সেপ্টেম্বর ১৭, ২০১৮ ১৩:৫৫ Asia/Dhaka
  • ১ম ও ২য় শ্রেণির চাকরিতে কোটা না রাখার সুপারিশ

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৭ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  •  
  • ১ম ও ২য় শ্রেণির চাকরিতে কোটা না রাখার সুপারিশ-দৈনিক প্রথম আলো
  • আলোকচিত্রী শহিদুল আলমকে হাইকোর্টের দেয়া ডিভিশন বহাল-ইত্তেফাক 
  • সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আমরা পিছপা হব না: এইচ টি ইমাম- দৈনিক কালেরকণ্ঠ
  • বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও রাজনীতি করছে: হানিফ-দৈনিক যুগান্তর
  • নির্বাচনে সবার সমান অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত’- দৈনিক মানবজমিন
  • বঙ্গবন্ধুর দুই খুনিকে ফেরাতে উদ্যোগ নিয়েছেন সরকার-দৈনিক জনকণ্ঠ

ভারতের শিরোনাম:

  • কাঁথিতে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর, আক্রান্ত সঙ্গীরাও, অভিযোগ তৃণমূলের দিকে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • মমতার পথে হেঁটেই পেট্রোলের দাম দু’টাকা কমাল কর্নাটক-দৈনিক আজকাল
  • বিজেপি সাংসদের পা ধুয়ে জল খেলেন কর্মী, নিন্দার ঝড় নেটদুনিয়ায়-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা‍! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:

১ম ও ২য় শ্রেণির চাকরিতে কোটা না রাখার সুপারিশ-দৈনিক প্রথম আলো

নবম থেকে ১৩ তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সরকারি চাকরিতে কোনো কোটা না রাখার সুপারিশ করেছে সরকার গঠিত কমিটি। এ-সংক্রান্ত কমিটির প্রতিবেদন আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছে কমিটি। কমিটি নবম থেকে ১৩ তম গ্রেডের সব পদে মেধা ভিত্তিতে নিয়োগের সুপারিশ করেছে। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি পর্যালোচনা, সংস্কার বা বাতিলের বিষয়ে করা কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আজ সাংবাদিকদের এই কথা জানিয়েছেন। তিনি সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানানোর জন্য আয়োজিত সংবাদ সম্মেলন এ কথা জানান। মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। তাঁরা বলেছেন এটা যেহেতু সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, এটা আদালতের রায়কে স্পর্শ করবে না, কোনো সমস্যা হবে না। মানে কোনো কোটাই থাকবে না। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের কোটার বিষয়ে প্রশ্ন করা হলে শফিউল আলম বলেন, ‘আমরা এগুলো যাচাই-বাছাই করে দেখেছি। দেখেই বলেছি, এখন কোটা না থাকলেও চলতে পারবে।’

আলোকচিত্রী শহিদুল আলমকে হাইকোর্টের দেয়া ডিভিশন বহাল-ইত্তেফাক 

আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা দিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেননি সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতি ইমান আলী।এর আগে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। সোমবার শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ দেবনাথ। শহিদুল আলমের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন। ৫ সেপ্টেম্বর হাইকোর্ট শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা দিতে নির্দেশ দেয়। তাকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দেয়ার নির্দেশনা চেয়ে তাঁর স্ত্রী রেহনুমা আহমেদের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সেদিন আদালত রুলসহ ওই নির্দেশ দেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গত ৫ আগস্ট রাতে শহিদুল আলমকে তাঁর ধানমন্ডির বাসা থেকে তুলে নেয় ডিবি। সাত দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত

সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আমরা পিছপা হব না: এইচ টি ইমাম- দৈনিক কালেরকণ্ঠ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘আমরা সুষ্ঠু, অবাধ, সকলের কাছে গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন চাই। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আমাদের প্রতিজ্ঞা। আমরা আশা করি, আমাদের দলের এবং আমাদের সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে আমরা কখনো পিছপা হব না। অতীতেও হইনি, ভবিষ্যতেও হব না। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘শান্তিতে বিজয়, শান্তি জিতলে জিতবে দেশ' শীর্ষক এক জাতীয় ক্যাম্পেইনের উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে শান্তিপূর্ণ হওয়ার ক্ষেত্রে বিভিন্ন দিক ও দল হিসেবে আওয়ামী লীগের পদক্ষেপগুলো তুলে ধরেন এইচ টি ইমাম। তিনি বলেন, 'এই যে অগ্রগতিগুলো ধীরে ধীরে হয়েছে। এগুলো আমরা খুব সচেতনভাবে লক্ষ করি না। কিন্তু আমি যেহেতু এগুলোর সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তাই লক্ষ করি এবং দেখি আমরা কতদূর এগিয়ে গেছি।'

বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও রাজনীতি করছে: হানিফ-দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশের সেরা চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে বেগম খালেদা জিয়ার চিকিৎসা করা হচ্ছে। কিন্তু তারপরও উনি দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখতে পারছেন না। বিএনপি চিকিৎসা নিয়েও রাজনীতি করতে চায়। সোমবার কুষ্টিয়া সরকারি কলেজের কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে গেছে। তারা এখন লবিস্ট নিয়োগ করে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। তিনি বলেন, একমাত্র রাজনৈতিকভাবে দেউলিয়া হলেই কেউ লবিস্ট নিয়োগ করে বিদেশিদের কাছে ধরনা ধরতে পারে। এতে প্রমাণিত হয়েছে এ দেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই। ষড়যন্ত্রের প্রতিই তাদের আস্থা। তিনি আরও বলেন, বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই। বাংলাদেশের মানুষ কখনোই তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না। এ সময় কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদের, কর্মচারী পরিষদের নেতাদেরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনে সবার সমান অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত- দৈনিক মানবজমিন

একটি গণতান্ত্রিক দেশের জন্য অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য সব রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির জন্য নির্বাচনের সময় রাজনৈতিক প্রক্রিয়ায় পরিপূর্ণভাবে সমান অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউএসএআইডি এবং ইউকেএইডের যৌথ অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় ‘শান্তিতে বিজয়’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশিদের অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে- নির্বাচনের আগে, চলাকালে এবং পরে- সংশ্লিষ্ট প্রত্যেককে অহিংস আচরণ করতে হবে। সহিংসতা শুধু তাদেরই কাজে আসে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাংলাদেশ ও তার নাগরিকদের স্বার্থহানি করতে চায়।

বঙ্গবন্ধুর দুই খুনিকে ফেরাতে উদ্যোগ নিয়েছেন সরকার- কাদের দৈনিক জনকণ্ঠ:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারী পলাতক দুই খুনিকে দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে রাশেদ চৌধুরী ও নূর চৌধুরীকে ফেরাতে যুক্তরাষ্ট্র ও কানাডার আদালতে সরকার দুটি মামলা করেছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সামাজিক সাংস্কৃতিক সংগঠন গৌরব ৭১, কানাডা আওয়ামী লীগ অল ওভারসিস বাংলাদেশি এবং মুভমেন্ট ফর ডিপারটেশন অব কিলার নুর চৌধুরী টু বাংলাদেশ যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রে আছেন রাশেদ চৌধুরী। তাকে ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার আমাদের সহযোগিতা করছে। তাকে ফিরিয়ে আনতে ওখানে একটি মামলা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

এবার ভারতের কয়েকটি  খবর তুলে ধরছি।

কাঁথিতে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর, আক্রান্ত সঙ্গীরাও, অভিযোগ তৃণমূলের দিকে-দৈনিক আনন্দবাজার পত্রিকা

