হাইকোর্টকে হাইকোর্ট দেখাচ্ছেন? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আদালত
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে আদালতে তলব-দৈনিক প্রথম আলো
- উপ-নির্বাচনে যাওয়ায় খালেদা জিয়ার অসন্তোষ, স্বাক্ষর করেননি মনোনয়নপত্রে-দৈনিক ইত্তেফাক
- বিদেশে 'প্রশিক্ষণেই' ১৩১ কোটি টাকা!-দৈনিক সমকাল
- স্বার্থের দ্বন্দ্বে বিবাদ বাড়ছে ছাত্রলীগে-দৈনিক যুগান্তর
- হাইকোর্টকে হাইকোর্ট দেখাচ্ছেন? নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আদালত-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- সেলুলয়েডের প্রধানমন্ত্রীকে প্রাণহানির হুমকি মাওবাদীদের, বাড়ল নিরাপত্তা-দৈনিক সংবাদ প্রতিদিন
- দেশ জুড়ে ফের গেরুয়া ঝড়! মোদীর শাসনেই ভারত, বিরোধী শিবির অন্ধকারেই-দৈনিক আনন্দবাজার
- মমতা বললেন, ‘ভোটে হার মানেই পরাজয় নয়’-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। আজকের বাংলাদেশ ও ভারতের প্রায় সব জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে ভারতের লোকসভা নির্বাচনের খবরই বেশি গুরুত্ব পেয়েছে। এ সম্পর্কিত প্রথম আলোর শিরোনাম- ফির একবার, মোদির সরকার। মানবজমিন লিখেছে-বিজেপি সুনামি। মোদিতেই আস্থা ভারতীয়দের-নয়া দিগন্তের শিরোনাম। খবরে যাওয়ার আগে প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে আদালতে তলব-দৈনিক প্রথম আলো
মানহীন ৫২টি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহার ও জব্দে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, তা বাস্তবায়ন না করায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না, তা জানাতে চেয়ারম্যানকে আগামী ১৬ জুন সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।শুনানির সময়ে আদালত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘পণ্য জব্দ ও প্রত্যাহার করতে আদেশ দেওয়া হয়েছিল। আপনারা একটি মসলার প্যাকেটও জব্দ করতে পারেননি। ভদ্রতার একটি সীমা আছে। ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না।
উপ-নির্বাচনে যাওয়ায় খালেদা জিয়ার অসন্তোষ, স্বাক্ষর করেননি মনোনয়নপত্রে-দৈনিক ইত্তেফাক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ‘আপোষহীনতা’ প্রকাশ করলেন আজ বুধবার। আসন্ন বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন ফরম পাঠানো হয়েছিল তার কাছে। কিন্তু তিনি তাতে স্বাক্ষর করেননি। বরং রাগ করে ফেরত পাঠিয়েছেন।মনোনয়ন ফরম দেখে কিছুটা ক্ষিপ্ত হন তিনি। বেগম জিয়া বলেন, ‘কিসের নির্বাচন? এই নির্বাচন কে করতে বলেছে? আমি নির্বাচন করবো না। এই ফরম নিয়ে যান। যারা নির্বাচন করতে চায় তাদেরকে গিয়ে দিতে বলেন।’
ঈদে সড়কের পরিস্থিতি যেন গতবারের পুনরাবৃত্তি না হয়: কাদের-দৈনিক ইত্তেফাক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদযাত্রা স্বস্তির করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। গত ঈদের মতো সড়কের পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না হয়।’ওবায়দুল কাদের বলেন, আমি বাস মালিক ও গাড়ি চালকদের অনুরোধ করবো, সড়কে গাড়ি যেন নিয়ম-শৃঙ্খলা মেনে চলে। নিরাপদ সড়ক করতে মালিকরাও বড় ভূমিকা রাখতে পারে। যেন মানুষ ভোগান্তির শিকার না হয়, এটা খেয়াল রাখতে হবে।
স্বার্থের দ্বন্দ্বে বিবাদ বাড়ছে ছাত্রলীগে-দৈনিক যুগান্তর
