ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাহিদ
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফের ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে
-
জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আবারও বৈষম্য ও দলীয়করণের প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদ বা কোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে, এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে।
আজ(শুক্রবার) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঐতিহাসিক সংগ্রামের ভেতর থেকে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল এনসিপি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবর্তন ও সংস্কারের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই লক্ষেই এনসিপি দেশকে ঢেলে সাজাতে চেয়েছিল।
সারা দেশ থেকে এনসিপির প্রতি অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চাই, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের সময় আমরা জনগণকে কমিটমেন্ট করেছিলাম—এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ, এ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। সরকার গঠনের পর সেই গণভোটকে অস্বীকার করা হয়েছে।
তিনি বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের লেগেসি থেকে এ নির্বাচনকে বিচ্ছিন্ন করে একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে।#
পার্সটুডে/জিএআর/২৪