‘ঢাকায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ’
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১০ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- পালিয়ে গেলে ধরা তো কঠিন, ওসি মোয়াজ্জেম প্রসঙ্গে কাদের-দৈনিক যুগান্তর
- ‘ঢাকায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ’-দৈনিক প্রথম আলো
- একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু মঙ্গলবার-দৈনিক ইত্তেফাক
- একাদশে ভর্তি : প্রথম পর্যায়ে কলেজ পায়নি ৯৭ হাজার শিক্ষার্থী-দৈনিক নয়া দিগন্ত
- বেহাল রাস্তার ওপর চেয়ারম্যানের স্বর্ণ পদক পাওয়া বিল বোর্ড-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ শেষ, রাজ্যপাল বললেন, বৈঠকে যা বলার বলেছি-দৈনিক আনন্দবাজার
- ১৭ মাস পর মিলল বিচার, কাঠুয়া ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ছয়-দৈনিক সংবাদ প্রতিদিন
- বাংলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেই আছে, কেন্দ্রকে চিঠি রাজ্যের-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. বাংলাদেশে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের বর্তমান অবস্থা দেখে করুণা হয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আপনার মন্তব্য কী?
২. শত্রুরা ইরানে আগ্রাসন চালাতে সাহস করে নি বলে মন্তব্য করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। অনেকে এ ধরনের বক্তব্যকে বাগাড়ম্বর বলে মনে করেন? তারা বলেন, এমন কথা ইরাকও বলেছিল কিন্তু পরিণতি ভিন্ন হয়েছে। কী বলবেন আপনি?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
পালিয়ে গেলে ধরা তো কঠিন, ওসি মোয়াজ্জেম প্রসঙ্গে কাদের-দৈনিক যুগান্তর
গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পালিয়ে গেলে ধরা তো কঠিন। সময় লাগে। তবে সরকার এ ব্যাপারে সিরিয়াস। সোমবার সচিবালয়ে নিজ দফতরে ঈদপরবর্তী মতবিনিময়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, একটা লোক পলাতক হলে তাকে অ্যারেস্ট করা কষ্টকরই হয়। তবে তাকে (মোয়াজ্জেম) খুঁজে বের করার চেষ্টার কোনো ত্রুটি নেই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে খুব সিরিয়াস।’
‘ঢাকায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ’-দৈনিক প্রথম আলো
ঢাকা শহরের ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হয় বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। আজ সোমবার সকালে ফার্মগেটের খামারবাড়িতে আ. কা. মু গিয়াস উদ্দিন মিলকী মিলনায়তনে ‘বিশ্ব নিরাপদ খাদ্য দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার এ কথা বলেন। বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের নিয়মিত বাজার তদারকির গেল ছয় মাসের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা শহরের প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে।’মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা আইনের বিভিন্ন ধারায় অনেক প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি কয়েকটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ শেষ, রাজ্যপাল বললেন, বৈঠকে যা বলার বলেছি-দৈনিক আনন্দবাজার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির বৈঠক শেষ হয়েছে। সন্দেশখালিতে শনিবারের ঘটনার প্রেক্ষিতে এই সাক্ষাত্ তাত্পর্যপূর্ণ হয়ে ওঠে।বৈঠকে সন্দেশখালি প্রসঙ্গ উঠেছিল কি না জানতে চাওয়া হলে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রীকে যা জানানোর জানিয়েছি। সন্দেশখালিতে ভোট-পরবর্তী হিংসায় তিন জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কার্যত সম্মুখসমরে নামল কেন্দ্রীয় সরকার। রাজ্য প্রশাসনের তরফে কেন্দ্রের বার্তার জবাব দিলেন মুখ্যসচিব। তার পাশাপাশিই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী চিঠি দিয়ে অমিত শাহকে জানালেন, কেন্দ্রের পদক্ষেপ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেই তাঁরা মনে করছেন। এ রাজ্যে আইনের শাসন ব্যর্থ হয়েছে বলে শাহের স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে। লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গে একের পর এক হিংসার ঘটনা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে নরেন্দ্র মোদীর সরকার।
বাংলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেই আছে, কেন্দ্রকে চিঠি রাজ্যের-দৈনিক আজকাল
বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে দাবি করল রাজ্য প্রশাসন। একইসঙ্গে তা কেন্দ্রকে জানিয়েও দেওয়া হল। সন্দেশখালিতে সংঘর্ষে কয়েকজনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় রবিবার সকালে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বার্তা দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে। নরেন্দ্র মোদি সরকারের বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল নির্বাচনের পর কয়েকটি বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। রাজ্যের মুখ্যসচিব মলয় দে চিঠি লিখে এই দাবি করেছেন।
১৭ মাস পর মিলল বিচার, কাঠুয়া ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত ছয়-দৈনিক সংবাদ প্রতিদিন
কাঠুয়া ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত হল ছ’জন। তারা হল মূল অভিযুক্ত সাঞ্জিরাম, আনন্দ দত্ত, পরবেশ কুমার দু’জন বিশেষ পুলিশ আধিকারিক দীপক খাজুরিয়া ও সুরেন্দর ভার্মা এবং হেড কনস্টেবল তিলক রাজ। সোমবার তাদের দোষী সাব্যস্ত করেন পাঠানকোট আদালতের বিচারক। তবে সাঞ্জিরাম ছেলে বিশাল নির্দোষ হওয়ার যথেষ্ট প্রমাণ দাখিল করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।
সোমবার সকালে পাঠানকোটের বিশেষ আদালতে শুরু হয় কাঠুয়া গণধর্ষণ মামলার রায়দান। এর জেরে কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চড়ছিল পাঠানকোটে। চারিদিকে ছিল চাপা উত্তেজনা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্বরে মোতায়েন করা হয়েছিল এক হাজার পুলিশকর্মী। প্রস্তুত রাখা হয়েছিল বম্ব স্কোয়্যাডকেও। ঘটনাটি ঘটেছিল গত বছরের জানুয়ারি মাসে। জম্মু ও কাশ্মীরের কাঠুয়াতে ৮ বছরের এক নাবালিকাকে অপহরণ করা হয়। তারপর সাতদিন ধরে মাদক খাইয়ে তাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে। পরে খুন করে একটি জঙ্গলে ফেলে আসা হয়। ১৭ তারিখ সেখান থেকে উদ্ধার হয় তার পচাগলা দেহ। বিষয়টি কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দেশ।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০