উসকানি সত্ত্বেও রোহিঙ্গা ইস্যুতে অস্থিতিশীলতা বাড়তে দিইনি: প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩০ মে বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- অর্থদাতাদের আকৃষ্ট করতে মালিবাগে পুলিশের গাড়িতে হামলা : সিআইডি-দৈনিক প্রথম আলো
- উসকানি সত্ত্বেও রোহিঙ্গা ইস্যুতে অস্থিতিশীলতা বাড়তে দিইনি--দৈনিক ইত্তেফাক
- প্রশ্নফাঁসের অভিযোগে ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ আসামি ১২৫-দৈনিক যুগান্তর
- টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২-দৈনিক মানবজমিন
- নুসরাত হত্যা মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- মোদি মন্ত্রিসভার শপথে মাতছে কলকাতাও, বাড়ি বাড়ি বিলি লাখখানেক লাড্ডু-দৈনিক সংবাদ প্রতিদিন
- বারবার বদলি কেন পুলিশ কমিশনার, বিস্ময় ও প্রশ্ন প্রশাসনে-দৈনিক আনন্দবাজার
- আগামী এক মাস কোনও টিভি চ্যানেলে বিতর্ক অনুষ্ঠানে যোগ দেবেন না কংগ্রেস নেতারা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
অর্থদাতাদের আকৃষ্ট করতে মালিবাগে পুলিশের গাড়িতে হামলা : সিআইডি-দৈনিক প্রথম আলো
অর্থদাতাদের দৃষ্টি আকর্ষণ ও অর্থ সাহায্য সচল রাখতে রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মোহাম্মদ শফিকুল ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিআইডি প্রধান বলেন, ‘ডোনারদের (অর্থদাতা) দৃষ্টি আকর্ষণ করতে এই হামলা হয়। হামলাকারীরা ডোনারদের দেখাতে চেষ্টা করছে যে তাদের কার্যক্রম সচল রয়েছে। তাঁরা ডোনারদের কাছে এই হামলার কথা বলে আরও বেশি টাকা আদায় করার চেষ্টা করবে। এ ছাড়াও হয়তো আরও বড় হামলার প্রতিশ্রুতি দিয়ে ডোনারদের কাছ থেকে টাকা আনার চেষ্টা করবে হামলাকারীরা।’
পুলিশ সদস্যদের ভেতরে ভয়ভীতি সৃষ্টি করাও এই হামলার অন্যতম আরেকটি কারণ বলে জানান সিআইডি প্রধান। তিনি বলেন, ‘মালিবাগে পুলিশের ভ্যানে হামলা করে হামলাকারীরা চেয়েছে পুলিশ সদস্যদের ভিতরে ভয়ভীতি সৃষ্টি করতে। তাঁরা আরও চেয়েছে যেন পুলিশের সদস্যরা মানসিকভাবে ভেঙে যায় এবং তাদের মনোবল দুর্বল হয়ে যায়।’
২৬ মে রাজধানীর মালিবাগ মোড়ে পুলিশের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাশেদা আক্তার, রিকশাচালক লাল মিয়াসহ তিনজন আহত হন। বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করে আইএস।
উসকানি সত্ত্বেও রোহিঙ্গা ইস্যুতে অস্থিতিশীলতা বাড়তে দিইনি-দৈনিক যুগান্তর
রোহিঙ্গা সংকটে মিয়ানমারের চরম উসকানি সত্ত্বেও বাংলাদেশ নৈরাজ্য ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়তে দেয়নি বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে টোকিওর হোটেল ইমপেরিয়ালে আয়োজিত ২৫তম আন্তর্জাতিক নিকেই সম্মেলনে ‘কি নোট স্পিকার’ হিসেবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
‘এশিয়ার ভবিষ্যৎ লক্ষ্য: একটি নতুন বৈশ্বিক শৃঙ্খলায় সচেষ্ট হওয়া, চ্যালেঞ্জ মোকাবেলা করা’ শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে এবারের সম্মেলন হচ্ছে।