ভ্রাতৃঘাতী দ্বন্দ্বে টালমাটাল বৃহত্তর ছাত্র সংগঠন ছাত্রলীগ। স্বার্থের দ্বন্দ্বে নিজেদের মধ্যে বিবাদ বেড়েই চলেছে। কমিটি গঠন থেকে শুরু করে সংগঠন পরিচালনা- প্রায় প্রতিটি পর্যায়েই গুরুত্ব পাচ্ছে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ। ফলে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা থেকে আস্থাহীনতা এখন চরমে। কমছে পারস্পরিক শ্রদ্ধাবোধও।
৩১ জুলাই দায়িত্ব গ্রহণের পর প্রায় ১০ মাস অতিবাহিত হলেও ১০৯টি সাংগঠনিক জেলার (বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর) হয়নি নতুন কমিটি। যেসব শাখায় কমিটি রয়েছে তাও পূর্ণাঙ্গ নয়। ফলে তৃণমূলে ঢিলেঢালা অবস্থার সঙ্গে বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ। সংগঠনকে শক্তিশালী করতে সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।সবচেয়ে বেশি সমালোচিত হতে হয়েছে কেন্দ্রের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে।৩০১ সদস্যের এ কমিটির অনেক নেতার বিরুদ্ধে অন্যায়, অপকর্ম ও অনুপ্রবেশের অভিযোগ ওঠে। নতুন কমিটির সদস্যদের মধ্যে হত্যা মামলার আসামি থেকে শুরু করে বিবাহিত, বিএনপি-জামায়াত সংশ্লিষ্টতা, মাদক গ্রহণ ও ব্যবসা, চাকরিজীবী ও বিবাহিতদের নাম রয়েছেন।
বিদেশে 'প্রশিক্ষণেই' ১৩১ কোটি টাকা!-দৈনিক সমকাল
জ্বালানি তেলের চাহিদা মেটাতে সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নকালে চার বছরে ৮৭৩ কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের বিদেশে প্রশিক্ষণ ও স্টাডি ট্যুরের ব্যবস্থা রাখা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৩১ কোটি ৭৭ লাখ টাকা। অর্থাৎ জনপ্রতি গড়ে ব্যয় হবে প্রায় ১৬ লাখ টাকা। শুধু প্রশিক্ষণেই শতাধিক কোটি টাকা ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, সরকারি প্রকল্পে প্রশিক্ষণের নামে প্রহসন চলে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
দেশ জুড়ে ফের গেরুয়া ঝড়! মোদীর শাসনেই ভারত, বিরোধী শিবির অন্ধকারেই-দৈনিক আনন্দবাজার
বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত ছিলই। কার্যত প্রায় সব সমীক্ষা মিলিয়ে কেন্দ্রে ফের সরকার গড়তে চলেছে টিম মোদী। দেশ জুড়ে ফের গেরুয়া ঝড়। আর সেই ঝড়ে বেসামাল হিন্দি বলয় থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, বিহার-ওড়িশা, এমনকি উত্তর-পূর্ব। একক ভাবে বিজেপি আগের বারের ২৮২ টপকে যাওয়ার মুখে। ৩০০ আসন পার করার ইঙ্গিত এনডিএ জোটের। উল্টো দিকে বিরোধী শিবিরে শুধুই হতাশা।
মমতা বললেন, ‘ভোটে হার মানেই পরাজয় নয়’-দৈনিক আজকাল
তিনি আশাবাদী। কারণ তিনি লড়াকু। একটি সাংসদ ছিল তাঁর। সেখানে থেকে দিল্লিতে ৩৪টি সাংসদ তিনি পাঠিয়ছিলেন। এমনকী ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছিলেন তিনি। আর আগে রাজ্যে সর্বোচ্চ লোকসভা আসন বিজেপি’র ছিল দুই৷ এবার একলাফে দুই অঙ্কে পৌঁছে গিয়েছে বিজেপি৷ তাক লাগানো উত্থান ভোট শতাংশেও৷ ধর্মীয় মেরুকরণের কৌশলকেই কাজে লাগিয়েছে বিজেপি৷ এই কারণে অপ্রত্যাশিত সাফল্য এসেছে গেরুয়া শিবিরের৷ ইতিমধ্যেই ভোটগণনায় যেসব নেতারা ইতিমধ্যেই জয়ের শিরোপা পেয়েছেন, সেই সমস্ত বিজয়ীদের অভিনন্দন জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি টুইটে লেখেন, ‘ভোটে হার মানেই হার নয়৷ ইভিএম ও ভিভিপ্যাট গণনা শেষ হোক৷ আমরা ফল নিয়ে পর্যালোচনা করব৷ পর্যালোচনার পরই মতামত জানাব৷’#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