খালেদা জিয়াকে ‘শিগগিরই’ বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হবে
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৫ মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- খালেদা জিয়াকে ‘শিগগিরই’ বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হবে-দৈনিক যুগান্তর
- ‘কাদেরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে’-দৈনিক প্রথম আলো
- নির্বাচন যেমনই হোক সমালোচনা হবেই: নির্বাচন কমিশনার-দৈনিক ইত্তেফাক
- নির্বাচনে পরাজিতরা ষড়যন্ত্রে লিপ্ত : নাসিম-দৈনিক কালের কণ্ঠ
- কেরানীগঞ্জে নির্মাধীন কালভার্টের মাটি ধসে নিহত ২-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- দিল্লিতে আপের সঙ্গে জোট নয়, রাহুলের বৈঠকের পর জানাল কংগ্রেস-দৈনিক আনন্দবাজার
- ভেস্তে গেল জোট প্রক্রিয়া, দিল্লিতে একাই লড়বে কংগ্রেস-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আজকাল নানা আলোচনা চলছে। এ আলোচনা চলছে মূলত দেশের রাজনৈতিক নেতা ও ধনী ব্যক্তিদের বিদেশে চিকিৎসা নেয়ার কারণে। আপনি বিষয়টি কীভাবে দেখেন?
২. ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ব্যবহারে পাকিস্তান দ্বিধা করবে না বলে মন্তব্য করেছেন ভারত শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। আপনার কী তাই মনে হয়?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
‘কাদেরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে’-দৈনিক প্রথম আলো
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। কাদেরের সঙ্গে সিঙ্গাপুরের হাসপাতালে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নাসার রিজভী আজ মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
অধ্যাপক আবু নাসার রিজভী বলেন, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে আনার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড করা হয়েছে। ওই বোর্ডে আছেন পাঁচজন চিকিৎসক।আজ সকালে তাঁরা বৈঠক করেন। সেখানে তাঁরা বলেন, ওবায়দুল কাদেরকে বাংলাদেশে যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। কাদেরের অবস্থা এখন স্থিতিশীল আছে। তবে তাঁর কিডনিতে কিছুটা সমস্যা আছে। ইনফেকশনও কিছু আছে। আগামী কয়েক দিনের মধ্যে এসব সমস্যার সমাধানের পর তাঁর বাইপাস করা হবে। তাঁর শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। এই চিকিৎসক দেশবাসীর কাছে ওবায়দুল কাদেরের জন্য দোয়া চান।
খালেদা জিয়াকে ‘শিগগিরই’ বঙ্গবন্ধু মেডিকেলে নেয়া হবে-দৈনিক যুগান্তর
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘শিগগিরই’ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার পর খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।সাক্ষাৎ শেষে বেরিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নির্বাচনে পরাজিতরা ষড়যন্ত্রে লিপ্ত : নাসিম-দৈনিক কালের কণ্ঠ
১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, দেশ আজ গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে পার হচ্ছে। নির্বাচনে যারা পরাজিত হয়েছিল তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা তো চাই নাই তারা এভাবে পরাজিত হোক। আমরা চেয়েছিলাম পার্লামেন্ট নির্বাচনে জোর প্রতিযোগিতা হোক। আমরা নির্বাচনের ২ মাস আগে থেকে প্রস্তুত ছিলাম এ পার্লামেন্ট নির্বাচনে বিএনপির সাথে জোর প্রতিযোগিতা হবে বলে। এদেশে আওয়ামী লীগের একমাত্র বিরোধী শক্তি হচ্ছে বিএনপি। কিন্তু ষড়যন্ত্র করে কি কারণে ২৪ ঘণ্টা আগে মাঠ ছেড়ে চলে গেল তা আমরা এখনো বুঝতে পারিনি। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাসিম বলেন, আমরা সব সময়ই চাই। এদেশে একটি শক্তিশালী বিরোধী দল হোক।
