এপ্রিল ০২, ২০১৯ ১২:৩৬ Asia/Dhaka
  • ‘সুলতান মনসুরের পর শপথ নিলেন মোকাব্বির খান'

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • ‘‘সুলতান মনসুরের পর শপথ নিলেন মোকাব্বির খান -দৈনিক প্রথম আলো
  • অটিস্টিক শিশুদের দেশের সম্পদ বানাতে হবে: প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • রাজশাহীতে মহাসড়কে শুয়ে জুট মিল শ্রমিকদের বিক্ষোভ-দৈনিক যুগান্তর
  • বাংলাদেশে ‘জি' নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ:-দৈনিক ইত্তেফাক-
  •  গ্রিসে প্রবেশকালে বাংলাদেশী সহ ২০৯ অভিবাসীকে আটক তুরস্কে-মানবজমিন
  • দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ‘বিএসএফ’-এনটিভিবিডি

ভারতের খবর:

  • ২২ লক্ষ শূন্যপদে চাকরি, গরিবদের অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার, ইস্তাহার প্রকাশ কংগ্রেসের-দৈনিক আনন্দবাজার পত্রিকা -দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • রাহুল এখনও ‘আমূল বেবি, কটাক্ষ সিপিএম নেতা অচ্যুদানন্দনের-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
  • ওমরের ‘স্বাধীন কাশ্মীর-এর মন্তব্যকে তীব্র কটাক্ষ নেতা গম্ভীরের-দৈনিক সংবাদ প্রতিদিন-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

সুলতান মনসুরের পর শপথ নিলেন মোকাব্বির খান -দৈনিক প্রথম আলো

গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিলেট-২ আসন থেকে নির্বাচিত মোকাব্বির খান আজ মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ পাঠ করান মোকাব্বিরকে। জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ-১ এর পরিচালক তারেক মাহমুদ শপথ নেওয়ার বিষয়টি জানিয়েছেন।

গতকাল সোমবার গণফোরামের প্যাডে পাঠানো চিঠিতে তিনি দু-এক দিনের মধ্যে শপথ নেওয়ার আগ্রহের কথা জানান। স্পিকার তাঁকে আজ দুপুর ১২টায় শপথগ্রহণের জন্য সময় দেন। এদিকে প্রথম আলোর অন্য একটি খবরে বলা হয়েছে, তাঁর দল গণফোরাম বলছে, তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নিচ্ছেন। তা ছাড়া দলের প্যাড ‘চুরি করে মোকাব্বির স্পিকারকে চিঠি পাঠিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

অটিস্টিক শিশুদের দেশের সম্পদ বানাতে হবে: প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

অটিজম আক্রান্তরা সমাজের বোঝা না। তাদের শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দেশের সম্পদে পরিণত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুদের প্রতি দায়িত্বশীল এবং সহানুভূতিশীল হতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দেশের সম্পদ বানাতে হবে। তাদের অবহেলা করা যাবে না। তারা যাতে এগিয়ে যেতে পারে সে জন্য সমাজের সুস্থ সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‌‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে তার পিছিয়ে পড়া সন্তানদের এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আগামী অর্থবছরে ১৪ লাখ প্রতিবন্ধী শিশুকে ভাতার আওতায় আনা হবে। এছাড়া বর্তমানে ১০ লাখ প্রতিবন্ধীকে প্রতিমাসে ৭০০ টাকা ভাতা দেওয়া হচ্ছে। এছাড়া ৯০ হাজার শিক্ষার্থীকে বিশেষ ভাতা দেওয়া হচ্ছে।’

রাজশাহীতে মহাসড়কে শুয়ে জুট মিল শ্রমিকদের বিক্ষোভ-দৈনিক যুগান্তর

প্রায় সহস্রাধিক শ্রমিক-কর্মচারী মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কাটাখালীতে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। সেখানেই তারা সমাবেশ করেন। এদিকে গত রোববার থেকে লাগাতার ৭২ ঘণ্টা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে রাজশাহী জুট মিলস শ্রমিক-কর্মচারীরা।

