জুন ০৮, ২০১৯ ১১:৩২ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৮ জুন শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • বৈমানিকের ‘পাসপোর্টকাণ্ড’ তদন্তে কমিটি গঠন-দৈনিক ইত্তেফাক
  • দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-দৈনিক প্রথম আলো
  • আবারো বোরকা পরে স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা!-দৈনিক নয়া দিগন্ত
  • দুধেও ভেজাল শিশু খাবে কী-দৈনিক যুগান্তর
  • বৃটিশ মানবাধিকার রিপোর্ট নির্বাচনী অনিয়মের অভিযোগ বিশ্বাসযোগ্য‘-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • তীব্র দাবদাহে পুড়ছে দেশ, জলকষ্টে মধ্যপ্রদেশের জঙ্গলে মৃত ১৫টি বানর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • রাহুলের বদলে কংগ্রেস সভাপতি হতে রাজি আসলাম খান-টাইমস অব ইন্ডিয়া/-দৈনিক আনন্দবাজার
  • কাশ্মীর সমস্যা মেটাতে এবার মোদিকে আলোচনার প্রস্তাব দিলেন ইমরান-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের কয়েকটি খবরের দিকে নজর দেব।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন।

তিন দেশে ১২ দিনের সরকারি সফর শেষ করে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০ টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। ১২ দিনে প্রধানমন্ত্রী জাপান, সৌদি আরব এবং ফিনল্যান্ড সফর করেন।

ফিনল্যান্ডে থাকার সময় প্রধানমন্ত্রী গত ৪ জুন দেশটির প্রেসিডেন্ট সওলি নিনিসতোর সঙ্গে বৈঠক করেন। পরদিন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের দেওয়া এক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী।চার দিনের সফরে শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে বৈঠক শেষে দুই দেশ আড়াই বিলিয়ন মার্কিন ডলারের ৪০তম ওডিএ চুক্তি স্বাক্ষর করে। এ ছাড়া প্রধানমন্ত্রী ‘ফিউচার ফর এশিয়া’ বিষয়ক নিক্কেই সম্মেলনে যোগ দেন।

হলি আর্টিজান হামলায় হতাহতদের পরিবার এবং জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা শেখ হাসিনার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।টোকিও থেকে সৌদি আরবে তিন দিনের সফরকালে প্রধানমন্ত্রী মক্কায় অনুষ্ঠিত ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন।

এ ছাড়া তিনি মক্কায় পবিত্র ওমরাহ পালন এবং মদিনায় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন।

দুধেও ভেজাল শিশু খাবে কী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের দুধে ভেজাল

দৈনিক যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, এনএফএসএলের গবেষণায় ভয়াবহ তথ্য উঠে এসেছে-দুধেও ভেজাল। অথচ নমুনা পরীক্ষা করে ভেজাল পায়নি বিএসটিআই। ‘আমার মেয়ে একদম বাড়ছে না। নিয়মিত দুধ (গরু) খাওয়াচ্ছি, তারপরও। সব সময় অসুখ লেগেই থাকে। মাঝে মধ্যেই বমি করে।’ ‘আমার ছেলের ওজন বাড়ছে না, কী করি বলেন তো?’ পুষ্টিবিদ আখতারুন নাহার আলো বললেন, এ প্রশ্নগুলো আমরা খুব নিয়মিতই শুনছি। দুধে যদি ভেজাল থাকে, তা শিশুর কী কাজে লাগবে!

শিশু, যুবা কিংবা বয়োবৃদ্ধ- প্রত্যেকের খাবারের পরিপূরক সুষম খাদ্য হল দুধ। তা হওয়া চাই খাঁটি ও বিভিন্ন রাসায়নিকমুক্ত। কিন্তু হালে খামারির কাছ থেকে গ্রাহকের কাছে পৌঁছা পর্যন্ত পদে পদে ভেজাল হচ্ছে দুধ।

এমনকি বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছে তা। আর যেখানে খাঁটি দুধ মিলছে, সেখানে দেখা গেছে- রয়েছে অ্যান্টিবায়োটিক ও সহনীয় মাত্রার চেয়ে বেশি রাসায়নিক।

