আপনারা কি চরমভাবে ব্যর্থ নন : রিজভীর প্রশ্ন
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত-দৈনিক ইত্তেফাক
- বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ৪০ কিলোমিটারের যানজট-দৈনিক প্রথম আলো
- আপনারা কি চরমভাবে ব্যর্থ নন : রিজভীর প্রশ্ন-দৈনিক নয়া দিগন্ত
- ৫ম বারের মত কারাগারে ঈদ করছেন খালেদা জিয়া-দৈনিক যুগান্তর
- ‘হতাশ হওয়ার কিছু নেই, স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যায়’-দৈনিক মানবজমিন
- ভারতের শিরোনাম:
- লোকসভা নির্বাচনে ২৭ হাজার কোটি টাকা খরচ বিজেপির, জানাল সমীক্ষা-দৈনিক সংবাদ প্রতিদিন
- মোদীর পাশে থাকার আশ্বাস মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের-দৈনিক আনন্দবাজার
- মুখ্যমন্ত্রীকে পাঠানো বিজেপি সাংসদের হোয়াটসঅ্যাপ মেসেজ এখন ভাইরাল-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে ৪০ কিলোমিটারের যানজট-দৈনিক প্রথম আলো।
আর ইত্তেফাকের শিরোনামে বলা হয়েছে ৪৫ কিলোমিটার যানজট।দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, যানজটের কবলে থাকা যাত্রীদের মিছিল, থামাল পুলিশ।
অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পশ্চিম প্রান্তে যানবাহনের ধীরগতির জন্য বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
আজ মঙ্গলবার থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে টাঙ্গাইলের করটিয়া পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মহাসড়কে থেমে থেমে খুবই ধীরগতিতে চলছে যানবাহন।ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ বিক্ষুব্ধ হয়ে আজ সকালে বাস থেকে নেমে বিক্ষোভ করে। তবে বেলা একটার দিকে যানবাহন ধীরগতিতে হলেও চলতে শুরু করেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, ঢাকা থেকে টাঙ্গাইল মহাসড়ক চার লেন হয়েছে। তবে টাঙ্গাইলের পর এলেঙ্গা থেকে সড়ক দুই লেন। আর দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, ভিআইপিরাও সড়কে শৃঙ্খলা মানে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মাহমুদা হত্যাকাণ্ড: পুলিশ শুধু বলেই যাচ্ছে তদন্ত ‘শেষের দিকে’-দৈনিক প্রথম আলো
সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডকে চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব উঠেছিল পুলিশ সদর দপ্তরে। সেই প্রস্তাব নাকচ হয়ে গেছে। পুলিশ সদর দপ্তর মনে করছে, এই মামলার তদন্ত সঠিকভাবে না হলে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শকসহ একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা জানান, মাস দেড়েক আগে চাঞ্চল্যকর মামলার তালিকা তৈরির একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই তালিকায় মাহমুদা হত্যাকাণ্ডের মামলাটি অন্তর্ভুক্ত করার প্রস্তাব আসে। তবে শেষ পর্যন্ত প্রস্তাবে সাড়া পাওয়া যায়নি।মাহমুদা হত্যা মামলার বিষয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক মো. সোহেল রানা প্রথম আলোকে বলেন, তদন্ত শেষে পুলিশ প্রতিবেদন জমা দেবে। এর বাইরে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
৫ম বারের মত কারাগারে ঈদ করছেন খালেদা জিয়া-দৈনিক যুগান্তর
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঈদ কাটছে হাসপাতালে। এর আগে চারবার কারাগারে ঈদ করেন তিনি। এ নিয়ে পঞ্চমবারের মতো কারা হেফাজতে ঈদ করছেন সাবেক এ প্রধানমন্ত্রী। খালেদা জিয়া বর্তমানে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে অবস্থান করছেন। তাই সেখানেই কাটছে তার এবারের ঈদ। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে বিএনপি এবং সরকার ও হাসপাতালপক্ষ পাল্টা বক্তব্য দিচ্ছে।