এদিকে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ ও অবরোধের কারণে প্রায় ২ ঘণ্টা রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শ্রমিক-কর্মচারীরা মহাসড়কে শুয়ে পড়েন। ফলে সড়কের দুই ধারে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক-কর্মচারীদের অনুরোধ করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় ওই মহাসড়কে আবারও যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশে জি'নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ:-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের সর্বত্র জি বাংলা, জি সিনেমা ও জি টিভিসহ ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ রাখা হয়েছে। আজ মঙ্গলবার এ চ্যানেলগুলো দেখা যাচ্ছে না বলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার দর্শকরা জানিয়েছেন। এদিকে কয়েকটি ক্যাবল টেলিভিশন অপারেটরের পক্ষ থেকে বলা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক নির্দেশনার পর এই পদক্ষেপ নিয়েছেন তারা।

ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান জাদু ডিজিটালের কাস্টমার সার্ভিস কর্মকর্তা শামীমা মিতু জানান, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে জি নেটওয়ার্কের চ্যানেলগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। ক্যাবল অপারেটররা জানান, গতকাল সোমবার জি নেটওয়ার্কের চ্যানেলগুলো বন্ধের জন্য তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের নির্দেশনা দেয়া হয়। এরপরই সারা দেশে জি টিভি, জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জিং, জি অ্যাকশন, জি বলিউডসহ এই নেটওয়ার্কের সব টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

গ্রিসে প্রবেশকালে বাংলাদেশী সহ ২০৯ অভিবাসীকে আটক তুরস্কে-মানবজমিন

অবৈধ পথে গ্রিস প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশী সহ ২০৯ অভিবাসীকে আটকে দিয়েছে তুরস্কের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তাদেরকে আটক করে রাখা হয়েছে দেশটির ইদিরনি প্রদেশের একটি সেন্টারে। তবে এর মধ্যে বাংলাদেশী কতজন বা তাদের নাম, পরিচয় কি তা জানা যায় নি। সোমবার ওই সব অভিবাসী তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের ইদিরনি প্রদেশ হয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করছিল।

ওই অভিবাসীদের মধ্যে বাংলাদেশী ছাড়াও রয়েছেন আফগানিস্তান, পাকিস্তান, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া ও ফিলিস্তিনি নাগরিক। ইদিরনির কেন্দ্রীয় অংশে অবৈধ অভিবাসীদের জন্য নির্মিত একটি সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। এ খবর দিয়েছে তুরস্কের অনলাইন ডেইলি সাবাহ।

দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ-এনটিভিবিডি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

নিহতরা হলেন উপজেলার মনাকষা ইউনিয়নের মাসুদপুরের বেলাল আলী কালুর ছেলে মিলন (২১) এবং একই ইউনিয়নের তারাপুর ঠুঠাপাড়ার আফসার আলীর ছেলে সেনারুল ইসলাম (২২)। এর মধ্যে মিলন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

এরই মধ্যে পুলিশ দুটি লাশ উদ্ধার করেছে বলে দুপুরে এনটিভি অনলাইনকে জানিয়েছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা। তিনি বলেন, ‘সীমান্তে দুজন নিহত হওয়ার ঘটনার পর পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে সেনারুলের লাশ তাঁর বোনের বাড়ি খাসেরহাট থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে সকালে মিলনের লাশ উদ্ধার করা হয়।’

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

২২ লক্ষ শূন্যপদে চাকরি, গরিবদের অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার, ইস্তাহার প্রকাশ কংগ্রেসের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ওয়েল অ্যান্ড ওয়েলফেয়ার। নিজেদের তৈরি করা নির্বাচনী ইস্তাহারকে এই শব্দেই ব্যাখ্যা করল কংগ্রেস। সেই দাবির সঙ্গে সঙ্গতি রেখেই দেশের ২২ লক্ষ সরকারি শূন্যপদে চাকরি এবং গরিব কৃষকদের অ্যাকাউন্টে বছরে সরাসরি ৭২,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। নয়াদিল্লিতে কংগ্রেসের এই ইস্তাহার প্রকাশে হাজির ছিলেন সনিয়া গাঁধী, মনমোহন সিংহ, প্রিয়ঙ্কা গাঁধী সহ কংগ্রেসের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও।

