মে ১২, ২০১৯ ১১:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১২ মে রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ভেজাল খাবারের কারণে এদেশে বাস করা অনিরাপদ হয়ে উঠেছে: হাইকোর্ট-দৈনিক ইত্তেফাক
  • উন্নয়নের আড়ালে রক্তোৎসব চলছে: রিজভী-দৈনিক যুগান্তর
  • বাংলাদেশের অর্থনীতি এখন কানাডার সমান: অর্থমন্ত্রী-দৈনিক প্রথম  আলো
  • ভূমধ্যসাগর ট্রাজেডি-নিহত ৬০ জনের মধ্যে ৩৭ জনই বাংলাদেশী-দৈনিক মানবজমিন
  • আ’লীগের সাধারণ সম্পাদক পদ নিয়ে নানা গুঞ্জন-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • দিল্লিসহ সাত রাজ্যের ৫৯ আসনে ভোট, একাধিক হেভিওয়েটের ভাগ্যনির্ধারণ-দৈনিক সংবাদ প্রতিদিন
  • জঙ্গি মারতেও কি নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন? বিতর্কিত মন্তব্য মোদীর-দৈনিক আনন্দবাজার
  • কেশপুরে বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে ‘গো ব্যাক’ স্লোগান জনতার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

আজ প্রথমেই দৃষ্টি দিচ্ছি অর্থনীতির খবরের দিকে।

দৈনিক প্রথম আলোর অর্থনীতি বিষয়ক একটি খবরের শিরোনাম এরকম-বাংলাদেশের অর্থনীতি এখন কানাডার সমান: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বিস্তারিত খবরে লেখা হয়েছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন কানাডা ও থাইল্যান্ডের সমান। তিনি গতকাল সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। জিডিপি প্রবৃদ্ধির উৎস সম্পর্কে দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করব। আমি ব্যাখ্যা দিতে চাই। কোথাও গোলটেবিল আয়োজন করুক, আমি সব প্রশ্নের জবাব দেব।’দৈনিকটির অন্য একটি সুখবর হচ্ছে- বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের নতুন রেকর্ড। খবরে লেখা হয়েছে, সারা দেশে বয়ে যাওয়া প্রচণ্ড দাবদাহ থেকে দেশবাসীকে স্বস্তি দিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। গতকাল শনিবার দেশে সর্বোচ্চ ১২ হাজার ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

এবার রাজনীতির খবর-দৈনিক যুগান্তরের শিরোনাম-উন্নয়নের আড়ালে রক্তোৎসব চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

এ খবরে লেখা হয়েছে, আওয়ামী সরকারের উন্নয়নের আড়ালে সারা দেশে রক্তোৎসব চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, মানুষের চোখের পানিতে বাংলাদেশের মাটি আজ কর্দমাক্ত, আর সেই কাদামাটিতে শেখ হাসিনার উন্নয়নের রথ আটকে গেছে। তিনি বলেন, জনগণের সব অধিকার কেড়ে নেয়া রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। এটি এখন মাফিয়াদের দলে পরিণত হয়েছে। গুম-খুন-অপহরণই হচ্ছে এদের বাণিজ্য।

'সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল'-

সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

দৈনিক যুগান্তরের এখবরে বলা হয়েছে, আবারও পিছিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন নাহার রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আগামী ২৬ জুন ফের প্রতিবেদন জমা দেয়ার জন্য নতুন তারিখ ঠিক করেছেন আদালত। রোববার মামলাটিতে প্রতিবেদন দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস নতুন এ দিন ঠিক করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তাসম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। এ হত্যাকাণ্ডে দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জনস্বার্থ বিষয়ক আইন-আদালতের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম-ভেজাল খাবারের কারণে এদেশে বাস করা অনিরাপদ হয়ে উঠেছে: হাইকোর্ট

হাইকোর্ট

খবরে বলা হয়েছে, ভেজাল ও নিম্নমানের ৫২ পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে এইসব পণ্য বাজার থেকে জব্দ করে ধ্বংসের আদেশ দেয়া হয়েছে। আজ রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এক রিটের শুনানি শেষে এ আদেশ দেন। হাইকোর্টের আদেশে বলা হয়, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে এসব পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। অভিযান শেষে ১০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করবে তিন সংস্থা। আদেশে আরও বলা হয়, ভেজাল ও নিম্নমানের পণ্য ও খাবারের কারণে এদেশে বাস করাটা অনিরাপদ হয়ে উঠেছে। যাদের দ্বৈত নাগরিকত্ব নেই তাদের তো এদেশেই থাকতে হবে।

মর্মান্তিক একটি খবর পরিবেশিত হয়েছে দৈনিক মানবজমিনে।

শিরোনামটি এরকম-ভূমধ্যসাগর ট্রাজেডি-নিহত ৬০ জনের মধ্যে ৩৭ জনই বাংলাদেশী। ভূমধ্যসাগরে নৌডুবিতে নিহত ৬০ অভিবাসীর মধ্যে ৩৭ জনই বাংলাদেশী। এ কথা নিশ্চিত করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। প্রায় ৭৫ জন অভিবাসী নিয়ে বৃহস্পতিবার একটি বোট ইতালির উদ্দেশে যাওয়ার সময় তা তিউনিশিয়া উপকূলে ডুবে যায়। এদিকে, ভূমধ্যসাগরে ৩৭ বাংলাদেশি নিহতের খবর সঠিক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ওদিকে ইতালিতে অবৈধ অভিবাসী প্রবেশ প্রত্যাখ্যান করেছেন দেশটির উগ্র ডানপন্থি স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও সালভিনি।শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর ভূমধ্যসাগরে এমন ভবিষ্যত ট্রাজেডি এড়ানোর জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে।

এবার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ দুটি খবর তুলে ধরছি

জঙ্গি মারতেও কি নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন? বিতর্কিত মন্তব্য মোদীর-দৈনিক আনন্দবাজার

মগহি

নরেন্দ্র মোদি

নির্বাচনি প্রচার সম্পর্কিত এ খবরে লেখা হয়েছে, ফের সেনাকে হাতিয়ার করে বিতর্কে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় ফের সেনার সঙ্গে গুলির লড়াইয়ে ২ জুঙ্গি মারা গেছে। উত্তরপ্রদেশের কুশীনগরের এক জনসভায় মোদী বলেন, কিছু মানুষ এর পরেও বলবেন, কেন নির্বাচনের সময় জঙ্গি হত্যা করা হল? পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানকেও নির্বাচনী প্রচারে তাঁর সরকারের সাফল্য বলে দাবি করছেন মোদী। রাহুল গাঁধী বলেছেন, সেনা ও জঙ্গিদমনকে প্রচারের কৌশল হিসাবে ব্যবহার করছেন মোদী। এরপর কুশীনগরের সভায় মোদী বলেন, ‘‘আমাদের সেনারা জঙ্গি অভিযানে সফল হয়েছে। কিন্তু কিছু মানুষের এতেও সমস্যা হবে।’

দিল্লিসহ সাত রাজ্যের ৫৯ আসনে ভোট, একাধিক হেভিওয়েটের ভাগ্যনির্ধারণ-দৈনিক সংবাদ প্রতিদিন

নির্বাচনি এখবরে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজধানী দিল্লিসহ সাত রাজ্যের ৫৯ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া এর বাইরে অন্য কোথাও সেভাবে হিংসার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ হয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ,ঝাড়খণ্ড, বাংলা এবং বিহারে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২