গায়ের জোরের শাসন জনগণ মেনে নেবে না: ড. কামাল
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৬ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- এসএসসি ও সমমানে পাসের হার ৮২.২০-দৈনিক ইত্তেফাক
- গায়ের জোরের শাসন জনগণ মেনে নেবে না: ড. কামাল-দৈনিক যুগান্তর
- এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন প্রধানমন্ত্রীর-দৈনিক প্রথম আলো
- সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ‘বনদস্যু’ নিহত-দৈনিক মানবজমিন
- খালেদা জিয়ার মুক্তি নির্ভর করছে প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর : গয়েশ্বর-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- বারাণসীতে প্রার্থীপদ বাতিল, কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তেজ বাহাদুর-দৈনিক সংবাদ প্রতিদিন
- ফোন করলে ধরেন না! মমতার ‘অহঙ্কার’ নিয়ে মোদীর তোপ, পাল্টা আঙুল মমতারও-দৈনিক আনন্দবাজার
-আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ইত্তেফাকের খবরের শিরোনাম-এসএসসি ও সমমানে পাসের হার ৮২.২০। চলতি বছর এসএসসি ও সমমানে পাসের হার ৮২.২০ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে শতকরা ৪.৪৩ ভাগ। মোট জিপিএ-৫ এক লাখ ৫ হাজার ৫৯৪ জন। মোট পাসের হার বৃদ্ধি পেলেও জিপিএ-৫ প্রাপ্তির হার কমেছে।
আর দৈনিক প্রথম আলোর একটি খবরের শিরোনাম- পাস ও জিপিএ-৫ দুটোতেই সেরা মেয়েরা।খবরে লেখা হয়েছে, এবার ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ২ দশমিক ১৫ শতাংশ বেশি।
দৈনিক প্রথম আলোতে পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কে এখটি খবরের শিরোনাম করেছে এভাবে-এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবরে লেখা হয়েছে, ২০১৯ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি, তাদের ধৈর্য ধরে, মনোযোগসহকারে আবার প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে এক বাণীতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের অসাধ্য কিছুই নেই। একাগ্রতা, অধ্যবসায় এবং পরিশ্রম যে কোনো অসাধ্যকে সাধন করতে সহায়তা করতে পারে। তোমরা যারা যে কোনো কারণেই হোক উত্তীর্ণ হতে পারনি, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এ বাধা অতিক্রম করে ভালো ফল অর্জন করতে পারবে।
খালেদা জিয়ার মুক্তি নির্ভর করছে প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর : গয়েশ্বর-দৈনিক নয়া দিগন্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি আদালতের উপর নয়, নির্ভর করছে প্রধানমন্ত্রীর ইচ্ছের উপর। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রীর যে অডিও ক্লিপ বের হয়েছে এজন্য আদালতের উচিৎ তাকে ডেকে এ ব্যাপারে জানতে চাওয়া। আমরা চাই আদালতের পক্ষ থেকে জানতে চাওয়া হোক যে, আদালতের বিষয়ে যদি তিনিই সব ঠিক করে দেন, তবে আদালতের দরকার কি?’
গায়ের জোরের শাসন জনগণ মেনে নেবে না: ড. কামাল-দৈনিক যুগান্তর
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধানে লেখা আছে দেশের মালিক জনগণ। কিন্তু সেই মালিকানা হরণ করা হয়েছে। অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করা হয়নি। গায়ের জোরের এ শাসন জনগণ মেনে নেবে না। স্বপ্নের গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবই। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের পক্ষে দলের নতুন কমিটি ঘোষণা করেন নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। ২৬ এপ্রিল দলটির বিশেষ কাউন্সিলে পাঁচ নেতাকে কমিটি করার ক্ষমতা দেয়া হয়।
জঙ্গিবাদ নির্মূলে বিএনপির তোষণ-পৃষ্ঠপোষকতাই বড় বাধা: তথ্যমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি'র জঙ্গিতোষণ ও জঙ্গিদের পৃষ্ঠপোষকতাই দেশে জঙ্গিবাদ নির্মূলে সবচেয়ে বড় বাধা।’ ড. হাছান তার বক্তৃতায় দুঃখপ্রকাশ করে বলেন, ‘ভারতে জঙ্গি হামলা হলে সকল বিরোধী রাজনৈতিক দল সেটিকে জাতীয় দুর্যোগ মনে করে তা মোকাবিলার জন্য সরকারের পাশে দাঁড়ায়, আর আমাদের দেশে আমরা দেখি, জঙ্গিদেরকে একটি বড় রাজনৈতিক দল থেকে তোষণ ও পোষণ করে রাজনৈতিক মিত্র এবং সহযোগী হিসেবে ব্যবহার করা হয় এবং তাদেরকে জঙ্গি তৎপরতার জন্য সাহায্য করা হয়, যা অত্যন্ত পরিতাপের বিষয়।’দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে ডিএমপি কমিশনার বলেছেন জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা।
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ‘বনদস্যু’ নিহত-দৈনিক মানবজমিন