বিএনপি বলছে, খালেদা জিয়া খুবই অসুস্থ। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক।গত ২৪ মে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন করেন চিকিৎসা না দিয়ে সরকার কী খালেদা জিয়াকে হত্যা করতে চায়? তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বন্দি অবস্থায় খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে তার দায়-দায়িত্ব সম্পূর্ণ সরকারকে নিতে হবে।
খালেদা জিয়ার চিকিতসা ও বিএনপির মুক্তি দাবি প্রসংগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, খালেদা জিয়াকে জেলে রেখে মেরে ফেলার মতো এতটা নিষ্ঠুর নয় আওয়ামী লীগ সরকার। খালেদা জিয়ার মু্ক্তির জন্য সরকারের ওপর যে চাপ সৃষ্টি করা দরকার ছিল বিএনপি তাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
অপরদিকে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক গত ২৯ মে সংবাদ সম্মেলনে বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। ১ মাস ২৯ দিন আগে ভর্তি হওয়ার সময় ওনার শারীরিক যে সমস্যা ছিল, সে অবস্থানের চেয়ে দুই মাসে অনেক উন্নতি হয়েছে।
আড়ংকে জরিমানা করা সেই কর্মকর্তার বদলির আদেশ স্থগিত-দৈনিক ইত্তেফাক।
আর প্রথম আলো শিরোনাম করেছে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরের পরই শাহরিয়ার স্বপদে
আড়ংকে জরিমানা করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাকে স্বপদে বহালের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। উল্লেখ্য, এর আগে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে আড়ং এর উত্তরা শাখাকে জরিমানা করা কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করা হয়েছিল।
‘হতাশ হওয়ার কিছু নেই, স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যায়’-মান্না-দৈনিক মানবজমিন
স্বৈরাচার, গণতন্ত্রহীনতা বা রাজনৈতিক দুরবস্থার জন্য হতাশ হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, যুগে যুগে সব সময় অন্যায়ের বিরুদ্ধে মানুষ, মানুষের শক্তি, সমাজের শক্তি দাঁড়িয়ে যায়। এবারও তারা দাঁড়িয়ে যাবে। মাবনবজমিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। তিনি কথা বলেন, সমকালীন রাজনীতি, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত এমপিদের সংসদে যোগ দেয়া, ঐক্যফ্রন্টের বর্তমান ও ভবিষ্যৎসহ তার ছোট বেলার ঈদ ও বর্তমান ঈদ নিয়ে।
আপনারা কি চরমভাবে ব্যর্থ নন : রিজভীর প্রশ্ন-দৈনিক নয়া দিগন্ত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান দুঃশাসনের কবলে পরে দেশের মানুষের মাঝে ঈদ আনন্দ নেই। তবুও দেশবাসীকে মুসলমানদের সবচয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত কয়েক দিন ধরে সরকারের মন্ত্রী ও কতিপয় নেতা বিএনপিকে উদ্দেশ করে লাগামছাড়া বক্তৃতা দিচ্ছেন। ঈদ-উল ফিতরের প্রাক্কালে তাদের কথা শুনে খুব বিস্মিত হচ্ছি। তারা কথার তাল-লয় হারিয়ে ফেলছেন বলে অনুমিত হচ্ছে। মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন,’বিএনপির চেয়ারপারসন কারাগারে বন্দি। আপনারা সরকার ও আদালতের ওপর কতটা চাপ প্রয়োগ করতে পেরেছেন? আপনারা কি চরমভাবে ব্যর্থ নন?
