মে ২৮, ২০১৯ ১২:২৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ মে মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশে:

  • নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজ হুকুমদাতা, আসামি ১৬ জন!-দৈনিক প্রথম
  • জাপান সব সময়ই আমার হৃদয়ের কাছে : প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • আদালত স্থানান্তর, খালেদা জিয়ার রিটের শুনানি ১০ জুন পর্যন্ত মুলতবি: রিজভী -দৈনিক যুগান্তর
  • অলির বক্তব্যে অস্বস্তি বিএনপিতে, ঐক্যফ্রন্ট ছাড়ছেন কাদের সিদ্দিকী-দৈনিক ইত্তেফাক
  • ‘বোরো আবাদে কৃষকের ক্ষতি ১৭৫০০ কোটি টাকা’-দৈনিক মানবজমিন
  • ব্যাগভর্তি জাল ডলার, লাইবেরিয়ার নাগরিক আটক–এনটিভিবিডি অনলাইন

ভারতের খবর:

  • ‘মোদীর শপথে ডাকা হবে ইমরানকে, আশাও করিনি, বললেন পাক বিদেশমন্ত্রী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • আইএসআই নতুন ছক কষেছে ভারতে হামলা চালানোর, সতর্কতা‌-দৈনিক আজকাল
  • আরও মজবুত সম্পর্ক, দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন হাসিনা–দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ

নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজ হুকুমদাতা, আসামি ১৬ জন!-দৈনিক প্রথম

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় মোট ১৬ জনকে আসামি করে আদালতে জমা দেওয়ার জন্য অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে হত্যার হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে পিবিআইয়ের প্রধান (ডিআইজি) বনজ কুমার মজুমদার এ কথা জানান। অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার আগে পিবিআইয়ের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল বুধবার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, নুসরাতকে সরাসরি পুড়িয়ে মারায় অংশ নেন পাঁচজন। এ ছাড়া এই হত্যার ঘটনায় বিভিন্নভাবে যাঁরা জড়িত, তাঁদের আসামি করা হয়েছে। মোট আসামির সংখ্যা ১৬। এর মধ্যে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা রুহুল আমীন ও মাকসুদ আলমকেও আসামি করা হয়েছে। সংবাদ সম্মেলনে বনজ কুমার বলেন, তাঁরা আশা করেন, আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবেন। অভিযোগপত্রেও তাঁরা সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।

জাপান সব সময়ই আমার হৃদয়ের কাছে: প্রধানমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ

শিশুকাল থেকে জাপানের জন্য নিজের টানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে এটা তার মধ্যে প্রবাহিত হয়েছে। ১২ দিনের ত্রিদেশীয় সফর শুরুর আগে আজ মঙ্গলবার জাপানের শীর্ষ গণমাধ্যম দ্য জাপান টাইমসে ‘উন্নয়নের জন্য জাপান-বাংলাদেশের অংশীদারিত্ব’ শিরোনামে প্রকাশিত নিবন্ধে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, “শৈশব থেকেই জাপান নিয়ে আমার মধ্যে মোহ কাজ করত। আমি জাপানি চিত্রকলা, ক্যালেন্ডার, ডাক টিকেট, পুতুল ইত্যাদি সংগ্রহ করতাম। জাপান সব সময়ই আমার হৃদয়ের কাছে। নতুন যুগকে ‘আশা ও ঐকতানের’ যুগ হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, “নতুন এই যুগ আমাদের আরও কাছে টানুক, সম্পর্ক গভীরতর করুক এবং আমাদের শিশুদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ দেশ গড়তে সহায়তা করুক। কৃষিভিত্তিক অর্থনীতি থেকে সেবা ও শিল্প খাতনির্ভর প্রবৃদ্ধির পরিক্রমায় বাংলাদেশের রূপান্তরের কালে জাপানি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী

আদালত স্থানান্তর, খালেদা জিয়ার রিটের শুনানি ১০ জুন পর্যন্ত মুলতবি: রিজভী -দৈনিক যুগান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের জন্য পুরান ঢাকার কারাগার থেকে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালত স্থানান্তরে জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি ১০ জুন পর্যন্ত মুলতবি করেছেন আদালত। মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ খালেদার পক্ষে শুনানিতে অংশ নেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও আইনজীবী এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। তিনি জানান, রোববার অদালতের অনুমতি নিয়ে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালসহ অন্য আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। পরে সোমবার রিটের শুনানি করতে গেলে মামলায় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পক্ষভুক্ত করার জন্য হাইকোর্টের আদেশের পরে দুদককে পক্ষভুক্ত করা হয়। আজ রিট শুনানি হয়।