প্রধান আলোচকের বক্তৃতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, চরম সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দায়িত্বশীল জাতি হিসেবে আমরা মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিয়েছি। আমরা শুধু মানবতার ডাকে সাড়াই দিইনি, আমরা এই সচেতনতার সঙ্গে সংকটটিকে নৈরাজ্য ও আঞ্চলিক অস্থিতিশীলতাও বাড়তে দিইনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানবতা আর শুভ শক্তির জয় হবেই। বিশ্ব আজ অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে, এই উদীয়মান এশিয়ার দিকে। উদ্ভাবনে, অনুপ্রেরণায় বিশ্বকে শান্তি আর সমৃদ্ধির পথে এগিয়ে নিতে এশিয়াকেই নেতৃত্ব দিতে হবে।’
‘জিয়ার সমাধিতে শপথ নিয়েছি, খালেদাকে মুক্ত করব’-দৈনিক প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে জিয়াউর রহমানের সমাধিতে আমরা শপথ নিয়েছি, গণতন্ত্রের মাতা দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও দেশের গণতন্ত্রকে মুক্ত করব।’
জিয়াউর রহমানের ৩৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান এ দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন। বাক্স্বাধীনতা দিয়েছেন। কিন্তু আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, গণতন্ত্রের মাতাকে একটি মিথ্যা মামলায় কারাগারে আটক করে রাখা হয়েছে।’
প্রশ্নফাঁসের অভিযোগে ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ আসামি ১২৫-দৈনিক যুগান্তর
দীর্ঘ দেড় বছরের তদন্ত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত প্রশ্নফাঁস মামলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মালিবাগের সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার প্রধান মোহা. শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রশ্নফাঁসের এ মামলায় আরও অনেকের তথ্য যাচাইয়ের কাজ চলমান রয়েছে। সঠিক নাম-ঠিকানা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও সম্পূরক অভিযোগপত্র দেয়া হবে।সিআইডিপ্রধান জানান, অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল তদন্তের মাধ্যমে এই প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াত চক্রকে চিহ্নিত করতে সক্ষম হয়।
এতে মূল হোতাসহ ৪৭ জন গ্রেফতার এবং তাদের মধ্যে ৪৬ জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।আলোচিত এ ঘটনার শুরু ২০১৭ সালের ১৯ অক্টোবর মধ্যরাতে।২০১৭ সালের ২০ অক্টোবর এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। পরে তদন্তে প্রশ্নফাঁস চক্রের নানা তথ্য বেরিয়ে আসতে শুরু করে।
টঙ্গীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২-দৈনিক মানবজমিন
গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার সময় র্যাবের তিন সদস্য সদস্য আহত হয়েছেন। আহত র্যাব সদস্যদের মধ্যে দু’জনকে টঙ্গী হাসপাতাল ও একজনকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। বুধবার মধ্যরাতে ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।
র্যাব-১ জানায়, ঈদ সামনে রেখে টানাপার্টি, ছিনতাইকারী ও অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে নগদ টাকা-পয়সা লুট ও গাড়ি ডাকাতি চক্র সক্রিয় হয়েছে। এ জন্য নিরাপত্তায় র্যাব টহল জোরদার করেছে।
নুসরাত হত্যা মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-দৈনিক নয়া দিগন্ত
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার ফেনীর আমলি আদালতের বিচারিক হাকিম মো: জাকির হোসাইন মামলাটির বদলির আদেশ দেন। আদেশে আগামী ১০ জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
অসংক্রামক রোগের ঝুঁকিতে ৯৭ ভাগ মানুষ-দৈনিক যুগান্তর
