অক্টোবর ১৬, ২০১৮ ১২:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৬ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • রায় বাতিল করে গ্রেনেড হামলা মামলার পুনঃতদন্ত দাবি বিএনপির-দৈনিক যুগান্তর
  • মন্ত্রিসভার বৈঠক-সম্প্রচার আইনেও গণমাধ্যমের জন্য কড়া বার্তা-দৈনিক প্রথম আলো
  • ‘খাদ্য নিশ্চিত করতে এই সরকারকেই আবার ক্ষমতায় আনতে হবে’রাশেদ খান মেনন-দৈনিক ইত্তেফাক
  • জাফরুল্লাহ’র বিরুদ্ধে চাঁদাবাজির মামলা-দৈনিক মানবজমিন
  • শেখ হাসিনাকে হটানোই ড. কামালের টার্গেট: কাদের
  • শেখ হাসিনাকে হটানোই ড. কামালের টার্গেট: কাদের-দৈনিক কালের কণ্ঠ
  • ঐক্যফ্রন্টের লিয়াজোঁ কমিটি গঠন, ২৩ অক্টোবর জনসভা-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • #মিটু বিতর্ক: ৯৭ উকিল নামালেন আকবর, লড়তে প্রস্তুত প্রিয়াও-দৈনিক আনন্দবাজার
  • ‌পুজো প্যান্ডেলে নাশকতা চালানোর ছক কষছে জেএমবি জঙ্গিরা, রাজ্য পুলিসকে সতর্ক করল গোয়েন্দারা-দৈনিক আজকাল
  • ফাঁস নতুন রাফালে নথি, রিলায়েন্সের সঙ্গে চুক্তিতে বাধ্য করা হয়েছিল দাসাল্টকে- দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

রায় বাতিল করে গ্রেনেড হামলা মামলার পুনঃতদন্ত দাবি বিএনপির-দৈনিক যুগান্তর

রায় বাতিল করে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পুনঃতদন্ত দাবি করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বাতিল করতে হবে। মামলাটির তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দকে বাদ দিয়ে নিরপেক্ষভাবে পুনঃতদন্ত করে পুনরায় বিচার কার্যক্রম শুরু করার দাবিও জানান বিএনপির এ নেতা। ২১ আগস্টের গ্রেনেড বোমা হামলা নিয়ে শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আচরণ, বক্তব্য ও মন্তব্য সামঞ্জস্যহীন ও রহস্যাবৃত বলে মন্তব্য করেন রিজভী।

শেখ হাসিনাকে হটানোই ড. কামালের টার্গেট: কাদের-দৈনিক কালের কণ্ঠ

শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানোই ড. কামালের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে বনানীতে নির্মিত বিআরটিএ’র নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। ড. কামালের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, কামাল হোসেনের টার্গেট সম্ভবত ক্ষমতায় যাওয়া নয়, তার টার্গেট হল শেখ হাসিনাকে ছলে-বলে যেভাবেই হোক ক্ষমতায় মঞ্চ থেকে হটানো। সেজন্য তারেক রহমানের মতো যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নেতৃত্ব মেনে নিতেও তার আপত্তি নেই।

‘খাদ্য নিশ্চিত করতে এই সরকারকেই আবার ক্ষমতায় আনতে হবে’রাশেদ খান মেনন-দৈনিক ইত্তেফাক

সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রথম ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছয় নম্বরে। অথচ পরিবেশ দূষণে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন।

ঐক্যফ্রন্টের লিয়াজোঁ কমিটি গঠন, ২৩ অক্টোবর জনসভা-দৈনিক নয়া দিগন্ত

জাতীয় ঐক্যফ্রন্টের লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে। ২৩ অক্টোবর সিলেটে জনসভার মধ্য দিয়ে ঐক্যফ্রন্ট আনুষ্ঠানিক কার্যক্রম শুর করবে। গুলশানে জেএসডি সভাপতি আ স ম রবের বাসভবনে আজ মঙ্গলবার ঐক্যফ্রন্টের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তা জানান জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ বাড়াতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের নেতারা বলেছেন, আলোচনার দ্বার উন্মুক্ত রেখেই আন্দোলন কর্মসূচিতে যাবেন তারা। যদি সরকার জনগণের চাওয়া আঁচ করতে না পারে, সে ক্ষেত্রে পরিস্থিতি যেকোনো দিকে মোড় নিতে পারে। জানা গেছে, প্রাথমিকভাবে রোডমার্চ ও সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নামছে জাতীয় ঐক্যফ্রন্ট। 

