কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধির অনুমোদন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৩১ মে শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বৃদ্ধির অনুমোদন-দৈনিক ইত্তেফাক
- অর্ধেক শ্রমিক বোনাস পাননি-দৈনিক প্রথম আলো
- অবশেষে ইয়াবা ডন সাইফুল ‘বন্দুকযুদ্ধে’ নিহত-দৈনিক নয়া দিগন্ত
- পরিবহনে চাঁদাবাজি হলে আমাকে জানান, ব্যবস্থা নেব: কাদের-দৈনিক যুগান্তর
- পার্লামেন্টে যাওয়া নিয়ে চাপের চেয়ে লোভ বেশি ছিল: গয়েশ্বর-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ফলাফল পর্যালোচনায় কোর কমিটির বৈঠক তৃণমূলের,বাড়ছে রদবদলের সম্ভাবনা-দৈনিক সংবাদ প্রতিদিন
- মোদীর সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত, দেখে নিন কে কী মন্ত্রী হলেন-দৈনিক আনন্দবাজার
- জঘন্য পরিষেবা, ৪৮ ঘণ্টা যাত্রীদের অপেক্ষা করাল এয়ার ইন্ডিয়া -দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
পরিবহনে চাঁদাবাজি হলে আমাকে জানান, ব্যবস্থা নেব: কাদের-দৈনিক যুগান্তর
ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে চলমান গণপরিবহনে চাঁদাবাজি বন্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পরিবহনে যেন চাঁদাবাজি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি। চাঁদাবাজি হলে আমাদের র্যাব, পুলিশ, মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিমকে জানান যথাযথ ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে আমাকে জানান ব্যবস্থা নেব। আজ রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল মোবাইল কোর্টে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ বলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কোথাও যদি চাঁদাবাজির ঘটনা ঘটে তা হলে বিআরটিএ, র্যাব, পুলিশ ও ভিজিলেন্স টিমকে জানাবেন। অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
ট্রেনের অপেক্ষা ফুরাচ্ছে না!-দৈনিক প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সময় বেড়েই চলেছে, কিন্তু ট্রেন আসছে না। এই ফাঁকে ব্যাগে মাথা রেখে ঘুমিয়ে নিচ্ছেন কেউ। অনেকের চেহারায় চরম বিরক্তি। আরেকটি খবরে লেখা হয়েছে, সদরঘাট পৌঁছাতেই নাকাল যাত্রীরা।
অর্ধেক শ্রমিক বোনাস পাননি-দৈনিক প্রথম আলো
বরাবরের মতো এবারও নির্দিষ্ট সময়সীমার মধ্যে শ্রমিকের ঈদ বোনাস দিলেন না প্রায় অর্ধেক পোশাকশিল্পের মালিক। অথচ তাঁদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা গতকাল ৩০ মের মধ্যে বোনাস পরিশোধের আশ্বাস দিয়েছিলেন। কয়েকজন শ্রমিকনেতা বলছেন, বড় পোশাক কারখানাগুলো গতকাল পর্যন্ত শ্রমিকের ঈদ বোনাস দিয়েছে। ছোট ও মাঝারি কারখানাগুলো আগামী রোববার ও সোমবারের মধ্যে মজুরির সঙ্গে বোনাস দেওয়ার আশ্বাস দিচ্ছে। অন্যদিকে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা দাবি করছেন, তাঁদের অধিকাংশ সদস্য কারখানাই বোনাস পরিশোধ করেছে।
পার্লামেন্টে যাওয়া নিয়ে চাপের চেয়ে লোভ বেশি ছিল: গয়েশ্বর-দৈনিক মানবজমিন
বিএনপির নির্বাচিতদের পার্লামেন্টে যাওয়া নিয়ে চাপের চেয়ে লোভ বেশি ছিল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী তাতী দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি পার্লামেন্টে যাবে না, আবার পার্লামেন্টে গেলাম কেনো? এখান থেকে বুঝতে হবে আমাদের প্রতিশ্রুতির অভাব আছে। আমরা অবাধ্যকে বাধ্য করতে পারি না। কারণ তাদের দলের প্রতি ও রাজনীতির প্রতি কোনো প্রতিশ্রুতি নেই। যারা শপথ নিয়েছে এই ৫টা লোককে আমরা যদি বাধ্য করতে পারতাম তাহলে আজকে আপনাদের এই দুঃখটা থাকত না। মানুষের কাছেও আজকে জবাব দিতে হত না।