অলির বক্তব্যে অস্বস্তি বিএনপিতে, ঐক্যফ্রন্ট ছাড়ছেন কাদের সিদ্দিকী-দৈনিক ইত্তেফাক

জোটের সঙ্গে আলোচনা ছাড়াই অনঢ় অবস্থান থেকে হঠাৎ ইউটার্ন নিয়ে বিএনপি সংসদে যোগ দেওয়ায় নানামুখী সংকট দেখা দিয়েছে দলটির নেতৃত্বাধীন ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টে। ক্ষোভে ২০ দলের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গত ৬ মে জোট থেকে বেরিয়ে গেছেন। একই ইস্যুতে সংক্ষুব্ধ ২০ দলের আরেক শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন- সংসদে যোগ দিয়ে বিএনপি আত্মঘাতী কাজ করেছে। প্রয়োজনে নেতৃত্ব ছেড়ে দিতে বিএনপিকে পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে, অবস্থান পরিষ্কার করার জন্য ৮ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন ফ্রন্ট শরিক কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। জানা গেছে, পূর্ব ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আসন্ন রোজার ঈদের পর জুনের প্রথমার্ধ্বেই ঐক্যফ্রন্ট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে কাদের সিদ্দিকীর দল।

বোরো আবাদে কৃষকের ক্ষতি ১৭৫০০ কোটি টাকা-দৈনিক মানবজমিন

বর্তমান দামে যদি দেশের কৃষক তাদের ৬৫ শতাংশ ধান বিক্রি করে দেয় তাহলে কৃষকের ১৭ হাজার ৫০০ কোটি টাকা লোকসান হবে। এ ক্ষতি কাটিয়ে উঠতে আগামী বাজেটে কৃষিখাতে ২৫ হাজার কোটি টাকার ভর্তূকি দিতে হবে। এছাড়া সরকারিভাবে শস্য গুদাম ও মজুদাগার ২১ লাখ টন থেকে ৬০ লাখ টনে উন্নিত করতে হবে। পাশাপাশি কৃষক পর্যায়ে কমিউনিটি ভিত্তিক শস্যভান্ডার গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। আজ প্রেস ক্লাবে আয়োজিত ‘ধানসহ কৃষিপণ্যের মূল্য: চ্যালেঞ্জ ও করনীয়’ শীর্ষক জাতীয় সংলাপে এসব কথা বলেন বক্তরা। খাদ্য অধিকার বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলীর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

ব্যাগভর্তি জাল ডলার, লাইবেরিয়ার নাগরিক আটকএনটিভিবিডি অনলাইন

গাজীপুর সদর উপজেলায় ব্যাগভর্তি ২০ কোটি টাকা মূল্যের জাল ডলারসহ এক লাইবেরিয়ান নাগরিককে আটক করেছে র‍্যাব। র‍্যাবের দাবি, আটক ব্যক্তি ডলার প্রতারণা চক্রের সদস্য।আজ মঙ্গলবার উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে ওই লাইবেরিয়ান নাগরিককে আটক করে র‍্যাব। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজর আবদুল্লাহ আল মামুন জানান, ওই ব্যক্তি একজন লাইবেরিয়ার নাগরিক। তিনি ডলার প্রতারণা চক্রের একজন সদস্য। দেশের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে ডলারের বিনিময়ে টাকা হাতিয়ে নেয় ওই চক্র। এরই অংশ হিসেবে মাস্টারবাড়ি এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে ৩৫ কোটি টাকা মূল্যের ডলার দেওয়ার কথা বলেন ওই লাইবেরিয়ান নাগরিক। গতকাল চার হাজার ডলার দিয়েও যান তিনি। আজ মঙ্গলবার বাকি ডলার দেওয়ার জন্য মাস্টারবাড়ি এলাকায় যান তিনি। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই লাইবেরিয়ান নাগরিককে আটক করে র‌্যাব-১-এর সদস্যরা। এ সময় তাঁর কাছে থাকা ২০ কোটি টাকা মূল্যের জাল ডলার জব্দ করা হয়।

এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি

মোদীর শপথে ডাকা হবে ইমরানকে, আশাও করিনি, বললেন পাক বিদেশমন্ত্রী-দৈনিক আনন্দবাজার পত্রিকা

 ‘ঘরের ‘টানে বাইরেকে ভুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা করেছেন, তা বাধ্যবাধকতায়। তাঁর শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দিল্লির আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্তের প্রেক্ষিতে এ কথাই বলল ইসলামাবাদ। প্রথম সারির পাক দৈনিক ‘ডন’কে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ‘‘ওঁর (প্রধানমন্ত্রী মোদী) ভোটের প্রচারের ফোকাসটাই ছিল পাকিস্তানকে শূলে চড়ানো। পাকিস্তানের সমালোচনা করা। সেই পথ থেকে উনি এত তাড়াতাড়ি বেরিয়ে আসবেন, এটা আশা করাটাই হবে অবিবেচকের কাজ।’’ পাক বিদেশমন্ত্রী বোঝাতে চেয়েছেন, নেপাল, ভূটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা-সহ কয়েকটি প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের ডাকা সত্ত্বেও পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে যে আমন্ত্রণ জানায়নি দিল্লি, তাকে খুব একটা বড় করে দেখতে চাইছে না ইসলামাবাদ। কুরেশির কথায়, ‘‘সেটাই তো আমাদের প্রত্যাশিত ছিল!’’

আইএসআই নতুন ছক কষেছে ভারতে হামলা চালানোর, সতর্কতা‌-দৈনিক আজকাল

এতদিন গোয়েন্দারা নানা তথ্য দিয়ে সতর্ক করেছিল নিরাপত্তা বাহিনীকে এবং সেনাবাহিনীর জওয়ানদের। এবার তার থেকেও চাঞ্চল্যকর তথ্য স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে তুলে দিল নিরাপত্তা বাহিনী। সেই তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই ছক কষেছে অবসরপ্রাপ্ত পুলিস এবং সেনা অফিসারদের খতম করবে। পাঞ্জাব থেকে তা শুরু হবে তারপর তা ছড়িয়ে পড়বে গোটা ভারতে। এই গোটা পরিকল্পনাটি অত্যন্ত গোপন রাখা হয়েছে। শুধুমাত্র আইএসআইয়ের শীর্ষ কর্তারা তা জানেন। আর এই অপারেশনের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট হার্ভেস্টিং কানাডা  

কিন্তু কেন এমন নামকরণ করা হয়েছে?‌ স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, কানাডার খালিস্তানি জঙ্গিদের হাতে এই কাজের বরাত তুলে দেওয়া হয়েছে। তাই এমন নামকরণ করা হয়েছে অপারেশনটির। শুধু তাই নয়, পাক গুপ্তচর সংস্থা আইএসআই নানারকম সাহায্য করতে শুরুও করে দিয়েছে খালিস্তানি জঙ্গিদের। আর পাঞ্জাবে অস্থিরতা তৈরি করার জন্য নির্দেশ দিয়েছে। এখন খোঁজ নেওয়া হচ্ছে কতজন খালিস্তানি জঙ্গিদের এই কাজে লাগানো হয়েছে?‌ তবে জানা গিয়েছে, আইএসআই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভারতীয় সেনাবাহিনীর নামে ভুয়ো নথি ছড়িয়ে কালিমালিপ্ত করা হবে।

আরও মজবুত সম্পর্ক, দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন হাসিনাদৈনিক সংবাদ প্রতিদিন

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর রয়েছে। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না শেখ হাসিনা। তবে এই সফর শেষে ঢাকা ফেরার পথে তিনি দিল্লি যেতে পারেন বলে জানা গিয়েছে। গত ২৩ মে অভাবনীয় ফলাফলের পর নরেন্দ্র মোদিকে ফোন করে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর জয় দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় করবে বলেও আশাপ্রকাশ করেন। আগামী ৮ জুন ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে ভোর ছটা নাগাদ তাঁর দিল্লি পৌঁছানোর কথা। আর সন্ধে ছ’টার পর দিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। বাংলাদেশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে,  ১২ ঘণ্টার এই সফরে মোদির সঙ্গে দেখা করার পাশাপাশি আরও কয়েকটি কাজ মেটাতে পারেন হাসিনা। তবে এই সফরকে দু’দেশের প্রধানমন্ত্রীর সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই উল্লেখ করেছেন কূটনৈতিকরা।#

পার্সটুডে/বাবুল আখতার/২৮