মে ২৪, ২০১৯ ১২:৩০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৪ মে শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • খালেদাকে বিনা চিকিৎসায় মারার মতো অমানবিক কাজ সরকার করবে না-দৈনিক প্রথম  আলো
  • সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : ফখরুল-দৈনিক ইত্তেফাক
  • রাজনীতিতে সৃষ্টি হয়েছে সংকটময় পরিস্থিতি-দৈনিক যুগান্তর
  • বিশ্নেষণ-বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না-দৈনিক সমকাল
  • প্রাথমিকে নিয়োগ পরীক্ষা-নকল সরবরাহের অভিযোগে এএসআইকে কারাদণ্ড-দৈনিক মানবজমিন
  • মোদির জয় বাংলাদেশের জন্য চিন্তার বিষয়-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:    

  • প্রিয়াঙ্কার ‘গঙ্গাযাত্রা’ও বাঁচাতে পারল না কংগ্রেসকে, ডাহা ফেল রাজীবকন্যা-দৈনিক সংবাদ প্রতিদিন
  • আডবাণী, জোশীর বাড়িতে মোদী, বললেন, ‘আপনাদের জন্যই সাফল্য। -দৈনিক আনন্দবাজার
  • সভাপতি পদ খোয়াতে হতে পারে অমিত শাহকে-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে : ফখরুল-দৈনিক ইত্তেফাক

মির্জা ফখরুল ইসলাম আলগমীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লেছেন, ‘এই সরকার জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসে নাই। তাই জনগণের নেত্রী খালেদা জিয়াকে কারাগারে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা ব‌লেন।

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া যেন জামিন না পান, সেজন্য সরকার নগ্ন হস্তক্ষেপ করছে। যে মামলায় তাকে সাজা দেওয়া হচ্ছে সেই মামলায় তিনি জামিন প্রাপ্য। জামিন পেতে তার আইনগত অধিকার রয়েছে। কিন্তু সরকার উদ্দেশ্যমূলকভাবে জামিন আদালতের ওপর নগ্ন হস্তক্ষেপ করছে।’

খালেদাকে বিনা চিকিৎসায় মারার মতো অমানবিক কাজ সরকার করবে না-সাংবাদিকদের কাদের-দৈনিক প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার মতো অমানবিক ও নিষ্ঠুর কাজ শেখ হাসিনার সরকার করবে না।

আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই কথা বলেন।সরকার খালেদা জিয়াকে জেলখানায় বিনা চিকিৎসায় মেরে ফেলতে চায় বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাজনীতিতে সৃষ্টি হয়েছে সংকটময় পরিস্থিতি, রাষ্ট্র মেরামতে সুজনের ১৮ প্রস্তাব-দৈনিক যুগান্তর

সুশাসনের জন্য নাগরিক সুজন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে চরম ভারসাম্যহীনতা ও সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। চলমান সংকট মোকাবেলায় রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার, জাতীয় সংসদকে কার্যকর করা, নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিশ্চিতসহ ১৮ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত, আর্থিক খাতে সুশাসন ও প্রশাসনিক সংস্কার জরুরি বলেও উল্লেখ করা হয় প্রস্তাবে।বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘বাংলাদেশের রাজনৈতিক সংস্কার নির্বাচনী সংস্কারের প্রস্তাব দিয়ে মূল প্রবন্ধে বলা হয়, ২০১৪ সালের জাতীয় নির্বাচনটি ছিল একতরফা ও বিতর্কিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

বিশ্নেষণ-বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না-দৈনিক সমকাল

মোদিকে হাসিনার অভিনন্দন

ভারতের নির্বাচনে কোন দল বা জোট জিতল সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। যারাই ক্ষমতায় আসুক; বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক অব্যাহত থাকবে এবং উত্তরোত্তর আরও নিবিড় হবে, তা জোর দিয়েই বলা যায়। প্রতিবেশী এ দুই দেশের সম্পর্কের দুটি দিক হচ্ছে, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক। সংস্কৃতি এবং ঐতিহ্যগতভাবে বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আর দুই দেশের সরকারের মধ্যকার সম্পর্ক। এই সম্পর্ক কিন্তু সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের জয়ী হওয়া না-হওয়ার ওপর নির্ভর করে না। এই সম্পর্ক সরকারের সঙ্গে সরকারের। 

তবে' মোদির জয় বাংলাদেশের জন্য চিন্তার বিষয়-দৈনিক নয়া দিগন্তের এ শিরোনামের খবরে লেখা হয়েছে ভারতের লোকসভা নির্বাচনে হিন্দুত্ববাদী দল বিজেপি যে ব্যাপক বিজয় পেয়েছে, তা বাংলাদেশের জন্য চিন্তার কারণ হতে পারে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান। তিনি এক সাক্ষাৎকারে বলেন যে, বহু বছর ধরে উপমহাদেশে ভারতের পরিচিতি ছিল 'ধর্মনিরপেক্ষ রাজনীতির' একটি মডেল হিসেবে। তবে তিনি মনে করেন যে ভারতে "পরপর দুটো নির্বাচনে বিজেপির জয় বাংলাদেশের সেক্যুলার রাজনীতি যারা করতে চায়, তাদেরকে চিন্তায় ফেলবে।"

