ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ: ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৭ জুন শুক্রাবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- পররাষ্ট্রমন্ত্রী হয়ে বাংলাদেশকে যে বার্তা দিলেন জয়শংকর-দৈনিক প্রথম আলো
- ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ : ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ
- রাতের ভোটে কি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়, প্রশ্ন রিজভীর-দৈনিক যুগান্তর
- গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় সংঘর্ষ, আহত ২০-দৈনিক ইত্তেফাক
- বরযাত্রীদের হামলা করে নববধুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা-দৈনিক মানবজমিন
- যুক্তরাজ্যের আমাদের নিয়ে চিন্তা করার দরকার নেই: আইনমন্ত্রী–দৈনিক সমকাল
ভারতের খবর:
- গ্লাভসে ফৌজি চিহ্ন সরাতে হবে কেন? ধোনির পাশে দাঁড়িয়ে আইসিসিকে চিঠি বোর্ডের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী, চিঠি লিখে জানালেন প্রধানমন্ত্রীকে-দৈনিক আজকাল
- মেয়েদের সঙ্গে অশ্লীলতা করতে ভালবাসতেন আকবর, বিজেপি নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক–দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
পররাষ্ট্রমন্ত্রী হয়ে বাংলাদেশকে যে বার্তা দিলেন জয়শংকর-দৈনিক প্রথম আলো
বাংলাদেশ ও ভারতের মধ্যে অংশীদারত্বকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–নির্ধারিত লক্ষ্যে ভারত নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। নিকটতম প্রতিবেশী বাংলাদেশ ও ভারত দুই দেশের সম্পর্ক গভীর সম্পর্কে রূপ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে ভারতের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এসব কথা বলেন। ৪ জুন আব্দুল মোমেনকে লেখা চিঠিতে এস জয়শংকর লেখেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ-ভারত অংশীদারত্বের যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দুই দেশের অংশীদারত্বকে সে পর্যায়ে নিয়ে যেতে আমি অঙ্গীকারবদ্ধ।’
ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ : ওবায়দুল কাদের-দৈনিক কালেরকণ্ঠ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন একই সূত্রে গাঁথা ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, যারা স্বাধীনতার মাইল ফলক ৭ জুনকে অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিশ্বাস করে না।
k
কাদের বলেন, স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন একই সূত্রে গাঁথা ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ৭ জুনের হরতাল এবং পরবর্তীতে ঊনসত্তরের বিক্ষুব্ধ বাংলার গণবিস্ফোরণ এগারো দফা আন্দোলন। এগারো দফা ছিল ছয় দফা ভিত্তিক এগারো দফা। এরপর নির্বাচন, ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। এরমধ্য দিয়ে জাতীয় মুক্তি সংগ্রামের ডিসেম্বরে বিজয়।
রাতের ভোটে কি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়, প্রশ্ন রিজভীর-দৈনিক যুগান্তর
‘বিএনপি বিদেশে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে’- ফিনল্যান্ডে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেয়া এ বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে মধ্যরাতে নির্বাচন হয়, ২০১৪ সালে একতরফা নির্বাচনে ১৫৩ আসনে ক্ষমতাসীনরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়, তাতে কি দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে? শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় রিজভী বলেন, দেশ-বিদেশের সবাই জানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনকে নিরুদ্দেশ করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। প্রধানমন্ত্রী হিংসা-প্রতিহিংসার ছোবলে গণতন্ত্রের শাশ্বত বাণী মত-পথ ও আদর্শের ভিন্নতার মধ্যে ঐক্যের মিলিত সুরকে ক্ষতবিক্ষত করেছেন। তিনি দেশকে চিরস্থায়ী বিভেদ-বিভাজনের সর্বনাশা নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছেন। এর একটি ভয়ঙ্কর উদাহরণ- রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে দেশের সর্বাধিক জনপ্রিয় দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন। সত্তোরোর্ধ অসুস্থ একজন নারীকে আজ কারাগারের অন্ধকার প্রকোষ্টে দিন কাটাতে হচ্ছে। ঈদের দিনেও তার মুক্তি মেলেনি।