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা-দৈনিক যুগান্তর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী এবং সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদুল ফিতরে তিনি দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। মঙ্গলবার এক বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একথা বলেন।তিনি বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, ঈদআনন্দেও আমাদের মন ভালো নেই : মির্জা ফখরুল
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও সারাবিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই আনন্দের দিনেও আমাদের মন ভালো নেই। আমরা বেদনার্ত। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো ঈদ শুভেচ্ছায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এবারে ঈদের এই খুশির দিনে আমরা বেদনার্ত, কারণ আমাদের মধ্যে নেই গণতন্ত্রের প্রতীক, অধিকারহারা মানুষের আশা-ভরসার প্রেরণা দেশনেত্রী খালেদা জিয়া। নিষ্ঠুর প্রতিহিংসা চরিতার্থ করতে তাকে প্রায় দেড়বছর বন্দি করে রাখা হয়েছে। এই দিনে আমরা তার মুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনা করছি।
তিনি বলেন, অন্ধ বিদ্বেষের শিকার হয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক ইচ্ছায় তাকে ঈদের দিনেও মুক্তি দেয়া হচ্ছে না।
মোদীর পাশে থাকার আশ্বাস মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের-দৈনিক আনন্দবাজার
দ্বিতীয় বার ক্ষমতায় এসেই দেশের সংখ্যালঘু এবং প্রান্তিক মানুষদের মূলস্রোতে ফিরিয়ে আনার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংখ্যালঘুদের আস্থা অর্জনের নির্দেশ দিয়েছিলেন বিজেপি এবং এনডিএ সাংসদদের। তাঁর সেই প্রস্তাবকে এ বার স্বাগত জানালেন মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকরা। সমাজের সব স্তরের মানুষকে নিয়ে এগিয়ে চলার তাঁর এই ভাবনায় তাঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে বলে চিঠি লিখে জানালেন তাঁরা। চিঠিতে তাঁরা লেখেন, ‘‘দরিদ্র এবং প্রান্তিক মানুষকে মূলস্রোতে ফিরিয়ে আনতে না পারলে, আপনার এবং প্রত্যেক দেশপ্রেমীর স্বপ্ন বাস্তবায়িত হওয়া সম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি। ১৮৫৭-য় দেশের স্বাধীনতার জন্য যেমন সব সম্প্রদায়ের মানুষ একজোট হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, দেশের মানুষের মধ্যে সেই উদ্দীপনা ফিরিয়ে আনতে চাইছেন জেনে ভরসা পাচ্ছি আমরা।’’
লোকসভা নির্বাচনে ২৭ হাজার কোটি টাকা খরচ বিজেপির, জানাল সমীক্ষা-দৈনিক সংবাদ প্রতিদিন
গণতন্ত্রের লড়াইয়ে ধনতন্ত্রের জয়জয়কার৷ ‘ভোট করাতে’ নির্বাচনী মরশুমে উড়েছে দেদার টাকা৷ কে কত ‘লিড’ দিতে পেরেছেন? সেজন্য কত খরচ হয়েছে? কোথায় ‘মার গেল’ টাকা, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত রাজনৈতিক দলগুলির হিসেবরক্ষকরা৷ ভোটে টাকার খেল জলভাত হলেও এবারে তা পৌঁছেছে নয়া উচ্চতায়৷ এক সমীক্ষায় জানা গিয়েছে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি খরচ করেছে প্রায় ২৭ হাজার কোটি টাকা৷সোমবার, লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির আয়-ব্যয়ের উপর চালানো একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করে ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিস’ বা সিএমএস৷ ওই সমীক্ষার মতে, ২০১৯-এর লোকসভা নির্বাচন এপর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল৷ এবারে রাজনৈতিক দলগুলি খরচ করেছে প্রায় ৬০ হাজার কোটি টাকা৷ বেনজিরভাবে মোট খরচের প্রায় ৪৫ শতাংশ বিজেপির খাতায়৷
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
মুখ্যমন্ত্রীকে পাঠানো বিজেপি সাংসদের হোয়াটসঅ্যাপ মেসেজ এখন ভাইরাল-দৈনিক আজকাল
বাতাসে একটি খবর ছড়িয়েছে। আর তা হল তিনি দল বদল করলেও মন বদল করতে পারেননি। ফলে এখনও তিনি মন থেকে তৃণমূলের ভাল চান। হ্যাঁ, তিনি বিতর্কিত অধুনা বিজেপি সাংসদ অর্জুন সিং। আগে তিনি তৃণমূলের বিধায়ক ছিলেন। টিকিট না পেয়ে বিজেপিতে গেলেন। এবং তারপর লোকসভা নির্বাচনে জয়ী হলেন। কিন্তু মন্ত্রক পেলেন না। অর্থাৎ টিম মোদি–তে ঢুকতে পারলেন না।
সে যাইহোক, তাঁর এখন তৃণমূলে মন পড়ে আছে বলে খবর। বিষয়টি জানা গিয়েছে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ ভাইরাল হওয়ার পরে। সেই হোয়াটসঅ্যাপ মেসেজটি বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের মোবাইল থেকে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মোবাইলে। তারপর থেকেই রাজ্য–রাজনীতিতে জলঘোলা হতে শুরু করেছে। যে হোয়াটসঅ্যাপ মেসেজটি অর্জুন সিংয়ের ফোন থেকে গিয়েছে সেখানে লেখা আছে, ‘জয় হিন্দ, জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ’। এই বার্তা ভাইরাল হয়ে পড়েছে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