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা বনদস্যু ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়ার খোন্তা কোদালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। র্যাবের এ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় তার বাহিনীর চার সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে চারটি অস্ত্র ও বেশ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রেখেছেন এমন কয়েকজন ব্যক্তিত্ব্ মারাত্মক অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। এ সম্পর্কে দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, জীবন শঙ্কায় সুবীর নন্দী। সিঙ্গাপুরে চিকিৎসাধীন নন্দিত সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম- আবার লাইফ সাপোর্টে এটি এম শামসুজ্জামান। এ খবরে লেখা হয়েছে, আজ সকালে হঠাৎ আবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসকেরা দ্রুত তাঁকে লাইফ সাপোর্ট নেন।
নকশার বাইরে পাঁচতলা নির্মাণে জড়িত কর্মকর্তারা চিহ্নিত হননি-দৈনিক প্রথম আলো
বনানীর এফ আর টাওয়ারের অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত পাঁচতলা নির্মাণের সঙ্গে কিছু অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত। তাঁদের সহযোগিতার কারণেই ১৮ তলার ভবনটি ২৩ তলা করা সম্ভব হয়েছে। এই পর্যবেক্ষণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির। অনিয়মে জড়িত ওই সব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।
এবার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি
ফোন করলে ধরেন না! মমতার ‘অহঙ্কার’ নিয়ে মোদীর তোপ, পাল্টা আঙুল মমতারও-দৈনিক আনন্দবাজার
প্রাকৃতিক দুর্যোগ নিয়েও রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এমন অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘূর্ণিঝড় ফণীর দাপটে রাজ্যের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী যোগাযোগ করার চেষ্টা করেছিলেন বলে এর আগে তাঁর দফতর সূত্রে সামনে এসেছিল। এ দিন পূর্ব মেদিনীপুরের তমলুকে নির্বাচনী প্রচারে এসে নিজেও তেমন দাবি করলেন মোদী। তাঁর অভিযোগ, একবার নয়, তিনি মমতাকে দু’বার ফোন করেছিলেন। কিন্তু কথা বলেননি মমতা। মমতা যদিও জানিয়েছেন, তিনি তখন কলকাতায় ছিলেন না। খড়্গপুরে ছিলেন বলে কথা বলার সুযোগ হয়নি। এ দিন তমলুকের সভা থেকে মোদী বলেন, “স্পিডব্রেকার দিদি এই দুর্যোগের সময়েও রাজনীতি করার ভরপুর চেষ্টা করেন।
বারাণসীতে প্রার্থীপদ বাতিল, কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে তেজ বাহাদুর-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়ার জন্য বারাণসীতে মনোনয়ন দিলেও সেই প্রার্থীপদ বাতিল হয়ে যায়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বরখাস্ত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব।
সোমবারই কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের কাছে আবেদন করেছেন তেজ বাহাদুর। তিনি তাঁর আবেদনে জানান, পোল প্যানেলের এমন সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট। কোনও সঠিক যুক্তি ছাড়াই তাঁর প্রার্থীপদ বাতিল করা হয়েছে। এমন সিদ্ধান্ত খারিজ করে দেওয়া উচিত। প্রার্থীপদ বাতিল হতেই রীতিমতো বিস্ফোরক অভিযোগ আনেন বিএসএফের বরখাস্ত জওয়ান। তাঁর দাবি, মোদির বিরুদ্ধে প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য তাঁকে ৫০ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
প্রিয়াঙ্কা স্বামীর নাম কম নেন, আমার নাম নেন বেশি: স্মৃতি ইরানি -দৈনিক আজকাল
এবার ভোটের দিনই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে কটাক্ষ করলেন স্মৃতি ইরানি। সোমবার ভোট চলাকালীন তিনি মন্তব্য করেন, ‘প্রিয়াঙ্কা পাঁচ বছর আগেও আমার নাম জানতেন না। এখন তিনি নিজের স্বামীর নাম নেন কম। আমার নাম নেন বেশি। এটা আমার বিরাট সাফল্য।’ উল্লেখ্য, ২০১৪ সালের মে মাসে প্রিয়াঙ্কা যখন অমেঠীতে ভাই রাহুলের হয়ে প্রচার করছিলেন, তখন তাঁকে স্মৃতি ইরানি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। প্রিয়াঙ্কা পালটা জানতে চেয়েছিলেন, স্মৃতি ইরানি কে? এদিন স্মৃতি ফের প্রিয়াঙ্কার সেই মন্তব্যের কথাই উল্লেখ করেছেন। ভোটের দিনও রাহুলের সমালোচনা করে চলেছেন স্মৃতি। তিনি দাবি করেন, অমেঠীর হাসপাতালে এক মরণাপন্ন রোগী চিকিৎসা না পেয়ে মারা গিয়েছিলেন। রাহুল ওই হাসপাতালের অছি পরিষদের সদস্য।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