খালেদা জিয়ার কারাগার বদল সরকারের ষড়যন্ত্র: মওদুদ
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৮ মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- খালেদা জিয়ার কারাগার বদল সরকারের ষড়যন্ত্র: মওদুদ-দৈনিক যুগান্তর
- শিরোপার সঙ্গে আরেকটি প্রথমের স্বাদও পেল বাংলাদেশ-দৈনিক প্রথম আলো
- মালয়েশিয়াগামী ৮৪ রোহিঙ্গা উদ্ধার, পাঁচ পাচারকারী আটক-দৈনিক ইত্তেফাক
- যৌন হয়রানির অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত-দৈনিক মানবজমিন
- সরকার কৃষককে মধ্যস্থতাকরীদের কাছে জিম্মি করে ফেলেছে : আ স ম রব-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ‘বহুত বড়িয়া, ভেরি ইম্প্রেসিভ’, মোদীর সাংবাদিক বৈঠক নিয়ে কটাক্ষ রাহুলের-দৈনিক আনন্দবাজার
- শরীরী ভাষা বলে দিচ্ছে হার মেনে নিয়েছেন মোদি, কটাক্ষ বিরোধীদের-দৈনিক সংবাদ প্রতিদিন
- মেলেনি মত, মোদির ক্লিন চিট ইস্যুতে বিভাজিত কমিশন-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিনসিটি প্রকল্পে দুর্নীতি সম্পর্কে দৈনিক মানবজমিন শিরোনাম কেরছ- অবিশ্বাস্য লুট, তোলপাড়। কী বলবেন রিপোর্টটি সম্পর্কে?
২. ইরানের কাছ থেকে ফোনকলের আশায় বসে আছে মার্কিন প্রশাসন। কিন্তু ইরানের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে- ইরান এই যে শক্ত অবস্থান নিয়েছে সেখানে টিকে থাকতে পারবে তো?
বিশ্লেষণের বাইরের গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
খালেদা জিয়ার কারাগার বদল সরকারের ষড়যন্ত্র: মওদুদ-দৈনিক যুগান্তর
চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেয়ার উদ্যোগ সরকারের একটি অংশের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ।তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এমতাবস্থায় তাকে কেরানীগঞ্জের কারাগারে নেয়ার ষড়যন্ত্র চলছে।এটি মেনে নেয়া হবে। এটি মানবতাবিরোধী কাজ।
‘আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার জামিন সম্ভব না, আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে’, বারবার এমন বক্তব্য দেয়ার পরও আন্দোলন কর্মসূচিতে যাচ্ছেন না কেন— এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ বলেন, আমরা খালেদা জিয়ার সুচিকিৎসা এবং দ্রুত মুক্তির বিষয় নিয়ে এখানে লিখিত বক্তব্য দিয়েছি। আমরা আজ এর মধ্যেই থাকতে চাই। আপনাদের প্রশ্নের জবাব দিতে গেলে আজকের বিষয়টি ডাইভার্ড হয়ে যাবে।
মালয়েশিয়াগামী ৮৪ রোহিঙ্গা উদ্ধার, পাঁচ পাচারকারী আটক-দৈনিক ইত্তেফাক
কক্সবাজারের টেকনাফ ও পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়াগামী ৮৪ জন রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ। উদ্ধার করা রোহিঙ্গাদের মধ্যে ৩১ জন পুরুষ, ৩৮ জন নারী ও ১৫ জন শিশু রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় রোহিঙ্গা পাচারে যুক্ত পাঁচ পাচারকারীকে আটক করা হয়।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভূঁইয়া জানান, সাগরপথে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার জন্য দালালচক্র পেকুয়ার উজানটিয়া জেটিঘাটে লোকজন জড়ো করে। এমন সংবাদে ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে ৬৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২১ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে দালালদের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাবার জন্য এসেছিলেন বলে জানান।
যৌন হয়রানির অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত-দৈনিক মানবজমিন
যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের (এমএমসি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের একজন ছাত্রীকে মৌখিক যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। এ জন্য অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও তাকে শাস্তি দেয়ার দাবিতে আজও ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটি হলেও শিক্ষার্থীরা কলেজের প্রধান একাডেমিক ভবনের সামনে সমবেত হতে থাকেন সকাল ৯টা থেকে। সেখানে অবস্থান ধর্মঘট করছেন তারা। পঞ্চম বর্ষের শিক্ষার্থী ও বিক্ষোভকারী শেহাবুল হাসিব এ কথা জানিয়েছেন মিডিয়াকে।
ক্যাম্পাসের ভিতরে, আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা সহ ১১ দফা দাবিতে এই বিক্ষোভ করছেন তারা।তাদের অভিযোগ, বহিরাগত এক ব্যক্তি এক ছাত্রীকে যৌন নির্যাতন করেছে। এ অবস্থায় সঙ্কট নিরসনের জন্য আজ সকাল ১১টায় বৈঠকে বসেছে পুলিশ, স্থানীয় প্রশাসন ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
শরীরী ভাষা বলে দিচ্ছে হার মেনে নিয়েছেন মোদি, কটাক্ষ বিরোধীদের-দৈনিক সংবাদ প্রতিদিন/আনন্দবাজার
“অভিনন্দন মোদিজি, অসাধারণ সাংবাদিক বৈঠক! আশা করি পরেরবার মিস্টার শাহ আপনাকে কিছু প্রশ্নের হয়তো উত্তর দিতে দেবেন।” নরেন্দ্র মোদির সাংবাদিক বৈঠকের পর এভাবেই প্রধানমন্ত্রীকে বিঁধেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুলের পথে হেঁটেই মোদিকে কটাক্ষ করলেন অখিলেশ যাদব থেকে ওমর আবদুল্লা প্রত্যেকেই।
২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মোদি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। কিন্তু কোনও প্রশ্নেরই উত্তর দিলেন না। মোদির পাশে বসে বিজেপি সভাপতি অমিত শাহ’ই সমস্ত প্রশ্নের জবাব দিলেন। যা এক অর্থে নজিরবিহীন। সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর থেকেই মোদির ‘কীর্তি’ নিয়ে নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। মোদির নীরবতাকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলের নেতা-মন্ত্রীরা। সাংবাদিকদের সেখানে প্রশ্ন করার কোনও সুযোগই দেওয়া হল না। তাঁদের অনুগত সৈনিকদের মতো মুখে কুলুপ এঁটে বসে থাকতে দেখা গেল।’’
মেলেনি মত, মোদির ক্লিন চিট ইস্যুতে বিভাজিত কমিশন-দৈনিক আজকাল
আদর্শ নির্বাচনীবিধি লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত বৈঠকে নরেন্দ্র মোদিকে মোটেও ক্লিন চিট দিতে চাননি নির্বাচন কমিশনার অশোক লাভাসা। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে লাভাসা ছাড়াও ছিলেন সুশীল চন্দ্র। কমিশনের নিয়মানুযায়ী প্যানেলের সর্বসম্মতিতে নেওয়া সিদ্ধান্তই গৃহীত হওয়া উচিত। কিন্তু যে ছয়টি অভিযোগ থেকে মোদিকে অব্যাহতি দেওয়া হয় সেই বৈঠকে সংখ্যাগরিষ্ঠের মতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। লাভাসার মত ছিল ভিন্ন।
সেজন্য ওই বৈঠকগুলি থেকে অব্যাহতি চেয়ে গত চার তারিখ অরোরাকে পাঠানো ওই চিঠিতে লাভাসা লিখেছিলেন, ‘যেহেতু সংখ্যালঘু সদস্যের মত গৃহীত হচ্ছে না সেহেতু কমিশনের বৈঠকে আমার উপস্থিতি অর্থহীন হয়ে পড়ছে। সংখ্যালঘু সদস্যের মত নিয়ে স্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণের আমার সব আবেদনই বিফল হয়েছে।
টাকা দিয়ে দল ভাঙাচ্ছেন মোদি, ভদ্রেশ্বরে আক্রমণ মমতার-দৈনিক আজকাল
সোমবার হুগলির শ্রীরামপুরে সভা করতে এসে মোদি দাবি করেছেন,‘তৃণমূলের ৪০ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। ২৩ মে–র পর ৪০ জন বিধায়ক তৃণমূল ছাড়বেন।’ মঙ্গলবার হুগলির ভদ্রেশ্বরে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে তৃণমূল নেত্রী মোদির এই দাবি অসাংবিধানিক বলে অভিযোগ করেছেন। প্রচারে এসে মোদি টাকা দিয়ে দল ভাঙানোর কথা বলছেন, যা একেবারেই অসাংবিধানিক এবং এর জন্য মোদির প্রার্থী পদ বাতিল হওয়া উচিত বলে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী। #
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