সম্প্রতি একটি গবেষণা ও ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি অভিযানে এ চিত্র উঠে আসায় এ নিয়ে উদ্বেগ বেড়েছে আরও। এর পরিপ্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাজার থেকে দুধ সংগ্রহ করে নমুনা পরীক্ষার পর ব্যবস্থা নিতে ও বিস্তারিত জানাতে বলেছেন। কিন্তু এখনও চিত্র বদলায়নি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আর্থিক সহায়তায় জাতীয় নিরাপদ খাদ্য গবেষণাগার (এনএফএসএল) বাজার থেকে কাঁচা তরল দুধের ৯৬টি নমুনা সংগ্রহ করে সম্প্রতি গবেষণা চালিয়েছে। এতে তারা দেখেছে নমুনার সবগুলোতেই সিসা ও অ্যান্টিবায়োটিক অনুজীব রয়েছে। প্যাকেটজাত দুধের ৩১ নমুনার মধ্যে ১৮টিতেই ভেজাল রয়েছে। এছাড়া ছিল উচ্চমাত্রার বিভিন্ন রাসায়নিক।

এনএফএসএলের প্রতিবেদনে বলা হয়, গরুর দুধের ৯৬টি নমুনার মধ্যে ৯ শতাংশ দুধে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি কীটনাশক, ১৩ শতাংশে টেট্রাসাইক্লিন, ১৫ শতাংশে সহনীয় মাত্রার চেয়ে বেশি সিসা পাওয়া যায়।

সেই সঙ্গে ৯৬ শতাংশ দুধে পাওয়া যায় বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া। প্যাকেটের দুধের ৩১টি নমুনার ৩০ শতাংশ ক্ষেত্রে সহনীয় মাত্রার চেয়ে বেশি হারে টেট্রাসাইক্লিন মেলে।

৬৬ থেকে ৮০ শতাংশ দুধের নমুনায় বিভিন্ন ব্যাকটেরিয়া পাওয়ার কথা বলা হয় প্রতিবেদনে। এছাড়া দইয়ের ৩৩টি নমুনা পরীক্ষা করে একটিতে সহনীয় মাত্রার চেয়ে বেশি সিসা এবং ৫১ শতাংশ নমুনায় পাওয়া যায় বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া।

ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হলে আদালত সারা দেশের বাজারে কোন কোন কোম্পানির দুধ রয়েছে এবং দুধ ও দুধজাত খাদ্যপণ্যে কী পরিমাণ ব্যাকটেরিয়া, কীটনাশক ও সহনীয় মাত্রার চেয়ে বেশি সিসা পাওয়া গেছে তা নিরূপণ করে তালিকা দেয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেয়া হয়েছে- সে প্রতিবেদন দিতে বলেন।

বৈমানিকের ‘পাসপোর্টকাণ্ড’ তদন্তে কমিটি গঠন-দৈনিক ইত্তেফাক

ক্যাপ্টেন ফজল মাহমুদ

চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটের ক্যাপ্টেন ফজল মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে পাসপোর্ট ছাড়াই তিনি গত বুধবার রাতে ফিনল্যান্ডের উদ্দেশে রওয়ানা দিলে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। এ ঘটনা তদন্তে শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগমকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে আগামী তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই ঘটনার পর ফজল মাহমুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সারা দেশে অজ্ঞাত তিন জনের লাশ উদ্ধার-দৈনিক মানবজিমন

ঈদুল ফিতরের দুই দিন পর সারা দেশে অজ্ঞান তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বরিশালের উজিরপুর, সুনামগঞ্জের তাহিরপুর ও পাবনার ভাঙ্গুড়ায় অজ্ঞাত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে এদের প্রত্যেকেই হত্যাকান্ডের শিকার।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