কাঁথিতে আক্রান্ত বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতেও। সোমবার সকালের এই ঘটনায় আহত কয়েক জন বিজেপি কর্মী-সমর্থকও। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। বিজেপি সূত্রে খবর, এ দিন পূর্ব মেদিনীপুরের কাঁথির সংহতি হলে বিজেপি-র সভা ছিল। সেই সভাতেই যোগ দিতে যাচ্ছিলেন দলের রাজ্য সভাপতি। এই হলের উল্টো দিকেই তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। বিজেপির অভিযোগ, তাদের দলীয় সভাপতির গাড়ি দেখেই কালো পতাকা দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীরা প্রতিবাদ করায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তখনই ভাঙচুর চালানো হয় দিলীপ ঘোষের গাড়িতে। ভাঙচুর চলে বিজেপি কর্মী-সমর্থকদের আরও প্রায় ১৫টি গা়ড়িতেও। এই ঘটনায় তাদের সাত জন কর্মী আহত হয়েছেন বলে দাবি জানিয়েছে বিজেপি।

মমতার পথে হেঁটেই পেট্রোলের দাম দু’‌টাকা কমাল কর্নাটক-দৈনিক আজকাল

পথ দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পথেই এবার হাঁটল দক্ষিণের রাজ্য কর্নাটকও। মুখ্যমন্ত্রী কুমারস্বামী সোমবার রাজ্যের পেট্রোলের দাম দু‌টাকা কমানোর কথা ঘোষণা করেন। মাত্রাতিরিক্ত পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আগেই একজোট হয়েছিলেন বিরোধীরা। সেজন্য বাম–কংগ্রেস একযোগে ভারত বন্‌ধও পালন করেছে। প্রতিবাদ করেছিল তৃণমূল কংগ্রেসও। তবে বন্‌ধে সমর্থন করেননি তৃণমূল নেত্রী। তিনিই প্রথম রাজ্যে পেট্রোলের দাম এক টাকা কমিয়ে পথ দেখিয়েছিলেন অন্যান্য রাজ্য গুলিকে।  মহারাষ্ট্রের প্রায় ১১টা শহরে সোমবার পেট্রোলের দাম ঘোরা ফেরা করছে লিটার প্রতি ৯০ টাকা। একই দাম ঘোরা ফেরা করছে ১০০ টাকার কাছাকাছি। সোমবার কর্নাটকের মুখ্যমন্ত্রী এইডি কুমারস্বামী কালবুর্গি থেকে ঘোষণা করেন রাজ্যে পেট্রোলের দাম লিটার প্রতি দু’‌টাকা কমানো হল। এদিন তিনি বলেন, রাজ্যবাসী মনে করে রাজ্য সরকার দাম কমালে পেট্রোল ডিজেলের দাম একটু কমবে। সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যবাসী কিছুটা রেহাই পাবেন।

বিজেপি সাংসদের পা ধুয়ে জল খেলেন কর্মী, নিন্দার ঝড় নেটদুনিয়ায়-দৈনিক সংবাদ প্রতিদিন

রাজনৈতিক ব্যক্তিত্বদের সবসময় মেপে পা ফেলতা হয়। নাহলে সমালোচনা। আর তার ফলে ভাবমূর্তি নষ্ট হয় দলের। এবার বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে সম্ভবত সেই গেরোতেই পড়তে চলেছেন। ঝাড়খণ্ডের গোড্ডায় তাঁর পা ধুয়ে জল খেলেন দলের এক কর্মী। আর এই ঘটনার জন্যই সোশাল সাইটে সমালোচনার শিকার হলেন নিশিকান্ত।

ঘটনাটি ঘটে সোমবার। ঝাড়খণ্ডের গোড্ডায় একটি মিছিল ছিল। সেখানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্তদুবে। মিছিল শেষে সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন তিনি। বক্তব্যের শেষে, মঞ্চ থেকে নেমে আসার পর সাংসদের পা ধুয়ে দেন বিজেপি কর্মী পবন। পা ধুয়ে দেওয়া নতুন কিছু নয়। কিন্তু পা ধোয়া সেই নোংরা জল খেলেন ওই কর্মী। পবনের এমন মহৎ কাজ স্বাভাবিকভাবেই প্রশংসা পেয়েছে বিস্তর। আশপাশ থেকে স্লোগান ওঠে, পবন ভাই জিন্দাবাদ। সোশাল সাইটে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ওই ঘটনার ভিডিও। তার পরেই শুরু হয় সমালোচনা।#

পার্সটুডে/বাবুল আখতার/১৭