ওসি মোয়াজ্জেম হোসেনকে শাস্তি পেতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ জুন রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- পরোয়ানা মাথায় নিয়ে সটকে পড়লেন ওসি মোয়াজ্জেম-দৈনিক প্রথম আলো
- ওসি মোয়াজ্জেম হোসেনকে শাস্তি পেতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
- বিএসএমএমইউতে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১৫-দৈনিক যুগান্তর
- গ্যাসের দাম বৃদ্ধির ইঙ্গিত দিলেন নসরুল হামিদ-দৈনিক ইত্তেফাক
- দেশে হত্যা, ধর্ষণ ও বিচারবর্হিভুত হত্যার হিড়িক চলছে: রিজভী-দৈনিক মানবজমিন
- আসিয়ানের প্রতিবেদন ফাঁস: ৫ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার!-নয়াদিগন্ত
ভারতের খবর:
- কাল প্রধানমন্ত্রী-রাজ্যপাল বৈঠক, মোদীকে সন্দেশখালির রিপোর্ট দিতে পারেন কেশরীনাথ-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- রাহুলের পদত্যাগের নাটকই রাজ্যে রাজ্যে কংগ্রেসের ক্ষতি করছে, মানছেন শীর্ষ নেতারা-দৈনিক সংবাদ প্রতিদিন
- কঠোর ভারত, ইমরান খানের ,প্রস্তাব মেনে এখনই বৈঠক নয়-দৈনিক বর্তমান
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
পরোয়ানা মাথায় নিয়ে সটকে পড়লেন ওসি মোয়াজ্জেম-দৈনিক প্রথম আলো -
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে এক সপ্তাহ ধরে লুকোচুরির পর এখন পুলিশ বলছে, ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন পালিয়ে গেছেন। ফেনী ও রংপুর দুই জায়গার পুলিশই গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার কথা স্বীকার করেছে। পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য গতকাল প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানা রংপুরে এসেছে।
কিন্তু মোয়াজ্জেম হোসেন অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত আছেন। পরোয়ানাটি সোনাগাজী থানার ওসির কাছে পাঠানো হয়েছে। রংপুরে পাঠানোর ক্ষেত্রে বিধি অনুসরণ করা হয়নি। বিধি মোতাবেক কাজ করার জন্য তিনি ফেনীর পুলিশকে জানাবেন। সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল গত ২৭ মে পরোয়ানা জারি করেন।
ওসি মোয়াজ্জেম হোসেনকে শাস্তি পেতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
অপরাধের সঙ্গে যেই জাড়িত হোক তাকেই শাস্তি পেতে হবে। সে ওসি হোক কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হোক আর জনপ্রতিনিধি হোক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মাদরাসাছাত্রী নুসরাত জাহানকে হত্যার জন্য ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন যতটুকু অপরাধ করেছে এর জন্য তাকে শাস্তি পেতেই হবে।
বিএসএমএমইউতে চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১৫-দৈনিক যুগান্তর
‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের বেধড়ক লাঠিচার্জ ও প্রহারে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে চাকরিপ্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিএসএমএমইউর একাডেমিক ভবনের নিচে আমরণ অনশন শুরু করেছেন অর্ধশতাধিক চিকিৎসক। জানা গেছে, ঈদের ছুটির পর আজ বেলা ১১টার দিকে আন্দোলনকারীরা তাদের দাবি নিয়ে ভিসি কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও আনসার সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করেন। বেধড়ক মারধরে ১৫ জন আহত হন।
গ্যাসের দাম বৃদ্ধির ইঙ্গিত দিলেন নসরুল হামিদ-দৈনিক ইত্তেফাক
গ্যাসের দাম বৃদ্ধি এবং গ্যাসের সব মিটার প্রিপেইড করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এসময় পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, পাওয়ার সেলের মহাপরিচালক মো. হোসেইন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের আগে প্রতিমন্ত্রী কমকর্তাদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন।
নসরুল হামিদ বলেন, ‘বার্ককে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি) আমরা গ্যাসের দামের বিষয়টি সাবমিট করেছি। এখন সম্পূর্ণ বার্কের ওপর নির্ভর করছে তারা গ্যাসের দাম সমন্বয় করবে কিনা। আমরা অপেক্ষায় আছি।’
দেশে হত্যা, ধর্ষণ ও বিচারবর্হিভুত হত্যার হিড়িক চলছে: রিজভী-দৈনিক মানবজমিন