গরুর মাংসে হাড় বেশি দেওয়ায় সংঘর্ষ, আহত ২০-দৈনিক ইত্তেফাক
গরুর মাংসে হাড় বেশি দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ জন আহত হয়েছেন।শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রাম ও সদর উপজেলার খাটিহাতা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সংঘর্ষের সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে খাটিঁহাতা বিশ্বরোড মোড় বাজারে মাংস কিনতে যান কুট্টাপাড়া এলাকার ধন মিয়া। এ সময় মাংসের বদলে হাড়ের পরিমাণ বেশি দেওয়া নিয়ে বিক্রেতার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ নিয়ে হাতাহাতি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে এতে দেশীয় অস্ত্র নিয়ে জড়িয়ে পড়ে দুই গ্রামের লোকজন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়।
বরযাত্রীদের হামলা করে নববধুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা-দৈনিক মানবজমিন
জামালপুরের বকশীগঞ্জে বরযাত্রীদের উপর হামলা করে নববধুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে এলাকার সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের বাধার মুখে তারা বরযাত্রীদের বেধড়ক মারধর করে স্বর্ণালংকার লুটপাট করে পালিয়ে যায়। এ ঘটনায় বর, কনেসহ ৮জন আহত হয়েছে। আহতদের মধ্যে ফিরোজ ও কামরুল নামে দুই ব্যক্তির অবস্থা আশংকাজনক অবস্থায় বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

বরের চাচা ও আহত সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে আমরা বরসহ কনেকে নিয়ে ফেরার পথে মেরুরচর বাজার এলাকায় নেদা মেম্বার, শাহিন আল আমিন ও মাসুদ নামের ৩ জনের নেতৃত্বে আমাদের উপর হামলা করে কণে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময়ে বরযাত্রীদের সাথে আসা মহিলাদের কানের, হাতের ও গলার স্বর্ণালংকার ছিনিয়ে নেয়া হয়।
যুক্তরাজ্যের আমাদের নিয়ে চিন্তা করার দরকার নেই: আইনমন্ত্রী–দৈনিক সমকাল
বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে যাওয়া এবং মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ জানানো হয়। প্রতিবেদনে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগের গ্রহণযোগ্য ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানানো হয়েছে।
এ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বা গণতন্ত্র ব্যঘাত ঘটেছে এ রকম কোন নজির নেই। আমার মনে হয় যুক্তরাজ্যের উচিৎ নিজেদের সমস্যা নিয়ে চিন্তা করা, আমাদের নিয়ে চিন্তা করার দরকার নেই। বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে টিন ও গৃহনির্মাণের জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
গ্লাভসে ফৌজি চিহ্ন সরাতে হবে কেন? ধোনির পাশে দাঁড়িয়ে আইসিসিকে চিঠি বোর্ডের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
‘গ্লাভসে ফৌজি চিহ্ন নিয়ে মহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়াল বিসিসিআই। ধোনি যাতে ওই বিশেষ চিহ্ন লাগানো গ্লাভস পরেই বিশ্বকাপে পরবর্তী ম্যাচ খেলতে পারেন, তা নিয়ে আইসিসিকে অনুরোধ জানিয়ে চিঠি দিল ভারতীয় বোর্ড। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে ধোনিকে ভারতীয় সেনার বিশেষ চিহ্ন লাগিয়ে খেলতে দেখা যায়। এই চিহ্নকে সেনাকর্মীরা বলে থাকেন ‘ফ্লাইং ড্যাগার’ বা ‘বলিদান’। এটি ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশ্যাল ফোর্সের পরিচয়চিহ্ন। ধোনি ভারতীয় সেনাবাহিনীর প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল।