অবশেষে ইয়াবা ডন সাইফুল ‘বন্দুকযুদ্ধে’ নিহত-দৈনিক নয়া দিগন্ত
অবশেষে কথিত বন্দুকযুদ্ধে নিহত হলেন টেকনাফ সীমান্তের অন্যতম শীর্ষ ইয়াবাসম্রাট হাজী সাইফুল করিম সিআইপি (৪৫)। আজ ভোররাত সাড়ে তিনটার দিকে কক্সবাজার জেলার টেকনাফ স্থলবন্দরের সীমানা প্রাচীরের কাছে নাফ নদীর পাড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি করে ৯টি এলজি, ৪২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ৩৩ রাউন্ড কার্তুজের খোসা এবং এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে।এসময় পুলিশের তিন সদস্য আহত হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
মোদীর সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত, দেখে নিন কে কী মন্ত্রী হলেন-দৈনিক আনন্দবাজার
নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় পাওয়ার দৌড়ে বাজিমাত করল উত্তরপ্রদেশ। গোবলয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য থেকে জায়গা পেয়েছেন দশ জন। এর পর মহারাষ্ট্র এবং বিহার- ওই দুই রাজ্য থেকে মন্ত্রী হয়েছেন সাত জন করে। তবে বাংলা-বিহারে মোদী ঝড়ের প্রবল হাওয়া বইলেও সেখান থেকে মাত্র দু’জন করে মন্ত্রী হয়েছেন। উত্তরপ্রদেশে এ বার ৮০টি আসনের মধ্য ৬২টি দখল করেছে বিজেপি। অন্য দিকে, ওই রাজ্য মোদীর শরিক দল জিতেছে দু’টিতে। বারাণসী লোকসভা কেন্দ্র থেকে জয়ী নরেন্দ্র মোদী ছাড়াও এ রাজ্য থেকে মন্ত্রিত্ব পেয়েছেন রাজনাথ সিংহ, স্মৃতি ইরানি, ভি কে সিংহ, সন্তোষ গাঙ্গোয়ার-সহ একাধিক পরিচিত মুখ।
আর আজকালের খবরে লেখা হয়েছে, বৃহস্পতিবারই রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গেই শপথ নিয়েছিলেন ২৪ জন পূর্ণমন্ত্রী, ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ও ২৪ জন রাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে, মোদিকে নিয়ে মোট ৫৮ জন শপথ নিয়েছিলেন। মোদির পরেই পরপর শপথ বাক্য পাঠ করেন–রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গাডকারি, সদানন্দ গৌড়া ও নির্মলা সীতারামন।বৃহস্পতিবার রাত পর্যন্ত কে কোন মন্ত্রীত্ব পেয়েছেন, তা জানা না গেলেও শুক্রবার প্রকাশিত হল মোদির মন্ত্রিসভার তালিকা।
ফলাফল পর্যালোচনায় কোর কমিটির বৈঠক তৃণমূলের,বাড়ছে রদবদলের সম্ভাবনা-দৈনিক সংবাদ প্রতিদিন
লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর শুক্রবার প্রথম কোর কমিটির বৈঠকে বসছে তৃণমূল। বৈঠকে কোর কমিটির সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপির উত্থান মোকাবিলা করতে সাংগঠনিক স্তরে কী কী পরিবর্তন করা উচিত, তা নিয়েই মূলত আলোচনা হবে এদিনের বৈঠকে। সেই সঙ্গে সাংগঠনিক স্তরে বেশ কিছু রদবদল হওয়ারও সম্ভাবনা রয়েছে। ভরাডুবি এড়ানো গেলেও লোকসভা ভোটের ফলাফল যে চিন্তার কারণ, তা বেশ টের পেয়েছে রাজ্যের শাসকদল। তাই ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক-স্তরে বেশ কিছু রদবদল করে ফেলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় যে হারে বিজেপির ভোট বেড়েছে এবং ভোট পরবর্তী পরিস্থিতিতে যেভাবে একের পর এক নেতা,মন্ত্রী গেরুয়া শিবিরে নাম লেখাচ্ছে, তা যে যথেষ্ট চিন্তার, ইতিমধ্যেই তৃণমূল নেতাদের শরীরী ভাষায় তা প্রকাশ পেয়েছে। বিজেপির আগ্রাসনের সামনে এখন অনেকটাই রক্ষণশীল তৃণমূল।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১