দেশে হত্যা, ধর্ষণ ও বিচারবর্হিভুত হত্যার হিড়িক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশ বিদেশের মানুষ জানে বাংলাদেশে চলছে গণতন্ত্রের এক অন্ধকারময় পর্ব। এখানে সুষ্ঠু নির্বাচন নিরুদ্দেশ করা হয়েছে। মানুষের বাক-স্বাধীনতা নেই। দেশে হত্যা, ধর্ষণ ও বিচারবর্হিভুত হত্যার হিড়িক চলছে। শুধু মে মাসের প্রথম ৮ দিনেই ৪১ শিশু ধষণের শিকার হয়েছে। প্রতিদিন গড়ে ৫জন মানুষ বিচারবর্হিভূত হত্যার শিকার হচ্ছেন। হত্যা, ধর্ষণের এহন গুরুতর অপরাধের ঘটনাগুলো সমাজে, গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়ের সৃষ্টি হলেও সরকারের টনক নড়েনা।
আসিয়ানের প্রতিবেদন ফাঁস: ৫ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার!-দৈনিক নয়াদিগন্ত
রোহিঙ্গাদের ব্যাপারে আসিয়ানের ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড অ্যাসেসমেন্ট টিমের তৈরি করা একটি প্রতিবেদন প্রকাশের আগেই ফাঁস হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির হাতে আসা প্রিলিমিনারি নিডস অ্যাসেসমেন্ট ফর রিপেট্রিয়েশন ইন রাখাইন স্টেট, মিয়ানমার শীর্ষক ওই প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে, দুই বছরের মধ্যে বাংলাদেশে থাকা রোহিঙ্গা সম্প্রদায়ের পাঁচ লাখ মানুষকে ফিরিয়ে নেবে মিয়ানমার।

এএফপি জানায়, আসিয়ানের ওই প্রতিবেদনে প্রত্যাবাসন প্রক্রিয়ায় মিয়ানমারের চলমান পদক্ষেপ নিয়ে প্রশংসা করা হয়েছে। শিগগির প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশ করার কথা রয়েছে বলে জানা গেছে। এএফপি তাদের প্রতিবেদনে আরো জানিয়েছে, মিয়ানমার সরকারের কাছে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা পাঁচ লাখ যা বাংলাদেশ ও জাতিসঙ্ঘের হিসাবের অর্ধেক।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
কাল প্রধানমন্ত্রী-রাজ্যপাল বৈঠক, মোদীকে সন্দেশখালির রিপোর্ট দিতে পারেন কেশরীনাথ-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সন্দেশখালির ঘটনা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে রিপোর্ট দিয়েছে বিজেপি। এ বার রিপোর্ট দিতে পারেন রাজ্যপালও। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগে থেকেই নির্ধারিত বৈঠক রয়েছে। সেই বৈঠকেই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি প্রধানমন্ত্রীকে রিপোর্ট দিতে পারেন। বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যপাল।
ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষে শনিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। গুলিতে নিহত হন বিজেপির তিন জন এবং তৃণমূলের এক কর্মী। ওই ঘটনা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি
রাহুলের পদত্যাগের নাটকই রাজ্যে রাজ্যে কংগ্রেসের ক্ষতি করছে, মানছেন শীর্ষ নেতারা-দৈনিক সংবাদ প্রতিদিন
লোকসভা ভোটের পর রাজ্যে রাজ্যে বিপত্তিতে কংগ্রেস। তেলেঙ্গানায় ইতিমধ্যেই কংগ্রেসের বিধায়কদল টিআরএসের সঙ্গে মিশে গিয়েছে। পাঞ্জাবে সিধু আর অমরিন্দার সিংয়ের দ্বন্দ্ব চরমে। মহারাষ্ট্রে দশজন বিধায়ক দল ছাড়ার মুখে। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর ও ওড়িশা প্রদেশ কংগ্রেস সভাপতি নিরঞ্জন পটনায়েক।

এক কথায় বেশিরভাগ রাজ্যেই ভাঙছে কংগ্রেস। অথচ, এই পরিস্থিতিতেও হেলদোল নেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। লোকসভা নির্বাচনে হারের পর কার্যত আশাহত রাহুল, দলের কোনও কাজই দেখছেন না সেভাবে। দলের শীর্ষ নেতাদের মধ্যে গুঞ্জন, রাহুলের এই গা’ছাড়া মানসিকতার জেরেই রাজ্যে রাজ্যে ভুগতে হচ্ছে কংগ্রেসকে।
কঠোর ভারত, ইমরান খানের ,প্রস্তাব মেনে এখনই বৈঠক নয়-দৈনিক বর্তমান
পাকিস্তান প্রশ্নে কঠোর মনোভাবই নিচ্ছে মোদি সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দ্বিতীয়বার সরকার গড়ার জন্য অভিনন্দন জানিয়ে চিঠি লিখে পুনরায় আলোচনা শুরুর প্রস্তাব দিলেও ভারত এখনও নীরব। বিদেশ মন্ত্রকের খবর, মোদি ওই চিঠির প্রাপ্তিস্বীকার করে ইমরানকে অবশ্যই ধন্যবাদ দিয়ে প্রত্যুত্তর দেবেন।
কিন্তু ইমরানের আলোচনা প্রস্তাবে ভারত যে এখনও রাজি নয়, সম্ভবত সেই বার্তাই থাকবে। ইমরানের চিঠি নিয়ে বিদেশ মন্ত্রকও কোনও সরকারি বিবৃতি দিচ্ছে না। আগামী সপ্তাহে যাচ্ছেন কিরঘিজস্তানের রাজধানী শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে মোদির পাশাপাশি উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রীও। কিন্তু বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, সেখানে মোদি ও ইমরানের সৌজন্য বৈঠকের সম্ভাবনা নেই।#
পার্সটুডে/বাবুল আখতার/৯
..