সেই সুবাদই বাহিনীকে সম্মান জানাতে এই চিহ্ন লাগানো গ্লাভস পরেছেন বলে জানিয়েছিলেন ধোনি। বিষয়টি সামনে আসার পরই হস্তক্ষেপ করে আইসিসি। আইসিসি-র অন্যতম জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফার্লং বৃহস্পতিবার বলেন, ‘‘ভারতীয় ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে অনুরোধ করা হয়েছে ধোনি যাতে পরের ম্যাচগুলোতে ওই সেনা প্রতীক-সহ মাঠে না নামেন।”
এর পরেই মাঠে নামে বিসিসিআই। ধোনির পাশে দাঁড়িয়ে শুক্রবার বোর্ডের কমিটি অব অ্যাডমিনিসট্রেটার্স (সিওএ) প্রধান বিনোদ রাই জানিয়ে দিলেন, ধোনি যাতে পরবর্তী ম্যাচগুলিতে ওই গ্লাভস পরেই খেলতে পারেন, সে বিষয়ে অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেওয়া হয়েছে। সিওএ-র বৈঠকের পর এ বিষয়ে সবিস্তার জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে আজই বৈঠকে বসার কথা বোর্ডের।
নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী, চিঠি লিখে জানালেন প্রধানমন্ত্রীকে-দৈনিক আজকাল
: রাজনৈতিক অভিসন্ধি থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–সহ নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি তখন বয়কট করেছিলেন সেই শপথ–অনুষ্ঠান। সে কথা জানিয়েও দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। ফলে তখনকার মতো দেওয়া মোদির চাল বানচাল হয়ে গিয়েছিল। এরপর কৌশল করে নীতি আয়োগের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের বৈঠক ডাকা হয়েছিল। এবার সেই বৈঠকেও বাংলার মুখ্যমন্ত্রী যোগ দেবেন না বলে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে। আর এই সিদ্ধান্তে ফের একবার প্রধানমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী বলে মনে করা হচ্ছে।

আগামী ১৫ জুন নীতি আয়োগের বৈঠক রয়েছে দিল্লিতে। যার নেতৃত্বে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক কী লিখেছেন মুখ্যমন্ত্রী চিঠিতে? জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন–সরকারের এই থিঙ্ক ট্যাঙ্কের কোনও ক্ষমতা নেই রাজ্যকে সাহায্য করার। ‘নীতি আয়োগের কোনও আর্থিক ক্ষমতা নেই। আর রাজ্যকে সাহায্য করারও কোনও ক্ষমতা নেই। তাই আমার পক্ষে এই বৈঠকে যোগ দেওয়াটা যুক্তিহীন।’ স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই পত্রবোমায় জোর চর্চা শুরু হয়েছে। তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি সরাসরি রাজ্যের স্বার্থে এমন চিঠি লিখেছেন বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
মেয়েদের সঙ্গে অশ্লীলতা করতে ভালবাসতেন আকবর, বিজেপি নেতার মন্তব্যে তুঙ্গে বিতর্ক–দৈনিক সংবাদ প্রতিদিন
মেয়েদের সঙ্গে অশ্লীলতা করতে ভালবাসতেন মোঘল সম্রাট আকবর৷ এমনই বিতর্কিত মন্তব্য করলেন রাজস্থান বিজেপির সভাপতি মদনলাল সাইনি৷ গেরুয়া শিবিরের এই শীর্ষ নেতা জানালেন, বিকানেরের রানি কিরণ দেবীর সঙ্গেও আকবর অশ্লীল ব্যবহার করেছিলেন। মদনলালের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে রাজনৈতিক মহল৷ বিজেপি নেতার বক্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস৷
বৃহস্পতিবার মহারানা প্রতাপের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন রাজস্থান বিজেপির সভাপতি মদনলাল সাইনি৷ আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ‘‘সম্রাট আকবর মীনাবাজার তৈরি করেছিলেন একথা গোটা বিশ্বের জানা। সেখানে শুধুমাত্র মহিলাদেরই কাজের অনুমতি ছিল। সেখানে পুরুষদের প্রবেশে নিষেধ ছিল। কিন্তু আকবার সকলের অগোচরে লুকিয়ে ‘কুকর্ম’ করতে সেখানে যেতেন।’’ এখানেই শেষ নয়, গেরুয়া শিবিরের এই নেতা আরও বলেন, ‘‘একবার বিকানেরের রানি কিরণ দেবীর সঙ্গেও অশ্লীল আচরণের চেষ্টা করেন সম্রাট আকবর। তখন রানি একটি তরবারি নিয়ে আকবরের গলায় রাখেন এবং সম্রাটকে সাবধান করে দেন। ক্ষমাপ্রার্থনা করে সে যাত্রায় রক্ষা পান সম্রাট আকবর৷ এমনকী, মোঘল সম্রাটকে কোনও ভাবেই মহান বা বীরের তকমা দিতেও রাজি নন বলে জানান মদনলাল।#
পার্সটুডে/বাবুল আখতার/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।