গ্যাসের দাম বাড়ালে জনগণ প্রতিহত করবে: মির্জা ফখরুল-দৈনিক প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার তাদের দুর্নীতি ঢেকে রাখার জন্য সব রকম আর্থিক ব্যয় জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে। এই গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই, গ্যাসের দাম বাড়ানো যাবে না। যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে অবশ্যই জনগণ প্রতিহত করবে।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে বাংলাদেশের যে সংকট, তা অত্যন্ত গভীর। এই সংকট শুধু একটি নির্বাচনে নয়, একটি দলের নয়, এটি গোটা জাতির সংকট। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ ও ধ্বংস করে দেওয়া হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভেস্তে গেল জোট প্রক্রিয়া, দিল্লিতে একাই লড়বে কংগ্রেস-দৈনিক সংবাদ প্রতিদিন
যাবতীয় জল্পনার অবসান। দিল্লিতেও একলা চলার পক্ষে সওয়াল করল কংগ্রেস। আম আদমি পার্টির সঙ্গে জোটের যাবতীয় জল্পনা উড়িয়ে দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রী শীলা দীক্ষিত জানিয়ে দিলেন, সর্বসম্মতিক্রমে আপের সঙ্গে জোটের প্রস্তাব খারিজ করা হয়েছে। দিল্লির ৭টি আসনে একাই লড়বে কংগ্রেস। শীলা দীক্ষিতের এই ঘোষণার পরই পালটা কংগ্রেসকে তোপ দেগেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, কংগ্রেস অঘোষিতভাবে বিজেপিকে মদত দিচ্ছে। দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক জল্পনা দীর্ঘদিনের। প্রকাশ্যেই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বার্তা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর দৈনিক আজকালে লেখা হয়েছে, মাহাজোট গঠনে সব বিরোধী নেতাদের বোঝানোর দায়িত্বে মমতাই। মহাজোটের মধ্যমণি তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিই। পশ্চিমবঙ্গ ছাড়া, উত্তর প্রদেশ এবং দিল্লিতে সব বিরোধী দলগুলির মধ্যে সহমত, তারা যাতে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী না দেয়, তা দেখার দায়িত্ব বর্তিয়েছে মমতার উপর। কিন্তু মমতার উপর্যুপরি চেষ্টার পরও দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আপের বিরোধ এখনও মেটেনি।
ঘরেই অস্বস্তি বিজেপির, এবার পুলওয়ামা হামলা-এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলল শিব সেনাও-দৈনিক সংবাদ প্রতিদিন
এতদিন প্রশ্ন তুলছিল বিরোধীরা। এবার বিজেপির সবচেয়ে পূরনো জোটসঙ্গীই প্রশ্ন তুলে দিল পুলওয়ামা হামলায় সরকারের ব্যর্থতা এবং এয়ারস্ট্রাইকের সাফল্য নিয়ে। দলীয় মুখপত্র সামনায় শিব সেনা দাবি করেছে, ভারতের এয়ারস্ট্রাইকে শত্রুদেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানার অধিকার প্রত্যেক ভারতীয়র আছে। পুলওয়ামায় ৩০০ কেজি আরডিএক্স কোথা থেকে এল, জঙ্গিরা তা কোথায় পেল তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপির বৃহত্তম জোটসঙ্গী।
পুলওয়ামা হামলায় সরকারের ব্যর্থতা এবং এয়ারস্ট্রাইকের সাফল্য নিয়ে প্রশ্নটি প্রথম তুলেছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই প্রথম পুলওয়ামা হামলায় তদন্তের দাবি জানান, এবং সেই সঙ্গে ভারতের এয়ারস্ট্রাইকে কত জঙ্গির মৃত্যু হয়েছে তা জানতে চান। এরপর মমতার সুরে সুর মেলান দিগ্বিজয় সিং, কপিল সিব্বলের মতো কংগ্রেস নেতারা। এবার শিব সেনাও সেই তৃণমূলনেত্রীর সুরেই কথা বলছে। নিজেদের মুখপত্র সামনায় শিব সেনা লিখছে, “ভারতের নাগরিকদের অধিকার আছে, এয়ারস্ট্রাইকে শত্রুদের কতটা ক্ষতি হয়েছে তা জানার। আমাদের মনে হয় না, এতে আমাদের সেনার মনোবলে কমবে।” পুলওয়ামা হামলা নিয়েও প্রশ্ন তোলে শিব সেনা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন