা জানালেন না। কেন?’’ জেটলি গত আড়াই বছরে মাল্যর সঙ্গে এই আলোচনার কথা তাঁর ব্লগে বা সংসদের বিতর্কে জানাননি কেন, সেই প্রশ্নও তুলে রাহুলের যুক্তি, এর পরে জেটলি অর্থমন্ত্রী পদে থাকতে পারেন না।
এক তিরে জেটলির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেছেন রাহুল। তাঁর দাবি, ‘‘সরকারে প্রধানমন্ত্রীই সব কিছু ঠিক করেন। অর্থমন্ত্রী দেশকে বলুন, উনি নিজেই মাল্যর মতো অপরাধীকে দেশ থেকে পালাতে দিয়েছিলেন, নাকি প্রধানমন্ত্রীর আদেশে?’’
যোগীর রাজ্যে খেতে না পেয়ে মৃত্যু মা ও দুই শিশুর, চাঞ্চল্য- দৈনিক আজকাল

রাজ্য সরকার পুষ্টি মাস উদযাপন করছে৷ অথচ সেই রাজ্যেই খেতে না পেয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর অভিযোগ উঠল৷ উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা৷ মা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর ঘটনা ঘটেছে৷ খেতে না পেয়েই মৃত্যু হয়েছে একই পরিবারের তিনজনের বলে অভিযোগ উঠেছে৷ যদিও এই তত্ত্ব মানতে নারাজ যোগী আদিত্যনাথের সরকার৷ তাঁদের দাবি, ডায়ারিয়া ও খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই মৃত্যু৷ কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তি বেড়ে গিয়েছে যোগীর বলে খবর।
মৃত গৃহবধূর নাম সঙ্গীতা৷ বয়স ৩০ বছর৷ অত্যন্ত গরীব পরিবার তাঁদের৷ স্থানীয় সূত্রে খবর, গত ৭ সেপ্টেম্বর মৃত্যু হয় সঙ্গীতা ও তাঁর আট বছরের ছেলে সুরজের৷ সঙ্গীতার স্বামী বীরেন্দ্র দিনমজুরের কাজ করেন৷ তাঁর কথায়, গত ৭ সেপ্টেম্বর মা ও ছেলে সকাল থেকে বমি করতে শুরু করে৷ অবস্থা খারাপ বুঝে সরকারি অ্যাম্বুলেন্সে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাই৷ অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময়ই মৃত্যু হয় সঙ্গীতা ও সুরজের৷ দিন পাঁচেক পরে সঙ্গীতার দু’মাসের সন্তান গীতাও অসুস্থ হয়ে পড়ে৷ গ্রামের মহিলারাই দুধের শিশু গীতার খাবারের বন্দোবস্ত করেন৷ বিষয়টি স্থানীয় সমাজকর্মীদেরও তাঁরা জানান৷ গীতাকে নিউট্রিশন সেন্টারে নিয়ে যাওয়ার জন্যও অনুরোধ করেন স্থানীয়রা৷ কিন্তু কেউ সে কথা কানে তোলেননি বলে অভিযোগ৷ এরপরই গত সোমবার জেলা হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুকে৷ মঙ্গলবার সেখানেই মারা যায় সে৷
দিল্লিতে পেট্রল ছুঁল লিটারপিছু ৮১ টাকা, ৭৩ টাকা ছাড়াল ডিজেলও- দৈনিক বর্তমান

এবার দিল্লিতেও পেট্রলের দর ছুঁল ৮১ টাকা! লিটারপিছু ৭৩ টাকা ছাড়িয়ে গিয়েছে ডিজেলেও। নাগাড়ে জ্বালানির মূল্যবৃদ্ধির পর মাঝে মাত্র একদিনের স্থিতাবস্থা। তারপরই ফের বৃহস্পতিবার পেট্রল ও ডিজেলের দাম লিটারপিছু যথাক্রমে ১৩ পয়সা ও ১১ পয়সা বেড়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জ্বালানি বিপণনকারী সংস্থাগুলি। আর এই বৃদ্ধির কারণে দিল্লিতে জ্বালানি তেলের দর এবার একধাক্কায় রেকর্ড গড়ল। পাশাপাশি পেট্রল, ডিজেলের দাম বেড়েছে কলকাতাতেও।
এদিন কলকাতায় পেট্রলের দর ছিল লিটারপিছু ৮২.৮৭ টাকা। ডিজেলের দর ছিল লিটারপিছু ৭৪.৯৩ টাকা। প্রসঙ্গত, আগস্টের মাঝামাঝি থেকে এ পর্যন্ত পেট্রলের দাম বেড়েছে লিটারপিছু ৩.৯২ টাকা। আর ডিজেলের দর বেড়েছে লিটারপিছু ৪.৩১ টাকা।দিল্লিতে বিক্রয় কর কম থাকায় দেশের মেট্রো শহরগুলির চেয়ে জ্বালানি তেলের মূল্য খানিকটা কমই থাকে বরাবরই। কিন্তু এবার আন্তর্জাতিক বাজারে টাকার মূল্য হ্রাসের ধাক্কায় বেসামাল হতে হয়েছে দিল্লিকেও। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক অতীতে দিল্লিতে পেট্রল, ডিজেলের দাম এতটা বাড়েনি। তবে মুম্বইয়ে বিক্রয়কর কিংবা ভ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি থাকায় সমান্তরালভাবে বাড়ে জ্বালানি তেলের মূল্যও। সেই মতো এদিন মুম্বইয়ে লিটারপিছু পেট্রলের দর ছিল ৮৮.৩৯ টাকা। লিটারপিছু ডিজেল বিক্রি হয়েছে ৭৭.৫৮ টাকায়।
তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। এ আসর নিয়ে আবার আমরা হাজির হব আগামীকাল।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০