দেশে বর্তমানে অসংক্রামক রোগ প্রকোপ আকার ধারণ করছে। বছরে মোট মৃত্যুর ৬০ ভাগ ক্যান্সার, কিডনি, সিরোসিস, ডায়াবেটিসসহ নানা অসংক্রামক রোগে। দেশের মাত্র ৩ ভাগ মানুষ রিস্ক ফ্যাক্টরের বাইরে রয়েছে। অর্থাৎ ৯৭ ভাগ মানুষই অসংক্রামক রোগের ঝুঁকিতে রয়েছেন। সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার দুপুরে এক জরিপ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড হেলথ মেডিসিন (নিপসম) ‘অসংক্রামক রোগের ঝুঁকিসমূহের ব্যাপ্তি নিরূপণ জরিপ ২০১৮-ঝঞঊচঝ এর ফলাফল প্রকাশ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষকদের কাছ থেকে সবসময় সরাসরি ধান ক্রয় করা হবে: কৃষিমন্ত্রী-দৈনিক মানবজমিন
ধানের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়া কোনোভাবেই সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বলেছেন, এ অবস্থা থেকে উত্তরণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে মন্ত্রী বলেন, কৃষকদের কাছ থেকে সবসময় সরাসরি ধান ক্রয় করা হবে। চাল আমদানি নিরুৎসাহিত করতে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। এছাড়া এই বছরে ১০ থেকে ১৫ লাখ মেট্রিকটন চাল সরকার রপ্তানি করবে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ সবসময় কৃষকের কাছে ছিল, আগামীতেও থাকবে।
এবার ভারতের দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরছি
বারবার বদলি কেন পুলিশ কমিশনার, বিস্ময় ও প্রশ্ন প্রশাসনে-দৈনিক আনন্দবাজার
প্রশাসন হোক বা পুলিশ, বদলি চাকরির অঙ্গ। কিন্তু লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পরে বেশ কয়েকটি ক্ষেত্রে একই পদে বারবার বদলির সিদ্ধান্তে প্রশাসনিক দ্বিধা-দোলাচল দেখছেন পর্যবেক্ষকেরা।
প্রথমত, বিধাননগরের পুলিশ কমিশনারের পদে পরপর চার দিনে চার বার বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ব্যারাকপুরে পুলিশ কমিশনারের পদে রদবদল হল দু’বার। তৃতীয়ত, কয়েকটি জায়গায় একাধিক বার পুলিশ-প্রশাসনের মাথা বদল হয়েছে। চতুর্থত, কিছু জেলাশাসককে বদলি করেও বুধবার ফের সেই সব পদে রদবদল করল রাজ্য সরকার।
নির্বাচনী ফলাফলের পরে একই পদে এত বার রদবদলের এমন ঘটনায় প্রশাসনিক কর্তাদের অনেকেই বিস্মিত। প্রশাসনের অন্দরে প্রশ্ন উঠছে, এই দ্বিধা, এই দোলাচল কেন? সংশ্লিষ্ট অফিসারদের উপরে আস্থা বা ভরসা নিয়ে সংশয় আছে বলেই কি বারবার বদলির সিদ্ধান্ত বদল?
আগামী এক মাস কোনও টিভি চ্যানেলে বিতর্ক অনুষ্ঠানে যোগ দেবেন না কংগ্রেস নেতারা-দৈনিক আজকাল
লোকসভা ভোটের ভরাডুবি কিছুতেই সামলে উঠতে পারছে না কংগ্রেস। কারণ খতিয়ে দেখতে গিয়ে একের পর এক উঠে আসছে বিস্ফোরক সব তথ্য। দলের অন্দরে বাসা বেঁধে রয়েছে পারস্পরিক দ্বন্দ্ব। নবীন–প্রবীণের লড়াই, স্বজনপোষণ। কী নেই। এতটাই খারাপ অবস্থা দলের যে সভাপতি নিজেই হাল ছেড়ে দিয়েছেন। নিজের পদত্যাগের সিদ্ধান্তে এখনও অনড় রাহুল গান্ধী। তিনি চাইছেন কোনো দলিত নেতা কংগ্রেসের প্রেসিডেন্ট হন।পিছিয়ে থাকা শ্রেণী থেকে উঠে আসা কোনো নেতাই কংগ্রেসের এই বেহাল অবস্থা সামলাতে পারবেন বলে মত তার।
শুদ্ধিকরণে যাওয়ার আগে বেশ কিছু কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী এক মাস কোন টেলিভিশন চ্যানেলের বিতর্ক মূলক অনুষ্ঠানে যোগ দেবেন না কংগ্রেস নেতারা।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০