জানুয়ারি ০৬, ২০১৯ ১৩:০৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বিএনপি ও গণফোরামের কেউই শপথ নিচ্ছেন না-দৈনিক প্রথম আলো
  • সুবর্ণচরে গণধর্ষণ: গ্রেফতার সাত আসামি ৫ দিনের রিমান্ডে-দৈনিক যুগান্তর
  • মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেলেন যারা-দৈনিক ইত্তেফাক
  • ৪৬ জনের নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা বিকালে-দৈনিক মানবজমিন
  • হাসপাতাল থেকে হুইল চেয়ারে এসে শপথ নিলেন এরশাদ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • মমতা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন’, সুর বদলে পালটি খেলেন দিলীপ-দৈনিক সংবাদ প্রতিদিন
  • দিলীপের মমতা-স্তুতিতে স্তম্ভিত গোটা দল, তোলপাড় শুরু বিজেপিতে-দৈনিক আনন্দবাজার-দৈনিক আনন্দবাজার
  • হ্যালকে দেওয়া বরাতের প্রমাণ দিন, নয় ইস্তফা দিন, প্রতিরক্ষামন্ত্রীকে তোপ রাহুলের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন খবর

বিএনপি ও গণফোরামের কেউই শপথ নিচ্ছেন না-দৈনিক প্রথম আলো

জাতীয় ঐক্যফ্রণ্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সদস্যই সাংসদ হিসেবে শপথ নেবেন না। আজ রোববার দুপুরে ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে এ কথা জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। গতকাল শনিবার ড. কামাল হোসেন তাঁর দলে গণফোরামের বিজয়ী দুই সদস্যের শপথ নেওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন। এর পরদিনই শপথ না নেওয়ার এই সিদ্ধান্ত হলো। গত বছরের ৩১ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, তাঁরা কেউই শপথ নেবেন না, এটা পরিষ্কার কথা। একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয়লাভ করে।

মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেলেন যারা-দৈনিক্ ইত্তেফাক

বাংলাদেশ

নতুন মন্ত্রীসভায় কারা সদস্য হিসেবে থাকছেন তাদের নাম ঘোষণা হবে বিকেল পাঁচটায়। এর আগেই অনেকে শপথ নিতে ফোনে ডাক পেয়েছেন। ডাক পাওয়াদের বেশিরভাগই নতুন। পুরনো হেভিওয়েট নেতাদের অনেকেই বাদ পড়ছেন বলে জানা গেছে। অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শপথ বাক্য পাঠ করাবেন।

৪৬ সদস্যের মন্ত্রিপরিষদ: মন্ত্রী ২৪, প্রতিমন্ত্রী ১৯, উপমন্ত্রী ৩ জন-দৈনিক যুগান্তর

একাদশ সংসদের মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ঘোষণা করা হবে আজ বিকালে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, নতুন সরকারে ৪৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এর মধ্যে পূর্ণাঙ্গ ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হচ্ছেন। প্রসঙ্গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে ২৫৭টি আসন পায় আওয়ামী লীগ। আর বিএনপি জোট জয়ী হয় মাত্র সাতটি আসনে। মহাজোটের সংসদ সদস্যরা ইতিমধ্যে শপথ নিয়েছেন। শপথ নেননি ধানের শীষের জনপ্রতিনিধিরা।

একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে দ্বিতীয় সর্বাধিক আসন পাওয়া জাতীয় পার্টি। এরশাদের নেতৃত্বাধীন এ দল এবার ২২ আসনে জয়ী হয়েছে।

হাসপাতাল থেকে হুইল চেয়ারে এসে শপথ নিলেন এরশাদ-দৈনিক নয়া দিগন্ত

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার দুপুর ১২টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে এরশাদকে শপথ বাক্য পাঠ করান। এরপর তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন। এর আগে গতকাল শনিবার নিয়মিত রক্ত পরীক্ষার অংশ হিসেবে এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হয়েছিলেন। সেখানে থেকে হুইল চেয়ারে বসে সংসদ ভবনে গিয়ে শপথ নেন তিনি।

সুবর্ণচরে গণধর্ষণ: গ্রেফতার সাত আসামি ৫ দিনের রিমান্ডে-দৈনিক যুগান্তর

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আটজনের মধ্যে সাতজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বেলা ১১টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ নম্বর আমলি আদালতে (চরজব্বার) ওই সাত আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম। শুনানি শেষে বিচারক নবনিতা গুহ তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৩০ ডিসেম্বর ভোটের দিনগত রাতে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে রুহুল আমিনের নেতৃত্বে এক গৃহবধূ ধর্ষণ করা হয়। এর পর ঘটনাটি কাউকে না বলতে এবং মামলা না করতে প্রাণনাশের হুমকি দিয়ে তারা পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী নারীর স্বামী ৯ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগীর স্বামী জানান, ধানের শীষে ভোট দেয়া কেন্দ্র করে তার স্ত্রী গণধর্ষণের শিকার হন। ঘটনাটি জানাজানি হওয়ার পর নিন্দার ঝড় ওঠে।

