ক্ষতিগ্রস্ত কৃষককে ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণের সুপারিশ সিপিডির
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- ক্ষতিগ্রস্ত কৃষককে ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণের সুপারিশ সিপিডির-দৈনিক প্রথম আলো
- অবশেষে অভিযান, ওসি মোয়াজ্জেম যেকোনো সময় গ্রেপ্তার:-দৈনিক কালেরকণ্ঠ
- বিক্ষোভের মুখে বিএসএমএমইউর চিকিৎসক নিয়োগ পরীক্ষা স্থগিত-দৈনিক যুগান্তর
- অস্ত্র মামলায় সাবেক এমপি কাদের খানের যাবজ্জীবন-দৈনিক ইত্তেফাক
- ঐক্যফ্রন্টে ঐক্য নেই: ওবায়দুল কাদের-দৈনিক ইনকিলাব
- ক্যাম্প ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা, জোগাড় করছে বাংলাদেশি পাসপোর্ট-এনটিভিবিডি অনলাইন
ভারতের খবর:
- অশান্তি থামছেই না রাজ্যে, ফের রাজনৈতিক খুন, এ বার ভাটপাড়ায় হত ২ তৃণমূলকর্মী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- অবিলম্বে সাংবাদিককে ছাড়ুন, যোগী প্রশাসনকে চূড়ান্ত ভর্ৎসনা সুপ্রিম কোর্টের-দৈনিক আজকাল
- আমার গলা কেটে দিলেও কাজ করব, বিদ্যাসাগরের মূর্তিস্থাপন মঞ্চে চ্যালেঞ্জ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ
ক্ষতিগ্রস্ত কৃষককে ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণের সুপারিশ সিপিডির-দৈনিক প্রথম আলো -
ধানের ন্যায্য দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৫ হাজার টাকা করে দেওয়ার সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি হিসেব করে দেখিয়েছে, এতে সরকারের ব্যয় হবে ৯ হাজার ১০০ কোটি টাকা। ১ কোটি ৮০ লাখ কৃষকের ব্যাংক হিসাবে টাকাটা সহজে পৌঁছে দেওয়ার সুযোগও রয়েছে বলে মনে করে সংস্থাটি।
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে চলতি ২০১৮-১৯ অর্থবছরের অর্থনৈতিক পর্যালোচনা তুলে ধরতে গিয়ে সিপিডি এই সুপারিশ করে। সংস্থাটির সন্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রপ্তানি খাত ৫ শতাংশ হারে নগদ সহায়তা দাবি করছে। এটা দিলে সরকারের বাড়তি ১৫ হাজার কোটি টাকার মতো ব্যয় হবে। ফলে রপ্তানি খাতে মোট ভর্তুকি দাঁড়াবে ২০ হাজার কোটি টাকার মতো। তিনি বলেন, ‘আমি কৃষককে ৯ হাজার কোটি টাকা দিতে কোনো সমস্যা দেখি না। এটা দিলে তা যুক্তিযুক্ত ও সাম্যবাদী আচরণ হবে।
অবশেষে অভিযান, ওসি মোয়াজ্জেম যেকোনো সময় গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার পর সমালোচিত হওয়া সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারে অবশেষে সক্রিয় হয়েছে পুলিশ। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, ঢাকাতেই মোয়াজ্জেমের পালিয়ে থাকার তথ্য পেয়েছে ফেনী ও রংপুরের পুলিশ।

আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আদেশ পালন করতে ফেনীর সোনাগাজী থানা পুলিশের একটি দল ঢাকায় এসেছে। গতকাল সোমবার রাজধানীর কল্যাণপুরসহ কয়েকটি এলাকায় অভিযানও চালিয়েছে তারা। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করেননি দায়িত্বশীল কোনো কর্মকর্তা।
বিক্ষোভের মুখে বিএসএমএমইউর চিকিৎসক নিয়োগ পরীক্ষা স্থগিত-দৈনিক যুগান্তর
চাকরিপ্রার্থী চিকিৎসকদের আন্দোলনের মুখে অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিকেল অফিসার পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। তবে চাকরিপ্রার্থী চিকিৎসকরা পরীক্ষা স্থগিতের ঘোষণা লিখিত আকারে প্রকাশের দাবি জানিয়েছেন; অন্যথায় আন্দোলন চালিয়ে যাবেন বলেন ঘোষণা দিয়েছেন তারা।

চলতি বছরের ২০ মার্চ বিএসএমএমইউতে ২০০ চিকিৎসক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়। পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। লিখিত পরীক্ষায় একটি পদের জন্য চারজন পাস করেন। এ হিসাবে ৭১৯ মেডিকেল অফিসার ও ডেন্টালের ৮১ জন মিলে ৮২০ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। ফল ঘোষণার পর পরই সুযোগবঞ্চিত চাকরিপ্রার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। গত ২২ মার্চ মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সকালে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শুরু করেন চাকরিপ্রার্থী চিকিৎসকরা।