রাহুলের বদলে কংগ্রেস সভাপতি হতে রাজি আসলাম খান-টাইমস অব ইন্ডিয়া

আসলাম শের খান ও রাহুল গান্ধী

ভারতের সাবেক হকি তারকা ও কংগ্রেস সরকারের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আসলাম শের খান জানিয়েছে, রাহুল গান্ধী কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাড়ালে তিনি সেই পদে আসতে প্রস্তুত। এক চিঠিতে নিজেই এমন প্রস্তাব দিয়েছেন কংগ্রেস হাইকমান্ডকে।

এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় নিয়ে দলীয় সভাপতির পদ থেকে রাহুল সরে দাঁড়াতে চাইলে, সেই জায়গায় আসার প্রস্তাব করেন আসলাম খান। কংগ্রেস নেতৃত্বকে চিঠি লিখে এই কথা তিনি জানান।

আসলাম শের খান বলেছেন, ‘রাহুল বলেছিলেন নেহরু-গান্ধী পরিবারের বাইরে থেকে কাউকে কংগ্রেস সভাপতি পদে জন্য বেছে নিতে। তাই আমি জানাই যে, দু বছরের জন্য এই দায়িত্ব নিতে আমি প্রস্তুত। রাহুল যদি সভাপতির কাজ চালিয়ে যান, তাহলে তো খুবই ভালো, তবে যদি তিনি ছেড়ে দেন, তাহলে আমি এই দায়িত্ব নিতে চাই।’

নিজেরা লড়াই করে দলটাকে হারিয়ে দিলেন: মমতা  -দৈনিক আনন্দবাজার

মমতা বন্দোপাধ্যায়

গোষ্ঠীবিবাদের জেরে হুগলির অনেক জায়গাতেই যে লোকসভা নির্বাচনে দলের হার হয়েছে, তা জেলার নেতাদের ডেকে শুক্রবার স্পষ্ট করে দিলেন মমতা। সিঙ্গুরে দলের হারকে তিনি এ দিন দলের ‘লজ্জা’ বলেও চিহ্নিত করেন।  সিঙ্গুরে কে বড় নেতা—বেচারাম না মাস্টারমশাই?’ এ দিনের বৈঠকে এক সময় বলে ওঠেন দলনেত্রী। তিনি বলেন, ‘‘আমি সিঙ্গুরের জন্য কী করিনি? আর আপনারা নিজেরা লড়াই করে সিঙ্গুরে দলটাকে হারিয়ে দিলেন?’’ ওই বৈঠকে উপস্থিত প্রত্যক্ষদর্শী এক নেত্রী বলেন, ‘‘দিদি বলতে গিয়ে এ দিন কার্যত কেঁদে ফেলেছেন। এক সময় দিদি বলেন, ‘‘যখন থাকব না। তখন তোমরা বুঝবে।’’ বস্তুত সিঙ্গুরে দলের হার নিয়ে রাজ্যের শাসকদলের মধ্যে কম কাঁটা-ছেঁড়া হচ্ছে না।

কাশ্মীর সমস্যা মেটাতে এবার মোদিকে আলোচনার প্রস্তাব দিলেন ইমরান-দৈনিক আজকাল

ফের সুর নরম পাকিস্তানের। কাশ্মীর–সহ সব বিষয় নিয়ে আলোচনায় বসতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও প্রস্তাব দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। 

ইমরান জানিয়েছেন, ‘বিবাদমান কাশ্মীর ইস্যু–সহ ভারতের সঙ্গে সব সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে আগ্রহী পাকিস্তান। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য, দুই দেশের সামগ্রিক উন্নতি এবং দারিদ্র দূরীকরণে ভারত ও পাকিস্তানকে একসঙ্গে কাজ করতে হবে। তাই সবার আগে মুখোমুখি বৈঠকে বসাটা জরুরি।’ এর আগে লোকসভা নির্বাচনে জেতার জন্য দু’বার মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইমরান। তবে কেবল ইমরানই নন, ভারতের নবনিযুক্ত বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার চিঠি দিয়েছিলেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও। ওই চিঠিতে তিনিও ভারতের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। চিঠিতে লেখেন, ইসলামাবাদ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে নয়াদিল্লির সঙ্গে কথা বলতে চায়।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