মন্ত্রিসভার বৈঠক-সম্প্রচার আইনেও গণমাধ্যমের জন্য কড়া বার্তা-দৈনিক প্রথম আলো

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে দেশে–বিদেশে ব্যাপক সমালোচনার মধ্যেই সরকার সম্প্রচারমাধ্যমগুলোর জন্য নানা বিধিনিষেধ আরোপ করে নতুন একটি আইন চূড়ান্ত করতে যাচ্ছে। গতকাল সোমবার মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া সম্প্রচার আইনের খসড়ায় বলা হয়েছে, সম্প্রচার ও অনলাইন মাধ্যমে কোনো আলোচনা (টক শো) অনুষ্ঠানে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য–উপাত্ত প্রচার করা যাবে না। যেকোনো ব্যক্তির ব্যক্তিগত, গোপনীয় ও মর্যাদাহানিকর তথ্য এবং জনস্বার্থ বিঘ্নিত হতে পারে এমন কোনো বিদ্রোহ, নৈরাজ্য ও হিংসাত্মক ঘটনা প্রচার নিষিদ্ধ করে বলা হয়েছে, কেউ তা করলে অপরাধ হিসেবে শাস্তি পেতে হবে।

চার বছর আগে ২০১৪ সালে জারি করা জাতীয় সম্প্রচার নীতিমালায় এ ধরনের বিধিনিষেধ আরোপ করার পর গণমাধ্যম–সংশ্লিষ্ট ব্যক্তিরা তীব্র আপত্তি জানিয়েছিলেন। কিন্তু এত দিন পর এসে সম্প্রচার আইনের খসড়াতেও ঘুরিয়ে–ফিরিয়ে ওই নীতিমালার বিধিনিষেধগুলো রাখা হয়েছে। তবে এসব বিষয়ে সরকার সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারবে না। এসব দেখভাল করার জন্য সাত সদস্যের কমিশন কাজ করবে। ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে কমিশনের হাতে। এই কমিশন সম্প্রচার লাইসেন্স ও অনলাইন গণমাধ্যমের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাইবার ট্রাইব্যুনাল-এক দিনেই ডিজিটাল নিরাপত্তা আইনে ৭ মামলা-দৈনিক ইত্তেফাক

ডিজিটাল নিরাপত্তা আইনে বিচার চেয়ে সাইবার ট্রাইব্যুনালে আজ ৭টি মামলা হয়েছে। ঢাকায় অবস্থিত সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে আজ সোমবার সাত ব্যক্তি পৃথক সাতটি মামলা করেন।

ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্‌সামছ জগলুল হোসেন সাতটি মামলার মধ্যে একটি মামলাকে এজাহার হিসেবে গ্রহণ করতে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। দুটি মামলা তদন্ত করে প্রতিবেদন দিতে গেন্ডারিয়া ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আর অপর তিনটি মামলা সরাসরি খারিজ করার আদেশ দেন ট্রাইব্যুনাল।

জাফরুল্লাহ’র বিরুদ্ধে চাঁদাবাজির মামলা-দৈনিক মানবজমিন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। জমি বিক্রিতে বাধ্য করার চেষ্টা এবং এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে এনে সোমবার রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন মানিকগঞ্জের মোহাম্মদ আলী। এ মামলায় তিনি ছাড়াও আসামী করা হয়েছে আরো তিনজনকে। আশুলিয়া থানার ওসি রিজাউল হক এ তথ্য জানিয়েছেন। এর আগে একটি বেসরকারি টেলিভিশনের টকশো আলোচনায় সেনাপ্রধান নিয়ে মন্তব্যের কারণে তার বিরুদ্ধে জিডি হয়। পরে সেটি রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে গণ্য হয়।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