অস্ত্র মামলায় সাবেক এমপি কাদের খানের যাবজ্জীবন-দৈনিক ইত্তেফাক
আলোচিত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায় সাবেক এমপি (অব.) কর্নেল ডা. আব্দুল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল ব্রাঞ্চ-১ এর বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই মামলায় অপর একটি ধারায় ১৫ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি কাদের খান আদালতে উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় তিনটি অস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে একটি অস্ত্র কাদের খান নিজে থানায় জমা দিয়েছেন। ৬ রাউন্ড গুলিসহ দ্বিতীয় অস্ত্রটি সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি গ্রামের আব্দুল কাদের খানের বাড়ির উঠানের মাটির নিচ থেকে থেকে উদ্ধার করা হয়। কিন্তু তৃতীয় অস্ত্রটির সন্ধান পাওয়া যায়নি।
ঐক্যফ্রন্টে ঐক্য নেই: ওবায়দুল কাদের-দৈনিক ইনকিলাব
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্টে ঐক্য নেই, এটি আমরা চাইনি। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করুক এটিই আওয়ামী লীগ চায়।
kader
গণতন্ত্রের জন্য বিরোধী দল থাকা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই শক্তিশালী বিরোধী দল থাকুক। এরা সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিক। এটি গণতন্ত্রের সৌন্দর্য। ওবায়দুল কাদের বলেন, আজ আমাদের দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। সেই সঙ্গে পার্লামেন্টের বাজেট অধিবেশনও শুরু হচ্ছে আজ। তাই নেত্রীর কারামুক্তি দিবসে আমরা বিশেষ কর্মসূচি রাখছি না। দলের নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে ফুলের শুভেচ্ছা জানাবেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ক্যাম্প ছেড়ে পালাচ্ছে রোহিঙ্গারা, জোগাড় করছে বাংলাদেশি পাসপোর্ট-এনটিভিবিডি অনলাইন
বিভিন্ন উপায়ে ক্যাম্প ছেড়ে পালাচ্ছে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। তাদের কেউ সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে। আবার কেউ বাংলাদেশের বিভিন্ন গ্রামে ঢুকে বাংলাদেশিদের সঙ্গে মিশে গিয়ে কৌশলে পাসপোর্ট তৈরি করে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আজ মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রোহিঙ্গাদের নিয়ে কাজ করছে এমন কয়েকটি এনজিও-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মানবিক সহায়তা পেলেও অনেকে মনে করছেন, সহসা তাদের স্বদেশে প্রত্যাবাসন হবে না। তাই ক্যাম্পে বসবাসের একঘেয়েমি জীবন থেকে বের হয়ে তারা স্বাধীনভাবে চলতে চায়। এ জন্য অনেকে ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে। আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ইন্টার সেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি) মুখপাত্র সৈকত বিশ্বাস জানান, রোহিঙ্গাদের অনেকে উন্নত জীবনের জন্য দেশের বাইরে যেতে চায়। আবার আত্মীয়স্বজন বিদেশে থাকায় সেখানে যেতে তৎপর অনেকে। এ অবস্থা চলতে থাকলে আরেক ধরনের সংকট সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন এই কর্মকর্তা।
এবার ভারতে বিস্তারিত খবর তুলে ধরছি
অশান্তি থামছেই না রাজ্যে, ফের রাজনৈতিক খুন, এ বার ভাটপাড়ায় হত ২ তৃণমূলকর্মী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
‘সন্দেশখালির ভাঙিপাড়ার রাজনৈতিক সংঘর্ষ এবং খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই সোমবার খুন হয়ে গেলেন আরও দু’জন। এ বার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। নিহত দু’জনেই তৃণমূল কর্মী বলেই দাবি করেছেন তাঁদের পরিবারের।