কর্মসংস্থান, কৃষি এবং মহিলাদের সুরক্ষা— গত পাঁচ বছরে এই তিনটি বিষয়ে পিছিয়েছে দেশ। তাই দেশকে আবার উন্নতির রাস্তায় ফিরিয়ে নিয়ে যেতে গত এক বছর ধরে তৈরি করা হয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার, এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

রাহুল এখনও ‘‌আমূল বেবি, কটাক্ষ সিপিএম নেতা অচ্যুদানন্দনের-দৈনিক আজকাল

ওয়ানাড়ে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাতেই যেন শিয়রে শমন দেখছে সিপিএম। যেদিন কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল একথা সেদিনই আক্রমণ শানিয়েছিলেন সিপিএম নেতা প্রকাশ কারাট। এবার সেই সুরেই সুর মেলালেন সিপিএম নেতা অচ্চুদানন্দন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে রাহুল কটাক্ষ করে লিখেছেন, ‘‌আমি আগেও রাহুলকে আমূল েববি বলে ডাকতাম। কারণ যখন রাহুলকে সভাপতি করা হয় তখন সে একাধিক সিদ্ধান্ত আবেগের বশে নিত। ‌যে ভাবনা নিয়ে তিনি রাজনীতিতে বদন আনার কথা বলতেন সেটাকে শিশুসুলভ ছাড়া কিছু বলা যায় না। এখনও যে তাঁর ভাবনা চিন্তায় কোনও পরিবর্তন আসেনি।

Image Caption

তাঁকে ওয়ানাড়ের প্রার্থী করে আবারও বড় ভুল করছেন এক অ্যান্টনিরা। কারণ রাহুলের এখনও বুদ্ধি পাকেনি। রাহুল এখনও সেই শিশু সুলভই রয়ে গিয়েছে। অবোধ শিশু যেমন যে ডালে বসে সেই ডালই কাটে সেরকমই অবস্থায় রয়ে গিয়েছে কংগ্রেস সভাপতি। এখনও সেই পর্যায়েই রয়ে গিয়েছেন রাহুল।’‌ এমনই কটাক্ষ করেছে অচ্যুদানন্দন।

ওমরের ‘স্বাধীন কাশ্মীর’-এর মন্তব্যকে তীব্র কটাক্ষ নেতা গম্ভীরের-দৈনিক সংবাদ প্রতিদিন

জম্মু ও কাশ্মীরের জন্য আলাদা ওয়াজির-এ-আজম (প্রধানমন্ত্রী) ও আলাদা সদর-এ-রিয়াসত (রাষ্ট্রপতি) চেয়ে নির্বাচনের মুখে বিতর্কে আগুন ঢেলে দিয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। এবার তাঁর মন্তব্যের পালটা দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর।

ওমরের বক্তব্যকে তীব্র কটাক্ষ করে টুইট করেন তিনি। ওমরকে কটাক্ষ করে তাঁর টুইট, “ওমর কাশ্মীরে আলাদা প্রধানমন্ত্রী চান আর আমি চাই সাগরে হাঁটতে। ওঁ আলাদা প্রধানমন্ত্রী চান আর আমি চাই শুকরকে আকাশে উড়তে দেখতে। ওমরের এককাপ কড়া কফি আর ভাল একটা ঘুমের প্রয়োজন। তারপরও যদি না বুঝতে পারেন তাহলে গ্রিন পাকিস্তানি পাসপোর্ট তো রয়েইছে।” #  

পার্সটুডে/বাবুল আখতার/২