'ইরানের সশস্ত্র বাহিনীর সব সাফল্য আয়াতুল্লাহ খামেনেয়ীর দূরদর্শী নেতৃত্বের কাছে ঋণী'
শহীদ নেতার উত্তরাধিকার বহন করে এগিয়ে যাবে ইরানের সশস্ত্র বাহিনী: সাইয়ারি
-
ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং ডেপুটি কো-অর্ডিনেটর (সমন্বয় বিভাগের সহ-অধিনায়ক) রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি
পার্সটুডে: ইরানের সেনাবাহিনীর একজন সিনিয়র কমান্ডার বলেছেন, ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী-এর উত্তরাধিকার বহন করে এগিয়ে যাবে দেশটির সশস্ত্র বাহিনী। তিনি জোর দিয়ে বলেন, তাঁর নেতৃত্বে অর্জিত সামরিক শক্তিকে আরও সুসংহত ও বিকশিত করা হবে।
ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ এবং ডেপুটি কো-অর্ডিনেটর (সমন্বয় বিভাগের সহ-অধিনায়ক) রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, আয়াতুল্লাহ খামেনেয়ীর নেতৃত্বই ছিল ইরানের সশস্ত্র বাহিনীর বিকাশ, আধুনিকায়ন এবং প্রতিরোধক্ষমতা বৃদ্ধির মূল চালিকাশক্তি।
শহীদ নেতার জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শোকাহত মানুষের জন্য স্থাপিত সেনাবাহিনীর একটি আবাসন কেন্দ্রে সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইয়ারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী তাদের সব অর্জনের জন্য আয়াতুল্লাহ খামেনেয়ীর দূরদর্শী নেতৃত্বের কাছে ঋণী।
তিনি বলেছেন, “আজ আমরা যা কিছু অর্জন করেছি, সবই আমাদের শহীদ নেতার দিকনির্দেশনার ফল। আর এখন থেকে তাঁর পবিত্র রক্তের বরকতেই আমরা এগিয়ে যাব।”
তিনি আরও বলেছেন, “আমরা আমাদের শহীদ নেতার উত্তরাধিকার বহন করে এগিয়ে যাব। এটাই আমাদের জীবনের লক্ষ্য ও দায়িত্ব।”
সাইয়ারি আরও বলেন, সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর শত্রুর প্রকৃতি সম্পর্কে ইরানের উপলব্ধি আরও গভীর হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে দেশটির সামরিক সক্ষমতাও ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধ শুরুর প্রথম দিনেই তেহরানে তাঁর কার্যালয়ে হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী শাহাদাতবরণ করেন।
এই আগ্রাসনের জবাবে ইরান ব্যাপক পাল্টা প্রতিক্রিয়া জানায়। এর মধ্যে ছিল অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও অন্যান্য সামরিক স্থাপনায় হামলা এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা।
ইরানের কর্মকর্তারা ঘোষণা করেছেন, ইসলামী বিপ্লবের নেতার হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব অবশ্যই দেওয়া হবে। #
পার্স টুডে/এমএএইচ/০৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।