লোকসভা নির্বাচনের আগে ও পরে এবং উপনির্বাচনকে কেন্দ্র করে এই ভাটপাড়া, সংলগ্ন এলাকাতে তৃণমূল-বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ-রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছিল। তার পরেও যে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি, সোমবার রাতের ঘটনা তা ফের প্রমাণ করল। ঠিক কী হয়েছিল? ওই দিন রাতে ভাটপাড়ার বারুইপাড়ায় ব্যাপক বোমাবাজি হয়। সে সময় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন মুক্তার আহমেদ ও মহম্মদ হালিম। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমার আঘাতে গুরুতর জখম হন মুক্তার ও হালিম। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহম্মদ হালিমের (৫৫)। জখম হন আরও তিন জন। মুক্তার-সহ আহতদের উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই মৃত্যু হয় মুক্তারের।
অবিলম্বে সাংবাদিককে ছাড়ুন, যোগী প্রশাসনকে চূড়ান্ত ভর্ৎসনা সুপ্রিম কোর্টের-দৈনিক আজকাল
জোর ধাক্কা খেলেন যোগী আদিত্যনাথ। অবিলম্বে ধৃত সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে ছেড়ে দিতে মঙ্গলবার উত্তর প্রদেশ পুলিসকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যোগীর বিরুদ্ধে আপত্তিকর ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্টে জন্য শনিবার দিল্লির বাড়ি থেকে প্রশান্তকে আটক করে নয়ডা নিয়ে গিয়ে গ্রেপ্তার করেছিল উত্তর প্রদেশ পুলিস। সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সোমবার আবেদন করেছিলেন প্রশান্তের স্ত্রী জাগিষা অরোরা। সেই আবেদনের শুনানিতেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিন সুপ্রিম কোর্ট বলেছে, ‘সাধারণত এধরনের আর্জি আমরা শুনি না। কিন্তু একজন ব্যক্তি অকারণে ১১দিন জেলে থাকতে পারেন না। মানুষের স্বাধীনতা মৌলিক অধিকার। এটা নিয়ে কোনও সমঝোতা চলতে পারে না। এটা সংবিধানে উল্লেখ রয়েছে এবং কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারে না। তার মানে এই নয় যে এধরনের টুইটকে আদালত সমর্থন করছে। আমরা এধরনের টুইটকে নাকচ করতেই পারি কিন্তু স্বাধীনতায় হস্তক্ষেপকেও খারিজ করছি।’ সাংবাদিককে মুক্তি দেওয়ার ক্ষেত্রে উত্তর প্রদেশ সরকারকে মহানুভবতার পরিচয় দিতে পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশের পর সন্তুষ্ট জাগিষা অরোরা বলেছেন, ‘আমি সংবিধানে বিশ্বাস করি। আমি তাই এই মামলা লড়েছিলাম। আমি খুব খুশি।’
আমার গলা কেটে দিলেও কাজ করব, বিদ্যাসাগরের মূর্তিস্থাপন মঞ্চে চ্যালেঞ্জ মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
কথা দিয়ে কথা রাখল রাজ্য সরকার৷ এক মাসেরও কম সময়ে বিদ্যাসাগর কলেজের ভেঙে যাওয়া মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করা হল৷ মঙ্গলবার দুপুরে হেয়ার স্কুল প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী৷ শ্বেত ব্রোঞ্জমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন একে একে বহু বিশিষ্ট ব্যক্তি৷

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও মঞ্চে ছিলেন সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব৷ বিদ্যাসাগর মূর্তির পুনঃপ্রতিষ্ঠার মঞ্চ থেকে এদিনও মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিশানায় উঠে এল বিজেপি৷ একই আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি বারবার মনে করিয়ে দিলেন, বাংলা গুজরাট নয়৷ বাংলাকে গুজরাট তৈরির ষড়যন্ত্র চলছে৷ দাঙ্গাবাজদের রুখে দিতে হবে৷ করজোড়ে তিনি এই আহ্বানও জানান, ‘আজ বিদ্যাসাগরের মূর্তির পায়ের তলায় দাঁড়িয়ে বলছি, মনীষীদের অসম্মান করবেন না৷ বিদ্যাসাগর কলেজে যে দুষ্কৃতী তাণ্ডব চলেছে, তা অমার্জনীয় অপরাধ, বাংলার প্রতি অপমানজনক৷ বাংলার অপমান দেখলে তা জীবন দিয়ে রুখব৷ এটাই তাঁর প্রতি শ্রদ্ধা৷ আমাকে সরিয়ে দিন, গলা কেটে দিন৷ তবুও আমি কাজ করে যাব৷’#
পার্সটুডে/বাবুল আখতার/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।