#মিটু বিতর্ক: ৯৭ উকিল নামালেন আকবর, লড়তে প্রস্তুত প্রিয়াও-দৈনিক আনন্দবাজার

তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন অনেকেই। তার মধ্যে প্রথম অভিযোগকারী সাংবাদিক প্রিয়া রামানির বিরুদ্ধে আজ মানহানির  ফৌজদারি মামলা দায়ের করলেন বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবর। দিল্লির পাতিয়ালা কোর্টে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ (মানহানি) ধারা এবং ৫০০ (মানহানির শাস্তি) ধারায় এই মামলা করা হয়েছে। ৯৭ জন আইনজীবীর একটি দলকে মাঠে নামিয়েছেন আকবর! তার মধ্যে আবার ৩০ জন মহিলা। যাদের তরফ থেকে বলা হয়েছে, ‘সম্পুর্ণ ভিত্তিহীন তথ্য নিয়ে নিছক বদনাম ছড়ানোর জন্য প্রিয়া কুৎসা রটিয়েছেন।’ এই ধারায় শাস্তিপ্রাপ্ত ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের হাজতবাস হতে পারে।     

প্রিয়া অবশ্য দমেননি। বিবৃতি দিয়ে তিনি বলেছেন, লড়ার জন্য তিনি তৈরি। সত্য এবং নিরঙ্কুশ সত্যই তাঁর হাতিয়ার। প্রিয়া দাবি করেছেন, আকবর মামলা ঠুকে অভিযোগকারিণীদের মুখ বন্ধ করতে চাইছেন, কিন্তু সেটা হবে না।

পুজো প্যান্ডেলে নাশকতা চালানোর ছক কষছে জেএমবি জঙ্গিরা, রাজ্য পুলিসকে সতর্ক করল গোয়েন্দারা-দৈনিক আজকাল

উৎসবের মেজাজে রয়েছে গোটা রাজ্য। পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেলে জনতার ঢল। আর এই সুযোগে নাশকতা চালানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের জেএমবি জঙ্গিরা। এমনই বিপদবার্তা জানিয়ে রাজ্য পুলিসকে সতর্ক করল গোয়েন্দারা। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। জলপাইগুড়, কোচবিহার, আলিপুদুয়ার, শিলিগুড়ির পুজো প্যান্ডেলগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, বাংলাদেশ থেকে চার জেএমবি জঙ্গি উত্তরবঙ্গে প্রবেশ করেছে। এই চার জেলায় পুজো প্যান্ডেল গুলিতে নাশকতা চালানোর ছক কষছে তারা।

ফাঁস নতুন রাফালে নথি, রিলায়েন্সের সঙ্গে চুক্তিতে বাধ্য করা হয়েছিল দাসাল্টকে-দৈনিক সংবাদ প্রতিদিন

রাফালে ইস্যুতে নতুন বিস্ফোরক নথি। ফ্রান্সের এক সাংবাদিকের প্রকাশ করা এই নথি যদি সঠিক হয় তাহলে সত্যিই চাপে পড়তে চলেছে মোদি সরকার। কারণ, এই নথিতে সেইসব অভিযোগে সিলমোহর দেওয়া আছে যা রাহুল গান্ধী করেছিলেন। এই মুহূর্তে বিদেশমন্ত্রী নির্মলা সীতারমণ আছেন ফ্রান্সেই, রাফালের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতে গিয়েছেন তিনি। তাঁর সফরের মধ্যেই দুটি বিস্ফোরক নথি ফাঁস করলেন ফ্রান্সের এক খ্যাতনামা সাংবাদিক। তাঁর দাবি, ওই নথিটিই রাফালে চুক্তির আসল কাগজ। নথিটি পুরোটাই ফ্রেঞ্চ ভাষায় লেখা। নথির লেখা পড়ে অনুবাদকরা বলছেন, এর মোদ্দা কথা হল ভারত সরকার দাসাল্ট এভিয়েশনকে কার্যত বাধ্য করেছিল সঙ্গী হিসেবে রিলায়েন্সকে বেছে নিতে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৬