এবার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি

আগামী ৩০ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদি-দৈনিক আজকাল

লোকসভা নির্বাচনে ভূমিধস বিজয় নরেন্দ্র মোদির

‘আরও একবার মোদি সরকার।’ গত বৃহস্পতিবার অর্থাৎ ২৩ মে লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হতেই বিজেপির এই বিজ্ঞাপণী প্রচারের লাইনটিই যেন সত্যি হয়ে গিয়েছে। ২০১৪ সালের তুলনাতেও আরও বেশি আসন জিতে ক্ষমতায় ফিরেছে এনডিএ সরকার। একাই ৩০০–রও বেশি আসন জিতে নিয়েছে বিজেপি। আর আগামী ৩০ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। ওইদিন অর্থাৎ বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে হতে পারে শপথগ্রহণ অনুষ্ঠান।

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ, মোদি বন্দনা

এ সম্পর্কে ভারতের দৈনিক আনন্দবাজারের কয়েকটি শিরোনাম এরকম-সকালেই আডবাণী, জোশীর বাড়িতে মোদী, বললেন, ‘আপনাদের জন্যই সাফল্য। অন্য একটি খবরের শিরোনাম-এটা যে অশনি সঙ্কেত, মমতা কি মানবেন? এতে লেখা হয়েছে, লোকসভা ফলের ভিত্তিতে ভোট শতাংশে এখন উভয়ের ব্যবধান দাঁড়াল মাত্র ৩। তৃণমূলের ৪৩, বিজেপির ৪০। ২০১৬-র বিধানসভার চেয়ে এ বারের লোকসভায় তৃণমূলের ভোট প্রায় ২ শতাংশ কমেছে। আর বিজেপির ভোট বেড়েছে ৩০ শতাংশ।মমতার পক্ষে এই সব হিসেব স্বস্তিজনক বলা চলে না। বরং ২০২১-এর জন্য এ এক ‘অশনি সঙ্কেত’। 

সভাপতি পদ খোয়াতে হতে পারে অমিত শাহকে-দৈনিক আজকাল

সভাপতি হিসাবে তিনি সফল। একক সংখ্যাগরিষ্ঠতার ফলাফল সেই সাক্ষ্যই বহন করে। আবার তিনি নিজেও রেকর্ড ভোটে জয়ী হয়েছেন গুজরাটের গান্ধীনগর লোকসভা আসন থেকে। কিন্তু তারপরও দলের সভাপতি পদ হাতছাড়া হতে চলেছে তাঁর। কারণ তিনি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদ পাবেন তা একরকম নিশ্চিত হয়ে গিয়েছে।তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী হতে পারেন, এমন কথাও শোনা যাচ্ছে দলের ভেতর থেকে।

প্রিয়াঙ্কার ‘গঙ্গাযাত্রা’ও বাঁচাতে পারল না কংগ্রেসকে, ডাহা ফেল রাজীবকন্যা-দৈনিক সংবাদ প্রতিদিন

Image Caption

দেখতে অনেকটাই ঠাকুমা ইন্দিরা গান্ধীর মতো। রাজনৈতিক বিচক্ষণতায়ও তুলনায় রাহুল গান্ধীর থেকে এগিয়ে তিনি। বলা হয়েছিল তিনিই নাকি উত্তরপ্রদেশে কংগ্রেসের তুরুপের তাস। তবে বৃহস্পতিবার বেলা শেষে দেখা গেল ডাহা ফেল রাজীবকন্যা প্রিয়াঙ্কা গান্ধী। এতদিন মা সোনিয়া এবং দাদা রাহুল গান্ধীর হয়ে রায়বরেলি ও আমেঠি নির্বাচনী কেন্দ্র দু’টি নেপথ্যে সামলে আসছিলেন। এই প্রথমবার এআইসিসির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়ার পর সরাসরি মোদির বিরদ্ধে ময়দানে নেমেছিলেন তিনি। মোদির মতো ‘আগ্রাসী’ নেতার নেতৃত্বাধীন বিজেপিকে বেগ দিতে পারলেন না রাজীবকন্যা। পরীক্ষায় ডাহা ফেল হয়ে গেলেন প্রিয়াঙ্কা। তাই কংগ্রেসের ভরাডুবির পর প্রিয়াঙ্কা গান্ধী আর কতটা প্রাসঙ্গিক, তা নিয়েই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

মোদিকে অভিনন্দন বার্তা হাসিনার, অমীমাংসিত বিষয়ে সুরাহার আশা-দৈনিক সংবাদ প্রতিদিন

বিপুল সমর্থনে ফের সরকার গঠন করতে চলেছেন নরেন্দ্র মোদি৷ প্রতিবেশী রাষ্ট্রের প্রধানদের কাছ থেকে পেয়েছেন অজস্র শুভেচ্ছা বার্তা৷ ঢাকা থেকে দ্বিতীয়বার সরকার গঠনের জন্য মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ মোদির নেতৃত্বে ফের সরকার গঠনের জন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছেন৷ নতুন সরকার জনগণের সুখ-সমৃদ্ধিতে আরও বেশি কাজ করবে বলে আশা করেছেন হাসিনা৷

লোকসভা নির্বাচনের এই ফলাফলের পর নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার আওয়ামি লিগের কিছু অমীমাংসিত বিষয়ের সুরাহা হওয়ার আশায় রয়েছে হাসিনা প্রশাসন৷ গত ৫ বছরের বিজেপি নেতৃ্ত্বাধীন সরকারের সঙ্গে শেখ হাসিনা  সরকারের সম্পর্কের বেশ উন্নতি হয়েছে৷

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৪