সাবেক মন্ত্রী নাজমুল হুদা কারাগারে-দৈনিক যুগান্তর

মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা

চার দলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতির মামলায় চার বছরের সাজার রায়ের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্বিতীয় বিশেষ জজ এইচ এম রুহুল ইমরান এর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। পরে আদালত জামিন এর আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

‘খবরের অন্তরালে’ সাপ্তাহিক পত্রিকার নাম করে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে নাজমুল হুদাকে সাত বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। ২০১৭ সালে হাইকোর্ট সাজার মেয়াদ কমিয়ে চার বছর করে দেয়।

পদ্মার ইলিশের জিন বিন্যাসে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ-দৈনিক প্রথম আলো

ইলিশ

ইলিশ নিয়ে আরেকটি সাফল্য যুক্ত হলো বাংলাদেশের। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতির পর এবার ইলিশের জীবনরহস্য উদ্‌ঘাটনের আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশি গবেষক দল উদ্ভাবিত পদ্মার ইলিশের জিন বিন্যাস বা জিনোম সিকোয়েন্স বিশ্বখ্যাত জার্নাল বায়োমেড সেন্ট্রাল (বিএমসি) প্রকাশ করেছে। লন্ডনভিত্তিক জার্নালটিতে বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

এবার ভারতের তিনটি খবর তুলে ধরছি

দিলীপের মমতা-স্তুতিতে স্তম্ভিত গোটা দল, তোলপাড় শুরু বিজেপিতে-দৈনিক আনন্দবাজার

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ  ঘোষ

সবাইকে চমকে গিয়ে শনিবার মমতা-স্তুতিতে পঞ্চমুখ হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পরবর্তী ১২ ঘণ্টায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দর মহলে। রাজ্য বিজেপির অধিকাংশ সিনিয়র নেতাই দলের অন্দরে দিলীপের তীব্র সমালোচনায় সরব হয়েছেন বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। অধিকাংশই প্রকাশ্যে মন্তব্য করছেন না। তবে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র খুব স্পষ্ট মত, দিলীপের এই মতামতের সঙ্গে ‘বাস্তবতা’র কোনও সম্পর্ক নেই। লোকসভা নির্বাচনের এত কাছাকাছি এসে দিলীপের এই মমতা-স্তুতি দলের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হয়েছে বলে রাজ্য বিজেপির একাধিক সিনিয়র নেতা মনে করছেন। বিজেপি সূত্রের খবর, দিলীপের বিরুদ্ধে নালিশ পৌঁছে গিয়েছে খোদ অমিত শাহের কাছে।

দিলীপ ঘোষ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পর থেকেই রাজ্য বিজেপির সিনিয়র নেতারা ঘনিষ্ঠ মহলে বিষ্ময় প্রকাশ করতে শুরু করেছিলেন। তাঁদের অধিকাংশই অবশ্য প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইছিলেন না। কিন্তু রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্যে যে দলের অন্দরে সমালোচনার তুফান বইছে, বিজেপি সূত্রেই সে খবর পাওয়া যাচ্ছে।

হ্যালকে দেওয়া বরাতের প্রমাণ দিন, নয় ইস্তফা দিন, প্রতিরক্ষামন্ত্রীকে তোপ রাহুলের

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

রাফালের জন্য হ্যালকে কেন্দ্রের দেওয়া এক লক্ষ কোটি টাকার বরাতের প্রমাণ সোমবার সংসদে পেশ করতে হবে প্রতিরক্ষামন্ত্রীকে। না হলে পদত্যাগ করুন নির্মলা সীতারমন। রবিবার বিকেলে টুইটে ফের  রাফালে নিয়ে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে এমনটাই বলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ওই টুইটের সঙ্গেই তিনি গত শুক্রবার সংসদে সীতারমনের দেওয়া তথ্য জুড়ে দিয়েছেন।

সংখ্যালঘু প্রীতি প্রমাণে মোদিকে বেনজির আক্রমণ পাক প্রধানমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

আন্তর্জাতিক মহল হোক বা সীমান্ত, বারবার বিভিন্ন ভাবে ভারতের কাছে পর্যুদস্ত হচ্ছে পাকিস্তান৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের মোদি সরকারকে অপমানের আবারও মরিয়া চেষ্টা চালাল ইসলামাবাদ৷ যার বহিঃপ্রকাশ ঘটল সেদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি টুইটে৷ যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে বেনজির আক্রমণ করল পাক প্রধানমন্ত্রী ইমরান খানের দল৷ এবং আরও একবার বুঝিয়ে দিল মুখে শান্তির কথা বললেও, বাস্তবে ভারতের সঙ্গে কোনও রকমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে আগ্রহী নয় পাকিস্তান৷#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